রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী নতুন পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন উন্মোচন করেছেন। মস্কোর দাবি, রাশিয়ার তৈরি জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত প্রথম সাবমেরিন এটি।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনশুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে ‘পার্ম’ নামের সাবমেরিনটির আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কাছে হস্তান্তর উপলক্ষে আয়োজিত পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নেন পুতিন। ক্রেমলিন প্রকাশিত ভিডিওতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে পুতিন বলেন, শক্তিশালী পারমাণবিক সাবমেরিন এবং বৈশ্বিক পাল্লা ও গুরুত্বসম্পন্ন অস্ত্র তৈরির সক্ষমতা বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের রয়েছে। রাশিয়া সেই দেশগুলোর অন্যতম।
রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থায় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পানির নিচে গোপনে দীর্ঘ সময় অভিযান পরিচালনার সক্ষমতার কারণে শত্রুপক্ষের হামলার পরও পাল্টা আঘাত হানার সক্ষমতা বজায় রাখতে পারে এসব সাবমেরিন।
পুতিন জানান, ২০৩০ সালের মধ্যে রাশিয়ার নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করা হবে। এর মধ্যে তিনটি হবে ইয়াসেন-এম শ্রেণির, যা পার্ম সাবমেরিনের একই শ্রেণিভুক্ত।
তিনি বলেন, এসব সাবমেরিন বিশ্বের যে কোনো সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করতে সক্ষম এবং বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, দেশটির নৌবাহিনীর আধুনিকায়ন অব্যাহত থাকবে। একটি শক্তিশালী নৌবহর গড়ে তোলার সব পরিকল্পনা নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ বাস্তবায়ন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সূত্র: আল জাজিরা