বাংলাদেশের ক্রিকেটে ১৫ নম্বর জার্সি বললেই যে নামটি সবার আগে মনে আসে, সেটি মুশফিকুর রহিম। দীর্ঘ ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই নম্বরকে নিজের পরিচয়ের অংশ করে তুলেছেন তিনি। এবার তার বিদায়ের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটে স্থায়ীভাবে অবসরে যাচ্ছে জায়গা করে নিতে যাচ্ছে ১৫ নম্বর জার্সিও। মুশফিকের সম্মানে জার্সিটি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনকিংবদন্তি খেলোয়াড়দের সম্মান জানাতে তাঁদের ব্যবহৃত জার্সি নম্বর তুলে রাখার রীতি ফুটবলে বেশ পরিচিত। ক্রিকেটেও এমন নজির আছে। তবে বাংলাদেশের ক্রিকেটে এবারই প্রথম এমন উদ্যোগ নিতে যাচ্ছে বিসিবি। মুশফিকের শেষ টেস্টের আগেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে বোর্ডের।
শনিবার মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানান বোর্ড সভাপতি তামিম ইকবাল। একই সঙ্গে দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের বিদায়কে স্মরণীয় করে রাখার প্রতিশ্রুতিও দেন তিনি। বোর্ডসভায় মুশফিকের ১৫ নম্বর জার্সি তুলে রাখার প্রস্তাব দেন তামিম। পরিচালকদের সম্মতিও মিলেছে তাতে। যদিও এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা আরও পরে জানাবে বিসিবি।
শুধু জার্সি নয়, মুশফিকের নাম স্থায়ীভাবে জড়িয়ে রাখার ভাবনা রয়েছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গেও। স্টেডিয়ামের একটি গ্যালারির নাম মুশফিকের নামে করার পরিকল্পনা করছে বিসিবি। তবে এ ক্ষেত্রে বোর্ডকে নিতে হবে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অনুমোদন। কারণ, স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের স্থাপনা। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
সব ঠিক থাকলে আগামী ১৪ ফেব্রুয়ারি মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক। সেই ম্যাচের মধ্য দিয়েই শেষ হবে তার দীর্ঘ টেস্ট-যাত্রা।
অবসরের ঘোষণা আসার পর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানিয়েছেন মুশফিকও। দীর্ঘ ক্যারিয়ারে পাশে থাকা পরিবার, কোচ, সতীর্থ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
মুশফিক লিখেন, ‘আপনারা ইতোমধ্যেই জেনেছেন, আমার সবচেয়ে প্রিয় ক্রিকেট ফরম্যাটকে বিদায় জানানোর সময় এসেছে। শৈশবের স্বপ্নকে বাস্তবে বাঁচার অসাধারণ ২২টি বছর। সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব। এই সুন্দর যাত্রার সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ।
আমার পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও ভক্তদের অফুরন্ত ভালোবাসা এবং সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
প্রতিবার ব্যাট হাতে মাঠে নামার সময় আপনাদের উচ্ছ্বাস আর মিরপুরের গ্যালারিতে প্রতিধ্বনিত হওয়া ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে।’
বিদায়ের মুহূর্তে ভক্তদের জন্যও একটি বার্তা দিয়েছেন মুশফিক। জীবনে স্বপ্ন পূরণের পাশাপাশি ভালো মানুষ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
‘জীবনে স্বপ্ন পূরণের পাশাপাশি আসুন আমরা ভালো মানুষ হই। বিনয়ী থাকি, মানুষের প্রতি সদয় হই এবং অন্যদের অনুপ্রাণিত করি।
আল্লাহর ওপর ভরসা রেখে, আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই, ইনশাআল্লাহ।
আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।’