১৪ অক্টোবর ২০২৬

দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, উত্তাল পরিস্থিতি! বিমান ও বাড়ি থেকে নেতাদের তুলে নিল দিল্লি পুলিশ

প্রকাশ: রবিবার, অক্টোবর ১১, ২০২৬
দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, উত্তাল পরিস্থিতি! বিমান ও বাড়ি থেকে নেতাদের তুলে নিল দিল্লি পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে অন্তত সাত হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জী, দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, কেরালার পিনারাই বিজয়ন এবং ত্রিপুরার মানিক সরকার — শনিবারের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে চারজন সাবেক মুখ্যমন্ত্রীকে সকাল থেকে আটক করেছে দিল্লি পুলিশ।

বিক্ষোভে যোগ দিতে দিল্লিতে পৌঁছনো মাত্রই আটক করা হয়েছে ককরোচ জনতা পার্টির শীর্ষ নেতৃত্বকে। আটক হয়েছেন বামপন্থী ছাত্র নেত্রী নেহা বোরাও।

বিকেল চারটে নাগাদ জানা যায়, মমতা ব্যানার্জীসহ তার দলীয় সতীর্থদের হরিয়ানার কাছে উত্তর দ্বারকা থানায় নিয়ে গেছে পুলিশ। এর কিছুক্ষণ আগে, বিকেল সাড়ে তিনটে নাগাদ পুলিশের হাতে আটক হন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এদিকে গত রাত থেকে দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত শিখ গুরুদোয়ারা বাংলা সাহিবে আশ্রয় নিয়েছিলেন যে কয়েকশ বিক্ষোভকারী, তারা যন্তর মন্তরের দিকে এগোতে গেলে সেখানে লাঠিচার্জ করা হয় বলে জানা যাচ্ছে।

এর আগে, সিজেপির শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে নাটকীয়ভাবে বিমান থেকেই আটক করেছে পুলিশ। পরিচিত ইউটিউবার ধ্রুব রাঠিকে তার বাড়ি থেকেই আটক করে পুলিশ।

সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবীকেও আটক করা হয়েছে; পরে আদালতের হস্তক্ষেপে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

বিক্ষোভের ঘোষিত এলাকা হিসাবে যন্তর মন্তরকে একরকম দুর্গ বানিয়ে ফেলা হলেও দুপুরে হঠাৎই বামপন্থী ছাত্র-নেত্রী নেহা বোরা রাজধানীর কেন্দ্রস্থল থেকে দূরে দিল্লি হাট এলাকায় জড়ো হওয়ার আহ্বান জানান। সেখানে জড়ো হওয়া নেতাকর্মীদেরও আটক করা হয়েছে।

অবরুদ্ধ দিল্লিতে এবার বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের

মানুষের ভোটাধিকার রক্ষায় এবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধী ইন্ডিয়া জোট। শনিবার আলপ্পুঝায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এ কথা জানান।

তিনি বলেন, সংবিধান ও জনগণের ভোটাধিকার সুরক্ষার চলমান লড়াইয়ের অংশ হিসেবে আগামী সোমবার রাজধানী দিল্লিতে এক বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ইন্ডিয়া জোট। এই ইস্যুতে ইতোমধ্যে নিজেদের উদ্বেগের কথা জানাতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন জোটের শীর্ষ নেতারা। পাশাপাশি, আগামী সোমবার ভারতের প্রধান বিচারপতির সঙ্গেও তাদের দেখা করার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সুরক্ষা দেওয়ার অপচেষ্টার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তীব্র সমালোচনা করেন বেণুগোপাল। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশনারকে আড়াল করার এই প্রক্রিয়াই মোদি ও শাহের পতনের কারণ হবে।

তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী মোদির আচরণ দেখে মনে হচ্ছে তিনি পতনের দ্বারপ্রান্তে রয়েছেন। বিরোধীদের আন্দোলনকে তিনি ভয় পাচ্ছেন। ককরোচ জনতা পার্টির ঘোষিত শনিবারের বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে রীতিমতো লকডাউন জারি করেছে সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো স্টেশন ও সারা দেশের সঙ্গে দিল্লির রেল যোগাযোগ। মাঠে নামানো হয়েছে নিরাপত্তা বাহিনীর প্রায় ৪১ হাজার সশস্ত্র সদস্য।

একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন ব্যবস্থা গড়ে না ওঠা পর্যন্ত কংগ্রেস এবং ইন্ডিয়া জোট লড়াই চালিয়ে যাবে বলে জানান এই নেতা। কেরালার ভোটার তালিকা সংশোধন (এসআইআর) নিয়ে দলের সতর্ক নজরদারির কথা উল্লেখ করেন কে সি বেণুগোপাল।

কাশ্মীরেও বিক্ষোভ শুরু

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেসের নেতৃত্বে চলা বিক্ষোভে যোগ দিয়েছে জম্মু-কাশ্মীরের আঞ্চলিক দল ন্যাশনাল কনফারেন্স (এনসি) ও পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ তুলে শনিবার বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ডাকে কাশ্মীরের বিভিন্ন এলাকায় এই বিক্ষোভ হয়।

এদিকে দিল্লিতে বিক্ষোভ ঘিরে নিরাপত্তা জোরদার, ইন্টারনেট বন্ধ ও যাতায়াতে বিধিনিষেধের ঘটনাকে ২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পরের পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।

শ্রীনগরে কংগ্রেসের কার্যালয়ে এনসি ও পিডিপির কয়েক ডজন নেতা-কর্মী সমবেত হন। তাদের মধ্যে নারীরাও ছিলেন। দলীয় পতাকা হাতে তারা লাল চকের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাতে বাধা দেয়।

বিক্ষোভকারীদের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ছবি-সংবলিত প্ল্যাকার্ড ছিল। তারা ‘ভোট চুরি’র অভিযোগ তুলে সিইসির পদত্যাগ দাবি করেন।

কাশ্মীরের মধ্যাঞ্চলের গান্দেরবাল ও দক্ষিণাঞ্চলের অনন্তনাগেও ইন্ডিয়া জোটের শরিক দলগুলো যৌথ বিক্ষোভ করে।

গান্দেরবালে বিক্ষোভে অংশ নেওয়া গিয়াস আহমদ বলেন, ন্যাশনাল কনফারেন্স, পিডিপি ও সিপিআই(এম)-এর কর্মীরা শান্তিপূর্ণভাবে একসঙ্গে প্রতিবাদ করছেন। তাদের দাবি, জ্ঞানেশ কুমারের কার্যক্রম তদন্ত করা হোক এবং তাঁকে পদত্যাগ করতে হবে।

দিল্লিতে ধরপাকড় হিটলারের আমলকেও ছাড়িয়ে গেছে: তৃণমূল নেতা

ভারতের দিল্লিতে বিক্ষোভকারীদের ধরপাকড়ের ঘটনায় নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, দিল্লিতে পুলিশের দমন-পীড়ন হিটলারের শাসনামলকেও ছাড়িয়ে গেছে।

অভিষেক বলেন, দিল্লিতে বিজেপি সরকার ও পুলিশ প্রায় আড়াই হাজার মানুষকে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে দলীয় কর্মী-সমর্থক, কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকা সাধারণ মানুষ এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারীরাও রয়েছেন।

তিনি বলেন, পশ্চিমবঙ্গে ভোট চুরির প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় ও পাঁচ সংসদ সদস্য বাসস্ট্যান্ডে বসে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলেন। কিন্তু তাদের সেই প্রতিবাদও করতে দেওয়া হয়নি।

অভিষেক প্রশ্ন তোলেন, সরকার যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে থাকে, তাহলে সাধারণ মানুষের প্রতিবাদকে এত ভয় পাচ্ছে কেন?

সিজেপির বিক্ষোভে সংহতি জানাতে গিয়ে আটক অভিনেতা ইমরান খান

ভারতের মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের প্রতি সংহতি জানাতে গিয়ে আটক হয়েছেন অভিনেতা ইমরান খান। শনিবার মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান থেকে তাকে আটক করে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সিজেপির বিক্ষোভের সমর্থনে আগস্ট ক্রান্তি ময়দানে জড়ো হওয়ার কথা ছিল। তবে সেখানে বিক্ষোভের অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

আটক হওয়ার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পুলিশের ভ্যানের ভেতর থেকে একটি সেলফি প্রকাশ করেন ইমরান। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘দেখে মনে হচ্ছে, আমাকে গাড়িতে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে।’

মুম্বাই পুলিশ জানিয়েছে, বিক্ষোভের জন্য তাদের কাছে কোনো অনুমতি চাওয়া হয়নি। বোম্বে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, আজাদ ময়দান ছাড়া অন্য কোথাও বিক্ষোভের অনুমতি দেওয়া সম্ভব নয় বলেও জানায় তারা। তবে সিজেপির কর্মীদের দাবি, অনুমতি চেয়ে তারা ইমেইল করলেও পুলিশের কাছ থেকে কোনো জবাব পাননি।

৩ হাজার আটক বিক্ষোভকারীর সবাই মুক্তি পেলেও দীপকে ও ধ্রুব রাঠিসহ ৪ জন কারাবন্দি

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তরুণদের রাজনৈতিক দল ‘কাকরোচ জনতা পার্টি’র (সিজেপি) ডাকা মহাসমাবেশ ঠেকাতে রাজধানী দিল্লি জুড়ে ব্যাপক দমনপীড়ন ও গণগ্রেফতারের ঘটনা ঘটেছে। শনিবারের এই অভিযানে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেরালার পিনারাই বিজয়নসহ অন্তত ৩ হাজার বিক্ষোভকারী ও বিরোধী নেতাকে আটক করে পুলিশ। দিন শেষে নারী ও প্রবীণদের প্রথমে মুক্তি দেওয়া হলেও সিজেপির শীর্ষ নেতৃত্ব এবং ইউটিউবার ধ্রুব রাঠিসহ চার জন এখনও আটক রয়েছেন।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের অন্য দুই নেতা আশুতোশ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লিতে অবতরণ করার সাথে সাথেই বিমানবন্দর থেকে আটক করা হয়। এর মধ্যেই মহারাষ্ট্রে অভিজিতের ঠাকুমা মারা গেলেও তাকে শেষকৃত্যে যোগদানের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি। এছাড়া জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকেও গুরুগ্রাম থেকে আটক করা হয়েছিল।

রোববার ফের যন্তর মন্তরে বিক্ষোভের ঘোষণা ককরোচ পার্টির

ভারতের মোদি সরকারের চাপ ও পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির নেতা অজিঙ্ক শিন্ডে জানিয়েছেন, দাবি আদায়ের লক্ষে আগামীকাল রোববার আবারো দিল্লির যন্তরমন্তরের উদ্দেশে বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাবেন তারা।

সিজেপির ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে অজিঙ্ক শিন্ডে দাবি করেন, বর্তমান সরকার বিরোধীদের ঐক্যবদ্ধ আন্দোলনে আতঙ্কিত। বিরোধীরা একজোট হয়ে আবারো প্রতিরোধ গড়ে তুললে সরকারের ক্ষমতার ভিত কেঁপে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।

মোদি-শাহদের জন্য পরিস্থিতি ক্রমেই সংকুচিত হচ্ছে: রাহুল গান্ধী

ভারতের তরুণদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, আমরা নিশ্চিত করব যেন এই সরকার এবং যারা সংবিধানের ওপর আঘাত হেনেছে, তারা যেন পরাজিত হয়।

শনিবার চেন্নাইয়ে ‘ছাত্রন কি গুঞ্জ’ অনুষ্ঠানে অংশ নিয়ে এ আহ্বান জানান রাহুল। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) মূল বৈশিষ্ট্য ‘কাপুরুষতা’ বলেও মন্তব্য করেন তিনি।

রাহুল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএসপ্রধান মোহন ভাগবত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের জন্য পরিস্থিতি ক্রমেই সংকুচিত হয়ে আসছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল বলেন, ‘এক দশকেরও বেশি সময় ধরে আমি নরেন্দ্র মোদি ও আরএসএসের বিরুদ্ধে লড়াই করছি। প্রতিপক্ষকে যেভাবে গভীরভাবে চেনা যায়, তাদেরও আমি সেভাবেই চিনি—ভেতর-বাহির সবকিছু, নিজের হাতের তালুর মতো।’

তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘আন্দোলন চালিয়ে যান।’ সংবিধানের ওপর আঘাত হেনেছে এমন শক্তিকে পরাজিত করার প্রত্যয়ও ব্যক্ত করেন কংগ্রেস নেতা।

যে কারণে নেদারল্যান্ডসকে ‘ইহুদি-বিদ্বেষের কেন্দ্রস্থল’ আখ্যা দিল ইসরায়েল

প্রকাশ: বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
যে কারণে নেদারল্যান্ডসকে ‘ইহুদি-বিদ্বেষের কেন্দ্রস্থল’ আখ্যা দিল ইসরায়েল

ইউরোপা লিগের একটি ম্যাচে ইসরায়েলি ফুটবল সমর্থকদের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখায় নেদারল্যান্ডসকে ‘ইহুদি-বিদ্বেষের কেন্দ্রস্থল’ হিসেবে আখ্যা দিয়েছে ইসরায়েল।

সোমবার (১২ অক্টোবর) নিরাপত্তা শঙ্কায় ইউরোপা লিগের ম্যাচে হাপোয়েল বিয়ের শেভা সমর্থকদের উপস্থিতির ওপর দেওয়া নিষেধাজ্ঞা বহাল রেখেছে ডাচ শহরটি, এতে ক্ষোভ প্রকাশ করে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়।

আগামী ১৫ অক্টোবরের এজেড আলকমারের বিরুদ্ধে ম্যাচে ইসরায়েলি ক্লাব হাপোয়েল বিয়ের শেভার সমর্থকদের মাঠে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সম্ভাব্য প্রতিবাদ ও সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় কর্তৃপক্ষ ম্যাচটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, এই সিদ্ধান্ত যারা হুমকি দেয় এবং সহিংসতা উসকে দেয় তাদের পুরস্কৃত করে এটি খেলাধুলার মূল চেতনার পরিপন্থি।

মন্ত্রণালয় ডাচ কর্তৃপক্ষের বিরুদ্ধে আক্রমণকারীদের বাদ দিয়ে ভুক্তভোগীদের ওপরই নিষেধাজ্ঞা আরোপের অভিযোগ তোলে। এখানে ২০২৪ সালের নভেম্বরে আমস্টারডামে ইসরায়েলি ফুটবল ভক্তদের জড়িয়ে পড়া সংঘাতের ঘটনার দিকে ইঙ্গিত করা হয়।

বিবৃতিতে আরও দাবি করা হয় যে, নেদারল্যান্ডসের রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্বদের ইসরায়েলবিরোধী মন্তব্যের কারণে দেশটিতে ইহুদিবিদ্বেষী হামলা উসকে উঠছে।

গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলের উপস্থিতির কারণে ইউরোভিশন গান প্রতিযোগিতা বয়কটের বিষয়টি এবং এই নিষেধাজ্ঞাকে নেদারল্যান্ডসের জন্য আরও একটি কলঙ্ক হিসেবে বর্ণনা করেছে মন্ত্রণালয়। একইসঙ্গে দেশটি বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষের অন্যতম প্রধান কেন্দ্রস্থল হয়ে উঠছে বলেও অভিযোগ করা হয়।

তবে ইসরায়েলি এই অভিযোগের বিষয়ে ডাচ কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে সোমবার ‘দ্য টাইমস অব ইসরায়েল’ এর এক প্রতিবেদনে বলা হয়, এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করানোর প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার তার ডাচ সমকক্ষ টম বেরেন্ডসেনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি কর্মকর্তারা ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আলকমার পৌরসভার সঙ্গেও যোগাযোগ করেছেন। তারা ইসরায়েলি সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবি জানান।

২০২৪ সালের নভেম্বরে আমস্টারডামে ম্যাকাবি তেল আবিব ও আয়াক্সের মধ্যকার ম্যাচকে কেন্দ্র করে ঘটে যাওয়া বিশৃঙ্খলার প্রায় দুই বছর পর নতুন এই বিতর্ক দেখা দিল। সে সময় উক্ত সংঘাতের পূর্বে ইসরায়েলি সমর্থকদের পক্ষ থেকে বর্ণবাদী ও ফিলিস্তিনবিরোধী স্লোগান দেওয়া হয় এবং ফিলিস্তিনের পতাকা ছিঁড়ে ফেলার মতো ভাঙচুরের ঘটনা ঘটে।

উল্লেখ্য, গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে গত আগস্টে ডাচ সম্প্রচারমাধ্যম 'এভিআরওটিআরওএস' ২০২৭ সালের ইউরোভিশন গান প্রতিযোগিতা বয়কটের ঘোষণা দেয়। এটি ছিল টানা দ্বিতীয় বছরের মতো তাদের বয়কটের সিদ্ধান্ত।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

ইয়েমেনে সরকারি অভিযানে ৯৫০ হুথি যোদ্ধা নিহত

প্রকাশ: বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
ইয়েমেনে সরকারি অভিযানে ৯৫০ হুথি যোদ্ধা নিহত

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার পরিচালিত ডন অব ইয়েমেন বা ফজর আল-ইয়েমেন সামরিক অভিযানের আওতায় চলমান হামলায় ৯৫০ জন হুথি যোদ্ধা নিহত এবং ৩৮০টি সামরিক যান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনীয় সরকারি বাহিনী।

সরকারি বাহিনীর সামরিক মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি জানান, বিভিন্ন ফ্রন্টে মোট ১ হাজার ৮৭৯টি অভিযান পরিচালনা করা হয়েছে। যুদ্ধবিমান, ড্রোন, কামানের গোলা এবং রকেট লঞ্চারের সাহায্যে চালানো এই হামলায় হুথিদের একাধিক অস্ত্রাগার, সামরিক ঘাঁটি এবং কমান্ড সেন্টার লক্ষ্যবস্তু করা হয়।

গত ৫ অক্টোবর ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি এই অভিযানের সূচনা করেন।

হুথি নিয়ন্ত্রিত এলাকা পুনরুদ্ধার এবং রাজধানী সানা মুক্ত করার লক্ষ্যে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় উপকূল ও কৌশলগত বাব আল-মানদেবে এ সামরিক অভিযান জোরদার করা হয়েছে। তবে সরকারি বাহিনীর এসব দাবির বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

সূত্র: গালফ নিউজ

সৌদি আকাশসীমায় সরাসরি নো-ফ্লাই জোন ডিক্লেয়ার করল হুতিরা!

প্রকাশ: মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
সৌদি আকাশসীমায় সরাসরি নো-ফ্লাই জোন ডিক্লেয়ার করল হুতিরা!

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এবার সৌদি আরবের আকাশসীমা ও বিমানবন্দর ব্যবহার না করার জন্য এয়ারলাইনস, শিপিং কোম্পানি ও সংশ্লিষ্ট সবাইকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে। তাদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, সৌদি আকাশসীমা বা বিমানবন্দর ব্যবহার করলে তারা হুতি বাহিনীর সামরিক হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবেন।

সোমবার (১২ অক্টোবর) লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় সারি এয়ারলাইনস, জাহাজীকরণ প্রতিষ্ঠান, সেসব প্রতিষ্ঠানের কর্মকর্তা, সৌদি আরবে কাজ করতে ইচ্ছুক কর্মী এবং পর্যটকদের উদ্দেশে এই সতর্কবার্তা দিয়েছেন।

সারি দাবি করেছেন, গত শনিবার রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিরা কয়েকটি সামরিক অভিযান চালিয়েছে। এতে বিমানবন্দরের ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে এবং এটি এখন পুরোপুরি বন্ধ রয়েছে। রোববার টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি এই হামলার দায় স্বীকার করেন। একইসঙ্গে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মাম বিমানবন্দর এবং আরামকোর দুটি স্থাপনায়ও হামলার দাবি করেন তিনি।

অন্যদিকে হুতিদের টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ জানিয়েছে, ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি নেতৃত্বাধীন জোট হামলা চালিয়েছে। এ বিষয়ে সৌদি জোটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে রোববারও সারি একই ধরনের হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা হামলার ঝুঁকিতে রয়েছে এবং এগুলো তাদের সামরিক অভিযানের লক্ষ্যবস্তু। তবে মক্কা ও মদিনাকে এই হুমকির বাইরে রাখার কথা তিনি নিশ্চিত করেন।

সে সময় ওই দুই পবিত্র শহর ছাড়া অন্যান্য স্থানে যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছিল। এবারের বার্তায় সৌদি আকাশসীমা পুরোপুরি এড়িয়ে চলার কথা বলা হয়েছে।

হুতিদের এই হুমকির প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের আকাশ অনেকটাই ফাঁকা। উড়োজাহাজ চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য অনুযায়ী, সোমবার নির্ধারিত ফ্লাইটের প্রায় ৬০ শতাংশ বাতিল হওয়ার আশঙ্কা ছিল।

রোববার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত ফ্লাইটের ৯৯ দশমিক ৭ শতাংশ বাতিল করা হয়। সোমবার দেশজুড়ে নির্ধারিত ফ্লাইটের এক-তৃতীয়াংশের বেশি চলাচল না করার সম্ভাবনা রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর হিসাবে রিয়াদ বিমানবন্দরে প্রায় ৭৮ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে।

রোববারের হামলায় একজন নিহত এবং অন্তত এক ডজন মানুষ আহত হওয়ার পর বিমানবন্দরটি বন্ধ রাখা হয়। এর আগের দিন হুতিদের দাবি করা আরেকটি হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন বলে জানা গেছে।

এসব ঘটনার জেরে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। ইউরোপ ও এশিয়ার কয়েকটি এয়ারলাইনস ইতোমধ্যে ফ্লাইট স্থগিত করেছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশটির এয়ারলাইনসগুলোকে সৌদি আরবে যাওয়া বা আকাশসীমার ওপর দিয়ে উড়ানের সময় সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। এয়ার ফ্রান্স-কেএলএম সৌদি রাজধানীতে যাওয়া-আসার ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্তের মেয়াদ বাড়িয়ে অক্টোবরের শেষ পর্যন্ত করেছে।

সৌদি আরব হুথিদের হামলা ঠেকাতে পারছে না কেন?

প্রকাশ: সোমবার, অক্টোবর ১২, ২০২৬
সৌদি আরব হুথিদের হামলা ঠেকাতে পারছে না কেন?

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সৌদি আরবের অভ্যন্তরে হামলা চালাচ্ছে।

ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী আনসার আল্লাহ নামেও পরিচিত। তাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে সৌদি রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।

গত সেপ্টেম্বর সৌদি আরবের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরুর পর থেকে বিমানবন্দরটিতে একাধিকবার হামলা চালিয়েছে হুথিরা। শনিবারের হামলায় ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হওয়ার খবর জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এক দশকের বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিকে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।

হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। সব ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া সৌদি আরবে ভ্রমণের বিষয়ে নতুন সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

চলতি সপ্তাহের শুরুতেও বিমানবন্দরটিতে আরও দুটি হামলার দাবি করেছে হুথিরা। রোববার সৌদি আরবের বিমানবন্দরগুলো এড়িয়ে চলতে মানুষকে সতর্ক করেছে গোষ্ঠীটি।

সৌদি আরব বিশ্বের অন্যতম আধুনিক ও সুসজ্জিত সামরিক বাহিনীর অধিকারী। দেশটির রয়েছে একাধিক স্তরের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এরপরও কীভাবে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেশটির প্রতিরক্ষা ভেদ করছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

হুথিদের অস্ত্রভান্ডার কতটা শক্তিশালী?

রিয়াদ বিমানবন্দরে হামলায় ঠিক কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ শুরু করার পর থেকে সৌদি আরব লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথিরা।

২০১৪ সালের সেপ্টেম্বরে ইয়েমেনের রাজধানী সানা দখলের পর থেকে গোষ্ঠীটির অস্ত্রভান্ডারে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েল পর্যন্ত পৌঁছেছে। নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতাও দেখিয়েছে তারা। সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাও তাদের হামলার লক্ষ্য হয়েছে।

হুথিরা বিভিন্ন গতির ড্রোন ও ক্ষেপণাস্ত্র একসঙ্গে ব্যবহার করে। এতে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার পক্ষে সব হামলা শনাক্ত করা ও প্রতিহত করা কঠিন হয়ে পড়ে। ইয়েমেনের স্থলযুদ্ধেও একই ধরনের কৌশল দেখা গেছে। সরকারি বাহিনীর অবস্থানে কয়েক সপ্তাহ ধরে হামলা চালানোর পর গত মাসে দ্রুত অভিযান চালিয়ে লোহিত সাগর উপকূলের কিছু এলাকা দখল করে তারা।

গোষ্ঠীটির উন্নত অস্ত্রের মধ্যে রয়েছে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘প্যালেস্টাইন-২’। দুই ধাপের এই কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় ২ হাজার কিলোমিটার বলে ধারণা করা হয়। এটি হাইপারসনিক গতিতে চলতে সক্ষম বলেও দাবি রয়েছে।

আরেকটি ক্ষেপণাস্ত্র হলো ‘তুফান’। এটি ইরানের ‘ঘদর’ ক্ষেপণাস্ত্রের পরিবর্তিত সংস্করণ বলে মনে করা হয়। এর পাল্লা প্রায় ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৯৫০ কিলোমিটার।

কিছু ক্ষেপণাস্ত্রে গুচ্ছবোমা বহনের সক্ষমতা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। ইয়েমেন থেকে প্রায় ২ হাজার কিলোমিটার দূরের ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে হামলা চালানোর ক্ষেত্রে এ ধরনের অস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে ধারণা করা হয়।

এ ছাড়া হুথিদের হাতে ‘বুরকান’ ও ‘বাদর’ সিরিজের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এগুলোও ইরানি প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি বলে ধারণা করা হয়। সৌদি আরবের সীমান্তবর্তী এলাকায় হামলায় এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

কিংস কলেজ লন্ডনের যুদ্ধ অধ্যয়ন বিভাগের জ্যেষ্ঠ গবেষক নওয়াফ ওবায়েদের মতে, হুথিদের ক্ষেপণাস্ত্রভান্ডারের বড় অংশই ইরানের অস্ত্রপ্রযুক্তির ওপর নির্ভরশীল। এতে চীনা প্রযুক্তিরও কিছু প্রভাব রয়েছে।

তিনি বলেন, নিজস্ব প্রযুক্তিতে বড় ধরনের উদ্ভাবনের উল্লেখযোগ্য প্রমাণ হুথিদের ক্ষেত্রে খুব কম। তাদের স্থানীয় উৎপাদন সক্ষমতা মূলত অপেক্ষাকৃত কম উন্নত কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির মধ্যে সীমাবদ্ধ।

গত মাসে ইয়েমেনের সরকারি বাহিনী অভিযোগ করে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হুথিদের নতুন ধরনের অস্ত্র—লক্ষ্যবস্তুর ওপর ঘোরাফেরা করে আঘাত হানতে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র—উন্নয়নে সহায়তা করছে।

কেন সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যর্থ হচ্ছে?

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে তাদের বাহিনী বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও অন্যান্য উড়ন্ত বস্তু ভূপাতিত করেছে। এর মধ্যে বৃহস্পতিবার রাজধানী লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও রয়েছে। তবে শনিবার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানা বস্তুটি প্রতিহত করতে পারেনি তারা।

নওয়াফ ওবায়েদ আল জাজিরাকে বলেন, সৌদি আরবের আয়তন এবং ইয়েমেনের সঙ্গে দীর্ঘ সীমান্তের কারণে মাঝেমধ্যে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে হামলা হওয়া অস্বাভাবিক নয়।

তার ভাষায়, একাধিক স্তরের প্রতিরক্ষাব্যবস্থা থাকলেও কোনো না কোনো ক্ষেপণাস্ত্র ফাঁক গলে বেরিয়ে যেতে পারে। তার মতে, হুথিদের বহু হামলা প্রতিহত করার পরও কিছু হামলা সফল হতে পারে।

নিরাপত্তানীতি ও প্রতিরক্ষা বিশ্লেষক উলফগ্যাং পুস্তাই বলেন, সৌদি আরবের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার মূল লক্ষ্য ছিল ইরান থেকে আসা হুমকি মোকাবিলা করা। তবে হুথিদের হামলা বাড়তে থাকায় সৌদি আরব ইয়েমেনের দিক থেকে আসা হুমকি মোকাবিলায় প্রতিরক্ষাব্যবস্থার কিছু অংশের অবস্থান ও ব্যবহার পরিবর্তন করছে বলে তার ধারণা।

আরেকটি বড় সমস্যা হলো প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুত। সৌদি আরবসহ যুক্তরাষ্ট্রের অনেক আঞ্চলিক ও বৈশ্বিক মিত্রের কাছে প্যাট্রিয়ট ও টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যবস্থার প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুত সীমিত।

ইরানের সঙ্গে যুদ্ধের শুরুর মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এসব প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ব্যাপকভাবে ব্যবহার করেছিল। ফলে মজুতের ওপর চাপ তৈরি হয়েছে।

গত মাসে হুথিদের হামলা থেকে নিজেদের রক্ষা করতে কয়েকটি বন্ধুদেশের কাছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও অন্যান্য সামরিক সহায়তা চেয়েছিল রিয়াদ বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হুথিদেরও রয়েছে সীমাবদ্ধতা

হুথিরা শক্তিশালী অস্ত্র ব্যবহার করলেও তাদের সামরিক সক্ষমতার ওপর নানা সীমাবদ্ধতা রয়েছে। জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা, সৌদি আরবের দীর্ঘদিনের অবরোধ এবং ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে একসঙ্গে লড়াই করার চাপ তাদের জন্য বড় বাধা।

নওয়াফ ওবায়েদের মতে, সামরিক শক্তির দিক থেকে সৌদি নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকলেও হুথিরা মাঝেমধ্যে সৌদি আরবে হামলা চালিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হতে পারছে।

বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশগুলোর একটি এবং জি-২০-এর সদস্য হওয়ায় সৌদি আরবের ওপর বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহের দায়িত্ব রয়েছে। ফলে দেশটির বিমানবন্দর বা তেল স্থাপনায় হামলার প্রভাব শুধু সৌদি আরবেই সীমাবদ্ধ থাকে না। আন্তর্জাতিক বিমান চলাচল ও জ্বালানি বাজারেও উদ্বেগ তৈরি হতে পারে।

তবে হুথিদের হাতে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র রয়েছে, তা জানা যায়নি। একই সময়ে সৌদি আরবের বিরুদ্ধে হামলা এবং ইয়েমেনের স্থলযুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অস্ত্র তাদের আছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

ওবায়েদ বলেন, ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলার বড় লক্ষ্য হচ্ছে হুথিদের ক্ষেপণাস্ত্রের গুদাম, ভূগর্ভস্থ স্থাপনা ও ড্রোন তৈরির কারখানা ধ্বংস করা। তাঁর মতে, এসব হামলায় হুথিদের সামরিক সক্ষমতার ব্যাপক ক্ষতি হচ্ছে।

পুস্তাইয়ের ধারণা, হুথিদের হাতে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুত সম্ভবত সীমিত হয়ে এসেছে। এ কারণে একসঙ্গে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে চাপে ফেলার মতো বড় আকারের হামলা চালানো তাদের পক্ষে কঠিন হতে পারে।

এর পরিবর্তে তারা কম সুরক্ষিত বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে একটি বা অল্প কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার কার্যক্রম ব্যাহত করে বড় ধরনের কৌশলগত প্রভাব তৈরির চেষ্টা করতে পারে তারা।

সব মিলিয়ে, সৌদি আরবের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দেশটির নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তবে মাঝেমধ্যে কিছু হামলা সফল হওয়া মানেই সৌদি প্রতিরক্ষাব্যবস্থা পুরোপুরি অকার্যকর—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। বরং দীর্ঘ সীমান্ত, বিভিন্ন ধরনের অস্ত্রের সম্মিলিত ব্যবহার এবং প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুতের সীমাবদ্ধতা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সূত্র: আল-জাজিরা

সৌদির সার্বভৌমত্ব রক্ষায় পাশে জিসিসি: সদস্য দেশগুলোর কঠোর যৌথ অবস্থান

প্রকাশ: রবিবার, অক্টোবর ১১, ২০২৬
সৌদির সার্বভৌমত্ব রক্ষায় পাশে জিসিসি: সদস্য দেশগুলোর কঠোর যৌথ অবস্থান

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)।

সংস্থাটির মহাসচিব জাসেম আল-বুদাইউই এ হামলাকে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন।

শনিবার এক বিবৃতিতে জাসেম আল-বুদাইউই বলেন, বেসামরিক এই স্থাপনায় বারবার হামলার ঘটনা এমন এক অপরাধমূলক প্রবণতার প্রতিফলন, যার লক্ষ্য শান্তিপূর্ণ বেসামরিক মানুষকে আতঙ্কিত করা এবং যাত্রী ও কর্মীদের জীবন ঝুঁকিতে ফেলা।

তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় নেওয়া সব পদক্ষেপের প্রতি জিসিসির সদস্যদেশগুলোর পূর্ণ সমর্থন রয়েছে। এ ক্ষেত্রে সদস্যদেশগুলো সৌদি আরবের পাশে ঐক্যবদ্ধভাবে রয়েছে বলেও জানান তিনি।

হুথিরা বৃহস্পতিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ধারাবাহিক হামলার দাবি করেছিল। ওই হামলায় তিনজন নিহত হন এবং একটি বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। তবে শনিবারের হামলার দায় তারা তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি। ওই হামলায় ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে সৌদি আরবের চারজন, বাংলাদেশের দুজন এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন। এ হামলায় আহত হয়েছেন ৩০৯ জন।

উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর একটি আঞ্চলিক জোট। সৌদি আরব এ জোটের সদস্য।