তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) শিল্পের শীর্ষ সারির দেশ হিসেবে কাতার বিশ্বের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং পারস্পরিক আস্থা ও স্বার্থের ভিত্তিতে অংশীদারত্ব জোরদারে ভূমিকা রেখে যাবে বলে দৃঢ় বার্তা দিয়েছেন কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী।

জিইসিএফ শীর্ষ সম্মেলনে আমীরের অংশগ্রহণ
রাশিয়ার রাজধানী মস্কোর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত গ্যাস এক্সপোর্টিং কান্ট্রিজ ফোরাম (জিইসিএফ)-এর অষ্টম শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এই সম্মেলনে আমীরের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জাসিম আল-থানী সহ উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদল অংশ নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা
সম্মেলন শেষে নিজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় আমীর জানান, মস্কোয় আয়োজিত জিইসিএফ শীর্ষ সম্মেলনে অংশ নিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

তিনি লেখেন, বৈশ্বিক গ্যাসের বাজারে বর্তমান যেসব সংকট ও চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা মোকাবিলায় যৌথ পদক্ষেপ নেওয়া এবং নিজেদের মধ্যে সমন্বয় জোরদার করার ক্ষেত্রে এই সম্মেলন গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, এলএনজি খাতে কাতারের শীর্ষ অবস্থানকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে বিশ্বস্ততা ও পারস্পরিক সুবিধাজনক সম্পর্কের ভিত্তিতে বৈশ্বিক জ্বালানি সুরক্ষায় কাতার সর্বদা অবদান বজায় রাখবে।
তথ্যসূত্র: আমীরি দেওয়ান