সৌদি আরব ও ফ্রান্স প্রতিরক্ষা সহযোগিতা জোরদারসহ বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), পর্যটন, অবকাঠামো ও সংস্কৃতি খাতে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে।
গত সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সফরকালে প্রথমবারের মতো ফ্রাঙ্কো-সৌদি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরই এসব চুক্তি সই করা হয়।
স্বাক্ষরিত নতুন এ চুক্তির লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি ও সংশ্লিষ্ট প্রতিরক্ষা শিল্প এবং দু’দেশের প্রতিরক্ষা সক্ষমতার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা। পাশাপাশি সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রশিক্ষণ এবং সামরিক শিক্ষায় বিশেষজ্ঞ জ্ঞান বিনিময় সহজতর করা।
এচাড়া প্রাচীন মরূদ্যান শহর আলউলা উন্নয়ন ও সংরক্ষণে বিদ্যমান সহযোগিতা চুক্তিও সংশোধন ও সম্প্রসারণ করেছে দুই দেশ। নতুন চুক্তির আওতায় ২০৩৫ সাল পর্যন্ত সহযোগিতা অব্যাহত থাকবে। প্রত্নতত্ত্ব, সাংস্কৃতিক উদ্যোগ, প্রশিক্ষণ, পর্যটন, উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং আলউলার জীবমণ্ডল সংরক্ষণে নতুন সুযোগ তৈরি হবে।
এ ছাড়া প্যারিস অঞ্চলের সার্জি-পন্তোয়াজ শহরে কিদ্দিয়া বিনিয়োগ প্রকল্পের জন্য ৬ বিলিয়ন ইউরো বা প্রায় ৭ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি হয়েছে। প্রকল্পটির আওতায় তিনটি থিম ও বিনোদন পার্ক, আবাসন, রেস্তোরাঁ এবং অন্যান্য স্থাপনা গড়ে তোলার কথা রয়েছে। এতে প্রায় ২২ হাজার কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তিতে সহযোগিতার কাঠামো তৈরিতেও একটি সমঝোতা স্মারক সই করেছে সৌদি আরব ও ফ্রান্স।
দুই দেশের ব্যবসায়িক ফোরামেও বেশ কয়েকটি চুক্তি হয়েছে। এর মধ্যে জেদ্দা ইসলামিক বন্দরের টার্মিনাল-৪ উন্নয়নে ৪৩৪ মিলিয়ন ইউরো বিনিয়োগের চুক্তি করেছে ফরাসি শিপিং কোম্পানি সিএমএ সিজিএম ও রেড সি গেটওয়ে টার্মিনাল।
রিয়াদ মেট্রোর ৩ ও ৬ নম্বর লাইনের জন্য অতিরিক্ত ট্রেন সরবরাহে ফরাসি প্রতিষ্ঠান আলস্টমকে ৫০০ মিলিয়ন ইউরোর চুক্তি দেওয়ার পাশাপাশি নতুন ৭ নম্বর লাইনের ট্রেন সংযোজন কারখানা সৌদি আরবে স্থাপনে বিনিয়োগের বিষয়েও চুক্তি হয়েছে।
ফরাসি পারমাণবিক জ্বালানি কোম্পানি ওরানো ও সৌদি খনি কোম্পানি মাআদেন প্রযুক্তি উন্নয়ন ও কৌশলগত সহযোগিতার বিষয়ে সমঝোতা করেছে। ফরাসি এআই কোম্পানি মিস্ত্রাল এআই এবং সৌদি এআই কোম্পানি হিউমেইনও কম্পিউটিং সক্ষমতা, এআই মডেল তৈরি ও বাণিজ্যিকীকরণে দীর্ঘমেয়াদি সহযোগিতার কাঠামো গড়তে সম্মত হয়েছে।
এছাড়া সৌদি এনার্জির বিভিন্ন প্রকল্পে সর্বোচ্চ ৩ বিলিয়ন ডলার এবং রিয়াদ মেট্রো, আলউলার শারান হোটেল ও অন্যান্য প্রকল্পে প্রায় ৫ বিলিয়ন ডলারের অর্থায়নের ব্যবস্থা করেছে ফরাসি রাষ্ট্রীয় সংস্থা বিপিফ্রান্স অ্যাসুরেন্স এক্সপোর্ট।
সৌদি এয়ারলাইনসের জন্য চারটি এয়ারবাস উড়োজাহাজ কেনার অর্থায়ন নিয়েও সৌদি গ্রুপ, সৌদি এক্সিম ব্যাংক ও ক্রেডিট অ্যাগ্রিকোল সিআইবি সমঝোতা স্মারক সই করেছে।
এদিকে ২০৩০ সালের রিয়াদ এক্সপো ও ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ সামনে রেখে আন্তর্জাতিক আয়োজন পরিচালনায় অভিজ্ঞতা বিনিময়ের জন্য আতু ফ্রান্স ও এক্সপো ২০৩০ রিয়াদ কোম্পানিও সমঝোতা করেছে।
দুই দেশের মধ্যে সরাসরি বিনিয়োগ বাড়ানো ও সহজ করতে সৌদি বিনিয়োগমন্ত্রী ফাহাদ বিন আবদুল জলিল আল-সাইফ এবং ফরাসি অর্থমন্ত্রী রোলাঁ ল্যস্কুরও একটি সমঝোতা স্মারক সই করেছেন। এতে বিনিয়োগের সুযোগ, কৌশলগত প্রকল্প ও সংশ্লিষ্ট বিধিবিধান নিয়ে তথ্য বিনিময় এবং বিনিয়োগকারীদের সহায়তার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্র: আরব নিউজ ও আল জাজিরা