১২ নভেম্বর ২০২৬

৯ হাজার ৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

প্রকাশ: সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
৯ হাজার ৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

সৌদি আরব থেকে ৯ হাজার ৫৮৯ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। একই সময়ে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ১১ হাজার ৫৮৭টি ঘটনা শনাক্ত করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, আইন লঙ্ঘনের ঘটনাগুলোর মধ্যে ৬ হাজার ৪৩টি আবাসন আইনসংক্রান্ত, ৩ হাজার ১৯১টি সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন এবং ২ হাজার ৩৫৩টি শ্রম আইন ভঙ্গের ঘটনা।

এসপিএর তথ্যমতে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৬৭৮ জনকে গ্রেফতার করেছে সীমান্ত কর্তৃপক্ষ। এ ছাড়া অবৈধভাবে দেশত্যাগের চেষ্টার সময় গ্রেফতার করা হয়েছে আরও ১৮ জনকে। আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া বা কাজে নিয়োগের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২৯ জনকে।

বর্তমানে সৌদি আরবে ৩৮ হাজার ৮১৩ জন পুরুষ ও ২ হাজার ২৯৩ জন নারীসহ মোট ৪১ হাজার ১০৬ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ৯ হাজার ১৩৯ জনকে দ্রুত সৌদি আরব ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর ৯ হাজার ৫৮৯ জনকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কোনো ব্যক্তি অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করলে, দেশটির ভেতরে অবৈধ অভিবাসীদের পরিবহন করলে কিংবা তাদের আশ্রয়, সহযোগিতা বা অন্য কোনো সেবা দিলে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

এ ছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহনে ব্যবহৃত যানবাহন এবং তাদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়াল বিমান

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়াল বিমান

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার কারণে সৃষ্ট নিরাপত্তা উদ্বেগের মধ্যে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এতে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সৌদি আরবের গন্তব্যগুলোর ক্ষেত্রে পূর্বঘোষিত ফ্লাইট পরিচালনা স্থগিতের সিদ্ধান্ত ৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাখা হবে। বিমান আরও জানায়, ‘নিরাপত্তা উদ্বেগের কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল ২০২৬ সালের ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে।’

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ রুটে বিমানের ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে।

তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিশ্চিত করেছে, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে তাদের ফ্লাইটগুলো আগে ঘোষিত সময়সূচি ও পরিচালনাগত ব্যবস্থা অনুযায়ী চলাচল অব্যাহত রাখবে।

বিমান আরও জানায়, সৌদি আরবের বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার ওপর এর সম্ভাব্য প্রভাব বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি আরবগামী যাত্রীদের ফ্লাইটের সময়সূচি, টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বর্তমান স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার পর রিয়াদ রুটে নিয়মিত ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

প্রকাশ: বুধবার, নভেম্বর ১১, ২০২৬
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু। টানা ত্রিশ মিনিট ধরে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান তিনি।

তিনি জানান, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ৩১) শুরুর আগের দিন দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় এসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তিন দিনের সফরে মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণ‌লা‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি বলেন, কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামী ১০ থেকে ১২ নভেম্বর তুরস্কে সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী।

তুরস্কের পর্যটননগরী আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) শুরু হচ্ছে আজ। চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। আনতালিয়া এক্সপো সেন্টারে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময়ে দুটি পৃথক পর্বে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তৈয়্যব এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও হওয়ার কথা রয়েছে তার। এছাড়া সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক বৈঠক হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে পর্যাপ্ত অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার দাবি জানাবে বাংলাদেশ। পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছে কার্যকর ও সহজলভ্য আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা চাইবে।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) অধীনে আয়োজিত ‘কনফারেন্স অব দ্য পার্টিস’ বা ‘কপ’ সম্মেলন বৈশ্বিক জলবায়ু কূটনীতির সবচেয়ে বড় মঞ্চ।

এবারের সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন ৩৫ শতাংশে উন্নীত করা, মিথেন গ্যাসের নিঃসরণ কমানো, ভবন নির্মাণ খাতে জ্বালানির ব্যবহার ২৫ শতাংশ হ্রাস করা এবং প্যারিস চুক্তির আওতায় উন্নয়নশীল দেশগুলোর জন্য ক্ষতিপূরণ ও জলবায়ু অর্থায়ন বাড়ানো সংক্রান্ত লক্ষ্যগুলো বিশেষ গুরুত্ব পাবে।

শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

প্রকাশ: সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘শেখ হাসিনার বিচারের মামলার রায় হয়ে গেছে। তিনি একজন সন্ত্রাসী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে চায় ঢাকা।’

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শেখ হাসিনার নতুন পাসপোর্ট নবায়নের আবেদন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি-হত্যাকারী তো এ আবেদন করতে পারেন না।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে তাকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে। শুধু অর্থের জন্য কোনো লবিস্ট তার হয়ে কাজ করলে তাদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে।’

‘বাংলাদেশ ভারতকে স্পষ্টভাবে জানিয়েছে, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে,’ যোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ: লটারিতে ৩০০ প্রার্থী নির্বাচিত

প্রকাশ: সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
মালয়েশিয়ায় কর্মী নিয়োগ: লটারিতে ৩০০ প্রার্থী নির্বাচিত

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ: লটারিতে ৩০০ প্রার্থী নির্বাচিত
মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া এসডিএন, বিএইচডিতে বিনা খরচে কর্মী নিয়োগের জন্য লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় জানায়, গত ৬ নভেম্বর থেকে আজ রবিবার ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে প্রাপ্ত আবেদনগুলো থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় এ লটারি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। বিকেল সাড়ে ৪টায় মন্ত্রণালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে লটারি কার্যক্রমটি সফলভাবে পরিচালিত হয়।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে মোট ৪ হাজার ২৯ জন প্রার্থী আবেদন করেন। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। এর মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত প্রার্থীদের তালিকা শিগগিরই বোয়েসেলের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন প্রার্থীর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা পরবর্তী সময়ে নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সরাসরি উপস্থিতিতে নেওয়া হবে। পরীক্ষা শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জন কর্মীকে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানো হবে।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ১ কোটি জনশক্তি প্রেরণের যে লক্ষ্য রয়েছে, এ ধরনের উদ্যোগ তা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি প্রবাসী কল্যাণমন্ত্রীর ঘোষিত ‘জিরো কস্টে’ কর্মী প্রেরণের প্রতিশ্রুতিও বাস্তব রূপ পাচ্ছে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে এই প্রথমবারের মতো লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে আমরা দেশবাসীকে বার্তা দিতে চাই যে, বোয়েসেল সর্বদা স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করে।

রাশেদুল হক আরও জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এই নিয়োগের আওতায় কর্মীদের ফ্লাইট শুরু হবে। এ ছাড়া বোয়েসেল ইতোমধ্যে পর্যটন, ম্যানুফ্যাকচারিং এবং কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মীর চাহিদাপত্র পেয়েছে। তারা মেডিকেল ফি, বিমানভাড়াসহ সম্পূর্ণ খরচ নিয়োগকর্তার বহনের সুবিধায় একেবারে জিরো কস্টে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নূরুন নাহার এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।