ইউক্রেনের সামরিক বাহিনী স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে প্রাণঘাতী ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক।
এ কারণে গত সপ্তাহে ইউক্রেনে স্টারলিংক ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক এ কথা বলেন। তার দাবি, স্টারলিংকের ব্যবহারের শর্ত লঙ্ঘন করে ইউক্রেনের সামরিক বাহিনী মানুষ হত্যার উদ্দেশ্যে ড্রোন হামলা চালিয়েছিল।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, স্টারলিংক ও স্টারশিল্ড স্যাটেলাইট সংযোগের গতি আগের অবস্থায় ফিরেছে। এতে সম্মুখসারিতে সামরিক কার্যক্রম, রসদ সরবরাহ ও প্রতিরক্ষা ব্যবস্থায় স্বস্তি ফিরেছে।
স্টারলিংকের গতি কমানোর কারণ জানালেন মাস্কমাস্ক তার পোস্টে বলেন, বেসামরিক বাণিজ্যিক সেবা হিসেবে স্টারলিংক ব্যবহার করে মানুষ হত্যার উদ্দেশ্যে ড্রোন হামলা চালানোর অনুমতি কখনোই ছিল না। এমন ব্যবহার বন্ধ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
মাস্কের দাবি, ইউক্রেনের সামরিক বাহিনী স্টারলিংকের ব্যবহারের শর্ত ভেঙেছিল। গত সপ্তাহে সেই সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
তবে সামরিক কাজে ব্যবহৃত স্টারশিল্ড স্যাটেলাইট সেবায় পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যুক্তরাষ্ট্র সরকারের হাতে রয়েছে বলে দাবি করেন তিনি।রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনের জন্য স্টারলিংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন মাস্ক।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের যোগাযোগ ও প্রতিরক্ষা কার্যক্রমে এ সেবা ব্যবহৃত হচ্ছে।
বিধিনিষেধে ব্যাহত হয়েছিল ইউক্রেনের সামরিক অভিযানগত সপ্তাহে স্টারশিল্ড সেবায় বিধিনিষেধ আরোপের ঘটনায় উদ্বেগ তৈরি হয় ইউক্রেনের সামরিক ও সরকারি কর্মকর্তাদের মধ্যে। সামরিক কমান্ডারদের ভাষ্য অনুযায়ী, এতে ড্রোন হারানোর ঘটনা ঘটে এবং বিভিন্ন অভিযান ব্যাহত হয়।
শনিবার জেলেনস্কি জানান, রাত থেকেই স্যাটেলাইট সংযোগের গতি পুনরুদ্ধারের কাজ শুরু হয়। শনিবার সকাল নাগাদ গতি প্রয়োজনীয় পর্যায়ে পৌঁছায়।তিনি বলেন, এর ফলে সম্মুখসারিতে রসদ সরবরাহ ও রুশ জেটচালিত শাহেদ ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষা কার্যক্রম পরিচালনা সহজ হবে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেনি খমারা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা ও জেলেনস্কির কূটনৈতিক তৎপরতা এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে।
তাঁর মতে, সম্মুখসারির সেনা, ড্রোন পরিচালনা, রসদ সরবরাহ ও যোগাযোগব্যবস্থার জন্য এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।
স্টারলিংক নিয়ে যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে টানাপোড়েনস্টারলিংক সেবা নিয়ে এই ঘটনা যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
এর আগে রাশিয়ার সঙ্গে ডিজেল আমদানি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত সমঝোতা নিয়েও উদ্বেগ জানিয়েছিল কিয়েভ।
ট্রাম্প বলেছেন, স্টারলিংকের ওপর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত তিনি নেননি। একই সঙ্গে, মাস্ককে দায়ী করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যে হোয়াইট হাউজের সঙ্গে মাস্কের সমন্বয়ের ইঙ্গিত পাওয়া গেছে।
তবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মার্কিন প্রশাসনের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন।
সূত্র: এপি