সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে ‘ইউএই স্মার্ট করিডর’। এর মাধ্যমে যাত্রীদের প্রচলিত ইমিগ্রেশন গেট বা কাউন্টারে না থেমেই পাসপোর্ট নিয়ন্ত্রণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সুযোগ তৈরি হয়েছে।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনসংযুক্ত আরব আমিরাতের পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তাবিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ (আইসিপি) এ প্রযুক্তি চালু করেছে। উন্নত বায়োমেট্রিক প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থায় যাত্রীরা চলাচলের মধ্যেই নিজেদের পরিচয় যাচাই এবং দেশত্যাগের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
আইসিপির বন্দর নিরাপত্তা বিভাগের মহাপরিচালকের উদ্যোগে চালু হওয়া এ ব্যবস্থার লক্ষ্য পাসপোর্ট নিয়ন্ত্রণ প্রক্রিয়া সহজ করা, বিমানবন্দরে যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করা এবং চলাচল আরও নির্বিঘ্ন করা। এতে প্রচলিত ইমিগ্রেশন ব্যবস্থার মতো নির্দিষ্ট গেটে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না।
জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যেকোনো এয়ারলাইনসে ভ্রমণকারী সব শ্রেণির যাত্রী এ সুবিধা নিতে পারবেন। গন্তব্য দেশ, যাত্রীসংখ্যা কিংবা ভ্রমণকারীর ধরন বিবেচনায় কোনো বিধিনিষেধ রাখা হয়নি। ফলে একক যাত্রী, পরিবার কিংবা দলবদ্ধ ভ্রমণকারীরাও একই ব্যবস্থায় সেবা পাবেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্মার্ট করিডর চালুর ফলে যাত্রীদের পরিচয় স্বয়ংক্রিয়ভাবে যাচাই এবং দেশত্যাগের ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া আরও দ্রুত হচ্ছে। এতে অপেক্ষার সময় কমার পাশাপাশি যাত্রী চলাচল ও বিমানবন্দরের কার্যক্রমের দক্ষতা বাড়ছে। পুরো প্রক্রিয়ায় পরিচয় যাচাইয়ের নির্ভুলতা ও নিরাপত্তার মান বজায় রাখা হচ্ছে এবং ছাড়পত্র দেওয়ার সময় সরাসরি মানবীয় হস্তক্ষেপের প্রয়োজন হচ্ছে না।
আইসিপির কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল রূপান্তর বিভাগের নির্বাহী পরিচালক জুমা আবদুল্লাহ আল কাবি বলেন, ইউএই স্মার্ট করিডর উন্নত ডিজিটাল সরকারব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে দেশটির পরিকল্পনা ও কৌশলের প্রতিফলন। এর মাধ্যমে মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে আগাম সেবা নিশ্চিত করা এবং উন্নত প্রযুক্তির সাহায্যে সরকারি কার্যক্রম সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এ উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের বিমান চলাচল ও পর্যটন খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যকে এগিয়ে নেবে। একই সঙ্গে বৈশ্বিক বিমান যোগাযোগের কেন্দ্র হিসেবে দেশটির অবস্থান আরও সুসংহত করবে এবং নিরাপদ ও আধুনিক ভ্রমণব্যবস্থার অন্যতম গন্তব্য হিসেবে পরিচিতি বাড়াবে।
আল কাবি আরও বলেন, বায়োমেট্রিক প্রযুক্তি, ডিজিটাল সমাধান ও উদ্ভাবনের সমন্বয়ে সমন্বিত যাত্রী ব্যবস্থাপনা গড়ে তুলতে স্মার্ট করিডর ভূমিকা রাখবে। এতে সীমান্ত নিয়ন্ত্রণের প্রস্তুতি ও কার্যক্রমের দক্ষতা বাড়ানোর পাশাপাশি দ্রুত সেবা এবং পরিচয় যাচাইয়ের নির্ভুলতার মধ্যে ভারসাম্য বজায় থাকবে।
প্রচলিত ইমিগ্রেশন ব্যবস্থার পরিবর্তে আরও আধুনিক ও সমন্বিত সীমান্ত নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার বৃহত্তর উদ্যোগের অংশ এই স্মার্ট করিডর। এর মাধ্যমে যাত্রীসেবার আন্তর্জাতিক মান বজায় রেখে নিরাপত্তা ও কার্যক্রমের দক্ষতা বাড়াতে চায় সংযুক্ত আরব আমিরাত। তথ্যসূত্র: গালফ নিউজ