১ নভেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে পরিবারসহ কূটনীতিক সরাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশ: সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে পরিবারসহ কূটনীতিক সরাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের একাধিক দেশ থেকে কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবে জরুরি দায়িত্বে নিয়োজিত নন, এমন কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জর্ডান, বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও লেবাননের মার্কিন কূটনৈতিক মিশনগুলোতেও কর্মীসংখ্যা সমন্বয় করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে সিএনএন।

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে পরিস্থিতির কারণে যেসব কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সম্প্রতি কর্মস্থলে ফিরতে দেওয়া হয়েছিল, তাদের অনেককেই আবারও সরে যাওয়ার প্রস্তুতি নিতে হচ্ছে। এতে পরিবারগুলোর মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত ২৩ অক্টোবর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো এক স্মারকলিপিতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জে ক্লেটন জানান, মার্কিন কর্মীদের লক্ষ্যবস্তু করার তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ইরান। মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা অগ্রসর পর্যায়ে রয়েছে বলে গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে। স্মারকলিপিটির বিষয়বস্তু প্রথম প্রকাশ করে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা সিএনএনকে বলেন, বিদেশে কূটনৈতিক মিশনগুলোতে কর্মী মোতায়েনের বিষয়ে নিরাপত্তাসংক্রান্ত নতুন তথ্য নিয়মিত পর্যালোচনা করা হয়। হুথিদের হামলার হুমকি এবং মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের সম্ভাব্য ষড়যন্ত্রের তথ্যের ভিত্তিতে সীমিত কার্যক্রমের আওতায় থাকা দূতাবাসগুলোতে কর্মীসংখ্যা সমন্বয় করা হচ্ছে।

তবে এই প্রত্যাহার প্রক্রিয়া নিয়ে মার্কিন কূটনীতিকদের মধ্যে অসন্তোষ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক কূটনীতিক সিএনএনকে বলেন, পরিস্থিতিকে শুধু বিশৃঙ্খল বললে কম বলা হবে। তার ভাষ্য, মধ্যপ্রাচ্য থেকে পরিবারের সদস্যদের সরিয়ে নিতে যে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, তা অনেক ক্ষেত্রে পুরো ব্যয় মেটানোর জন্য যথেষ্ট নয়।

যুদ্ধের শুরুর দিকে কর্মস্থল ছেড়ে যাওয়া অনেক পরিবারকে নতুন বাসস্থান খুঁজতে এবং সন্তানদের অন্য স্কুলে ভর্তি করাতে সমস্যায় পড়তে হয়েছিল। সম্প্রতি তারা আবার কর্মস্থলে ফিরে স্থিতিশীল হওয়ার চেষ্টা করছিলেন। এখন নতুন করে সরে যাওয়ার নির্দেশ পাওয়ায় একই ধরনের পরিস্থিতির মুখে পড়েছেন তারা।

আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের মুখপাত্র নিকি গেমার বলেন, চলতি বছরের শুরুর দিকে পরিবারগুলো যে বিশৃঙ্খলার মধ্যে পড়েছিল, বর্তমান পরিস্থিতি তারই পুনরাবৃত্তি। অনেক পরিবার কেবল নতুন পরিবেশে মানিয়ে নিতে শুরু করেছিল। এর মধ্যেই আবার চলে যাওয়ার নির্দেশ পাওয়ায় তারা হতাশ, বিভ্রান্ত ও ক্ষুব্ধ।

তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মী ও তাদের পরিবারকে দৈনিক ভাতা এবং বাসস্থান ও স্কুলসংক্রান্ত সহায়তা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট দেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী নির্ধারিত সরকারি হারের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব সুবিধা দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

সৌদি আরবে হুথিদের তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটে কর্মী প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এর আগে সতর্ক করে বলেছে, হুথিদের হামলার ঝুঁকি তাৎক্ষণিক লক্ষ্যবস্তুর আশপাশের এলাকা ছাড়িয়ে দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালানোর সম্ভাবনার কথা বলেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, দ্রুত সামরিক পদক্ষেপ নিতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ওপর চাপ দিলেও এখন পর্যন্ত সেই প্রচেষ্টা সফল হয়নি।

চলতি সপ্তাহে সৌদি আরব থেকে জরুরি দায়িত্বে নেই, এমন মার্কিন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি জর্ডান, বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও লেবাননের মার্কিন দূতাবাসগুলোতে কর্মীসংখ্যা গোপনে সমন্বয় করা হচ্ছে বলে সিএনএনকে জানিয়েছে একাধিক সূত্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, লেবানন, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও জর্ডানে সীমিত কার্যক্রমের আওতায় কর্মীদের উপস্থিতিতে সাময়িক পরিবর্তন আনা হচ্ছে। তবে কুয়েত ও বাহরাইনে কর্মীসংখ্যায় কোনো পরিবর্তন করা হয়নি বলে জানান তিনি।

কর্মীদের উপস্থিতি নিয়মিত পর্যালোচনা করা হয় উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, সীমিত কার্যক্রমের আওতায় দূতাবাসগুলোতে কর্মীসংখ্যা প্রয়োজন অনুযায়ী সমন্বয় করা হয়ে থাকে।

সৌদি আরবের ক্ষেত্রে কর্মীদের আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হলেও অন্য কয়েকটি দেশের দূতাবাস থেকে কর্মী সরানোর বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয়নি। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এসব দূতাবাসের কার্যক্রমের আনুষ্ঠানিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সেগুলো আগের মতোই সীমিত কার্যক্রমের আওতায় রয়েছে। তবে এই অবস্থার মধ্যেও কর্মীসংখ্যা কমানো বা বাড়ানোর সুযোগ রয়েছে।

জর্ডানের রাজধানী আম্মান থেকে সরে যাওয়ার নির্দেশ পাওয়া দূতাবাসকর্মীদের পরিস্থিতি সম্পর্কে অবগত এক সূত্র বলেন, তাদের কাছে মনে হচ্ছে, একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। যুদ্ধের শুরুর দিকে পরিবারের সদস্যদের মধ্যে অনেককে কর্মস্থলে ফিরতে দেওয়া হলেও এখন আবার তাদের চলে যেতে হচ্ছে। সব দূতাবাসে সন্তানদের ফিরতে দেওয়া না হলেও অনেক ক্ষেত্রে জীবনসঙ্গীদের ফেরার অনুমতি দেওয়া হয়েছিল।

প্রত্যাহার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একটি সূত্রের অভিযোগ, ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও মাঠপর্যায়ের কূটনীতিকদের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ে আবারও জটিলতা দেখা দিয়েছে। কর্মীদের পরিবার যুক্তরাষ্ট্রে ফিরে গেলে তাদের দৈনিক ভাতা দেওয়া হবে কি না, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

কিছু দূতাবাসে কর্মীদের নিয়ে প্রচলিত পরিকল্পনা বৈঠক বা টাউন হল সভাও হয়নি বলে অভিযোগ রয়েছে। ফলে অনেকে নিজ নিজ দূতাবাসের নেতৃত্বের কাছ থেকে নির্দেশনা পাওয়ার আগেই সংবাদমাধ্যমের মাধ্যমে প্রত্যাহারের খবর জানতে পেরেছেন।

আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন জানিয়েছে, এ প্রক্রিয়ায় প্রশাসনিক জটিলতা নিয়ে তারা বিভিন্ন অভিযোগ পাচ্ছে। গত বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, যেসব পরিবার সম্প্রতি কর্মস্থলে ফিরেছে এবং সন্তানদের আবার স্কুলে ভর্তি করিয়েছে, তাদের আর্থিক সহায়তার বিষয়ে স্পষ্ট নির্দেশনা ছাড়াই নতুন করে সরে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হচ্ছে।

নিকি গেমার বলেন, সৌদি আরবের বাইরে থাকা কয়েকটি দেশের পরিবারগুলোও আবাসন সহায়তা ও দৈনিক ভাতা নিশ্চিত না করেই চলে যাওয়ার নির্দেশ পাওয়ার কথা জানিয়েছে। দূতাবাসগুলোর কার্যক্রমের আনুষ্ঠানিক অবস্থায় পরিবর্তন না আসায় এসব সুবিধা পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে তাদের জানানো হয়েছে।

বিদেশে হঠাৎ বাসস্থান ছাড়তে হলে নতুন বাড়ি খোঁজা ও অন্যান্য জরুরি ব্যয় মেটাতে পরিবারগুলো সাধারণত এসব ভাতার ওপর নির্ভর করে। বিশেষ করে পরিবারের কোনো সদস্যকে জরুরি দায়িত্বে দূতাবাসে থেকে যেতে হলে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

গেমার বলেন, বিমানে ওঠার আগেই পরিবারগুলোর জানা প্রয়োজন, নতুন জায়গায় বাসস্থানের খরচ কীভাবে মেটানো হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা বলেন, সীমিত কার্যক্রম, অনুমোদিত প্রস্থান কিংবা বাধ্যতামূলক প্রত্যাহারের আওতায় থাকা কূটনীতিক ও তাদের পরিবারের জন্য এ সময়টি যে কঠিন, তা কর্তৃপক্ষ বুঝতে পারছে। অতিরিক্ত ব্যয় ও সন্তানদের স্কুলে ভর্তি করানোসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবারগুলোকে সহায়তা করার চেষ্টা চলছে।

সাম্প্রতিক পরিবর্তনে ক্ষতিগ্রস্ত কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হচ্ছে এবং আগামী দিনগুলোতে আরও বিস্তারিত জানানো হবে।

ফ্লাইদুবাইয়ের বিমান রক্ষা করায় পাইলট ও ক্রুদের রাষ্ট্রীয় সম্মাননা

প্রকাশ: বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
ফ্লাইদুবাইয়ের বিমান রক্ষা করায় পাইলট ও ক্রুদের রাষ্ট্রীয় সম্মাননা
ক্যাপ্টেন স্মিত মাচ্ছাড় ও ক্রুদের ‘অর্ডার অফ জায়েদ টু, ফার্স্ট ক্লাস’ প্রদান করা হয়েছে

গত মাসে সহ-পাইলটের হামলা মোকাবিলা করে দুবাই থেকে ইসরায়েলগামী একটি ফ্লাইট নিরাপদে অবতরণ করানোর জন্য ফ্লাইদুবাইয়ের ভারতীয় পাইলট স্মিত মাচ্ছাড় এবং তার ক্রু সদস্যদের সর্বোচ্চ সাহসিকতাসূচক সম্মাননায় ভূষিত করেছে সংযুক্ত আরব আমিরাত।

মাঝ-আকাশের ওই ঘটনায় তাদের কর্মকাণ্ডের প্রশংসা করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ।

এমিরেটস নিউজ এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) এক অনুষ্ঠানে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিমানটিকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে তাদের সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ মাচ্ছাড় ও ক্রুদের ‘অর্ডার অফ জায়েদ টু, ফার্স্ট ক্লাস’ প্রদান করা হয়েছে। দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ফ্লাইদুবাই কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন।

ওই হামলায় মাচ্ছাড় গুরুতর আহত হন, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাহায্য করার জন্য ক্রু সদস্য, ছুটিতে থাকা পাইলট এবং যাত্রীদেরও কৃতিত্ব দেন তিনি। ককপিটে সংঘর্ষের পর বিমানটি সৌদি আরবে নিরাপদে অবতরণ করে। পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতের আইনজীবীরা ঘটনাটিকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত করার উদ্দেশ্যে চালানো একটি সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেন। এ ঘটনার পর ফ্লাইদুবাই তেল আবিবগামী সকল ফ্লাইট স্থগিত করে।

বিমান সংস্থাটি এখনো ইসরায়েলি শহরটিতে পরিষেবা পুনরায় চালু করেনি এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও বেন গুরিয়ন বিমানবন্দরের মধ্যে ফ্লাইট স্থগিতাদেশ অক্টোবরের শেষ পর্যন্ত বাড়িয়েছে।

সূত্র: নিউ আরব

ইসরাইলগামী সব ফ্লাইট বন্ধ করল ফ্লাই দুবাই

ইসরায়েলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত

ফ্লাই দুবাইয়ের পাইলটকে হাসপাতালে গিয়ে সম্মান জানালেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স

ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত করে প্রশংসায় ভাসছেন উগান্ডার মনসুর

আমিরাতের উপকূলে ভয়াবহ বিপর্যয়! সব সৈকত বন্ধ ঘোষণা

প্রকাশ: সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
আমিরাতের উপকূলে ভয়াবহ বিপর্যয়! সব সৈকত বন্ধ ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর সব সৈকত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রতিবেশী উম্ম আল কুয়াইন ও শারজাহর উপকূলে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় ওই দুই এলাকার সৈকত বন্ধের এক দিন পর শনিবার (২৪ অক্টোবর) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রাস আল খাইমাহ পুলিশের সদর দফতরের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সৈকত বন্ধের ঘোষণা দেয় আমিরাতটির পাবলিক সার্ভিসেস ডিপার্টমেন্ট। তবে, এ সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

ইউএই কর্তৃপক্ষ জানায়, সমুদ্র উপকূলে একটি ট্যাংকার থেকে ছড়িয়ে পড়া তেল নিয়ন্ত্রণে কাজ চলছে। এ ঘটনায় পরিবেশগত প্রভাব মূল্যায়ন করছে দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, কারিগরি দলগুলোর মূল্যায়ন শেষ না হওয়া এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও সামুদ্রিক পরিবেশ সুরক্ষার ব্যবস্থা নির্ধারিত না হওয়া পর্যন্ত উম্ম আল কুয়াইনের সব সৈকত ও উপকূলীয় এলাকা সাময়িকভাবে বন্ধ থাকবে।

পাশাপাশি জেলে ও সমুদ্রে চলাচলকারীদের ক্ষতিগ্রস্ত এলাকা এড়িয়ে চলার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উম্ম আল কুয়াইনের সীমান্তসংলগ্ন আল হামরিয়াহ সৈকতও সাময়িকভাবে বন্ধ করেছে শারজাহ কর্তৃপক্ষ।

শারজাহ, আজমান ও উম্ম আল কুয়াইনের কয়েকটি এলাকায় অস্বাভাবিক দুর্গন্ধের কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার উম্ম আল কুয়াইনেও তীব্র দুর্গন্ধ ছিল। তবে ইউএইর পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এ দুর্গন্ধে স্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি নেই।

তেল ছড়িয়ে পড়ার ঘটনায় জড়িত ট্যাংকারটির নাম প্রকাশ করেনি আমিরাত কর্তৃপক্ষ। কী কারণে তেল ছড়িয়ে পড়েছে, সে বিষয়েও কোনো তথ্য জানানো হয়নি।

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর উপসাগরীয় অঞ্চলের নৌপথে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। পাশাপাশি এ সংঘাতের পরিবেশগত প্রভাব নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে।

সৈকত ও বিলাসবহুল অবকাশকেন্দ্রের জন্য পরিচিত রাস আল খাইমাহর আল মারজান দ্বীপে উইন রিসোর্টসের একটি ক্যাসিনো রিসোর্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসভিত্তিক প্রতিষ্ঠানটি ২০২৪ সালে ইউএইর প্রথম বাণিজ্যিক গেমিং লাইসেন্স পায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটি জানায়, ২০২৭ সালের প্রথম প্রান্তিকে রিসোর্টটি চালুর লক্ষ্য রয়েছে তাদের।

ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হলেও গত মার্চে উইন জানায়, সাময়িক বিরতির পর রিসোর্টটির নির্মাণকাজ আবার শুরু হয়েছে।

মধ্যপ্রাচ্য সংকটে পুরো জিসিসিকে এক হওয়ার ডাক আমিরাতের

প্রকাশ: সোমবার, অক্টোবর ১২, ২০২৬
মধ্যপ্রাচ্য সংকটে পুরো জিসিসিকে এক হওয়ার ডাক আমিরাতের
আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গালগাশ অঞ্চলের যৌথ নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে জরুরিভিত্তিতে ‘যৌথ উপসাগরীয় পদক্ষেপ’ বা যৌথ সুরক্ষার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি সতর্ক করে বলেছেন যে, আমরা একটি যুদ্ধ এড়াতে চেয়েছিলাম, কিন্তু আক্রমণকারীদের ভুল ধারণার কারণে উপসাগরীয় আরব দেশগুলোর ওপর পরপর আক্রমণ চালানো হয়েছে। এতে স্পষ্ট হয়ে গেছে যে আমরা সবাই এখন প্রতিপক্ষের লক্ষ্যবস্তু এবং আমাদের নিরাপত্তা কোনোভাবেই একে অপরের থেকে আলাদা নয়।

তিনি আরও জোর দিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে সৌদি আরবের ওপর অব্যাহত আক্রমণ কেবল একক কোনো দেশের বিষয় নয়, বরং তা সংযুক্ত আরব আমিরাতসহ সমগ্র উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার ভিত্তিকেই হুমকির মুখে ফেলে দিচ্ছে।

আনোয়ার গালগাশের মতে, বিশেষ করে নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে যৌথ উপসাগরীয় উদ্যোগগুলোকে পুনরুজ্জীবিত করা এবং সম্মিলিত নিরাপত্তা কাঠামোকে সুদৃঢ় করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। দীর্ঘদিন ধরে সুরক্ষার এই দিকটিতে মারাত্মক অবহেলা করা হয়েছে, যার সুযোগ নিয়ে শত্রুপক্ষ আজ আমাদের ভূখণ্ডে আঘাত হানার সুযোগ পাচ্ছে।

যৌথ নিরাপত্তা রক্ষা করা পুরো উপসাগরীয় অঞ্চলের একটি যৌথ দায়িত্ব, যেখানে কোনো ধরনের শিথিলতা বা বিলম্বের কোনো সুযোগ নেই।

আরও পড়ুন

সৌদি আরব হুথিদের হামলা ঠেকাতে পারছে না কেন?

এই সপ্তাহে হুথিরা কতবার সৌদি বিমানবন্দরগুলোতে হামলা চালিয়েছে?

সৌদি আরবে হুতি হামলায় নিহত ২ , আইসিইউতে ৪ বাংলাদেশি: ঢাকায় আটকে পড়েছেন ৩ হাজার প্রবাসী

ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত করে প্রশংসায় ভাসছেন উগান্ডার মনসুর

প্রকাশ: সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত করে প্রশংসায় ভাসছেন উগান্ডার মনসুর

ডেলিভারির ফাঁকে বাইকের পাশে বসে গভীর মনোযোগে পবিত্র কুরআন তিলাওয়াত করার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ইন্টারনেটে ব্যাপক প্রশংসায় ভাসছেন উগান্ডার নাগরিক মনসুর কাতাবালওয়া।

তবে তার কাছে এটি স্রেফ নেটিজেনদের নজর কাড়ার বিষয় নয়, বরং পরিবার ছেড়ে প্রবাসে কাজের মাঝে নিজের ঈমান ও প্রয়াত স্বজনদের স্মৃতি আঁকড়ে রাখার এক দৈনন্দিন প্রচেষ্টা।

গত দুবছর ধরে আরব আমিরাতে বসবাস করছেন মনসুর। আর গত পাঁচ মাস ধরে তিনি জনপ্রিয় রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘তালাবাত’-এর ডেলিভারি রাইডার হিসেবে কাজ করছেন।

দেশে থাকা স্ত্রী ও দুই সন্তানের মুখে হাসি ফোটাতে এবং তাদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই তিনি প্রবাসে পাড়ি জমিয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, অর্ডারের ফাঁকে বাইকটি দাঁড় করিয়ে হাতে একটি কুরআন শরীফ নিয়ে পরম তৃপ্তিতে তিলাওয়াত করছেন মনসুর।

তিনি জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার অনেক আগে থেকেই তিনি এটি নিয়মিত করে আসছেন। এর পেছনে রয়েছে তার জীবনের এক বিষাদময় অধ্যায়।

তিন বছর আগে মাত্র কিছুদিনের ব্যবধানে নিজের বাবা-মা এবং ভাইকে হারান মনসুর। প্রিয়জনদের হারানোর এই গভীর শোক ও বেদনা তাকে ইসলামের অনুশাসনের আরও কাছে নিয়ে আসে এবং তিনি পুরো কোরআন হিফজ (মুখস্থ) করেন।

ডেলিভারির কাজে দিনের বেশিরভাগ সময় তাকে রাস্তায় বাইক চালিয়ে পার করতে হয়। কুরআন যেন ভুলে না যান, তাই বাইক চালানোর সময় তিনি মোবাইলে তিলাওয়াত শোনেন। আর রাইডের মাঝে যখনই খানিকটা অবসর মেলে, সাথে রাখা কুরআন শরিফ খুলে তিলাওয়াত করতে বসে যান।

মনসুর বলেন, ‘কাজের বিরতিতে কুরআন পড়লে তা আমাকে গভীরভাবে মনোযোগী হতে সাহায্য করে এবং মানসিকভাবে আল্লাহর কাছাকাছি অনুভব করি।’ প্রয়াত মা-বাবার মাগফিরাত কামনা করেই মূলত তার এই তিলাওয়াত।

তিনি আরও বলেন, ‘আমি আমার প্রয়াত মা-বাবার আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস প্রার্থনার নিয়তেই কোরআন পাঠ ও চর্চা করি।’

ফ্লাই দুবাইয়ের পাইলটকে হাসপাতালে গিয়ে সম্মান জানালেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স

প্রকাশ: রবিবার, অক্টোবর ০৪, ২০২৬
ফ্লাই দুবাইয়ের পাইলটকে হাসপাতালে গিয়ে সম্মান জানালেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স

ফ্লাইদুবাইয়ের বিমানে সহপাইলটের হামলার পর ১৭২ যাত্রীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারকে হাসপাতালে দেখতে গেছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। হামলার সময় গুরুতর আহত হওয়ার পর দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মাচ্ছার।

সাক্ষাতের পর মাচ্ছারের প্রতি ‘পূর্ণ শ্রদ্ধা ও প্রশংসা’ জানিয়েছেন ক্রাউন প্রিন্স। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘আমাদের পক্ষ থেকে এবং দেশের নেতৃত্বের পক্ষ থেকে তাঁর প্রতি পূর্ণ শ্রদ্ধা ও প্রশংসা রয়েছে। আমরা গর্বিত যে তিনি আমাদের দলের অংশ, আমাদের দেশের ইতিহাসের অংশ এবং সংযুক্ত আরব আমিরাত যে মূল্যবোধের প্রতিনিধিত্ব করে, তারও অংশ। এটি সহমর্মিতা, শান্তি ও জীবনের পক্ষে থাকা একটি দেশ।’

ক্রাউন প্রিন্সের সঙ্গে মাচ্ছারের সাক্ষাতের ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে তাঁকে পাইলটের সঙ্গে কথা বলতে ও তাঁকে আলিঙ্গন করতে দেখা যায়।

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের ওই বিমানের ক্যাপ্টেন ছিলেন মাচ্ছার। তাঁর সহপাইলট ছিলেন ওমানের নাগরিক হামাম আল-হাম্মামি। গত বুধবার উড্ডয়নের পর হামাম ককপিটে থাকা কুঠার দিয়ে মাচ্ছারকে আক্রমণ করেন বলে অভিযোগ। একই সঙ্গে বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ রয়েছে।

দুই পাইলটের ধস্তাধস্তির একপর্যায়ে কয়েক মিনিটের মধ্যে বিমানটি কয়েক হাজার ফুট নিচে নেমে যায়। গুরুতর আহত অবস্থাতেও পরিস্থিতি সামাল দিতে মাচ্ছার ককপিটের দরজা খুলে দেন এবং যাত্রীদের সতর্ক করেন। এরপর কয়েকজন যাত্রী ককপিটে ঢুকে হামামকে নিয়ন্ত্রণে আনেন। পরে দায়িত্বের বাইরে থাকা অন্য পাইলটরা বিমানটি নিরাপদে অবতরণ করান।

মাচ্ছারের সাহসিকতার প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিমানটি বিধ্বস্ত করার চেষ্টার পেছনে হামামের উদ্দেশ্য কী ছিল, তা এখনো তদন্তাধীন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, কট্টরপন্থী মতাদর্শ নিয়ে উদ্বেগের কারণে এর আগে ওমানে হামামকে উড়োজাহাজ চালানো থেকে বিরত রাখা হয়েছিল।

ঘটনার তদন্তের নেতৃত্ব দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে কোনো ‘সন্ত্রাসী কর্মকাণ্ড বা উদ্দেশ্যের’ যোগসূত্র ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।