শিশুদের ফুটবল ম্যাচে গ্যালারিতে অভিভাবকদের অতিরিক্ত মানসিক চাপ, গালাগালি কিংবা হাতাহাতির মতো বিশৃঙ্খলা রুখতে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে রোমানিয়া ফুটবল ফেডারেশন।
খুদে ফুটবলারদের জন্য নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে চালু করা হয়েছে বিশেষ ‘কালো কার্ড’। প্রথাসিদ্ধ লাল কিংবা হলুদ কার্ডের মতো খেলোয়াড়দের ওপর নয়, বরং গ্যালারির বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরাসরি অভিভাবকদের সতর্ক করতেই এটি ব্যবহার করবেন রেফারি।
সম্প্রতি আর্জেন্টিনাভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস-এর এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। দেশটির অনূর্ধ্ব-৭ থেকে অনূর্ধ্ব-১৬ পর্যন্ত সব যুব প্রতিযোগিতায় নিয়মটি কার্যকর করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো ম্যাচ চলাকালীন গ্যালারিতে দর্শকদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিলে প্রথম দফায় খেলা সাময়িকভাবে থামিয়ে দেবেন রেফারি।
এ সময় দুই দলের কোচ গ্যালারিতে গিয়ে নিজেদের সমর্থকদের শান্ত করার চেষ্টা করবেন। তাতেও যদি পরিস্থিতির উন্নতি না হয়, তবে দ্বিতীয় ধাপে খেলা ১০ মিনিটের জন্য স্থগিত করা হবে এবং ফুটবলারদের ড্রেসিংরুমে পাঠানো হবে।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর খেলা পুনরায় শুরু হলেও যদি অভিভাবকদের আপত্তিকর আচরণ অব্যাহত থাকে, তবে রেফারি তার চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ‘কালো কার্ড’ প্রদর্শন করবেন।
আর রেফারি এই কার্ড বের করা মাত্রই ম্যাচটি স্থায়ীভাবে পণ্ড হয়ে যাবে এবং কোনোভাবেই সেদিনের মতো আর মাঠে খেলা গড়াবে না।
এর আগে ২০২৪ সালে গ্যালারির অসদাচরণ বন্ধে জরিমানা কিংবা লাইসেন্স বাতিলের কঠোর বিধান রাখা হলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসছিল না। ম্যাচ শেষে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরিবর্তে এবার সরাসরি খেলার চলাকালীন পরিস্থিতি সামলানোর মূল ক্ষমতা রেফারির হাতে তুলে দিলো রোমানিয়ার ফুটবল কর্তৃপক্ষ।