১২ নভেম্বর ২০২৬

ইসরায়েলে নির্বাচন : তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে কি থেকে যাবেন নেতানিয়াহু?

প্রকাশ: বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
ইসরায়েলে নির্বাচন : তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে কি থেকে যাবেন নেতানিয়াহু?
টপ স্টোরিজ

সদ্য সমাপ্ত নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫০ শতাংশের বেশি ভোট পেলেও জটিল সমীকরণের কারণে নেতানিয়াহু কিংবা গাদি আইসেনকোত— কে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন, তা এখনও অস্পষ্ট। এদিকে প্রায় ৯০ শতাংশ ভোট গণনার কাজ শেষ হয়ে গেছে।

এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, চূড়ান্ত কোনো সমাধান না এলে ফের নির্বাচনের আয়োজন করতে হবে ইসরায়েলে। যদি তা ঘটে, সেক্ষেত্রে নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর পদ পেতে পারেন। অন্তবর্তী প্রধানমন্ত্রীর কোনো নির্দিষ্ট মেয়াদ নেই।

ইসরায়েলের সাংবিধানিক বিধি অনুযায়ী, কোনো দল বা জোট নির্বাচনে বিজয়ী হওয়ার পর সেই দল বা জোটের নেতারা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সাক্ষাত বা বৈঠকে বিজয়ী দল বা জোটের কোন নেতা সরকারপ্রধান হবেন— তা নির্ধারিত হয় এবং তারপর সম্ভাব্য সেই প্রধানমন্ত্রীকে সরকার গঠনক করতে ৪২ দিন সময় প্রদান করা হয়।

বিজয়ী দল বা জোট যদি নিজেদের মধ্যে ঐক্যমতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে নির্বাচন বাতিল করে ফের নির্বাচনের আয়োজন করার বিধান আছে সংবিধানে। যদি গাদি আইজেনকোতের নেতৃত্বাধীন জোটের মধ্যে ঐকমত্য না নয়— তাহলে স্বাভাবিকভাবেই পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকবেন নেতানিয়াহু।

তবে সেই সম্ভাবনা কম। যদিও তার নেতৃত্বাধীন ডানপন্থি জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, তবে ইহুদি ভোটারদের কাছ থেকে পাওয়া অপ্রত্যাশিত জোরালো সমর্থন তাকে ক্ষমতাচ্যুত করার সম্ভাবনা ক্ষীণ করে দিয়েছে।

বুধবার পর্যন্ত প্রায় ৮৬ শতাংশ ভোট গণনা শেষে ইসরায়েলের তিনটি প্রধান সম্প্রচারমাধ্যম পূর্বাভাস দিয়েছে যে, নেতানিয়াহুর ডানপন্থী, অতি-ডানপন্থী ও অতি-অর্থোডক্স দলগুলোর জোট ১২০ আসনবিশিষ্ট নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) ৫৩টি আসন পেতে পারে। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের বিরোধী জোট পেতে পারে ৪৮টি আসন।

আরব ইসরায়েলিদের প্রতিনিধিত্বকারী দলগুলো রেকর্ড ১৯টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে, তাদের ব্যাপক সমর্থন ছাড়া আইজেনকোটের ক্ষমতায় আসার কোনো বাস্তবসম্মত পথ খোলা নেই। যদিও অনেক ইহুদি রাজনৈতিক নেতা আরব ইসরায়েলি দলগুলোর সমর্থন গ্রহণের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন।

ভোট গণনা অব্যাহত থাকায় ফলাফলে পরিবর্তন আসতে পারে, তবে কেন্দ্রীয়-বাম থেকে কট্টর ডানপন্থী দলগুলো নিয়ে গঠিত আইজেনকোটের জোট—যারা নেতানিয়াহুর বিরোধী—নির্বাচন-পূর্ববর্তী জরিপগুলোর পূর্বাভাস অনুযায়ী হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

যেকোনো জোট গঠনের আলোচনার সময় এবং সম্ভবত আগামী বছরের পরবর্তী নির্বাচন পর্যন্ত নেতানিয়াহু অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। যদিও একটি অন্তর্বর্তীকালীন সরকারের ওপর কিছু সীমাবদ্ধতা থাকে, তবুও বিশেষজ্ঞদের মতে এই সরকারের হাতে যথেষ্ট ক্ষমতা থাকে। যেমন নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হলেও ইরানের সঙ্গে যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীর বিষয়গুলোর ব্যাপারেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে তার নেতৃত্বাধীন সরকার।

ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের রিসার্চ ফেলো গাই লুরি জানান, একটি অন্তর্বর্তীকালীন সরকারের আনুষ্ঠানিক ক্ষমতা সাধারণ সরকারের মতোই থাকে, তবে তাদের ওপর ‘সংযম প্রদর্শনের দায়িত্ব’ বর্তায় এবং কিছু ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা কিছুটা সীমিত থাকে।

সূত্র: রয়টার্স, আলজাজিরা

ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, নাবিক নিহত

প্রকাশ: মঙ্গলবার, নভেম্বর ০৩, ২০২৬
ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, নাবিক নিহত
টপ স্টোরিজ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ওমান উপকূলে ভারতের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। ‘আল জুসুফি’ নামের বহুমুখী সহায়তাকারী জাহাজটিতে ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। হামলার পর ওমানের কোস্টগার্ড ১৩ জনকে নিরাপদে উদ্ধার করেছে।

ভারতের কেন্দ্রীয় জাহাজ পরিবহণ ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, গত ২ নভেম্বর ওমান উপকূল দিয়ে চলার সময় জাহাজটিতে অজ্ঞাত আকাশযান থেকে হামলা চালানো হয়। এতে আহত হয়ে মারা যান গুজরাটের বাসিন্দা নাবিক গন্ধর নাহিম আজিজ।

পোস্টে সোনোয়াল লেখেন, ‘ওমান উপকূলের কাছে চলাচলের সময় ভারতের পতাকাবাহী এমএসভি আল জুসুফিতে অজ্ঞাত একটি আকাশযান আঘাত হানে। জাহাজটিতে ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। ওমানের কোস্টগার্ড ১৩ জনকে নিরাপদে উদ্ধার করেছে। তবে গুজরাটের নাবিক গন্ধর নাহিম আজিজের আহত অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।’

নিহত নাবিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রী বলেন, উদ্ধার হওয়া ১৩ নাবিককে তাৎক্ষণিক সহায়তা দিতে দেশটির জাহাজ চলাচল মন্ত্রণালয় ও ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। জীবিত নাবিকদের দ্রুত দেশে ফেরানো এবং নিহত ব্যক্তির মরদেহ প্রত্যাবাসনের ব্যবস্থাও করা হচ্ছে।

তবে জাহাজটিতে কারা হামলা চালিয়েছে কিংবা কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার মধ্যে ঘটল। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর থেকে এসব হামলা বেড়েছে। এতে উপসাগরীয় জলসীমায় চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে জ্বালানি সরবরাহেও সংকট দেখা দিয়েছে। এর সঙ্গে বাণিজ্যিক জাহাজে হামলা আন্তর্জাতিক অর্থনীতি ও সমুদ্রপথে পণ্য পরিবহনের ঝুঁকি আরও বাড়িয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপসাগরীয় জলসীমায় জাহাজ ও ট্যাংকারে হামলার ঘটনায় অন্তত ২২ জন ভারতীয় নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন নাবিক।

সূত্র : এনডিটিভি

৪৮ বছর পর ঐতিহাসিক সফরে চীনে ওমানের সুলতান হাইথাম

প্রকাশ: সোমবার, নভেম্বর ০২, ২০২৬
৪৮ বছর পর ঐতিহাসিক সফরে চীনে ওমানের সুলতান হাইথাম
টপ স্টোরিজ

৪৮ বছর পর প্রথমবারের মতো চীন সফরে গেছেন ওমানের কোনো রাষ্ট্রপ্রধান। রবিবার (১ নভেম্বর) বেইজিংয়ে পৌঁছেছেন দেশটির সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ। ১৯৭৮ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এটিই ওমানের কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম চীন সফর।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএনের প্রতিবেদন অনুযায়ী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে এ রাষ্ট্রীয় সফরে গেছেন সুলতান হাইথাম। সোমবার (২ নভেম্বর) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন প্রেসিডেন্ট শি জিনপিং।

১৯৭৮ সালের মে মাসে চীন ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৪৮ বছর পর সুলতানের এই সফর দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতার গুরুত্ব তুলে ধরছে বলে জানিয়েছে মাস্কাট টাইমস।

এমন এক সময়ে সফরটি অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত চলছে। গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে।

জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রেও চীনের গুরুত্বপূর্ণ অংশীদার ওমান। দেশটি চীনের অপরিশোধিত তেলের পঞ্চম বৃহত্তম সরবরাহকারী। আরব দেশগুলোর মধ্যে চীনের চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক অংশীদারও ওমান।

২০২৪ সালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৩৬ দশমিক ৭৩ বিলিয়ন মার্কিন ডলার। সুলতানের এই সফরকে কেন্দ্র করে দুই দেশের বিদ্যমান সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

হরমুজের কাছে জাহাজে হামলা, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

প্রকাশ: রবিবার, নভেম্বর ০১, ২০২৬
হরমুজের কাছে জাহাজে হামলা, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান
টপ স্টোরিজ

হরমুজ প্রণালির কাছে ওমানের মুসান্দাম উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলার পর আগুন ধরে যায়। জাহাজটিতে থাকা ২৫ নাবিককে উদ্ধার করেছে ওমানের নৌবাহিনী।

গতকাল শুক্রবার দেশটির মেরিটাইম সিকিউরিটি সেন্টার এ তথ্য জানিয়েছে।

পানামার পতাকাবাহী জাহাজটি মুসান্দাম উপকূল থেকে ১ দশমিক ৬ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে হামলার শিকার হয়। হামলার পর জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ে। মেরিটাইম সিকিউরিটি সেন্টারের সঙ্গে সমন্বয় করে নৌবাহিনী উদ্ধার অভিযান চালায়। উদ্ধার করা নাবিকদের পরে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়।

এদিকে হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজ আটকে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বাহিনীটির ভাষ্য, জাহাজগুলো অনুমোদনহীন পথে প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, জাহাজ তিনটি নিজেদের শনাক্তকরণ ও অবস্থান নির্ণয়ব্যবস্থা বন্ধ রেখেছিল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সহায়তায় তারা অনুমোদনহীন পথে চলছিল। এ সময় কয়েকবার বেতারবার্তা পাঠিয়ে জাহাজগুলোকে সতর্ক করা হয়। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করে তারা চলাচল অব্যাহত রাখে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট পথ নির্ধারণ করেছে ইরান। তেহরান জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে ওই পথ ব্যবহার করতে হবে। ওমান উপকূলের কাছের দক্ষিণ দিকের একটি জলপথকে অনুমোদনহীন হিসেবে বিবেচনা করছে ইরান।

জাহাজে হামলার আরেকটি ঘটনার কথা জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও। গতকাল সংস্থাটি জানায়, ইরানের লাভান দ্বীপের দক্ষিণে ৪০ নটিক্যাল মাইল দূরে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে এর নাবিকেরা নিরাপদে রয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে আসছে ইরান। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো।

ইরানের এ পদক্ষেপের জবাবে দেশটির বন্দরগুলোয় অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে ইরানের তেল রপ্তানি ও বাণিজ্য আরো সীমিত হয়ে পড়েছে।

সামরিক মহড়া ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য-ওমান

প্রকাশ: শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
সামরিক মহড়া ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য-ওমান
টপ স্টোরিজ

যুক্তরাজ্য ও ওমান প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, পরিবেশবান্ধব শিল্প এবং নতুন প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছে।

এ তথ্য শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, যা ওমানের সুলতান হাইথাম বিন তারিকের যুক্তরাজ্য সফরের প্রেক্ষাপটে প্রকাশিত হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দুই দেশ তাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্ব্যক্ত করে একটি ‘উচ্চাভিলাষী ও ভবিষ্যৎমুখী অংশীদারত্ব’ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে। চলতি সপ্তাহে যুক্তরাজ্যে রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আসেন ওমানের সুলতান।

লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে বুধবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ও সুলতান হাইথাম দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন।

আলোচনা চলাকালে প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক আধুনিকায়ন, উন্নত শিল্প খাতে বিনিয়োগ বৃদ্ধি, আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং জনগণের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

দুই দেশ সামরিক সহযোগিতা ও প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব সম্প্রসারণের প্রতিশ্রুতি প্রদান করেছে। এ ক্ষেত্রে ‘সাইফ সারিয়া’ সামরিক মহড়া সিরিজকে দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিবৃতিতে সাইফ সারিয়া-৪ মহড়ার প্রস্তুতিকে স্বাগত জানিয়ে সামরিক সক্ষমতা উন্নয়ন, পরীক্ষা-নিরীক্ষা, নতুন কৌশল যাচাই এবং সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক তথ্য বিনিময়ে আরও সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখার বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ।

এছাড়া, যুক্তরাজ্য ও ওমান সাইবার নিরাপত্তা এবং জাতীয় সংকট মোকাবিলার সক্ষমতা বৃদ্ধির জন্য সহযোগিতা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে।

ওমান উপকূলে জাহাজে হামলা, রক্ষা পেলেন বাংলাদেশি চিফ ইঞ্জিনিয়ার

প্রকাশ: শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
ওমান উপকূলে জাহাজে হামলা, রক্ষা পেলেন বাংলাদেশি চিফ ইঞ্জিনিয়ার
টপ স্টোরিজ

সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতের উদ্দেশে যাওয়ার পথে ওমান উপকূলে হামলার শিকার ‘এমভি কেপ দাও’ নামের বাল্ক ক্যারিয়ারের প্রধান প্রকৌশলী ছিলেন বাংলাদেশি আমান উল্লাহ। হামলার পর তাঁকে উদ্ধার করে ওমানের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন ও নিরাপদে আছেন বলে জানিয়েছেন তাঁর ছেলে সাকিব আমান।

আমান উল্লাহ মেরিন ফিশারিজ একাডেমির ১৫তম ব্যাচের সাবেক ক্যাডেট। তাঁর ছেলে সাকিব আমান বাংলাদেশ মেরিন একাডেমির ৫৩তম ব্যাচের ক্যাডেট।

সাকিব আমান জানান, বুধবার (২৩ সেপ্টেম্বর) জাহাজে হামলার দিন দুপুর ১টা ৬ মিনিটে তাঁর বাবা তাঁকে একটি অডিও বার্তা পাঠান। সেখানে তিনি বলেন, আব্বু, আব্বু, আমাদের জাহাজে মিসাইল অ্যাটাক হইছে। দোয়া করো আব্বু, দোয়া করো। হয়তো আর কমিউনিকেশন করতে পারব না, আব্বু।

অডিও বার্তায় তিনি আরও বলেন, সাবধানে থাইকো। আর দোয়া করো। আম্মুকে এই কথা বলার দরকার নাই। আম্মু খুব চিন্তা করবে।

বার্তা পাঠানোর পর বেশ কিছু সময় পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না। পরে পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে সাকিব আমান বলেন, কিছুক্ষণ আগে আব্বুর সঙ্গে কথা হয়েছে। এখন বাবা নিরাপদে আছে। বাবাসহ উদ্ধার হওয়া নাবিকদের জাহাজ থেকে সরিয়ে ওমানের হাসপাতালে নেওয়া হয়েছে।

সূত্র জানায়, ওই হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। জাহাজটিতে মোট ২০ জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে।