দুই মাসের ছুটি কাটিয়ে স্বজনদের মায়া ছেড়ে আবার পরবাসে ফিরেছিলেন শাহেদ আহম্মেদ আশিক (৩২)। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগমুহূর্তেই নিভে গেল তার জীবনের আলো।
প্রিয়জনের সঙ্গে কাটানো শেষ স্মৃতিগুলোর রেশ কাটার আগেই সৌদি আরবে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় লাশ হয়ে দেশে ফিরতে হলো তাকে। আর যে দিনটিতে স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবনের বিবাহবার্ষিকী উদযাপনের কথা ছিল, সেদিনই চিরনিদ্রায় শায়িত হলেন শাহেদ।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা পূর্বপাড়া গ্রামে শাহেদের মরদেহ এসে পৌঁছায়। এরপর সরকারি মাদলা চাচাইতারা যুক্ত উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদার কবরের পাশে তাকে দাফন করা হয়।
গত ৯ অক্টোবর ছুটি শেষে সৌদির উদ্দেশে দেশ ছাড়েন শাহেদ। পরদিন ১০ অক্টোবর স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে তিনি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। টার্মিনাল-৩ এলাকা থেকে স্ত্রী কাকলী বেগমের সঙ্গে ফোনে কথাও বলছিলেন তিনি।
শাহেদের স্ত্রী জানান, ২০১৩ সালের ২৩ অক্টোবর তাদের বিয়ে হয়েছিল। বিমানবন্দরে নেমে ফোনে স্বামী তাকে বলেছিলেন, 'আমি রিয়াদে এসে পৌঁছেছি। আর এক-দেড় ঘণ্টা পর জেদ্দায় পৌঁছাব। তোমাকে ফোন দেব।'
এ সময় বাচ্চাদের সঙ্গেও কথা বলেন শাহেদ। কিন্তু কথা শেষ হওয়ার আগেই হঠাৎ একটি বিকট শব্দে ফোন কেটে যায়। স্ত্রী প্রথমে নেটওয়ার্কের সমস্যা মনে করলেও পরে জানতে পারেন, সেই মুহূর্তেই বিমানবন্দরে ঘটা ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন তার স্বামী। সেটিই ছিল স্ত্রীর সঙ্গে তার শেষ কথা।
মরদেহ বাড়িতে পৌঁছানোর পর হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। বাবার কফিন জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে শাহেদের দুই সন্তান কাউছার (১১) ও আবদুল্লাহ (৬)। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। তাকে শেষবারের মতো দেখতে সকাল থেকেই আশপাশের শত শত মানুষ ভিড় জমান।
পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে দুই বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন শাহেদ। তার বাবা রফিকুল ইসলামও প্রায় ২০ বছর ধরে সৌদিতে থাকেন। ছেলের অকালমৃত্যুর পর মা দেশে ফিরতে পারলেও ভিসা জটিলতায় বাবা এখনো আসতে পারেননি। শাহেদকে হারিয়ে দুই ছোট সন্তানকে নিয়ে এখন ঘোর অনিশ্চয়তায় পড়েছেন স্ত্রী কাকলী বেগম।
শাহেদের ফুপা আমজাদ হোসেন জানান, শাহেদের মৃত্যুতে তার স্ত্রী বিধবা ও দুই সন্তান এতিম হয়ে পড়েছে। পরিবারের এমন কঠিন পরিস্থিতিতে দুই সন্তান ও তাদের মায়ের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে শাহেদের মরদেহ গ্রামে পৌঁছানোর পর জানাজায় অংশ নেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।