দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে (DECC) আয়োজিত আন্তর্জাতিক আবাসন ও ভূসম্পত্তি প্রদর্শনী 'সিটিস্কেপ কাতার ২০২৬' (Cityscape Qatar 2026) পরিদর্শন করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি। মেগা এই আয়োজনটি ‘চতুর্থ কাতার রিয়েল এস্টেট ফোরাম’-এর সাথে একযোগে অনুষ্ঠিত হচ্ছে।
সরকারি-বেসরকারি খাতের অগ্রগতি পর্যালোচনা
প্রদর্শনী ঘুরে দেখার সময় প্রধানমন্ত্রী দেশি ও আন্তর্জাতিক স্টলগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি কাতারের সরকারি ও বেসরকারি খাতের চলমান আবাসন প্রকল্প এবং রিয়েল এস্টেট খাতের সামগ্রিক অগ্রগতি সম্পর্কে সরাসরি অবহিত হন।
কাতারের ‘ন্যাশনাল ভিশন ২০৩০’ অর্জনের লক্ষ্য সামনে রেখে নির্মিত হতে যাওয়া বিভিন্ন আধুনিক আবাসন, পরিবেশবান্ধব স্মার্ট সিটি প্রজেক্ট এবং নতুন বাণিজ্যিক কাঠামোর ভবিষ্যৎ পরিকল্পনাগুলোও তাঁর সামনে উপস্থাপন করা হয়।

বিনিয়োগ বাড়াতে জোর প্রস্তুতি
এবারের সিটিস্কেপ প্রদর্শনী ও রিয়েল এস্টেট ফোরামে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের শীর্ষস্থানীয় স্থাপত্য ও নির্মাণ প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে। কাতারের আবাসন খাতে বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করা, আধুনিক নগর পরিকল্পনা তুলে ধরা এবং ক্রেতাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদর্শন করাই এই প্রদর্শনীর অন্যতম প্রধান লক্ষ্য।
তথ্যসূত্র: কাতার নিউজ এজেন্সি