কাতারে তীব্র গরমের দিন শেষ হয়ে ধীরে ধীরে নামছে স্বস্তিদায়ক শীতের পরশ। স্বস্তির এই আবহাওয়ার মাঝেই সপ্তাহের শেষ দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয়ভাবে গুঁড়ি গুঁড়ি থেকে বজ্রসহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে কাতার আবহাওয়া বিভাগ (QMD)।
২৭ অক্টোবর প্রকাশিত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহান্তজুড়ে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত ঘটাতে পারে এমন মেঘ জমাট বাঁধতে পারে।
কখন ও কোথায় হতে পারে বৃষ্টি?
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বিশেষ করে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ও আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর) কাতারের নির্দিষ্ট কিছু এলাকায় স্থানীয়ভাবে মেঘের ঘনঘটা বাড়তে পারে এবং তা বজ্রসহ বৃষ্টিতে রূপ নিতে পারে।
কিছু এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজধানী দোহাসহ বেশিরভাগ প্রধান এলাকায় দিনটি প্রধানত রৌদ্রোজ্জ্বল বা আংশিক মেঘলা থাকবে।
দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪° থেকে ৩৬° সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২৬° থেকে ২৯° সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
বজ্রবৃষ্টির সময় কিছু এলাকায় সাময়িকভাবে দমকা হাওয়া বইতে পারে এবং এর ফলে ধূলিঝড় বা ভিজিবিলিটি (দৃশ্যমানতা) কমে যেতে পারে।
উইকএন্ডে যারা বাইরে ঘোরাঘুরি বা ক্যাস্পিংয়ের পরিকল্পনা করছেন, তাদের আবহাওয়া পরিস্থিতি দেখে সতর্কতার সাথে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়েছে।
যেহেতু আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল এবং বৃষ্টিপাত নির্দিষ্ট কিছু এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে, তাই বাইরে বের হওয়ার আগে বা গাড়ি চালানোর সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
(তথ্যসূত্র: কাতার আবহাওয়া বিভাগ )