সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ দেশে এসে পৌঁছেছে।বাংলাদেশ সংবাদ
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা ৩৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (নম্বর বিএস ৩৬২) তার মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহটি নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
নিহত শাহেদ আহম্মেদ বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছিলেন।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র হামলায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটে।
ওই হামলায় নিহতদের মধ্যে দু'জন বাংলাদেশি নাগরিক ছিলেন, যার মধ্যে শাহেদ অন্যতম। অপর নিহত বাংলাদেশি হলেন কুমিল্লার মো. নাসরুল্লাহ বদরপুরী।
উক্ত হামলায় আরও ২৪ জন বাংলাদেশি আহত হয়েছিলেন।