গালফ বাংলা

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে যারা

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে যারা

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২০২৮ সালে। নির্বাচনের এখনও অনেক দেরি থাকলেও সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে এক জরিপে চারজন নেতার নাম উঠে এসেছে, যাদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পছন্দ করছেন অনেক ভোটার।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

রয়টার্স/ইপসোস পরিচালিত সাম্প্রতিক জরিপে দেখা গেছে, রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অন্যদিকে, ডেমোক্র্যাটদের মধ্যে এগিয়ে রয়েছেন জর্জিয়ার সিনেটর জন ওসফ ও সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিজেজ।

তবে এই চারজনের কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেননি। দুই দলের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু হতেও এক বছরের বেশি সময় বাকি। তাই আগামী দিনে নতুন প্রার্থীর আবির্ভাব এবং ভোটারদের মতামত পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

রিপাবলিকানদের পছন্দে রুবিও ও ভ্যান্স

জরিপে দেখা গেছে, রিপাবলিকান ভোটারদের ৪৫ শতাংশ মনে করেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে চমৎকার হবেন। অন্যদিকে, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে পছন্দ করেছেন ৪৩ শতাংশ ভোটার।

অন্য সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসও ভালো অবস্থানে রয়েছেন। ৩২ শতাংশ রিপাবলিকান ভোটার তাকে চমৎকার প্রার্থী হিসেবে বিবেচনা করেন।

এ ছাড়া সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং টেক্সাসের সিনেটর টেড ক্রুজেরও সমর্থক ও সমালোচক রয়েছেন।

জরিপে অংশ নেওয়া রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পকে ঘিরে কিছুটা অসন্তোষের চিত্রও উঠে এসেছে। বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নিয়ে দলের ভেতরে প্রশ্ন তৈরি হয়েছে। এ যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে বলেও অনেকে মনে করছেন।

ট্রাম্পের ঘনিষ্ঠ দুই নেতা ভ্যান্স ও রুবিওর মধ্যে কাকে বেশি পছন্দ, তা নিয়ে মিত্রদের মতামতও জানতে চেয়েছেন তিনি। সম্প্রতি সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রিপাবলিকান দলের প্রাথমিক বাছাইয়ে তিনি যে কাউকে সমর্থন দেবেন, এমন নিশ্চয়তা নেই।

ফ্লোরিডার আইনজীবী বারবারা রেজনার গত তিনটি প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে ভোট দিয়েছেন। তবে এবার তিনি ভ্যান্সের চেয়ে রুবিওকে বেশি পছন্দ করছেন। তার মতে, ভ্যান্স অতিরিক্ত ডানপন্থি এবং ট্রাম্পের খুব ঘনিষ্ঠ।

রেজনার বলেন, রুবিও নিজের দায়িত্ব ভালোভাবে সামলেছেন। তিনি অতি বাম বা অতি ডানপন্থি অবস্থান না নেওয়ায় বিতর্ক থেকেও দূরে থাকতে পেরেছেন।

অন্যদিকে, ভ্যান্সও ইরানের সঙ্গে যুদ্ধের বিষয়ে ট্রাম্পের অবস্থান থেকে কিছুটা দূরে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। তিনি প্রকাশ্যে বলেছেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধের ভূমিকা ছিল।

ডেমোক্র্যাটদের পছন্দে ওসফ ও বুটিজেজ

ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে জন ওসফ ও পিট বুটিজেজ সমানভাবে এগিয়ে রয়েছেন। দুজনকেই ২৯ শতাংশ ভোটার চমৎকার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিবেচনা করেন।

জর্জিয়ার সিনেটর জন ওসফ সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করে আলোচনায় এসেছেন। তিনি ট্রাম্পকে দুর্নীতিগ্রস্ত ও প্রেসিডেন্ট পদের অযোগ্য বলেও মন্তব্য করেছেন।

গত সপ্তাহে জর্জিয়ায় পুনর্নির্বাচনে ১৮ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছেন ওসফ। অথচ ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই রাজ্যে ট্রাম্প জয় পেয়েছিলেন মাত্র ২ শতাংশ পয়েন্টের ব্যবধানে।

অন্যদিকে, পিট বুটিজেজ ২০২০ সালেও প্রেসিডেন্ট পদে লড়েছিলেন। জাতীয় পর্যায়ে তিনি ওসফের তুলনায় বেশি পরিচিত।

জরিপে দেখা গেছে, প্রতি পাঁচজন ডেমোক্র্যাট ভোটারের মধ্যে প্রায় একজন বুটিজেজের নাম শোনেননি। অন্যদিকে, ওসফের নাম শোনেননি প্রতি তিনজনের মধ্যে প্রায় একজন।

রিপাবলিকানদের মধ্যে জে ডি ভ্যান্সকে চেনেন না এমন ভোটার খুব কম। তবে প্রায় প্রতি ছয়জনের একজন মার্কো রুবিওকে চেনেন না বলে জানিয়েছেন।

প্রার্থীদের পরিচিতি নির্বাচনি প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগে থেকে পরিচিত থাকলে প্রচারণার খরচও কম হয়। তবে নির্বাচনি প্রচারের সময় স্বল্পপরিচিত প্রার্থীর জনপ্রিয় হয়ে ওঠার উদাহরণও রয়েছে। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ক্ষেত্রেও এমনটি ঘটেছিল।

ডেমোক্র্যাট শিবিরে বুটিজেজ ও ওসফ দুজনকেই মধ্যপন্থি হিসেবে বিবেচনা করা হয়। তাদের এই অবস্থান অনেক ভোটারের কাছে গ্রহণযোগ্য।

দক্ষিণ ইলিনয়ের অবসরপ্রাপ্ত শূকর খামারি এড ব্লেয়ারও মধ্যপন্থি প্রার্থীদের পছন্দ করেন। তিনি ওসফের তুলনায় বুটিজেজকে কিছুটা এগিয়ে রাখছেন। কারণ, ওসফের পরিচিতি তুলনামূলক কম।

ব্লেয়ার বলেন, তিনি বেশি প্রগতিশীল প্রার্থীদের চেয়ে মধ্যপন্থি প্রার্থীদের পছন্দ করেন। সবার জন্য মেডিকেয়ার স্বাস্থ্যবিমা চালু করার মতো বড় পরিবর্তনের প্রস্তাব নিয়েও তিনি উদ্বিগ্ন। তার মতে, বড় পরিবর্তনের পরিবর্তে ধাপে ধাপে সংস্কার করা উচিত, যাতে মানুষ সহজে মানিয়ে নিতে পারে।

আলোচনায় আরও যেসব নেতা

রয়টার্স/ইপসোসের জরিপে ডেমোক্র্যাট দলের আরও কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম উঠে এসেছে।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকে ২৩ শতাংশ করে ডেমোক্র্যাট ভোটার চমৎকার প্রার্থী হিসেবে বিবেচনা করেন।

অন্যদিকে, প্রগতিশীল রাজনীতির পরিচিত মুখ নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজকে পছন্দ করেন ১৫ শতাংশ ভোটার।

মধ্যবর্তী নির্বাচনের পর সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওকাসিও-করতেজ বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের বিষয়টি বিবেচনা করা উচিত।

তবে এ বিষয়ে বুটিজেজের অবস্থান ভিন্ন। নিউ ইয়র্কার সাময়িকীকে তিনি বলেছেন, ট্রাম্পের অভিশংসনের বিষয়ে তিনি খুব একটা আগ্রহী নন।

জরিপে কারা অংশ নিয়েছেন?

সোমবার শেষ হওয়া এই জরিপে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকার মোট ১ হাজার ৭০৫ জন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন। তাদের মধ্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের প্রায় ৫০০ জন করে নিবন্ধিত ভোটার ছিলেন।

দুই দলের ভোটারদের মতামতের ক্ষেত্রে জরিপটির ত্রুটির সীমা (মার্জিন অব এরর) ৫ শতাংশ পয়েন্ট।

তবে ২০২৮ সালের নির্বাচন এখনও অনেক দূরে। তাই এখনকার জরিপের ফলকে চূড়ান্ত হিসেবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকেরা।

ডেমোক্র্যাট দলের কৌশলবিদ এলেইন কামার্ক বলেন, নির্বাচনের এখনও অনেক সময় বাকি। দুই দলের অনেক নেতা এখনও সিদ্ধান্ত নেননি, তারা নির্বাচনে প্রার্থী হবেন কি না।

তার মতে, সম্ভাব্য প্রার্থীদের নাম অনুমান করা সম্ভব হলেও এখনই কে এগিয়ে থাকবেন, তা নিশ্চিত করে বলা কঠিন।

সূত্র: রয়টার্স

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের বড় উত্থান

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের বড় উত্থান

মার্কিন ডলারের টানা উত্থান থামা এবং শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরার প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। এর ফলে এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে যাওয়ার পর আবার ঘুরে দাঁড়িয়েছে মূল্যবান এই ধাতুর বাজার।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৩৫ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬৭০ দশমিক ৬৯ ডলারে দাঁড়ায়। এর আগে গত বুধবার স্বর্ণের দাম ২০২৫ সালের আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

এদিকে ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ফিউচারস মার্কেটে স্বর্ণের দাম ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬৬৯ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে।

সুইসকোটের বহিরাগত বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, কয়েক দিনের দরপতনের পর ক্রেতারা আবার বাজারে ফিরেছেন। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারগুলো স্থিতিশীল হওয়ায় স্বর্ণের বাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে।

তিনি বলেন, শেয়ারবাজারে দরপতনের সময় অনেক বিনিয়োগকারী নগদ অর্থের জোগান দিতে এবং অন্যান্য খাতের লোকসান সামাল দিতে স্বর্ণ বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। তবে স্বর্ণের দাম দ্রুত ৫ হাজার ডলারে ফিরে যাওয়ার সম্ভাবনা কম। বরং প্রতি আউন্স ৪ হাজার থেকে ৪ হাজার ২০০ ডলারে পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে ২২ মাসের সর্বোচ্চ অবস্থানে ওঠার পর মার্কিন ডলারের দামে কিছুটা পতন হয়েছে। ডলারের মান কমলে অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের কাছে ডলারে কেনাবেচা হওয়া স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে যায়। এতে স্বর্ণের চাহিদা ও দাম বাড়তে পারে।

অন্যদিকে, মাসজুড়ে বড় ধরনের অস্থিরতার পর শেয়ারবাজারেও স্থিতিশীলতা ফিরেছে। যুক্তরাষ্ট্রে ছুটির আমেজের কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগও কিছুটা কমেছে।

এদিকে গত বুধবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মার্কিন অর্থনীতি প্রাথমিক পূর্বাভাসের চেয়ে দ্রুতগতিতে বেড়েছে। একই সময়ে অক্টোবরে দেশটিতে মূল্যস্ফীতিও বেড়েছে। এর ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী মাসে এবং ২০২৭ সালের শুরুর দিকে সুদের হার বাড়াতে পারে বলে ধারণা জোরালো হয়েছে।

সাধারণত সুদের হার বাড়লে সুদ পাওয়া যায় এমন বিকল্প বিনিয়োগের আকর্ষণ বাড়ে। এতে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কিছুটা কমে যায়।

এদিকে চলতি সপ্তাহে এশিয়ার প্রধান বাজারগুলোয় স্বর্ণের চাহিদা বেড়েছে। ভারতে অলংকার ও বিনিয়োগের জন্য স্বর্ণ কেনা বেড়েছে। অন্যদিকে চীনে খুচরা পর্যায়ে জোরালো কেনাকাটার কারণে স্থানীয় বাজারে স্বর্ণের অতিরিক্ত মূল্য বা প্রিমিয়ামও চাঙা রয়েছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৪ দশমিক ২৫ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম ৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬০ দশমিক ৮২ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯১৩ দশমিক ০৭ ডলারে দাঁড়িয়েছে।

এই তিনটি ধাতুই চলতি সপ্তাহে মূল্যবৃদ্ধির পথে রয়েছে।

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

বিশ্ববাজারে সোনার দাম হঠাৎ ২ শতাংশের বেশি কমেছে। এতে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে মূল্যবান এই ধাতুর দাম। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন আশঙ্কাও সোনার বাজারে মূলত চাপ তৈরি করেছে।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

বুধবার (২৫ নভেম্বর) রাতে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ২ শতাংশ কমে ৩ হাজার ৪৮৩ ডলার ৫৯ সেন্টে দাঁড়ায়। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটিই সর্বনিম্ন দাম।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিস বুধবার জানিয়েছে, অক্টোবরে দেশটিতে মূল্যস্ফীতি আরও বেড়েছে। ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক (পিসিই) অক্টোবরে ০ দশমিক ৩ শতাংশ বেড়েছে। সেপ্টেম্বরে এই সূচক বেড়েছিল ০ দশমিক ৫ শতাংশ।

হাই রিজ ফিউচার্সের ধাতব পণ্য লেনদেন বিভাগের পরিচালক ডেভিড মেগার বলেন, মূল্যস্ফীতির চাপ এখনো ফেডারেল রিজার্ভের লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি। ফলে সামনে সুদের হার বাড়ানোর সম্ভাবনা রয়েছে, যা সোনার দামের ওপর চাপ তৈরি করছে।

তিনি আরও বলেন, সোনার বাজারে দীর্ঘদিন ধরেই এটি অন্যতম বড় নেতিবাচক প্রভাব। বুধবারের পিসিই মূল্যস্ফীতির তথ্যও সেই উদ্বেগ কমাতে পারেনি।

সাধারণত সুদের হার বেশি থাকলে সোনার আকর্ষণ কমে যায়। কারণ, সোনা থেকে সুদ পাওয়া যায় না। অন্যদিকে, সুদ পাওয়া যায় এমন সম্পদে বিনিয়োগ করলে আয় করার সুযোগ থাকে।

সূত্র: রয়টার্স

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, ১৪ মাসে সর্বনিম্ন পর্যায়ে

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, ১৪ মাসে সর্বনিম্ন পর্যায়ে

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। এক দিনেই দাম কমেছে ১ শতাংশের বেশি। এতে গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে মূল্যবান এই ধাতুর দাম।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসায় আগামী ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়ানোর বিষয়টি প্রায় নিশ্চিত ধরে নিচ্ছেন বিনিয়োগকারীরা। এর প্রভাব পড়ছে স্বর্ণের দামে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়ায় ৩ হাজার ৬৭৪ দশমিক ১৩ ডলারে। এর আগে লেনদেনের একপর্যায়ে দাম নেমে আসে ৩ হাজার ৬৬৭ দশমিক ১৯ ডলারে। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটিই ছিল সর্বনিম্ন দাম।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচার মূল্যও ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৬৮৫ দশমিক ৫০ ডলারে লেনদেন শেষ করেছে।

এভারব্যাংকের ওয়ার্ল্ড মার্কেটস বিভাগের প্রধান ক্রিস গ্যাফনি বলেন, সুদের হার বাড়ার প্রত্যাশা এবং ডলারের শক্তিশালী অবস্থান—এই দুটি বিষয় বর্তমানে স্বর্ণের দাম কমার প্রধান কারণ।

তিনি জানান, গত মাসের ফেডারেল ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) বৈঠকের কার্যবিবরণীতে দেখা গেছে, ফেডের প্রায় সব কর্মকর্তা মনে করেন সুদের হার আরও বাড়ানোর প্রয়োজন হতে পারে। ওই বৈঠকের পর প্রকাশিত মূল্যস্ফীতির তথ্যও সুদের হার বাড়ানোর পক্ষে অবস্থানকে শক্তিশালী করেছে।

এদিকে, চলতি সপ্তাহে ডলার সূচক ২০২৫ সালের এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ডলারের দাম বাড়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য ডলারে নির্ধারিত স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে পড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদায় চাপ তৈরি হচ্ছে।

ফেডের বৈঠকের কার্যবিবরণীতে মূল্যস্ফীতি আরও বাড়ার ঝুঁকির কথা উঠে এসেছে। পরিস্থিতি মোকাবিলায় আরও কঠোর মুদ্রানীতি গ্রহণের প্রয়োজন হতে পারে বলেও মনে করছেন নীতিনির্ধারকেরা।

ফেডের গভর্নর ক্রিস্টোফার ওয়ালারসহ কয়েকজন কর্মকর্তা চলতি সপ্তাহে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপের পক্ষে মত দিয়েছেন।

ফেডের আরেক গভর্নর মাইকেল বারও বলেছেন, মূল্যস্ফীতির চাপ এখনো থাকায় তিনি কঠোর মুদ্রানীতির পক্ষে সমর্থন দিতে পারেন।

বিশ্ববাজারে তেলের দাম কমতেই স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে তেলের দাম কমতেই স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে তেলের দাম কমার প্রভাব সরাসরি স্বর্ণের ওপর পড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। পাশাপাশি মূল্যস্ফীতির চাপ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। গত সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছিল।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটের আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে যায়। এতে প্রতি আউন্স ৪ হাজার ১২৯ ডলার ৬৯ সেন্টে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের স্বর্ণের ফিউচার মূল্যও ১ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৩৯ ডলারে।

রয়টার্সের প্রতিবেদন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত কমার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য এবং কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের নীতির বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে স্বর্ণের মূল্য বৃদ্ধি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করার পর তেলের দাম কমতে শুরু করে। যুদ্ধ বন্ধে আলোচনা অব্যাহত থাকায় জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কাও কিছুটা কমেছে।

বিশ্লেষকদের মতে, তেলের দাম কমলে মূল্যস্ফীতির চাপ কমার সম্ভাবনা তৈরি হয়। এতে সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখার প্রয়োজনীয়তা কমতে পারে। আর স্বর্ণে বিনিয়োগ থেকে নিয়মিত সুদ পাওয়া যায় না বলে সুদের হার কমার প্রত্যাশা ধাতুটির জন্য ইতিবাচক।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বর্তমানে ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৭৯ শতাংশ দেখছেন ব্যবসায়ীরা। কর্মসংস্থানের তথ্য প্রকাশের আগে এ সম্ভাবনা ছিল ৭১ শতাংশ।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। আন্তর্জাতিক বাজারে রুপার দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৩ ডলার ৩১ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়েছে।

হু হু করে কমছে স্বর্ণের দাম

হু হু করে কমছে স্বর্ণের দাম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগ কাঙ্ক্ষিত মুনাফা বা রিটার্ন আনতে পারবে না—এমন আশঙ্কায় প্রযুক্তি খাতের শেয়ারে ব্যাপক পতন ঘটেছে। এর প্রভাবে বিশ্ববাজারে আন্তর্জাতিক শেয়ারবাজারের সাথে তাল মিলিয়ে হু হু করে কমছে স্বর্ণ ও শুভ্র ধাতুগুলোর (রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়াম) দাম। এতে স্বর্ণের দাম কমে গত এক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে এবং অন্যান্য শুভ্র ধাতু প্রযুক্তির ভাষায় চরম ‘ওভারসোল্ড’ বা মন্দা অঞ্চলে প্রবেশ করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘রয়টার্স’ এর এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

শুক্রবার লেনদেনের একপর্যায়ে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩.৫ শতাংশ কমে ৩,৮৮০.৯৭ মার্কিন ডলারে নেমে আসে (প্রতি ভরি খাঁটি স্বর্ণের কাঁচা দাম দাঁড়ায় প্রায় ১,৭৭,৫৫৪ টাকা)—যা ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন। অন্যদিকে রূপার দাম ৬.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪৯ ডলারে নেমে এসেছে, যা গত ১১ মাসের মধ্যে প্রথমবার ৫০ ডলারের মনস্তাত্ত্বিক সীমা ভেঙে নিচে নামল। একইসাথে প্যালাডিয়ামের দাম কমে প্রতি আউন্স ১,০০০ ডলারের নিচে নেমে গেছে।

যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে ডিসেম্বরের সরবরাহের জন্য প্রতি আউন্স স্বর্ণের দাম ৩.৩ শতাংশ কমে ৩,৮৯৮.৯০ ডলারে স্থিতু হয়েছে।

ধাতু বাজারের স্বাধীন প্রবীণ ট্রেডার তাই ওং চলমান বাজার পরিস্থিতির তীব্রতা তুলে ধরে বলেন, আকাশ যেন ভেঙে পড়ছে। শেয়ারবাজারের এই নির্মম পতনের গ্র্যাভিটি ওয়েল বা অভিকর্ষ টান থেকে ধাতু বাজার কোনোভাবেই এড়াতে পারছে না। মূলত শক্তিশালী করপোরেট আয়ই ছিল এআই কেন্দ্রিক বাজার চাঙ্গা থাকার মূল স্তম্ভ; এখন সেই স্তম্ভেই বড় ধরনের চির ধরেছে।

জার্মান আর্থিক প্রতিষ্ঠান ‘কোমার্জব্যাংক’-এর বিশ্লেষকেরা এক নোটে জানিয়েছেন, প্রযুক্তি খাতের শেয়ারের এই তীব্র পতনের কারণে অনেক বিনিয়োগকারী ক্ষতি সামলাতে বাধ্য হয়ে স্বর্ণের মতো ‘নিরাপদ সম্পদ’ বিক্রি করে দিচ্ছেন কিংবা মার্জিন কলের সম্মুখীন হচ্ছেন। তবে বিশ্লেষকদের প্রত্যাশা, শিগগিরই মূল্যবান ধাতুগুলোর দামে গতি ফিরবে।

চলতি বছরের জানুয়ারিতে স্বর্ণ প্রতি আউন্স ৫,৫৯৫ ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর থেকে এ পর্যন্ত দাম প্রায় ৩০ শতাংশ কমেছে। এর পেছনে মূল কারণ ছিল মার্কিন কেন্দ্রীয় ব্যাংক দীর্ঘ মেয়াদে উচ্চ সুদের হার বজায় রাখবে—এমন গুঞ্জন এবং এশিয়ায় স্বর্ণের দুর্বল চাহিদা। তবে বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪,০০০ ডলারের নিচে নামলেই সাধারণত বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো নতুন করে স্বর্ণ কেনা ও মজুত বাড়াতে সক্রিয় হয়ে ওঠে।

শেয়ার করুন

আমাদের সাথে যুক্ত হোন