সৌদি আরবের আল-বাহা অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খননকাজে প্রায় ১ হাজার ৩০০ বছরের পুরোনো একটি প্রাচীন মসজিদ আবিষ্কৃত হয়েছে।
প্রথম হিজরি শতাব্দীর এই মসজিদটি আবিষ্কারের ফলে সৌদি আরবে প্রারম্ভিক ইসলামী স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শনের ক্ষেত্রে এক নতুন অধ্যায় উন্মোচিত হয়েছে বলে মনে করছেন গবেষকরা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সম্পূর্ণ গ্রানাইট পাথরে নির্মিত এই মসজিদটিতে প্রাচীন ইসলামী স্থাপত্যের নান্দনিক ও সুনির্দিষ্ট বেশ কিছু নিদর্শন পাওয়া গেছে।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো—একটি স্পষ্ট মিহরাব, মসজিদে প্রবেশের জন্য তিনটি আলাদা প্রবেশপথ, একটি সম্ভাব্য মিনার এবং বেশ কিছু প্রাচীন আরবি শিলালিপি।
এই শিলালিপি ও গঠনশৈলী থেকেই মসজিদটি প্রথম শতাব্দীর অর্থাৎ ইসলামের শুরুর দিকের বলে নিশ্চিত করেছেন প্রত্নতাত্ত্বিকরা।
ঐতিহাসিক ও গবেষকদের মতে, এই প্রাচীন মসজিদটি সৌদি আরবে প্রাথমিক ইসলামী যুগের নির্মাণশৈলী এবং জনবসতির বিস্তৃতি সম্পর্কে জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক দলিল হিসেবে কাজ করবে।