সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতের উদ্দেশে যাওয়ার পথে ওমান উপকূলে হামলার শিকার ‘এমভি কেপ দাও’ নামের বাল্ক ক্যারিয়ারের প্রধান প্রকৌশলী ছিলেন বাংলাদেশি আমান উল্লাহ। হামলার পর তাঁকে উদ্ধার করে ওমানের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন ও নিরাপদে আছেন বলে জানিয়েছেন তাঁর ছেলে সাকিব আমান।
আমান উল্লাহ মেরিন ফিশারিজ একাডেমির ১৫তম ব্যাচের সাবেক ক্যাডেট। তাঁর ছেলে সাকিব আমান বাংলাদেশ মেরিন একাডেমির ৫৩তম ব্যাচের ক্যাডেট।
সাকিব আমান জানান, বুধবার (২৩ সেপ্টেম্বর) জাহাজে হামলার দিন দুপুর ১টা ৬ মিনিটে তাঁর বাবা তাঁকে একটি অডিও বার্তা পাঠান। সেখানে তিনি বলেন, আব্বু, আব্বু, আমাদের জাহাজে মিসাইল অ্যাটাক হইছে। দোয়া করো আব্বু, দোয়া করো। হয়তো আর কমিউনিকেশন করতে পারব না, আব্বু।
অডিও বার্তায় তিনি আরও বলেন, সাবধানে থাইকো। আর দোয়া করো। আম্মুকে এই কথা বলার দরকার নাই। আম্মু খুব চিন্তা করবে।
বার্তা পাঠানোর পর বেশ কিছু সময় পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না। পরে পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে সাকিব আমান বলেন, কিছুক্ষণ আগে আব্বুর সঙ্গে কথা হয়েছে। এখন বাবা নিরাপদে আছে। বাবাসহ উদ্ধার হওয়া নাবিকদের জাহাজ থেকে সরিয়ে ওমানের হাসপাতালে নেওয়া হয়েছে।
সূত্র জানায়, ওই হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। জাহাজটিতে মোট ২০ জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে।