১৪ নভেম্বর ২০২৬

৯ হাজার ৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

প্রকাশ: সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
৯ হাজার ৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

সৌদি আরব থেকে ৯ হাজার ৫৮৯ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। একই সময়ে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ১১ হাজার ৫৮৭টি ঘটনা শনাক্ত করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, আইন লঙ্ঘনের ঘটনাগুলোর মধ্যে ৬ হাজার ৪৩টি আবাসন আইনসংক্রান্ত, ৩ হাজার ১৯১টি সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন এবং ২ হাজার ৩৫৩টি শ্রম আইন ভঙ্গের ঘটনা।

এসপিএর তথ্যমতে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৬৭৮ জনকে গ্রেফতার করেছে সীমান্ত কর্তৃপক্ষ। এ ছাড়া অবৈধভাবে দেশত্যাগের চেষ্টার সময় গ্রেফতার করা হয়েছে আরও ১৮ জনকে। আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া বা কাজে নিয়োগের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২৯ জনকে।

বর্তমানে সৌদি আরবে ৩৮ হাজার ৮১৩ জন পুরুষ ও ২ হাজার ২৯৩ জন নারীসহ মোট ৪১ হাজার ১০৬ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ৯ হাজার ১৩৯ জনকে দ্রুত সৌদি আরব ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর ৯ হাজার ৫৮৯ জনকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কোনো ব্যক্তি অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করলে, দেশটির ভেতরে অবৈধ অভিবাসীদের পরিবহন করলে কিংবা তাদের আশ্রয়, সহযোগিতা বা অন্য কোনো সেবা দিলে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

এ ছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহনে ব্যবহৃত যানবাহন এবং তাদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

বাহরাইনে হামলা চালাল ইরান

প্রকাশ: শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
বাহরাইনে হামলা চালাল ইরান

বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে বাহরাইনে মার্কিন রাডারটি লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

আইআরজিসির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এ হামলার মাধ্যমে ‘আগ্রাসী শত্রুকে’ তাদের আকাশপথে উসকানিমূলক তৎপরতা এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পাচার বন্ধ করার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে, এ ধরনের লঙ্ঘন ও আগ্রাসী কর্মকাণ্ড পুনরায় ঘটলে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কোনো সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা পদক্ষেপ নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

সূত্র: আল জাজিরা

সৌদি আরবের নিরাপত্তায় সব ধরনের সহায়তায় প্রস্তুত পাকিস্তান

প্রকাশ: শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
সৌদি আরবের নিরাপত্তায় সব ধরনের সহায়তায় প্রস্তুত পাকিস্তান

সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে প্রস্তুত পাকিস্তান। মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সৌদি আরবে দ্রুত সেনা ও সামরিক সক্ষমতা মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।

সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আশারক আল-আওসাতকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি আরব ও পাকিস্তানের যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি এবং মক্কা জোটের আওতায় বর্তমান পরিস্থিতিতে রাজ্যটির প্রতিরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে ইসলামাবাদ প্রস্তুত। সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের অঙ্গীকার ‘সম্পূর্ণ ও আপসহীন’।

চৌধুরী জানান, পাকিস্তানি সেনারা ইতিমধ্যে সৌদি আরবে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তাঁদের প্রধান কাজের মধ্যে রয়েছে প্রতিরক্ষায় সহায়তা, সামরিক মহড়া ও প্রশিক্ষণ। প্রয়োজনে সেনাসদস্য, সামরিক সরঞ্জাম, প্রশিক্ষণ ও রসদ সহায়তাসহ প্রয়োজনীয় সমর্থন অব্যাহত রাখবে পাকিস্তান।

জোটের প্রতিরক্ষা প্রতিশ্রুতি বাস্তবায়নে সামরিক প্রস্তুতির মাত্রা বাড়ানো, দুই দেশের বাহিনীর সমন্বয় জোরদার, গোয়েন্দা তথ্য বিনিময় এবং যৌথভাবে প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। তবে সেনাসংখ্যা, মোতায়েনের স্থান কিংবা অভিযানসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না বলে জানান তিনি।

সৌদি আরবের বিমানবন্দর, শহর এবং বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোয় সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে চৌধুরী বলেন, এসব হামলা দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। একই সঙ্গে তা আঞ্চলিক স্থিতিশীলতা ও বেসামরিক মানুষের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে। সৌদি আরব এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তা পাকিস্তানের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।

গত ২৬ অক্টোবর তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিনিধিদের সঙ্গে ইরানের বৈঠকের বিষয়ে তিনি বলেন, উত্তেজনা কমানো এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোই ছিল আলোচনার লক্ষ্য। বৈঠকে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির অংশ নেন। আলোচনায় চার দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে সংলাপ অব্যাহত রাখার বিষয়ে একমত হন অংশগ্রহণকারীরা।

চৌধুরী জানান, সৌদি আরব-পাকিস্তান দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি এবং সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের কাঠামো আলাদা। দ্বিপক্ষীয় চুক্তিটি দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার ভিত্তি। অন্যদিকে, তিন দেশের জোটে সম্মিলিত প্রতিরক্ষা, যৌথ সামরিক প্রস্তুতি ও সমন্বয়ের ব্যবস্থা রয়েছে। তাঁর দাবি, উভয় উদ্যোগই প্রতিরক্ষামূলক; কোনো দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক উদ্দেশ্য এতে নেই।

গভীর রাতে ইরানে হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ

প্রকাশ: শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
গভীর রাতে ইরানে হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ

হরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে গভীর রাতে হামলার খবর পাওয়া গেছে। দেশটির হরমোজগান প্রদেশের এই শহরটিতে ‘শত্রুপক্ষের’ হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

এর আগে এলাকাটিতে দফায় দফায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কারা হামলা চালিয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এদিকে হামলার খবর প্রকাশের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের’ হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা গেছে, সরকারি সূত্রগুলো সিরিক শহরে হামলার খবর জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, হামলাটি সামরিক ধরনের ছিল। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিরিকে ‘শত্রুপক্ষের’ হামলার খবর প্রকাশ করার পর বিশ্ববাজারে তেলের দাম আরও বেড়েছে। বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম বেড়েছে ২ দশমিক ৩৬ শতাংশ।

অন্যদিকে ইরনা’র বরাত দিয়ে পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, প্রতিবেদন প্রকাশের কয়েক মিনিট আগেই (গভীর রাতে) হামলাটি হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে, কী কী লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে কিংবা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

তবে ইরানের কর্মকর্তারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করতে প্রায়ই ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করেন। এর আগে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছিল, হরমোজগান প্রদেশের পূর্বাঞ্চলীয় সিরিক কাউন্টিতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তাসনিম প্রথমে জানায়, বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়। তবে কয়েকটি সূত্রের ধারণা, সামুদ্রিক নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণে এসব বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে সিরিকের অবস্থান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।

হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

দেখতে হুবহু নেতানিয়াহু! ভাইরাল হয়ে বিপাকে ইরানি দোকানদার

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
দেখতে হুবহু নেতানিয়াহু! ভাইরাল হয়ে বিপাকে ইরানি দোকানদার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চেহারার আশ্চর্য মিল। আর সেই মিলই যেন কাল হয়ে দাঁড়িয়েছে ইরানের এক সাধারণ দোকানির জন্য।

নেতানিয়াহুর মতো দেখতে হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি। তবে এই পরিচিতি আনন্দের বদলে তার ব্যবসায় ডেকে এনেছে বিপত্তি। এমনকি তার দোকান বয়কটেরও ডাক দিয়েছেন কেউ কেউ।

সম্প্রতি ইরানের রাজধানী তেহরানের একটি দোকানে ধারণ করা প্রায় ৯ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বাদাম, শুকনো ফল ও মিষ্টি বিক্রির দোকানে বসে আছেন এক ব্যক্তি। তার চুলের রেখা, মুখের গড়ন ও অভিব্যক্তির সঙ্গে নেতানিয়াহুর অদ্ভুত মিল খুঁজে পান নেটিজেনরা।

এরপরই ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ তাকে ‘ইরানের নেতানিয়াহু’ বলে আখ্যা দেন, আবার কেউ তার দোকানের ঠিকানা জানতে চান। অনেকে কৌতূহলবশত দোকানে গিয়ে কেনাকাটা করার আগ্রহও প্রকাশ করেন।

তবে নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিলের কারণে কিছু ব্যবহারকারী ওই দোকান বয়কটের আহ্বান জানান।

পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তির দাম আকবর নওরুজ। নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিলের কারণে ওই দোকানির ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়েছেন তিনি। আকবর বলেন, ভিডিও ভাইরাল হওয়ার পর ক্রেতারা এখন আর আগের মতো দোকানে আসছেন না।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লাও নেতানিয়াহুর মতো দেখতে ওই ব্যক্তির ভিডিও নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রসঙ্গত, ইরান ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্বের কারণে ইরানের সাধারণ মানুষ ইসরায়েল এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি প্রবল ক্ষোভ ও অসন্তোষ রয়েছে। এই পরিস্থিতিকে একজন সাধারণ দোকানির চেহারার সঙ্গে নেতানিয়াহুর মিল নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: এআরওয়াই নিউজ

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যরা

প্রকাশ: বুধবার, নভেম্বর ১১, ২০২৬
নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যরা

জেরুজালেমে বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক কর্তৃত্বের অবসান ঘটিয়ে শপথ নিয়েছেন ইসরায়েলের ২৬তম পার্লামেন্ট নেসেটের নবনির্বাচিত সদস্যরা। মঙ্গলবার (১০ নভেম্বর) আয়োজিত আনুষ্ঠানিক এক অধিবেশনে দেশটির ১২০ জন আইনপ্রণেতা পর্যায়ক্রমে শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে ইসরায়েলের রাজনীতিতে এক নতুন সংসদীয় অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হলো।

সকল সদস্যের শপথ গ্রহণ সম্পন্ন হওয়ার পর নেসেটের সচিব নবগঠিত ২৬তম সংসদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে সদস্যদের অভিনন্দন জানান। এ সময় উপস্থিত আইনপ্রণেতারা করতালির মাধ্যমে নতুন পার্লামেন্টের যাত্রাকে স্বাগত জানান।

এবারের শপথ অনুষ্ঠানে বিশেষভাবে আলোচনার কেন্দ্রে উঠে আসেন সবার শেষে পর্যায়ক্রমে শপথ নেওয়া চার আইনপ্রণেতা। লক্ষণীয় বিষয় হলো, এই চারজনই প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তাদের মধ্যে তিনজনেরই ব্যক্তিগত জীবনের সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের নজিরবিহীন আক্রমণের স্মৃতি ও ক্ষত ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে।

তাদের মধ্যে একজন মধ্যপন্থি ‘ইয়াশার’ দলের সদস্য শিরা শাপিরো। ৭ অক্টোবরের হামলায় তার সাহসী ছেলে আনের এলিয়াকিম শাপিরো নিহত হয়েছিলেন। দ্বিতীয়জন ‘ইসরায়েল বেইতেনু’ দলের শ্যারন শারাবি; ৭ অক্টোবরের দিন কিবুতজ বেইরি থেকে তার দুই ভাই এলি ও ইয়োসি শারাবিকে অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল, যার মধ্যে ইয়োসি বন্দিদশাতেই প্রাণ হারান।

একই দলের অপর নতুন সংসদ সদস্য নোয়াম তিবন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন সাবেক জেনারেল। ৭ অক্টোবরের আক্রমণ চলাকালে সামরিক বাহিনীর আনুষ্ঠানিক নির্দেশনার তোয়াক্কা না করে তিনি স্বয়ং যুদ্ধক্ষেত্রে ছুটে যান এবং নিজের ছেলে ও তার পরিবারকে নাহাল ওজ এলাকা থেকে সাহসিকতার সঙ্গে উদ্ধার করে নিয়ে আসেন।

এই তিনজনের পাশাপাশি শেষ সারির অপর নতুন সংসদ সদস্য হলেন ডানপন্থি লিকুদ দলের এরেজ তাদমোর। তিনি ইসরায়েলের প্রভাবশালী কট্টর ডানপন্থি রাজনৈতিক ও সামাজিক আন্দোলন ‘ইম তিরতজু’র প্রতিষ্ঠাতা।

নতুন আইনপ্রণেতাদের শপথ অনুষ্ঠানে নেতানিয়াহু-পরবর্তী ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণের পাশাপাশি ৭ অক্টোবরের হামলার গভীর মনস্তাত্ত্বিক প্রভাব ও জাতীয় ক্ষতচিহ্নগুলো বারবার সামনে উঠে এসেছে। ১২০ জন সদস্যের আনুষ্ঠানিক শপথের মাধ্যমে যুদ্ধপরবর্তী ইসরায়েলে শুরু হলো ২৬তম নেসেটের নতুন আইনি ও শাসনতান্ত্রিক যাত্রা।