কাতারের ক্ষুদ্র ও স্থানীয় রেস্তোরাঁ ব্যবসায়ীদের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসায়িক সম্প্রসারণে 'তালবাত গ্রো' নামে এক যুগান্তকারী উদ্যোগ চালু করেছে জনপ্রিয় ফুড ও ডেলিভারি অ্যাপ 'তালবাত'।
কাতার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ক (QSTP)-এর সাথে যৌথ অংশীদারত্বে এই বিশেষ প্রোগ্রামটি বাস্তবায়ন করা হচ্ছে।
রাজধানী দোহায় আয়োজিত এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় উদ্যোক্তা, রেস্তোরাঁ প্রতিনিধি এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের উপস্থিতিতে এই উদ্যোগের নানা দিক তুলে ধরা হয়।
কী থাকছে ‘তালবাত গ্রো’ প্রোগ্রামে?
কাতারের ১৮০টি সম্ভাবনাময় ও প্রবাসীদের প্রিয় স্থানীয় রেস্তোরাঁকে বেছে নিয়ে ১২ মাসব্যাপী প্রয়োজনীয় সহায়তা দেবে তালবাত।
-
কমিশনে বিশেষ ছাড়: অংশগ্রহণকারী রেস্তোরাঁগুলোকে বিশেষ সাবসিডাইজড কমিশন রেট সুবিধা দেওয়া হবে।
-
প্রযুক্তি ও ডেটাভিত্তিক সুবিধা: রেস্তোরাঁ মালিকদের দক্ষতা বাড়াতে ও সেলস বৃদ্ধির লক্ষ্যে ডিজিটাল টুলস ব্যবহার এবং ডেটা বিশ্লেষণের প্রশিক্ষণ দেওয়া হবে।
-
অভিজ্ঞ টিমের প্রত্যক্ষ গাইডেন্স: ২ সপ্তাহের নিবিড় প্রশিক্ষণ সেশনের পর পুরো বছরজুড়ে তালবাতের স্পেশালিস্টদের কাছ থেকে ওয়ান-টু-ওয়ান ব্যবসায়িক পরামর্শ সুবিধা পাওয়া যাবে।
আধুনিক প্রযুক্তির সংযোজনে কিউএসটিপি (QSTP)
এই কার্যক্রমে প্রযুক্তিগত উদ্ভাবনী অংশীদার হিসেবে যোগ দিয়েছে কাতার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ক। প্রতিষ্ঠানটি তাদের আওতাধীন তরুণ প্রযুক্তি স্টার্টআপদের উদ্ভাবনগুলোকে এসব রেস্তোরাঁর দৈনন্দিন পরিচালনা, খরচ কমানো ও সেবা মানসম্মত করার কাজে ব্যবহারের উদ্যোগ নেবে।
তালবাত কাতারের ম্যানেজিং ডিরেক্টর মোয়াইয়াদ আকেল জানান, কাতারের সমৃদ্ধ রেস্তোরাঁ খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতেই তারা এই দীর্ঘমেয়াদী সহায়তা কার্যক্রম হাতে নিয়েছেন।
অন্যদিকে কিউএসটিপি-র বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর প্রকৌশলী আহমেদ আল-সাইদ জানান, প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে স্থানীয় রেস্তোরাঁ খাতের ব্যবসায় বড় ধরনের অগ্রগতি নিশ্চিত করা সম্ভব হবে।