গালফ বাংলা

অন্য ভাষা শিক্ষায় আগ্রহ কম বাংলাদেশীদের, দ্বিতীয় ভাষা জানেন মাত্র ৭%

অন্য ভাষা শিক্ষায় আগ্রহ কম বাংলাদেশীদের, দ্বিতীয় ভাষা জানেন মাত্র ৭%

দীর্ঘদিন ধরে ইংরেজি পড়ছেন দেশের শিক্ষার্থীরা। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক—প্রায় প্রতিটি শিক্ষাস্তরেই বাধ্যতামূলক বিষয় হিসেবে রয়েছে ভাষাটি। তবু ইংরেজিতে যোগাযোগের দক্ষতা অর্জন করতে পারছেন না তাদের বড় একটি অংশ। অন্যদিকে এর বাইরে আরবি, জাপানি, চীনা কিংবা অন্য কোনো বিদেশী ভাষা শেখার আগ্রহও সীমিত।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, দেশের ৯২ দশমিক ৯৪ শতাংশ মানুষেরই মাতৃভাষা বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় দক্ষতা নেই। দ্বিতীয় ভাষা জানেন কেবল ৭ শতাংশ মানুষ।

দক্ষ জনশক্তি তৈরি এবং আন্তর্জাতিক শ্রমবাজারের সুযোগ কাজে লাগাতে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। তবে দেশে দ্বিতীয় ভাষা শিক্ষার বর্তমান চিত্রই বলছে, এ উদ্যোগ বাস্তবায়নে রয়েছে বড় ধরনের চ্যালেঞ্জ।

বিশেষ করে ইংরেজি শিক্ষার দীর্ঘদিনের দুর্বলতা কাটানোর পাশাপাশি নতুন ভাষা শেখানোর জন্য প্রয়োজনীয় শিক্ষক, পাঠ্যক্রম ও অবকাঠামো নিশ্চিত করা জরুরি বলে মনে করেন শিক্ষাবিদরা।

সংশ্লিষ্টদের মতে, বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মেলানো, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য মাতৃভাষার বাইরে একাধিক ভাষায় দক্ষতা অর্জন এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের তরুণদের জন্য এটি আরো বেশি প্রয়োজন।

বিশেষ করে মধ্যপ্রাচ্য, জাপান, মালয়েশিয়াসহ বিভিন্ন শ্রমবাজারে প্রবেশ এবং সেখানে ভালো কর্মসংস্থানের সুযোগ পেতে সংশ্লিষ্ট দেশের ভাষা জানা থাকাটা খুবই জরুরি।

দ্বিতীয় ভাষা বলতে মাতৃভাষার পর শেখা অন্য একটি ভাষাকে বোঝানো হয়। বিবিএসের আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩-এর তথ্য অনুযায়ী, দেশের ৭ দশমিক শূন্য ৬ শতাংশ মানুষ দ্বিতীয় ভাষা জানেন। এর মধ্যে ৬ দশমিক ১০ শতাংশের দ্বিতীয় ভাষা ইংরেজি। অন্যান্য ভাষা জানেন মাত্র দশমিক ১৭ শতাংশ মানুষ। আর দশমিক ৮০ শতাংশের দ্বিতীয় ভাষা বাংলা; তারা মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীর, যাদের রয়েছে নিজস্ব মাতৃভাষা।

জরিপের বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, দ্বিতীয় ভাষা জানার ক্ষেত্রে এগিয়ে রয়েছে ঢাকা। এ বিভাগের ১১ দশমিক ২০ শতাংশ মানুষ ইংরেজি জানেন। অর্থাৎ তারা ওই ভাষায় যোগাযোগ করতে পারেন। এরপর রয়েছে ময়মনসিংহ বিভাগ, যেখানে এ হার ৭ দশমিক ৪১ শতাংশ। রংপুর বিভাগ ছাড়া অন্য বিভাগগুলোয় দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি জানেন এমন মানুষের হার ৫ শতাংশের নিচে।

অন্যদিকে জরিপের তথ্য অনুযায়ী, দেশের ২৪ দশমিক শূন্য ৬ শতাংশ মানুষের মাধ্যমিক বা তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা রয়েছে। সে হিসাবে জনসংখ্যার উল্লেখযোগ্য একটি অংশ শিক্ষাজীবনে অন্তত ১০ বছর বাধ্যতামূলক বিষয় হিসেবে ইংরেজি পড়েছেন। এরপরও এ ভাষাটিতে যোগাযোগের দক্ষতা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।

শিক্ষাসংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ইংরেজি পড়েও শিক্ষার্থীদের বড় অংশের ভাষাটিতে দক্ষ হয়ে উঠতে না পারার অন্যতম কারণ প্রচলিত পাঠপদ্ধতির দুর্বলতা। বর্তমান ব্যবস্থায় শ্রেণীকক্ষে ব্যাকরণ, শব্দার্থ ও পরীক্ষায় ভালো ফলাফলের ওপর বেশি গুরুত্ব দেয়া হলেও শোনা, বলা, পড়া ও লেখার সমন্বিত দক্ষতা তৈরির সুযোগ কম। ফলে শিক্ষার্থীরা ইংরেজি পড়তে ও লিখতে পারলেও বাস্তব পরিস্থিতিতে ভাষাটি ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন।

এর প্রতিফলন দেখা যাচ্ছে মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফলেও। ইংরেজিতে প্রয়োজনীয় দক্ষতার ঘাটতির কারণে প্রায় প্রতি বছরই অন্যান্য বিষয়ের তুলনায় এ বিষয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হন। এর একটি কারণ, বোর্ড পরীক্ষায় প্রশ্নের ধরন কিছুটা পরিবর্তিত বা ঘুরিয়ে দেয়া হলে অনেক শিক্ষার্থী তা বুঝতে ও উত্তর দিতে হিমশিম খান।

পাঠ্যবইয়ের অনুশীলননির্ভর প্রস্তুতি থাকলেও ভাষাটি বুঝে বাস্তব পরিস্থিতিতে প্রয়োগের সক্ষমতা তাদের মধ্যে গড়ে ওঠে না। ফলে প্রশ্নের উপস্থাপনায় সামান্য পরিবর্তন এলেই পরীক্ষায় তার প্রভাব পড়ে।

চলতি বছরের মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল বিশ্লেষণেও দেখা গেছে, বাধ্যতামূলক চার বিষয়—বাংলা, ইংরেজি, গণিত এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) মধ্যে ইংরেজিতে পাসের হার সবচেয়ে কম। আবার উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায়ও এ বিষয়ে উত্তীর্ণ হয়েছেন কেবল ৬১ দশমিক ১৪ শতাংশ পরীক্ষার্থী। অর্থাৎ এক-তৃতীয়াংশের বেশি শিক্ষার্থীই ইংরেজিতে ন্যূনতম ৩৩ নম্বর পাননি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ বশির বলেন, ‘ইংরেজি জানায় ঘাটতির মূল কারণ দক্ষ শিক্ষকের সংকট এবং শিক্ষাদান ও মূল্যায়ন পদ্ধতি। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বিষয়ভিত্তিক শিক্ষকের বড় ধরনের সংকট রয়েছে। আবার যারা আছেন তাদের অনেকের প্রয়োজনীয় প্রশিক্ষণ নেই, পাঠ্যক্রমেও লিসেনিং এবং স্পিকিংয়ে যথেষ্ট গুরুত্ব দেয়া হয় না।

মূল্যায়ন পদ্ধতিতেও এ দুটো বিষয়ে গুরুত্ব দেয়া হয় না। এসব কারণে প্রাথমিক স্তর থেকে ইংরেজি পড়ানো হলেও সেটি কার্যকর ভাষা শিক্ষার পরিবর্তে শুধু পরীক্ষায় পাস করার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে।’

প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যায়ে ইংরেজি পড়ানো হলেও ভাষাটির মৌলিক চারটি দক্ষতা (শোনা, বলা, পড়া ও লেখা) অর্জনের ওপর যথেষ্ট গুরুত্ব দেয়া হচ্ছে না বলে মনে করেন শিক্ষাবিদরা।

তাদের মতে, দক্ষতাভিত্তিক মূল্যায়ন ও ল্যাঙ্গুয়েজ ল্যাবের অভাবে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত যোগাযোগ দক্ষতা অর্জন করতে পারছে না। ফলে অনেকে ইংরেজি শব্দ জানে, বোঝে, লিখতেও পারে; কিন্তু কথোপকথন কিংবা বাস্তব পরিস্থিতিতে ভাষাটি ব্যবহারের ক্ষেত্রে পিছিয়ে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এসএম হাফিজুর রহমান বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় মানসম্মত ইংরেজি শিক্ষকের তীব্র ঘাটতি রয়েছে। পাশাপাশি শ্রেণীকক্ষের অবকাঠামোগত সীমাবদ্ধতাও এ সংকটকে বাড়িয়ে তুলছে।

এসব সমস্যা নিরসনে রয়েছে কার্যকর উদ্যোগের ঘাটতি। তবে বর্তমানে সরকার দ্বিতীয় ও তৃতীয় ভাষা শিক্ষায় গুরুত্ব দিচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও নতুন ভাষা শেখার আগ্রহ তৈরি হচ্ছে। সঠিক পরিকল্পনা ও পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করা গেলে দেশে দ্বিতীয় ও তৃতীয় ভাষায় দক্ষ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ানো সম্ভব।’

বাংলাদেশের শ্রমবাজারের বাস্তবতাও বহুভাষিক দক্ষতার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে আসছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হিসাবে, বিশ্বের ১৭৬টি দেশে বর্তমানে কর্মরত রয়েছেন এক কোটির বেশি বাংলাদেশী। তাদের বড় একটি অংশ কাজ করছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোয়।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও ওমান বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার। এসব দেশের কর্মক্ষেত্র ও দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহার হয় আরবি। কিন্তু সেখানে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের বড় অংশেরই এ ভাষায় পর্যাপ্ত দক্ষতা নেই।

ভাষা শিক্ষার প্রচলিত পদ্ধতিতে ব্যবহারিক দক্ষতার ঘাটতির বিষয়টি তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনসারুল আলম। তিনি বলেন, ‘আমাদের দেশে বর্তমানে যেভাবে ভাষা শেখানো হয়, সেখানে মূলত ব্যাকরণ, বিভিন্ন নিয়মকানুন ও শব্দার্থের ওপর গুরুত্ব দেয়া হয়। এর মাধ্যমে লেখার দক্ষতা তৈরি হলেও যেকোনো ভাষা শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ দুটি দিক—শোনা ও বলার দক্ষতা অবহেলিত থেকে যায়। এ জায়গায় আমাদের বড় ঘাটতি রয়েছে।’

তৃতীয় ভাষা শিক্ষার উদ্যোগ কার্যকর করতে হলে শুরুতেই এর লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা জরুরি বলে মনে করেন এ অধ্যাপক। তিনি বলেন, ‘সরকার তৃতীয় ভাষা শিক্ষায় গুরুত্ব দিচ্ছে। বিদেশের শ্রমবাজারের সুযোগ কাজে লাগাতে এটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তবে প্রথমেই নির্ধারণ করতে হবে কোন উদ্দেশ্যে, কাদের কোন ভাষা শেখানো হবে।

এরপর প্রকৃত দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে পরিকল্পনা, পাঠ্যক্রম ও পাঠপদ্ধতি তৈরি করতে হবে। একই সঙ্গে দক্ষ প্রশিক্ষক নিশ্চিত করাও জরুরি। এসব বিষয় যথাযথভাবে সমন্বয় করা না গেলে কোনো উদ্যোগই প্রত্যাশিত ফল দেবে না।’

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড ৩৫ দশমিক ৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এর প্রায় ৬০ শতাংশই এসেছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলো থেকে। তবে এসব দেশে কর্মরত বাংলাদেশীদের ভাষাগত দক্ষতা থাকলে কর্মক্ষেত্রে যোগাযোগের জটিলতা কমার পাশাপাশি দক্ষতাভিত্তিক ও তুলনামূলক বেশি বেতনের কাজ পাওয়ার সুযোগ বাড়ত বলে মনে করেন সংশ্লিষ্টরা।

মধ্যপ্রাচ্যের বাইরেও মালয়েশিয়া ও জাপানের শ্রমবাজার বাংলাদেশী কর্মীদের জন্য সম্ভাবনাময়। তবে এসব দেশে কর্মসংস্থানের ক্ষেত্রে স্থানীয় ভাষা জানা অনেক সময় বাড়তি যোগ্যতা, কোনো কোনো ক্ষেত্রে অপরিহার্য শর্ত। তাই বিদেশে কর্মী পাঠানোর আগে গন্তব্য দেশের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করার ওপর বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন।

দ্বিতীয় ভাষায় কার্যকর দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের পিছিয়ে থাকার পেছনে দক্ষ শিক্ষকের সংকট ও ব্যবহারিক শিক্ষার ঘাটতিকে দায়ী করছেন সরকারসংশ্লিষ্টরাও। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি দীর্ঘদিন ধরে বাধ্যতামূলক।

কিন্তু এ ভাষায় কার্যকর দক্ষতা অর্জন করতে না পারার পেছনে বড় কারণ দক্ষ শিক্ষকের সংকট এবং ব্যবহারিক দক্ষতা অর্জনে গুরুত্ব না দেয়া। এ দুটি ক্ষেত্রেই আমরা এখন কাজ করছি। বিষয়ভিত্তিক শিক্ষক সংকট দূর করা এবং শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।’

বর্তমান সরকার দ্বিতীয় ও তৃতীয় ভাষা শিক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘বিদ্যালয়গুলোয় ভাষা শিক্ষা ল্যাব স্থাপন করা হচ্ছে। এসব ল্যাবে ইংরেজিসহ অন্যান্য ভাষায় শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ থাকবে। পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় ভাষা শিক্ষায় আগ্রহ বাড়াতে জনসচেতনতা তৈরির বিষয়েও গুরুত্ব দেয়া হচ্ছে।’

সূত্র: বণিক বার্তা

সৌদির নিরাপত্তায় পাশে থাকার অঙ্গীকার মক্কা জোটের

সৌদির নিরাপত্তায় পাশে থাকার অঙ্গীকার মক্কা জোটের

সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দেশটিকে সমর্থন দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান ও তুরস্ক। তবে ইয়েমেনে সেনা পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

একইসঙ্গে ইয়েমেনের হুতিদের সৌদি আরবে অব্যাহত হামলার নিন্দা জানিয়েছে তিন দেশের জ্যেষ্ঠ সরকারি ও প্রতিরক্ষা কর্মকর্তারা।

শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা চুক্তিভুক্ত দেশগুলোর কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির (এসপিডিসি) বৈঠকের পর এ বিবৃতি আসে।

গত ৭ অগাস্ট তিন দেশ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী, কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে এ কমিটি গঠিত।

প্রায় আড়াই ঘণ্টার বৈঠক শেষে অংশগ্রহণকারী কর্মকর্তাদের ধন্যবাদ জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

তিনি সাংবাদিকদের বলেন, “এসপিডিসি বৈঠকে পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করা হয়েছে।”

ইসহাক দার বলেন, “সৌদি আরবে বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হুতি মিলিশিয়াদের ধারাবাহিক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা পুনর্ব্যক্ত করেছে তিন পক্ষ।”

তিনি বলেন, “মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির বিধান অনুযায়ী সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দেশটিকে সমর্থন অব্যাহত রাখা এবং প্রচেষ্টা আরও জোরদার করার যৌথ সংকল্প তারা পুনর্ব্যক্ত করেছে।”

ইরান-সমর্থিত হুতিদের হামলার মুখে রয়েছে সৌদি আরব। গত জুলাইয়ে ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার পর থেকে সৌদি আরবের বিভিন্ন শহর, তেল স্থাপনা ও নৌযানকে বারবার লক্ষ্যবস্তু করেছে গোষ্ঠীটি।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে দেশটিতে সন্দেহভাজন হুতি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে বিমানবন্দরে হামলায়।

শুক্রবারের বৈঠকে এসব হামলা আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল বলে ধারণা করা হলেও সুনির্দিষ্ট কোনো সামরিক পদক্ষেপের ঘোষণা আসেনি।

এর আগে গত ৫ অক্টোবর রিয়াদে জোটের সদস্য দেশগুলোর এক জরুরি বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষায় বাহিনী ও সামরিক সক্ষমতা সরবরাহ এবং দ্রুত মোতায়েন নিশ্চিত করার বিষয়ে সম্মত হয়েছিল কমিটি।

সৌদি ভূখণ্ড রক্ষায় পাকিস্তান সহায়তার অঙ্গীকার করলেও ইয়েমেনের ভেতরে হুতিদের ওপর হামলায় অংশ নেওয়ার বিষয়টি নাকচ করেছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও গত সপ্তাহে জানান, আঙ্কারার বর্তমান নীতি সৌদি আরবের প্রতিরক্ষায় সহায়তা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ।

তিনি বলেন, “ইয়েমেনের ভেতরে সেনা মোতায়েনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সৌদি আরবকে রক্ষায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।”

শুক্রবারের বৈঠকে জোটের আগের সভাগুলোতে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন এবং বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান ইসহাক দার।

তিনি বলেন, “পারস্পরিক নিরাপত্তা উদ্বেগ মোকাবিলা এবং অঞ্চলে শান্তি ও নিরাপত্তায় অবদান রাখতে সশস্ত্র বাহিনীর সম্মিলিত সক্ষমতা ও সংহতি বাড়ানোর লক্ষ্যে প্রতিরক্ষা শিল্প, যৌথ প্রযুক্তিগত উন্নয়ন, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে পক্ষগুলো।”

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদানও জোটের কৌশলে এ ধরনের সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।

বৈঠক শেষে তিনি বার্তা সংস্থা আনাদলুকে বলেন, “এই জোটের সবচেয়ে বড় লক্ষ্য হলো এখানকার দেশগুলোর নিজস্ব সক্ষমতা, শুধু সামরিক সক্ষমতা নয়, প্রতিরক্ষা শিল্পের সক্ষমতাও একত্র করা, যাতে আরও বড় শক্তি তৈরি হয়, আরও বড় প্রভাব পড়ে এবং শান্তি ও স্থিতিশীলতায় আরও বড় অবদান রাখা যায়।”

ফিদান জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা নিয়েও বৈঠকে কথা হয়েছে। পাশাপাশি জোটে যোগ দিতে আগ্রহী অন্য দেশগুলোর জন্য অনুসরণীয় একটি রূপরেখা তৈরির বিষয়ে নীতিগত কিছু সিদ্ধান্ত হয়েছে।

আঞ্চলিক কয়েকটি দেশ এরই মধ্যে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। গত অগাস্টে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছিলেন, মিশর এ জোটে যোগ দিতে পারে।

বাংলাদেশও চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। এ ছাড়া সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি গত মাসে জানিয়েছিলেন, মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখছে দামেস্ক।

ওয়াশিংটন পোস্ট

মার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান

মার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান
ছবি: রয়টার্স

যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের বাহিনীর বিরুদ্ধে হামলায় ইরান স্পেসএক্সের স্টারলিংক সেবা ব্যবহার করেছে বলে খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

ইরানে স্টারলিংক পরিচালনার লাইসেন্স না থাকলেও মাস্ক আগে জানিয়েছিলেন, দেশটিতে এ সেবা চালু রয়েছে।

কোম্পানির অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত দুজনের বরাতে প্রতিবেদনে বলা হয়, স্টারলিংকের দুটি অননুমোদিত ব্যবহারের বিষয়ে জানতে পেরে ক্ষুব্ধ হন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তার কর্মীদের ধারণা, ঘটনা দুটি মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের তৎপরতার সঙ্গে সম্পর্কিত।

ওই ব্যক্তিদের একজন ওয়াশিংটন পোস্টকে জানান, স্টারলিংকের সামরিক সংস্করণ স্টারশিল্ড ব্যবহার করে মার্কিন সেনাবাহিনী একমুখী হামলায় ব্যবহৃত ড্রোন পরিচালনা করেছে। তবে এ ক্ষেত্রে স্থল অভিযানের জন্য নির্ধারিত তুলনামূলক কম খরচের প্যাকেজ ব্যবহার করা হয়েছিল।
এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে স্পেসএক্স ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে দেওয়া একটি গোপন প্রতিবেদনে ইরানের সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিষয়টি উঠে এসেছে।

তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে দাবি করেছে, প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে এ বিষয়ে কোনো প্রতিবেদন জমা পড়েছে বলে তাদের জানা নেই।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেইন ও ইরানের সংঘাতের প্রেক্ষাপটে ভূরাজনৈতিকভাবে স্পর্শকাতর অঞ্চলে স্টারলিংকের ব্যবহার, এ বিষয়ে মার্কিন সরকারের তদারকি এবং নিষেধাজ্ঞার আওতায় থাকা পক্ষগুলোর অবৈধ ব্যবহার নিয়ে উদ্বেগ ও পর্যবেক্ষণ বেড়েছে।

ইরানে স্টারলিংক পরিচালনার লাইসেন্স না থাকলেও মাস্ক আগে জানিয়েছিলেন, দেশটিতে এ সেবা চালু রয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে দেশজুড়ে প্রাণঘাতী বিক্ষোভসহ অস্থিরতার মধ্যে ইরানি কর্তৃপক্ষ সাধারণ মানুষের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর মার্কিন সরকার গোপনে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল ইরানে পাঠায়।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানি কর্তৃপক্ষ ইন্টারনেট সংযোগের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

কাতারে হামলায় বেঁচে যাওয়া হামাস নেতার পরিবারকে লক্ষ্য করে বিমান হামলা

কাতারে হামলায় বেঁচে যাওয়া হামাস নেতার পরিবারকে লক্ষ্য করে বিমান হামলা

গাজায় তার পরিবারকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলা থেকে হামাস নেতা খলিল আল-হাইয়ার এক ছেলে প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি এই গোষ্ঠী। এক বছরের বেশি সময় আগে তথাকথিত ‘যুদ্ধবিরতি’ চুক্তিতে সম্মত হওয়া সত্ত্বেও শুক্রবারের (২৭ নভেম্বর) এই বিমান হামলার পাশাপাশি উপত্যকার অন্যান্য স্থানে ইসরায়েলি হামলায় চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

হামাসের কর্মকর্তা বাসেম নাইম জানান, ভোরে চালানো ইসরায়েলি হামলায় ২৯ বছর বয়সী ইজ্জেলদিন আল-হাইয়া ও তার পরিবার বেঁচে গেছেন। রয়টার্সকে হামাসের সূত্র জানিয়েছে, হামাসপ্রধানের পুত্রবধূসহ বেশ কয়েকজন স্বজন আহত হয়েছেন। এছাড়া খলিল আল-হাইয়ার প্রয়াত আরেক ছেলে আজ্জামের পরিবারও বেঁচে গেছে।

নাইম ইজ্জেলদিনকে হামাস নেতার জীবিত থাকা সর্বশেষ ছেলে হিসেবে বর্ণনা করেন। তার চার ভাই ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন; ২০০৮ সালে হামজা, ২০১৪ সালে ওসামা, গত বছরের সেপ্টেম্বরে হুমাম এবং চলতি বছরের মে মাসে আজ্জাম প্রাণ হারান। গত বছর কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলায় নিহত হুমামের যমজ ভাই হলেন ইজ্জেলদিন। আলোচনার সময় খলিল আল-হাইয়া ওই হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান এবং গত জুলাইয়ে তাকে হামাসের নেতা মনোনীত করা হয়।

শুক্রবারের হামলার নিন্দা জানিয়ে হামাস এটিকে আল-হাইয়ার ছেলেকে ‘হত্যা’ এবং তার পরিবারকে লক্ষ্যবস্তু করার চেষ্টা বলে অভিহিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের পক্ষ থেকে তাদের নেতার বিরুদ্ধে দেওয়া হুমকির সঙ্গে এই হামলাকে যুক্ত করে গোষ্ঠীটি অভিযোগ করেছে, ইসরায়েল ২০২৫ সালের অক্টোবরের ‘যুদ্ধবিরতি’ চুক্তিকে দুর্বল করার চেষ্টা করছে। হামাস বলেছে, এই ‘কাপুরুষোচিত কর্মকাণ্ড’ ইসরায়েলি নেতাদের ‘মানবিক ও নৈতিক মূল্যবোধ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতা’ প্রকাশ করে।

এদিকে শুক্রবার গাজার অন্যান্য স্থানেও প্রাণঘাতী ইসরায়েলি হামলা অব্যাহত ছিল। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, উত্তর গাজায় একটি গাড়িতে ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ওয়াফা নিহত ব্যক্তিকে খালেদ আসাফ হিসেবে শনাক্ত করেছে এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে যে জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে বির আল-নাজা এলাকায় গাড়িটিতে আঘাত হানা হয়।

দক্ষিণ গাজার রাফাহ শহরে আল-বাহর স্ট্রিটের মুয়াবিয়া মসজিদের কাছে এক হামলার পর সিভিল ডিফেন্স দল তিনজন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার এবং দুজন আহত ব্যক্তিকে বাঁচিয়েছে বলে জানিয়েছে ওয়াফা। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি শিশু আহত হয়েছে।

চিকিৎসাসূত্র ও প্রত্যক্ষদর্শীরা ওয়াফাকে জানান, পূর্ব দিকের ‘হলুদ রেখার’ কাছের অবস্থান থেকে ইসরায়েলি বাহিনী ওই এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় নেওয়া তাবুগুলোর ওপর বারবার গুলি চালিয়েছে। বৃহস্পতিবারের ধারাবাহিক ইসরায়েলি অভিযানে এক জ্যেষ্ঠ শিক্ষা কর্মকর্তাসহ ১০ জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর শুক্রবার এসব হামলা ঘটে।

অন্যদিকে শুক্রবার হামাস গাজা সিটির আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালের একটি ভবনকে জিজ্ঞাসাবাদ কেন্দ্র হিসেবে ব্যবহার করার ইসরায়েলি সেনাবাহিনীর দাবিকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছে। বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী ও শিন বেত অভিযোগ করে যে হাসপাতালের কমপ্লেক্সের ভেতরে হামাস সামরিক কার্যক্রম পরিচালনা করছিল।

এক বিবৃতিতে হামাস বলেছে, ইসরায়েলের এই দাবি ‘গাজা উপত্যকার হাসপাতালগুলোর বিরুদ্ধে চলমান উসকানির অংশ হিসেবে এসেছে’। গোষ্ঠীটি উল্লেখ করেছে যে হাসপাতালগুলো হলো ‘ছোট ভূখণ্ডটিতে কর্মরত সব বেসামরিক ও জাতিসংঘের প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত জনসাধারণের স্থান’ এবং ইসরায়েল কখনোই তাদের দাবির সপক্ষে প্রমাণ উপস্থাপন করেনি। হাসপাতালটি তত্ত্বাবধানকারী জেরুজালেমের এপিস্কোপাল ডায়োসিস জানিয়েছে, প্রাঙ্গণে কোনো গোপন জিজ্ঞাসাবাদ কেন্দ্র থাকার বিষয়ে তাদের কোনো ধারণা নেই।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ২০২৫ সালের অক্টোবরের ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি লঙ্ঘনে অন্তত ১ হাজার ৭০৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৬ হাজার ১৬৩ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল গাজায় অন্তত ৭৪ হাজার ৭৭২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।

সূত্র: আল জাজিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতা ও তার স্ত্রী নিহত

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতা ও তার স্ত্রী নিহত

গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাউইল এবং তার স্ত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছেন হামাস কর্মকর্তারা। গত মঙ্গলবার যুদ্ধবিরতির পতনের পর এই হামলা ছিল সবচেয়ে তীব্র বিমান হামলাগুলোর মধ্যে একটি।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় মৃতের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়েছে। শুধুমাত্র রবিবার খান ইউনিস এবং রাফাহতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

৬৬ বছর বয়সী বারদাউইল হামাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা ছিলেন। ইয়াহিয়া সিনওয়ার এবং রাওহি মুশতাহার নিহত হওয়ার পর তিনি হামাসের সর্বোচ্চ পদস্থ রাজনৈতিক নেতা হিসেবে বিবেচিত হতেন। আট সন্তানের জনক বারদাউইল হামাসের রাজনৈতিক ব্যুরোতে ২০২১ সালে পুনরায় নির্বাচিত হন।

যুদ্ধবিরতির ভেঙে যাওয়ার পর ইসরায়েল আবারও গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করে। ইসরায়েল দাবি করে, হামাস মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে, হামাস অভিযোগ করে যে ইসরায়েল কাতার, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত মূল চুক্তি থেকে সরে এসেছে। চুক্তির আওতায় ইসরায়েলের সেনা প্রত্যাহার, ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং গাজার পুনর্গঠনের আলোচনা অন্তর্ভুক্ত ছিল।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, রাফাহতে ইসরায়েলি হামলার পর আহতদের উদ্ধারে গিয়ে তাদের বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ইসরায়েলি বাহিনীর দ্বারা ঘিরে ফেলা হয়। সংস্থাটি আরও জানায়, কিছু প্যারামেডিক আহত হয়েছেন এবং একটি উদ্ধারকারী দল দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। রাফাহর বাসিন্দা আলা আল-দিন সাবাহ বিবিসিকে বলেন, গুলিগুলো বৃষ্টির মতো ঝরছে। একজন নারী গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, কিন্তু অ্যাম্বুলেন্স তার কাছে পৌঁছাতে পারছে না। আমি একজন প্যারামেডিককে মাটিতে পড়ে থাকতে দেখছি, তিনি চিৎকার করছেন।

গত বছরের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলের ওপর এক নজিরবিহীন হামলায় প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে, যার ফলে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হন এবং অবকাঠামো ধ্বংসস্তুপে পরিণত হয়।

যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনার কোনো ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে না। আন্তর্জাতিক উদ্বেগ বাড়লেও গাজায় মানবিক সংকট ক্রমেই গভীরতর হচ্ছে।

হরমুজ প্রণালিতে ফের চরম উত্তেজনা ৩ ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালিতে ফের চরম উত্তেজনা ৩ ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকার নৌ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখা।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে সংস্থাটি এ তথ্য জানায়।

আইআরজিসির তথ্য অনুযায়ী, আক্রান্ত ট্যাংকারগুলোর একটি হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলে এবং অন্য দুটি প্রণালির পূর্বাংশে অবস্থান করছিল।

আইআরজিসির বিবৃতিতে দাবি করা হয়েছে, দখলদার মার্কিন সেনাবাহিনীর আকাশপথের সুরক্ষা ও প্রহরার মধ্যে থাকা অবস্থাতেই ট্যাংকার তিনটি নৌ মাইনে আঘাত হানে। এতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং জাহাজগুলোতে আগুন ধরে যায়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর আকাশপথের এই প্রহরা দুর্ঘটনাগুলো প্রতিরোধে ব্যর্থ হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এসব জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ছবি ও ফুটেজ প্রকাশ করা হবে।

পাশাপাশি প্রণালিতে অননুমোদিত নৌপথ ব্যবহার না করতে এবং সামুদ্রিক চলাচলের নিয়মাবলি মেনে চলতে জাহাজ মালিক ও নাবিকদের সতর্ক করেছে আইআরজিসি নৌবাহিনী। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর নাম বা সেগুলো কোন দেশের পতাকাবাহী, তা জানানো হয়নি।

এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক হামলা শুরু করলে গত ১২ জুলাই হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয় তেহরান। ইরানি কর্তৃপক্ষের নির্ধারিত পথের বাইরে অন্য কোনো রুট ব্যবহার করলে বা অনুমতি ছাড়া এই জলপথ পাড়ি দেওয়ার চেষ্টা করলে সেই জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে বলেও সতর্ক করা হয়েছিল।

বিশ্বব্যাপী অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের অন্যতম প্রধান নৌপথ হলো হরমুজ প্রণালি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে জবাবে ইসরায়েল এবং আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায় তেহরান। এরপর ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করলেও হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচলের প্রশ্নে মতবিরোধের জেরে তা বাস্তবায়ন আটকে যায়।

সূত্র : আনাদোলু এজেন্সি

শেয়ার করুন

আমাদের সাথে যুক্ত হোন