কাতারের মিউজিয়াম অব ইসলামিক আর্ট (এমআইএ) এবং দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী 'লেখুইয়া' যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে 'সামার ক্যাম্প ২০২৬'। শিশুদের মেধা বিকাশ ও নেতৃত্বের গুণ তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী ২ আগস্ট থেকে শুরু হয়ে ক্যাম্পটি চলবে ১৩ আগস্ট পর্যন্ত। ৯ থেকে ১৩ বছর বয়সী কাতারি শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে।
ক্যাম্পের যাবতীয় আয়োজন এমনভাবে সাজানো হয়েছে যাতে পড়াশোনা, সংস্কৃতি, খেলাধুলা ও নেতৃত্ব শেখার একটা দারুণ সুযোগ তৈরি হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ছেলে ও মেয়ে—উভয়দের জন্যই ক্যাম্পটি উন্মুক্ত থাকবে।
এই উদ্যোগে সাড়াও মিলছে বেশ। গ্রীষ্মের ছুটিতে বাচ্চাদের সুশৃঙ্খল পরিবেশ, চরিত্র গঠন ও দেশপ্রেম শেখার সুযোগ দেখে কাতারি অভিভাবকদের মধ্যেও আগ্রহ দেখা যাচ্ছে।
যা থাকছে এই ক্যাম্পে
শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে চার ধরনের কার্যক্রম থাকবে:
-
শিল্প ও সংস্কৃতি: ইসলামিক আর্ট মিউজিয়ামের ভেতরে বিশেষ গ্যালারি ঘুরে দেখা এবং শিল্পকলা সম্পর্কিত বিভিন্ন কাজ হাতে-কলমে শেখা।
-
খেলাধুলা ও শৃঙ্খলা: 'লেখুইয়া'র তত্ত্বাবধানে সাঁতার, দলগত খেলাধুলা এবং আত্মবিশ্বাস ও নেতৃত্ব বাড়ানোর নানা শারীরিক প্রশিক্ষণ।
-
বিজ্ঞান ও প্রযুক্তি: কাতার সায়েন্স ক্লাব এবং কাতার ক্যালেন্ডার হাউসের সাহায্যে মজার মজার বৈজ্ঞানিক ওয়ার্কশপ।
-
স্পোর্টস মিউজিয়াম সফর: ‘৩-২-১ কাতার অলিম্পিক অ্যান্ড স্পোর্টস মিউজিয়াম’ ঘুরে খেলাধুলার ইতিহাস ও ইতিবাচক দিক সম্পর্কে জানা।
নিরাপত্তা সংস্থা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের এই যৌথ উদ্যোগ শিশুদের জন্য ছুটির সময়টাকে শুধু বিনোদন নয়, বরং নতুন কিছু শেখার নিরাপদ ও উদ্দীপনামূলক সুযোগ করে দিচ্ছে।