নভেম্বরের শুরুতে রাজধানীর তিনটি ভাড়া বাড়িতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ১৬ জন জাপানের, ১৩ জন বাংলাদেশের, ১১ জন থাইল্যান্ডের এবং একজন লাওসের নাগরিক।
সম্প্রতি লাওটিয়ান টাইমস ও লাওফাত্তানা নিউজের পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, লাওসের জননিরাপত্তা মন্ত্রণালয়ের একটি বিশেষ টাস্কফোর্স রাজধানীর জাইথানি, সিসাত্তানাক ও সায়সেত্থা জেলায় অভিযানগুলো পরিচালনা করে। এ সময় তিনটি বাড়ি থেকে ৮৭টি মোবাইল ফোন, ৩২টি ডেস্কটপ কম্পিউটার ও চারটি ট্যাবলেট জব্দ করা হয়।
লাওফাত্তানা নিউজ জানায়, জাইথানি জেলার নালোম গ্রামের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ১৬ জাপানি নাগরিককে আটক করা হয়। বাড়িটি সাইবার অপরাধের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ।
সেখান থেকে ৫৫টি মোবাইল ফোন ও চারটি ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
অন্যদিকে, সিসাত্তানাক জেলায় অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনার সন্দেহে আরেকটি ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ১১ থাই নাগরিক ও একজন লাওসের নাগরিককে আটক করা হয়। এ সময় ১১টি মোবাইল ফোন ও ২০টি ডেস্কটপ কম্পিউটার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে লাওসের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
এ ছাড়া গত ৭ নভেম্বর রাতে সায়সেত্থা জেলার হং সুফাপ গ্রামের একটি ভাড়া বাড়িতে অভিযান চালায় বিশেষ টাস্কফোর্স। সেখান থেকে ১৩ বাংলাদেশিকে আটক করা হয়। এ সময় ২১টি মোবাইল ফোন ও ১২টি ডেস্কটপ কম্পিউটার জব্দ করেন কর্মকর্তারা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করছে লাওসের কর্তৃপক্ষ। এসব কর্মকাণ্ডে সহায়তাকারী অন্য ব্যক্তিদের শনাক্ত করতেও তদন্ত অব্যাহত রয়েছে।
সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দেশটিকে সমর্থন দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান ও তুরস্ক। তবে ইয়েমেনে সেনা পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
একইসঙ্গে ইয়েমেনের হুতিদের সৌদি আরবে অব্যাহত হামলার নিন্দা জানিয়েছে তিন দেশের জ্যেষ্ঠ সরকারি ও প্রতিরক্ষা কর্মকর্তারা।
শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা চুক্তিভুক্ত দেশগুলোর কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির (এসপিডিসি) বৈঠকের পর এ বিবৃতি আসে।
গত ৭ অগাস্ট তিন দেশ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী, কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে এ কমিটি গঠিত।
প্রায় আড়াই ঘণ্টার বৈঠক শেষে অংশগ্রহণকারী কর্মকর্তাদের ধন্যবাদ জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
তিনি সাংবাদিকদের বলেন, “এসপিডিসি বৈঠকে পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করা হয়েছে।”
ইসহাক দার বলেন, “সৌদি আরবে বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হুতি মিলিশিয়াদের ধারাবাহিক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা পুনর্ব্যক্ত করেছে তিন পক্ষ।”
তিনি বলেন, “মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির বিধান অনুযায়ী সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দেশটিকে সমর্থন অব্যাহত রাখা এবং প্রচেষ্টা আরও জোরদার করার যৌথ সংকল্প তারা পুনর্ব্যক্ত করেছে।”
ইরান-সমর্থিত হুতিদের হামলার মুখে রয়েছে সৌদি আরব। গত জুলাইয়ে ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার পর থেকে সৌদি আরবের বিভিন্ন শহর, তেল স্থাপনা ও নৌযানকে বারবার লক্ষ্যবস্তু করেছে গোষ্ঠীটি।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে দেশটিতে সন্দেহভাজন হুতি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে বিমানবন্দরে হামলায়।
শুক্রবারের বৈঠকে এসব হামলা আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল বলে ধারণা করা হলেও সুনির্দিষ্ট কোনো সামরিক পদক্ষেপের ঘোষণা আসেনি।
এর আগে গত ৫ অক্টোবর রিয়াদে জোটের সদস্য দেশগুলোর এক জরুরি বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষায় বাহিনী ও সামরিক সক্ষমতা সরবরাহ এবং দ্রুত মোতায়েন নিশ্চিত করার বিষয়ে সম্মত হয়েছিল কমিটি।
সৌদি ভূখণ্ড রক্ষায় পাকিস্তান সহায়তার অঙ্গীকার করলেও ইয়েমেনের ভেতরে হুতিদের ওপর হামলায় অংশ নেওয়ার বিষয়টি নাকচ করেছে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও গত সপ্তাহে জানান, আঙ্কারার বর্তমান নীতি সৌদি আরবের প্রতিরক্ষায় সহায়তা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ।
তিনি বলেন, “ইয়েমেনের ভেতরে সেনা মোতায়েনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সৌদি আরবকে রক্ষায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।”
শুক্রবারের বৈঠকে জোটের আগের সভাগুলোতে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন এবং বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান ইসহাক দার।
তিনি বলেন, “পারস্পরিক নিরাপত্তা উদ্বেগ মোকাবিলা এবং অঞ্চলে শান্তি ও নিরাপত্তায় অবদান রাখতে সশস্ত্র বাহিনীর সম্মিলিত সক্ষমতা ও সংহতি বাড়ানোর লক্ষ্যে প্রতিরক্ষা শিল্প, যৌথ প্রযুক্তিগত উন্নয়ন, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে পক্ষগুলো।”
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদানও জোটের কৌশলে এ ধরনের সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।
বৈঠক শেষে তিনি বার্তা সংস্থা আনাদলুকে বলেন, “এই জোটের সবচেয়ে বড় লক্ষ্য হলো এখানকার দেশগুলোর নিজস্ব সক্ষমতা, শুধু সামরিক সক্ষমতা নয়, প্রতিরক্ষা শিল্পের সক্ষমতাও একত্র করা, যাতে আরও বড় শক্তি তৈরি হয়, আরও বড় প্রভাব পড়ে এবং শান্তি ও স্থিতিশীলতায় আরও বড় অবদান রাখা যায়।”
ফিদান জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা নিয়েও বৈঠকে কথা হয়েছে। পাশাপাশি জোটে যোগ দিতে আগ্রহী অন্য দেশগুলোর জন্য অনুসরণীয় একটি রূপরেখা তৈরির বিষয়ে নীতিগত কিছু সিদ্ধান্ত হয়েছে।
আঞ্চলিক কয়েকটি দেশ এরই মধ্যে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। গত অগাস্টে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছিলেন, মিশর এ জোটে যোগ দিতে পারে।
বাংলাদেশও চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। এ ছাড়া সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি গত মাসে জানিয়েছিলেন, মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখছে দামেস্ক।
ইরানে স্টারলিংক পরিচালনার লাইসেন্স না থাকলেও মাস্ক আগে জানিয়েছিলেন, দেশটিতে এ সেবা চালু রয়েছে।
কোম্পানির অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত দুজনের বরাতে প্রতিবেদনে বলা হয়, স্টারলিংকের দুটি অননুমোদিত ব্যবহারের বিষয়ে জানতে পেরে ক্ষুব্ধ হন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তার কর্মীদের ধারণা, ঘটনা দুটি মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের তৎপরতার সঙ্গে সম্পর্কিত।
ওই ব্যক্তিদের একজন ওয়াশিংটন পোস্টকে জানান, স্টারলিংকের সামরিক সংস্করণ স্টারশিল্ড ব্যবহার করে মার্কিন সেনাবাহিনী একমুখী হামলায় ব্যবহৃত ড্রোন পরিচালনা করেছে। তবে এ ক্ষেত্রে স্থল অভিযানের জন্য নির্ধারিত তুলনামূলক কম খরচের প্যাকেজ ব্যবহার করা হয়েছিল। এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে স্পেসএক্স ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে দেওয়া একটি গোপন প্রতিবেদনে ইরানের সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিষয়টি উঠে এসেছে।
তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে দাবি করেছে, প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে এ বিষয়ে কোনো প্রতিবেদন জমা পড়েছে বলে তাদের জানা নেই।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেইন ও ইরানের সংঘাতের প্রেক্ষাপটে ভূরাজনৈতিকভাবে স্পর্শকাতর অঞ্চলে স্টারলিংকের ব্যবহার, এ বিষয়ে মার্কিন সরকারের তদারকি এবং নিষেধাজ্ঞার আওতায় থাকা পক্ষগুলোর অবৈধ ব্যবহার নিয়ে উদ্বেগ ও পর্যবেক্ষণ বেড়েছে।
ইরানে স্টারলিংক পরিচালনার লাইসেন্স না থাকলেও মাস্ক আগে জানিয়েছিলেন, দেশটিতে এ সেবা চালু রয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে দেশজুড়ে প্রাণঘাতী বিক্ষোভসহ অস্থিরতার মধ্যে ইরানি কর্তৃপক্ষ সাধারণ মানুষের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর মার্কিন সরকার গোপনে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল ইরানে পাঠায়।
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানি কর্তৃপক্ষ ইন্টারনেট সংযোগের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে তার জামাতা ও মধ্যপ্রাচ্যবিষয়ক দূত জ্যারেড কুশনারের সঙ্গে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের গভীর যোগসাজশ ছিল বলে দাবি করা হয়েছে নতুন এক বইয়ে। মার্কিন প্রবীণ সাংবাদিক ম্যাথিউ কোলের লেখা ‘প্রিন্সেস অ্যান্ড থিভস: জ্যারেড কুশনার অ্যান্ড মোহাম্মদ বিন জায়েদস সিক্রেট প্লট টু রিমেক দ্য মিডল ইস্ট’শীর্ষক বইটি গত মাসে প্রকাশিত হয়েছে।
বইয়ের সবচেয়ে বিস্ফোরক দাবিটি হলো, সৌদি ও আমিরাত সরকারের কাছ থেকে কুশনার প্রায় ২০০ কোটি (দুই বিলিয়ন) ডলার পেয়েছেন। এর মধ্যে আমিরাতের দাতব্য সংস্থা ‘ওয়াতানি আল এমিরেট ফাউন্ডেশন-এর মাধ্যমে ফার্স্ট আবুধাবি ব্যাংকে রাখা ৭৫ কোটি ডলারও রয়েছে। আপাতদৃষ্টে আমিরাতের নাগরিক কর্মসূচিতে সহায়তার কথা বলা হলেও বাস্তবে এই অর্থ দেশটির অস্ত্র ক্রয় ও গোপন সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছে।
বর্তমানে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে ট্রাম্পের দূত হিসেবে দায়িত্ব পালন করা কুশনার এসব দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন। তবে নিউইয়র্ক টাইমস বলেছে, নতুন বছরে বিরোধী দল ডেমোক্র্যাট কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে কুশনারের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ তদন্ত করার দাবি করেছে।
বইয়ের সূত্রগুলো নাম প্রকাশে অনিচ্ছুক। একইসঙ্গে এসব দাবির সবকটি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। আমিরাত ও সৌদি রাজপরিবার এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।
বইটির পাঁচটি উল্লেখযোগ্য দাবি নিচে তুলে ধরা হলো
দুই দেশের ক্ষমতার শীর্ষ পদের লড়াইয়ে সমকামিতার অস্ত্র ব্যবহার
নব্বইয়ের দশকে আমিরাতের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তার ভাই ও সিংহাসনের প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদকে দক্ষিণ ইউরোপের একটি হোটেল কক্ষে সমকামী যৌনতায় লিপ্ত অবস্থায় ভিডিও করার জন্য দুই সিরীয় নাগরিককে ভাড়া করেছিলেন। পরে খলিফাকে বিব্রত করতে রুশ মধ্যস্থতাকারীদের মাধ্যমে সেই টেপ তিনি তাদের বাবা ও আমিরাতের প্রতিষ্ঠাতা জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের কাছে পাঠান।
কোল লিখেছেন, জায়েদ বিন সুলতান বুঝতে পেরেছিলেন যে মোহাম্মদ তার ভাইকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন, তবে তিনি মোহাম্মদের ‘ধূর্ততার’প্রশংসা করেছিলেন এবং ‘মজা পেয়েছিলেন’।
কোল বলেন, ‘আল নাহিয়ান পরিবারের ভেতরে মোহাম্মদের এই ব্ল্যাকমেলের চেষ্টাকে আমিরাত শাসনের ক্ষেত্রে তার উচ্চাকাঙ্ক্ষার প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা হতে থাকে।’
এ ছাড়া সৌদি আরবের সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের বিরুদ্ধেও কথিত সমকামিতার অভিযোগ তুলে মোহাম্মদ বিন জায়েদ যুক্তরাষ্ট্রে তদবির করেছিলেন বলে বইয়ে দাবি করা হয়েছে।
ভাইকে মাদক দিয়ে অক্ষম করে রেখেছিলেন আমিরাতি শাসক?
২০০৪ সালে বাবার মৃত্যুর পর খলিফা বিন জায়েদ আমিরাতের প্রেসিডেন্ট হলেও বাস্তবে তিনি আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের ওপর নির্ভরশীল ছিলেন। গণমাধ্যমে বলা হতো, ২০১৪ সালে স্ট্রোক করার পর তিনি স্বেচ্ছায় আড়ালে চলে যান।
কিন্তু কোলের দাবি, খলিফা অনেক আগে থেকেই মদ্যপান ও ‘অশনাক্ত মানসিক অসুস্থতায়’ ভুগছিলেন। ২০০৩ সালে মোহাম্মদ বিন জায়েদ আবুধাবির উপ-যুবরাজ হওয়ার সময় থেকেই ভাইকে এমন চিকিৎসা দিচ্ছিলেন, যা তাকে অক্ষম করে ফেলেছিল।
কোল লেখেন, ‘চিকিৎসার ফলে খলিফা আচ্ছন্ন অবস্থায় ছিলেন, যা শেষ পর্যন্ত স্নায়ুর ক্ষতির কারণ হয়।’
এক মার্কিন নার্সের সহায়তায় মোহাম্মদ বিন জায়েদ নিজ ভাইকে জোর করে এই চিকিৎসা দিতেন বলে বইয়ে উল্লেখ করা হয়েছে। বইয়ের দাবি অনুযায়ী, ওই নার্সের ভাতিজি লিসার সঙ্গে মোহাম্মদ বিন জায়েদের যৌন সম্পর্ক ছিল এবং তাদের একটি সন্তান দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বেড়ে উঠেছে।
সংযুক্ত আরব আমিরাতের এফ-১৬ যুদ্ধবিমানে ইসরায়েলি প্রযুক্তি
২০২০ সালের সেপ্টেম্বরে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আনার কয়েক দশক আগে থেকেই আমিরাতের সঙ্গে দেশটির গোপন নিরাপত্তা সম্পর্ক ছিল। কোল জানান, ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতির কারণে বাবা জায়েদ বিন সুলতান ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ হতে অনীহা দেখালেও নব্বইয়ের দশক থেকেই মোহাম্মদ বিন জায়েদ ইসরায়েলে মুগ্ধ ছিলেন।
১৯৯৮ সালে অ্যাভিয়েশন উইক সাময়িকীতে ইসরায়েলি সফটওয়্যারযুক্ত নতুন এফ-১৬ যুদ্ধবিমানের কথা পড়ে তিনি বাবাকে সেগুলো কিনতে রাজি করান। ক্লিনটন প্রশাসনের মধ্যস্থতায় গোপন আলোচনার পর ইসরায়েলি সফটওয়্যারযুক্ত ৮০টি বিমান কিনতে সম্মত হয় আমিরাত।
নির্যাতনে লেখকের মৃত্যু
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরোধিতা করে কলাম লেখায় ২০১৯ সালে আমিরাতি কবি হাবিব আল সায়েঘকে নির্যাতন করে হত্যা করা হয়েছিল বলে কোল লিখেছেন। সায়েঘ আমিরাতের অভিজাত মহলের সদস্য এবং আরব রাইটার্স ইউনিয়নের মহাসচিব ছিলেন। সতর্কতা সত্ত্বেও ২০১৯ সালের আগস্টে তিনি ‘ইসরায়েল ইজ আওয়ার রিয়েল এনিমি অ্যান্ড আ ডেঞ্জারাস প্রজেক্ট’শিরোনামে একটি নিবন্ধ লেখেন।
কোলের ভাষ্যমতে, নিবন্ধটি প্রকাশের পর মোহাম্মদ বিন জায়েদের নির্দেশে নিরাপত্তা কর্মকর্তারা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যান। একজন কর্মকর্তা প্লায়ার্স দিয়ে তার বেশ কয়েকটি দাঁত উপড়ে ফেলেন এবং অন্যজন ধারালো ধাতব বস্তু লাগানো বেল্ট দিয়ে তাকে পেটান। তিন দিন ধরে নির্যাতনের পর তার মৃত্যু হলে মোহাম্মদ বিন জায়েদের এক ঘনিষ্ঠ সহযোগী লাশ ‘প্রায় অচেনা’ বলে বর্ণনা করেন।
কোল লিখেছেন, কুশনার ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মোহাম্মদ বিন জায়েদ যে কূটনৈতিক চুক্তি নিয়ে আলোচনা করছিলেন, সায়েঘের বিরোধিতা তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। ওই পরিকল্পনায় অধিকৃত পশ্চিম তীরের ৩০ লাখ ফিলিস্তিনির অধিকাংশকে জর্ডানে পাঠিয়ে দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাধ্যমে একটি খণ্ডিত ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির কথা ভাবা হয়েছিল।
জ্যারেড কুশনার ও টম ব্যারাকের দ্বন্দ্ব
বইটিতে ট্রাম্প প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বর্তমানে তুরস্কে মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাকের সঙ্গে কুশনারের দ্বন্দ্বের কথাও উঠে এসেছে। কোলের মতে, ব্যারাক দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ইউরোপ পুনর্গঠনের ‘মার্শাল প্ল্যান’-এর আদলে আবুধাবি ও রিয়াদের অর্থায়নে মধ্যপ্রাচ্যের জন্য একটি পরিকল্পনা করতে চেয়েছিলেন। কিন্তু কুশনার তাকে কেবল ‘মিসরীয় অংশ’ সামলানোর অনুমতি দেন।
কোল লিখেছেন, ‘ব্যারাকের প্রতি বার্তাটি ছিল স্পষ্ট, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং আমিরাতের মোহাম্মদ বিন জায়েদ সঙ্গে হোয়াইট হাউসের সম্পর্ক কুশনার কারও সঙ্গে ভাগ করবেন না।’
এ ছাড়া ২০১৭ সালের জুনে সৌদি আরব ও আমিরাত প্রতিবেশী দেশ কাতারের ওপর অবরোধ আরোপ করলে লবিংয়ের মুখে কুশনার তাতে সমর্থন দেন। তবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে মিলে ট্রাম্পকে সেই অবরোধ সমর্থন না দিতে চাপ দিয়েছিলেন ব্যারাক।
গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাউইল এবং তার স্ত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছেন হামাস কর্মকর্তারা। গত মঙ্গলবার যুদ্ধবিরতির পতনের পর এই হামলা ছিল সবচেয়ে তীব্র বিমান হামলাগুলোর মধ্যে একটি।
হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় মৃতের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়েছে। শুধুমাত্র রবিবার খান ইউনিস এবং রাফাহতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।
৬৬ বছর বয়সী বারদাউইল হামাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা ছিলেন। ইয়াহিয়া সিনওয়ার এবং রাওহি মুশতাহার নিহত হওয়ার পর তিনি হামাসের সর্বোচ্চ পদস্থ রাজনৈতিক নেতা হিসেবে বিবেচিত হতেন। আট সন্তানের জনক বারদাউইল হামাসের রাজনৈতিক ব্যুরোতে ২০২১ সালে পুনরায় নির্বাচিত হন।
যুদ্ধবিরতির ভেঙে যাওয়ার পর ইসরায়েল আবারও গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করে। ইসরায়েল দাবি করে, হামাস মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে, হামাস অভিযোগ করে যে ইসরায়েল কাতার, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত মূল চুক্তি থেকে সরে এসেছে। চুক্তির আওতায় ইসরায়েলের সেনা প্রত্যাহার, ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং গাজার পুনর্গঠনের আলোচনা অন্তর্ভুক্ত ছিল।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, রাফাহতে ইসরায়েলি হামলার পর আহতদের উদ্ধারে গিয়ে তাদের বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ইসরায়েলি বাহিনীর দ্বারা ঘিরে ফেলা হয়। সংস্থাটি আরও জানায়, কিছু প্যারামেডিক আহত হয়েছেন এবং একটি উদ্ধারকারী দল দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। রাফাহর বাসিন্দা আলা আল-দিন সাবাহ বিবিসিকে বলেন, গুলিগুলো বৃষ্টির মতো ঝরছে। একজন নারী গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, কিন্তু অ্যাম্বুলেন্স তার কাছে পৌঁছাতে পারছে না। আমি একজন প্যারামেডিককে মাটিতে পড়ে থাকতে দেখছি, তিনি চিৎকার করছেন।
গত বছরের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলের ওপর এক নজিরবিহীন হামলায় প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে, যার ফলে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হন এবং অবকাঠামো ধ্বংসস্তুপে পরিণত হয়।
যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনার কোনো ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে না। আন্তর্জাতিক উদ্বেগ বাড়লেও গাজায় মানবিক সংকট ক্রমেই গভীরতর হচ্ছে।
সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে সংস্থাটি এ তথ্য জানায়।
আইআরজিসির তথ্য অনুযায়ী, আক্রান্ত ট্যাংকারগুলোর একটি হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলে এবং অন্য দুটি প্রণালির পূর্বাংশে অবস্থান করছিল।
আইআরজিসির বিবৃতিতে দাবি করা হয়েছে, দখলদার মার্কিন সেনাবাহিনীর আকাশপথের সুরক্ষা ও প্রহরার মধ্যে থাকা অবস্থাতেই ট্যাংকার তিনটি নৌ মাইনে আঘাত হানে। এতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং জাহাজগুলোতে আগুন ধরে যায়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর আকাশপথের এই প্রহরা দুর্ঘটনাগুলো প্রতিরোধে ব্যর্থ হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এসব জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ছবি ও ফুটেজ প্রকাশ করা হবে।
পাশাপাশি প্রণালিতে অননুমোদিত নৌপথ ব্যবহার না করতে এবং সামুদ্রিক চলাচলের নিয়মাবলি মেনে চলতে জাহাজ মালিক ও নাবিকদের সতর্ক করেছে আইআরজিসি নৌবাহিনী। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর নাম বা সেগুলো কোন দেশের পতাকাবাহী, তা জানানো হয়নি।
এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক হামলা শুরু করলে গত ১২ জুলাই হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয় তেহরান। ইরানি কর্তৃপক্ষের নির্ধারিত পথের বাইরে অন্য কোনো রুট ব্যবহার করলে বা অনুমতি ছাড়া এই জলপথ পাড়ি দেওয়ার চেষ্টা করলে সেই জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে বলেও সতর্ক করা হয়েছিল।
বিশ্বব্যাপী অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের অন্যতম প্রধান নৌপথ হলো হরমুজ প্রণালি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে জবাবে ইসরায়েল এবং আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায় তেহরান। এরপর ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করলেও হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচলের প্রশ্নে মতবিরোধের জেরে তা বাস্তবায়ন আটকে যায়।