১২ নভেম্বর ২০২৬

বিশ্বকে চমকে দিয়ে নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন ইরানের

প্রকাশ: বুধবার, নভেম্বর ১১, ২০২৬
বিশ্বকে চমকে দিয়ে নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন ইরানের
টপ স্টোরিজ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার আবহে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনে নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স।

মঙ্গলবার (১০ নভেম্বর) নতুন এই সামরিক স্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ করা হয়। কয়েক সপ্তাহ যাবত ইরানের নেতারা ইঙ্গিত দিয়ে আসছিলেন যে, আগামীতে বিশ্বকে চমকে দেওয়ার মতো অস্ত্র উন্মোচন করবে তেহরান। নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন সেই বার্তারই অংশ হিসেবে মনে করা হচ্ছে।

ভিডিওতে বিভিন্ন ধরনের ব্যালিস্টিকম, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও সেগুলোর উৎক্ষেপণযান বা লঞ্চার দেখা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি ভূগর্ভস্থ স্থাপনাটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় ক্ষেপণাস্ত্র ইউনিট ও লঞ্চারগুলোর প্রস্তুতি এবং অভিযান পরিচালনার সক্ষমতা পর্যালোচনা করেন তারা।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাটির গভীরে সংরক্ষিত ও উৎপাদিত এসব উন্নত ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে চমকে দেবে এবং নিজেদের সক্ষমতার প্রমাণ দেবে।

এর আগে গত ৭ নভেম্বর আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি ঘোষণা দিয়েছিলেন, অ্যারোস্পেস ফোর্স সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীসহ বেশ কিছু সামরিক সক্ষমতা উন্মোচন করবে। মঙ্গলবারের এই আয়োজন সেই ঘোষণার ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।

মোহেব্বি বলেন, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স দ্রুত তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনব্যবস্থা ভূপৃষ্ঠের স্থাপনা থেকে ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নিয়েছে। শুধু অস্ত্র সংরক্ষণের জন্য নয়, মাটির অনেক গভীরে ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্যও বিশেষ অবকাঠামো গড়ে তোলা হয়েছে। ইরানের নিজস্ব প্রযুক্তিগত দক্ষতা, বিশাল ভূখণ্ড এবং নমনীয় উৎপাদন অবকাঠামোর কারণে তীব্র বোমাবর্ষণের মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হবে।

আইআরজিসির ১০টি বড় সামরিক সক্ষমতার দাবি

সংবাদ সম্মেলনে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের মুখাপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহেব্বি তাদের অর্জিত ১০টি প্রধান সামরিক সাফল্যের বিস্তারিত তুলে ধরেন।

দেশীয় মহাকাশ প্রযুক্তি: নিজস্ব বৈজ্ঞানিক উদ্ভাবনকে কাজে লাগিয়ে মহাকাশ প্রযুক্তিতে স্থানীয় সক্ষমতা অর্জিত হয়েছে। ফলে ইরান এখন অস্ত্র আমদানিকারক দেশ থেকে উন্নত সামরিক সরঞ্জামের স্বাবলম্বী উৎপাদক ও রপ্তানিকারক দেশে উন্নীত হয়েছে।

ব্যাপক উৎপাদন ও রপ্তানি: নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘শহীদ-১৩৬’ ড্রোন শিল্প পর্যায়ে বিপুল পরিমাণে উৎপাদন করা হচ্ছে, যা যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ অনুকরণ করতে বাধ্য হয়েছে। এর পাশাপাশি ‘আরমান’ ক্ষেপণাস্ত্র, ‘৩৫৮’ ড্রোন এবং ‘তৃতীয় খোরদাদ’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে বিদেশে রপ্তানি করা হচ্ছে।

সামরিক আত্মনির্ভরশীলতা: বিদেশি কোনো সরঞ্জাম, আমদানিকৃত যন্ত্রাংশ কিংবা শত্রুর জব্দ করা অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’-এর ওপর নির্ভর না করেই নিজস্ব ঘরানার বিশ্বমানের প্রযুক্তিকাঠামো দাঁড় করানো হয়েছে।

গোলাবর্ষণের মধ্যেও যুদ্ধ পরিচালনা: শত্রুপক্ষের তীব্র থেকে তীব্রতর গোলাবর্ষণ বা বোমাবর্ষণের মুখেও স্বল্প ও দূরপাল্লার হালকা এবং ভারী অস্ত্র ব্যবহারের মাধ্যমে অবিচল গতিতে অভিযান চালিয়ে যাওয়ার পূর্ণ সক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে।

শত্রুপক্ষের আকাশযান ধ্বংস: মোহেব্বির দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক উত্তেজনার সময় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স একাই অন্তত ২৬০টি শত্রু আকাশযান ধ্বংস ও প্রতিহত করেছে। এর মধ্যে এফ-৩৫, এফ-১৬, এফ-৫, এফ-১৮ যুদ্ধবিমান এবং এমকিউ-১, আরকিউ-৪, অরবিটার ও লুকাসের মতো অত্যাধুনিক ড্রোন রয়েছে।

নমনীয় যুদ্ধকালীন উৎপাদন: প্রচণ্ড বোমাবর্ষণের মধ্যেও যাতে অস্ত্র উৎপাদন ব্যাহত না হয়, সেজন্য এমন একটি নমনীয় উৎপাদনকাঠামো তৈরি করা হয়েছে যা যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও চালু রাখা সম্ভব।

স্টিলেথ ও রাডার-অদৃশ্য প্রযুক্তি: রাডার ক্রস-সেকশন (আরসিএস) নাটকীয়ভাবে হ্রাস করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে রাডারে অদৃশ্য রাখার বা স্টিলেথ প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর ফলে এসব অস্ত্র আমেরিকার ‘থাড’ কিংবা ‘প্যাট্রিয়ট’ -এর মতো শক্তিশালী বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে পুরোপুরি অকার্যকর করে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।

কৌশলগত প্রতিরোধ ব্যবস্থা: শত্রুর মূল সামরিক ও প্রযুক্তিগত অবকাঠামোয়, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা প্রসেসিং সেন্টারে প্রতিশোধমূলক আঘাত হানার পূর্ণ প্রস্তুতি রাখা হয়েছে, যা শত্রুপক্ষকে নতুন কোনো আগ্রাসনের আগে বারবার চিন্তা করতে বাধ্য করবে।

বিজ্ঞান ও শিল্পের সমন্বয়: দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, গবেষণাগার এবং শিল্পপ্রতিষ্ঠানের সাথে সামরিক কাঠামোর সরাসরি সমন্বয় ঘটিয়ে অস্ত্র প্রযুক্তির বিকাশ ত্বরান্বিত করা হয়েছে।

ভবিষ্যতের চমকপ্রদ প্রযুক্তি: মোহেব্বি গোপন রাখা কিছু নতুন সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে বলেন, শত্রুপক্ষ যদি ‘তৃতীয় ধাপে’ কোনো সামরিক ভুল করে বা সংঘাত বাড়ায়, তবে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া সেসব নতুন প্রযুক্তি সামনে আনা হবে।

পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরে নৌযানে হামলা, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল এবং ইউক্রেন যুদ্ধের ক্রমবর্ধমান টানাপোড়েনের মধ্যে ইরানের নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন ওয়াশিংটন ও তেল আবিবের ওপর নতুন করে সামরিক ও কৌশলগত চাপ তৈরি করেছে।

ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, নাবিক নিহত

প্রকাশ: মঙ্গলবার, নভেম্বর ০৩, ২০২৬
ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, নাবিক নিহত
টপ স্টোরিজ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ওমান উপকূলে ভারতের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। ‘আল জুসুফি’ নামের বহুমুখী সহায়তাকারী জাহাজটিতে ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। হামলার পর ওমানের কোস্টগার্ড ১৩ জনকে নিরাপদে উদ্ধার করেছে।

ভারতের কেন্দ্রীয় জাহাজ পরিবহণ ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, গত ২ নভেম্বর ওমান উপকূল দিয়ে চলার সময় জাহাজটিতে অজ্ঞাত আকাশযান থেকে হামলা চালানো হয়। এতে আহত হয়ে মারা যান গুজরাটের বাসিন্দা নাবিক গন্ধর নাহিম আজিজ।

পোস্টে সোনোয়াল লেখেন, ‘ওমান উপকূলের কাছে চলাচলের সময় ভারতের পতাকাবাহী এমএসভি আল জুসুফিতে অজ্ঞাত একটি আকাশযান আঘাত হানে। জাহাজটিতে ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। ওমানের কোস্টগার্ড ১৩ জনকে নিরাপদে উদ্ধার করেছে। তবে গুজরাটের নাবিক গন্ধর নাহিম আজিজের আহত অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।’

নিহত নাবিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রী বলেন, উদ্ধার হওয়া ১৩ নাবিককে তাৎক্ষণিক সহায়তা দিতে দেশটির জাহাজ চলাচল মন্ত্রণালয় ও ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। জীবিত নাবিকদের দ্রুত দেশে ফেরানো এবং নিহত ব্যক্তির মরদেহ প্রত্যাবাসনের ব্যবস্থাও করা হচ্ছে।

তবে জাহাজটিতে কারা হামলা চালিয়েছে কিংবা কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার মধ্যে ঘটল। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর থেকে এসব হামলা বেড়েছে। এতে উপসাগরীয় জলসীমায় চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে জ্বালানি সরবরাহেও সংকট দেখা দিয়েছে। এর সঙ্গে বাণিজ্যিক জাহাজে হামলা আন্তর্জাতিক অর্থনীতি ও সমুদ্রপথে পণ্য পরিবহনের ঝুঁকি আরও বাড়িয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপসাগরীয় জলসীমায় জাহাজ ও ট্যাংকারে হামলার ঘটনায় অন্তত ২২ জন ভারতীয় নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন নাবিক।

সূত্র : এনডিটিভি

৪৮ বছর পর ঐতিহাসিক সফরে চীনে ওমানের সুলতান হাইথাম

প্রকাশ: সোমবার, নভেম্বর ০২, ২০২৬
৪৮ বছর পর ঐতিহাসিক সফরে চীনে ওমানের সুলতান হাইথাম
টপ স্টোরিজ

৪৮ বছর পর প্রথমবারের মতো চীন সফরে গেছেন ওমানের কোনো রাষ্ট্রপ্রধান। রবিবার (১ নভেম্বর) বেইজিংয়ে পৌঁছেছেন দেশটির সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ। ১৯৭৮ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এটিই ওমানের কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম চীন সফর।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএনের প্রতিবেদন অনুযায়ী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে এ রাষ্ট্রীয় সফরে গেছেন সুলতান হাইথাম। সোমবার (২ নভেম্বর) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন প্রেসিডেন্ট শি জিনপিং।

১৯৭৮ সালের মে মাসে চীন ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৪৮ বছর পর সুলতানের এই সফর দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতার গুরুত্ব তুলে ধরছে বলে জানিয়েছে মাস্কাট টাইমস।

এমন এক সময়ে সফরটি অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত চলছে। গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে।

জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রেও চীনের গুরুত্বপূর্ণ অংশীদার ওমান। দেশটি চীনের অপরিশোধিত তেলের পঞ্চম বৃহত্তম সরবরাহকারী। আরব দেশগুলোর মধ্যে চীনের চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক অংশীদারও ওমান।

২০২৪ সালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৩৬ দশমিক ৭৩ বিলিয়ন মার্কিন ডলার। সুলতানের এই সফরকে কেন্দ্র করে দুই দেশের বিদ্যমান সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

হরমুজের কাছে জাহাজে হামলা, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

প্রকাশ: রবিবার, নভেম্বর ০১, ২০২৬
হরমুজের কাছে জাহাজে হামলা, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান
টপ স্টোরিজ

হরমুজ প্রণালির কাছে ওমানের মুসান্দাম উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলার পর আগুন ধরে যায়। জাহাজটিতে থাকা ২৫ নাবিককে উদ্ধার করেছে ওমানের নৌবাহিনী।

গতকাল শুক্রবার দেশটির মেরিটাইম সিকিউরিটি সেন্টার এ তথ্য জানিয়েছে।

পানামার পতাকাবাহী জাহাজটি মুসান্দাম উপকূল থেকে ১ দশমিক ৬ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে হামলার শিকার হয়। হামলার পর জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ে। মেরিটাইম সিকিউরিটি সেন্টারের সঙ্গে সমন্বয় করে নৌবাহিনী উদ্ধার অভিযান চালায়। উদ্ধার করা নাবিকদের পরে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়।

এদিকে হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজ আটকে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বাহিনীটির ভাষ্য, জাহাজগুলো অনুমোদনহীন পথে প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, জাহাজ তিনটি নিজেদের শনাক্তকরণ ও অবস্থান নির্ণয়ব্যবস্থা বন্ধ রেখেছিল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সহায়তায় তারা অনুমোদনহীন পথে চলছিল। এ সময় কয়েকবার বেতারবার্তা পাঠিয়ে জাহাজগুলোকে সতর্ক করা হয়। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করে তারা চলাচল অব্যাহত রাখে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট পথ নির্ধারণ করেছে ইরান। তেহরান জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে ওই পথ ব্যবহার করতে হবে। ওমান উপকূলের কাছের দক্ষিণ দিকের একটি জলপথকে অনুমোদনহীন হিসেবে বিবেচনা করছে ইরান।

জাহাজে হামলার আরেকটি ঘটনার কথা জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও। গতকাল সংস্থাটি জানায়, ইরানের লাভান দ্বীপের দক্ষিণে ৪০ নটিক্যাল মাইল দূরে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে এর নাবিকেরা নিরাপদে রয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে আসছে ইরান। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো।

ইরানের এ পদক্ষেপের জবাবে দেশটির বন্দরগুলোয় অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে ইরানের তেল রপ্তানি ও বাণিজ্য আরো সীমিত হয়ে পড়েছে।

সামরিক মহড়া ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য-ওমান

প্রকাশ: শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
সামরিক মহড়া ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য-ওমান
টপ স্টোরিজ

যুক্তরাজ্য ও ওমান প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, পরিবেশবান্ধব শিল্প এবং নতুন প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছে।

এ তথ্য শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, যা ওমানের সুলতান হাইথাম বিন তারিকের যুক্তরাজ্য সফরের প্রেক্ষাপটে প্রকাশিত হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দুই দেশ তাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্ব্যক্ত করে একটি ‘উচ্চাভিলাষী ও ভবিষ্যৎমুখী অংশীদারত্ব’ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে। চলতি সপ্তাহে যুক্তরাজ্যে রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আসেন ওমানের সুলতান।

লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে বুধবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ও সুলতান হাইথাম দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন।

আলোচনা চলাকালে প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক আধুনিকায়ন, উন্নত শিল্প খাতে বিনিয়োগ বৃদ্ধি, আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং জনগণের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

দুই দেশ সামরিক সহযোগিতা ও প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব সম্প্রসারণের প্রতিশ্রুতি প্রদান করেছে। এ ক্ষেত্রে ‘সাইফ সারিয়া’ সামরিক মহড়া সিরিজকে দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিবৃতিতে সাইফ সারিয়া-৪ মহড়ার প্রস্তুতিকে স্বাগত জানিয়ে সামরিক সক্ষমতা উন্নয়ন, পরীক্ষা-নিরীক্ষা, নতুন কৌশল যাচাই এবং সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক তথ্য বিনিময়ে আরও সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখার বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ।

এছাড়া, যুক্তরাজ্য ও ওমান সাইবার নিরাপত্তা এবং জাতীয় সংকট মোকাবিলার সক্ষমতা বৃদ্ধির জন্য সহযোগিতা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে।

ওমান উপকূলে জাহাজে হামলা, রক্ষা পেলেন বাংলাদেশি চিফ ইঞ্জিনিয়ার

প্রকাশ: শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
ওমান উপকূলে জাহাজে হামলা, রক্ষা পেলেন বাংলাদেশি চিফ ইঞ্জিনিয়ার
টপ স্টোরিজ

সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতের উদ্দেশে যাওয়ার পথে ওমান উপকূলে হামলার শিকার ‘এমভি কেপ দাও’ নামের বাল্ক ক্যারিয়ারের প্রধান প্রকৌশলী ছিলেন বাংলাদেশি আমান উল্লাহ। হামলার পর তাঁকে উদ্ধার করে ওমানের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন ও নিরাপদে আছেন বলে জানিয়েছেন তাঁর ছেলে সাকিব আমান।

আমান উল্লাহ মেরিন ফিশারিজ একাডেমির ১৫তম ব্যাচের সাবেক ক্যাডেট। তাঁর ছেলে সাকিব আমান বাংলাদেশ মেরিন একাডেমির ৫৩তম ব্যাচের ক্যাডেট।

সাকিব আমান জানান, বুধবার (২৩ সেপ্টেম্বর) জাহাজে হামলার দিন দুপুর ১টা ৬ মিনিটে তাঁর বাবা তাঁকে একটি অডিও বার্তা পাঠান। সেখানে তিনি বলেন, আব্বু, আব্বু, আমাদের জাহাজে মিসাইল অ্যাটাক হইছে। দোয়া করো আব্বু, দোয়া করো। হয়তো আর কমিউনিকেশন করতে পারব না, আব্বু।

অডিও বার্তায় তিনি আরও বলেন, সাবধানে থাইকো। আর দোয়া করো। আম্মুকে এই কথা বলার দরকার নাই। আম্মু খুব চিন্তা করবে।

বার্তা পাঠানোর পর বেশ কিছু সময় পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না। পরে পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে সাকিব আমান বলেন, কিছুক্ষণ আগে আব্বুর সঙ্গে কথা হয়েছে। এখন বাবা নিরাপদে আছে। বাবাসহ উদ্ধার হওয়া নাবিকদের জাহাজ থেকে সরিয়ে ওমানের হাসপাতালে নেওয়া হয়েছে।

সূত্র জানায়, ওই হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। জাহাজটিতে মোট ২০ জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে।