হরমুজ প্রণালীতে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনজ্বালানি তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ এই তথ্য জানিয়েছে।
কেপলারের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসের শুরু থেকে কাতারের রাস লাফান রপ্তানি টার্মিনাল থেকে প্রতিদিন গড়ে প্রায় ১ দশমিক ৪টি এলএনজি কার্গো রপ্তানি হচ্ছে।
আগের মাসের তুলনায় এই রপ্তানির পরিমাণ ২৫ শতাংশ বেশি, যদিও তা এখনো যুদ্ধের আগের স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় অর্ধেক।
শীতকালীন সর্বোচ্চ চাহিদার আগে এই রপ্তানি বৃদ্ধি ইউরোপ ও এশিয়ার জ্বালানি সরবরাহে বড় ধরনের স্বস্তি জোগাচ্ছে।
চলতি মাসের শুরুর দিকে একের পর এক হামলার ঘটনায় হরমুজ প্রণালী দিয়ে এলএনজি ট্যাংকার চলাচল কমে গেলেও তা আবার পুনরুদ্ধার হতে শুরু করেছে।
সংঘাতের প্রথম মাসগুলোতে কাতার এই জলপথ দিয়ে এলএনজি পরিবহন প্রায় বন্ধ করে দিয়েছিল। তবে ব্লুমবার্গের বিশ্লেষণ অনুযায়ী, বাড়তি গ্যাস সরবরাহের জন্য কাতার বর্তমানে অন্তত ৩৪টি এলএনজি বাহক জাহাজ ব্যবহার করছে।
জাহাজের এই ক্রমবর্ধমান সংখ্যা ইঙ্গিত দিচ্ছে যে কাতার রপ্তানির এই ধারা বজায় রাখতে এবং ভবিষ্যতে তা আরও বাড়াতে প্রস্তুত।
গত ২১ নভেম্বরের স্যাটেলাইট চিত্রে বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানি কেন্দ্র রাস লাফানের ১৪টি উৎপাদন ইউনিটের মধ্যে ৯টিতে তাপীয় কার্যক্রম (থার্মাল অ্যাক্টিভিটি) দেখা গেছে। যুদ্ধ শুরুর পর থেকে এটিই সক্রিয় ইউনিটের সর্বোচ্চ সংখ্যা।
ইউনিটগুলো পূর্ণ সক্ষমতায় চলছে কি না তা স্যাটেলাইট চিত্র থেকে নিশ্চিত হওয়া না গেলেও, কার্যক্রমের এই বৃদ্ধি ইঙ্গিত দেয় যে কাতার রপ্তানি আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।
গত মার্চ মাসে এক হামলায় ক্ষয়ক্ষতির পর থেকে রাস লাফান টার্মিনালটি সীমিত সক্ষমতায় পরিচালনা করছে কাতার।
তবে হরমুজ প্রণালী পুরোপুরি নিরাপদ ও সচল হলে দ্রুত উৎপাদন বাড়ানোর জন্য অবকাঠামো প্রস্তুত রাখা হয়েছে।
অবশ্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কারণে যুদ্ধ-পূর্ববর্তী পূর্ণ উৎপাদন সক্ষমতায় ফিরতে কয়েক বছর সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।