পাকিস্তানি নাগরিকদের জন্য কাতারে অন অ্যারাইভাল ট্যুরিস্ট ভিসার ঘোষণা দেয়া হয়েছে। এ ভিসায় দেশটিতে ৩০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন তারা। তবে ভিসা পেতে ফিরতি টিকিট, নির্দিষ্ট পরিমাণ অর্থের প্রমাণসহ বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। যাত্রার আগে হোটেল বুকিং ও স্বাস্থ্যবিমার ব্যবস্থাও সম্পন্ন করতে হবে।
গত রোববার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নাগরিকরা এখন কাতারে পৌঁছানোর পর ৩০ দিনের পর্যটন ভিসা নিতে পারবেন। তবে এ জন্য তাদের নির্দিষ্ট আর্থিক সামর্থ্য, প্রয়োজনীয় কাগজপত্র ও স্বাস্থ্যসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে। নির্ধারিত শর্ত সাপেক্ষে ভিসার মেয়াদ আরও ৩০ দিন বাড়ানো যাবে। এ ক্ষেত্রে নিশ্চিত ফিরতি টিকিট থাকতে হবে।
অবশ্য কাতারে অন অ্যারাইভাল ট্যুরিস্ট ভিসা নিতে ইচ্ছুক পাকিস্তানি নাগরিকদের দেশটিতে প্রবেশের সময়ই নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। এক্ষেত্রে দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং ও স্বাস্থ্যবিমার ব্যবস্থাও সম্পন্ন করতে হবে। ভিসার মেয়াদ হবে ৩০ দিন। প্রযোজ্য শর্ত পূরণ করলে একই মেয়াদে আরও একবার ভিসা বাড়ানো যাবে।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পাকিস্তানি আবেদনকারীদের নিচের শর্তগুলো পূরণ করতে হবে— আর্থিক সামর্থ্যের প্রমাণ হিসেবে বৈধ ক্রেডিট কার্ডে অন্তত ৫ হাজার কাতারি রিয়াল অথবা সমপরিমাণ অর্থ থাকতে হবে। নিশ্চিত ফিরতি টিকিট দেখাতে হবে। পাসপোর্টের মেয়াদ অন্তত ছয় মাস থাকতে হবে।
ভিসা ৩০ দিনের জন্য বৈধ থাকবে। পরে আরও ৩০ দিন বাড়ানো যাবে। তবে মেয়াদ বাড়ানোর আগে নিশ্চিত ফিরতি টিকিট থাকতে হবে। পাকিস্তান থেকে সরাসরি কাতারে আসা যাত্রীদের সঙ্গে পোলিও টিকা নেয়ার সনদ থাকতে হবে। এছাড়া ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রে স্বীকৃত প্রতিষ্ঠানের মাধ্যমে কেবল ব্যবসায়িক ভিসা দেয়ার কথাও বলা হয়েছে।
কাতারে যাওয়ার আগে যাত্রীদের হোটেল বুকিং ও স্বাস্থ্যবিমা করতে হবে। হোটেল বুক করতে হবে ডিসকভার কাতারের মাধ্যমে। আর অন্তত এক মাসের স্বাস্থ্যবিমা নিতে হবে, যার খরচ ৫০ কাতারি রিয়াল। কিউআইসি ও কিউএলএমসহ কয়েকটি প্রতিষ্ঠান থেকে এ বিমা নেয়া যাবে।