২৭ জুন ২০২৬

৫ বছরে বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে নিট মুনাফা ১৬৪ কোটি টাকা

প্রকাশ: বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
৫ বছরে বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে নিট মুনাফা ১৬৪ কোটি টাকা

দেশের প্রথম উপগ্রহ ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ থেকে গত পাঁচ অর্থবছরে মোট ১৬৩ কোটি ৯৭ লাখ টাকা নিট মুনাফা অর্জিত হয়েছে। এই সময়ে স্যাটেলাইটটির বাণিজ্যিক ব্যবহারের মাধ্যমে সর্বমোট রাজস্ব আয় হয়েছে ৭৬৪ কোটি ১০ লাখ টাকা।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই পরিসংখ্যান তুলে ধরেন।

সংসদে উপস্থাপিত বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)-এর আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে স্যাটেলাইটটি থেকে ৮৪ কোটি ২৫ লাখ টাকা নিট মুনাফা হয়। পরের ২০২১-২২ অর্থবছরে মুনাফা ছিল ৮৫ কোটি ২৯ লাখ টাকা। তবে ২০২২-২৩ অর্থবছরে ৭৩ কোটি ৫৭ লাখ টাকা নিট লোকসান দেখায় সংস্থাটি। এরপর ২০২৩-২৪ অর্থবছরে ২৯ কোটি ৬৪ লাখ এবং ২০২৪-২৫ অর্থবছরে ৩৮ কোটি ৩৬ লাখ টাকা নিট মুনাফা অর্জিত হয়।

২০২২-২৩ অর্থবছরে লোকসানের কারণ ব্যাখ্যা করে মন্ত্রী জানান, ওই বছরের ৩০ জুন স্যাটেলাইটের সম্পত্তি বিএসসিএল-এর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তরিত হয়। ফলে ওই সময় থেকে হিসাবরক্ষণ প্রক্রিয়ায় ‘অবচয়মূল্য’ (Depreciation) অন্তর্ভুক্ত করার কারণে কাগজে-কলমে লোকসান দেখা দিলেও পরবর্তী বছরগুলোতে সংস্থাটি আবার মুনাফায় ফিরেছে।


বর্তমানে এই স্যাটেলাইটের মাধ্যমে দেশের সব সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার, ডিটিএইচ (DTH) ও ভি-স্যাট সেবা প্রদান করা হচ্ছে। এ ছাড়াও বিদেশে ব্যান্ডউইথ বিক্রি এবং জরুরি টেলিযোগাযোগ সেবা প্রদানের মাধ্যমে এটি অর্থনীতিতে অবদান রাখছে।

দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্পের যৌক্তিকতা নিয়ে সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ‘বাংলাদেশ স্যাটেলাইট-২’ মূলত একটি ‘আর্থ অবজারভেশন স্যাটেলাইট’ বা পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ হিসেবে তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষি, মৎস্য সম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও সমুদ্রসীমায় জাহাজের অবস্থান শনাক্তকরণসহ সামগ্রিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার হবে।

মন্ত্রী আরও জানান, এই প্রকল্পটি যেন ফলপ্রসূ হয়, সে জন্য বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী একটি নতুন সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে বিশ্বের তিনটি স্বনামধন্য স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান এই প্রকল্পে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। তাদের প্রস্তাবনাগুলো বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। সম্ভাব্যতা যাচাইয়ের ফলাফল পাওয়ার পরই এই প্রকল্পের চূড়ান্ত কার্যক্রম শুরু হবে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি নথিপত্রে এই উপগ্রহের নাম ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’-এর পরিবর্তে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ হিসেবে উল্লেখ করা হচ্ছে। মন্ত্রীও তার জবাবে এই নতুন নাম ব্যবহার করেন।

ওয়াই-ফাই রাউটারে ইন্টারনেট স্পিড বাড়ানোর সহজ উপায়

প্রকাশ: বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
ওয়াই-ফাই রাউটারে ইন্টারনেট স্পিড বাড়ানোর সহজ উপায়

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে উচ্চগতির ইন্টারনেট কোনো বিলাসিতা নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনযাত্রার এক অপরিহার্য অনুষঙ্গে পরিণত হয়েছে। অনলাইন মিটিং, অনলাইন ক্লাস, ভিডিও স্ট্রিমিং কিংবা সাধারণ ব্রাউজিং—সবকিছুর জন্যই একটি নির্ভরযোগ্য ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের বিকল্প নেই। কিন্তু অনেক সময়ই দেখা যায়, চড়া মূল্য চুকিয়ে বেশ ভালো গতির ব্রডব্যান্ড প্যাকেজ ব্যবহার করার পরেও কাঙ্ক্ষিত স্পিড বা গতি পাওয়া যায় না।

ফেসবুকে আমাদের সাথে থাকুন

ইন্টারনেট ডাউন বা ধীরগতির এমন বিরক্তিকর পরিস্থিতিতে কোনো বড় ধরনের খরচ ছাড়াই কিছু সহজ ও কার্যকর কৌশল অবলম্বন করে ইন্টারনেটের কার্যকারিতা এবং গতি বহুলাংশে বাড়িয়ে নেওয়া সম্ভব।

ইন্টারনেটের গতি কমে যাওয়ার পেছনে অন্যতম প্রধান যে কারণটি কাজ করে, তা হলো ওয়াই-ফাই রাউটারটি ঘরের ঠিক কোন জায়গায় স্থাপন করা হয়েছে। অনেকেই রাউটারকে আলমারি, টিভির পেছন বা মোটা দেয়ালের পাশে রাখেন, যা ওয়াই-ফাই সিগন্যালের পথে বাধা সৃষ্টি করে। ফলে সংযোগ দুর্বল হয়ে যায় এবং ইন্টারনেটের গতি কমে যেতে পারে। তাই রাউটার এমন জায়গায় রাখা উচিত, যেখানে চারপাশ খোলা থাকে এবং সিগন্যাল সহজে ছড়িয়ে পড়তে পারে।

দেশ-বিদেশের খবর হোয়াটসঅ্যাপে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে

রাউটারটি মাসের পর মাস দিন-রাত ২৪ ঘণ্টা একটানা চালু থাকার কারণে এর অভ্যন্তরীণ প্রসেসর ও মেমোরির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, যা ডিভাইসটির সার্বিক কর্মক্ষমতা কমিয়ে দেয়। তাই নির্দিষ্ট সময় পরপর রাউটার বন্ধ করে পর কয়েক মিনিট অপেক্ষা করে পুনরায় চালু করলে এর ক্যাশ মেমোরি পরিষ্কার হয় এবং অনেক ক্ষেত্রে ধীরগতির সমস্যা দূর হয়।

রাউটারের অবস্থানও ইন্টারনেটের মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাসার এক কোণে রাউটার স্থাপন করলে দূরের কক্ষগুলোতে সিগন্যাল দুর্বল হয়ে যেতে পারে। তাই ঘরের কেন্দ্রীয় স্থানে রাউটার রাখার পরামর্শ দেওয়া হয়, যাতে পুরো বাসায় তুলনামূলকভাবে সমান সিগন্যাল পৌঁছায়।

যদি এসব পদ্ধতিতেও সমস্যার সমাধান না হয়, অন্যান্য উপায়েও ইন্টারনেটের গতি বাড়ানো সম্ভব। প্রয়োজন হলে রাউটারের রিসেট অপশন ব্যবহার করা যেতে পারে। অধিকাংশ রাউটারে একটি ছোট রিসেট বাটন থাকে, যা চেপে ধরলে ডিভাইসটি ডিফল্ট সেটিংসে ফিরে যায়। এতে অনেক প্রযুক্তিগত ত্রুটি দূর হতে পারে। তবে রিসেট করার পর পুনরায় নেটওয়ার্ক সেটআপ করতে হবে।

এ ছাড়া রাউটারের সফটওয়্যার বা ফার্মওয়্যার নিয়মিত হালনাগাদ রাখা প্রয়োজন। নির্মাতা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা ও কর্মক্ষমতা উন্নত করতে নিয়মিত আপডেট প্রকাশ করে। পুরোনো সফটওয়্যার ব্যবহার করলে ইন্টারনেটের গতি ও স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সব মিলিয়ে, ধীরগতির ইন্টারনেট মানেই যে নতুন বা আরও ব্যয়বহুল প্যাকেজ নিতে হবে, তা নয়। অনেক ক্ষেত্রে রাউটারের সঠিক ব্যবহার, অবস্থান পরিবর্তন, পুনরায় চালু করা, রিসেট করা কিংবা নিয়মিত আপডেটের মাধ্যমে সংযোগের গুণগত মান উল্লেখযোগ্যভাবে উন্নত করা সম্ভব।

পথের সঙ্গী গুগল ম্যাপস

প্রকাশ: রবিবার, জুন ২১, ২০২৬
পথের সঙ্গী গুগল ম্যাপস

প্রযুক্তিনির্ভর এই যুগে গুগল ম্যাপস শুধু একটি নেভিগেশন টুল নয়; বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। অনলাইন বা অফলাইন যেকোনোভাবেই এখন গুগল ম্যাপ ব্যবহার করা যায়।

অফলাইন ম্যাপস

গুগল ম্যাপস ডাউনলোড করেও অফলাইনে ব্যবহার করা যায়। আপনাকে নেটওয়ার্ক সংযোগ ছাড়াই পথনির্দেশনা পেতে সহায়তা করে।

লাইভ ট্রাফিক আপডেট

গুগল ম্যাপস রিয়েল-টাইম ট্রাফিক আপডেট দিয়ে থাকে। এটি আপনাকে জানান দেবে কোন রাস্তায় যানজট বেশি এবং কোন পথে দ্রুত পৌঁছানো সম্ভব।

স্ট্রিট ভিউ

স্ট্রিট ভিউ ফিচার ব্যবহার করে নির্দিষ্ট এলাকার রাস্তা ও ভবনগুলোর ৩৬০ ডিগ্রি দৃশ্য দেখা যায়, যা বিশেষ করে নতুন জায়গায় যাওয়ার ক্ষেত্রে ভীষণ সহায়ক।
রুট নির্বাচন

আপনি যখন গন্তব্য নির্ধারণ করেন, গুগল ম্যাপস তখন একাধিক রুট পর্যালোচনা করে দ্রুততম এবং কম যানবাহনেপূর্ণ পথ দেখাবে।

রিয়েল-টাইম লোকেশন শেয়ারিং

আপনার লাইভ লোকেশন বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ার করতে পারবেন, যাতে তারা সহজে আপনাকে ট্র্যাক করতে পারে।

ভয়েস নেভিগেশন

চলাচলের সময় মোবাইল ফোনের স্ক্রিনে না তাকিয়েও গুগল ম্যাপসের ভয়েস নেভিগেশন ফিচারের মাধ্যমে নির্দেশনা শোনা যায়।

পাবলিক ট্রান্সপোর্ট তথ্য

বিভিন্ন বাস, ট্রেন ও অন্যান্য গণপরিবহনের রুট ও সময়সূচির তথ্য গুগল ম্যাপসে পাওয়া যায়, যা শহরের মধ্যে যাতায়াত সহজ করে তোলে।

নিকটবর্তী স্থানের সন্ধান

কাছাকাছি রেস্টুরেন্ট, ক্যাফে, হোটেল, দোকানসহ অন্যান্য প্রয়োজনীয় স্থান খুঁজে বের করতে গুগল ম্যাপস অত্যন্ত কার্যকর।

হাত দেখে ভবিষ্যৎ বলছে চ্যাটজিপিটি! সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এআই ট্রেন্ড

প্রকাশ: বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
হাত দেখে ভবিষ্যৎ বলছে চ্যাটজিপিটি! সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এআই ট্রেন্ড

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তারের সঙ্গে সঙ্গে মানুষের আগ্রহও বাড়ছে নতুন নতুন ব্যবহারে। চাকরির ভবিষ্যৎ নিয়ে যখন বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে, ঠিক তখনই ভিন্ন এক কারণে আলোচনায় এসেছে ChatGPT।

সম্প্রতি অনেক ব্যবহারকারী নিজেদের ভবিষ্যৎ জানার জন্য এই এআই চ্যাটবটের দ্বারস্থ হচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দেখা যাচ্ছে, ব্যবহারকারীরা নিজের হাতের ছবি আপলোড করে জ্যোতিষীর মতো বিশ্লেষণ পাচ্ছেন—যা নতুন এক কৌতূহল তৈরি করেছে।

OpenAI সম্প্রতি তাদের উন্নত ইমেজ মডেল উন্মুক্ত করেছে, যার মাধ্যমে ছবি বিশ্লেষণ করে বিস্তারিত ভিজ্যুয়াল ব্যাখ্যা দেওয়া সম্ভব। এই প্রযুক্তি ব্যবহার করে অনেকে হাতের রেখা বিশ্লেষণ করাচ্ছেন।

এআই মডেলটি হাতের ছবিতে বিভিন্ন রেখা শনাক্ত করে, সেখানে চিহ্ন বসিয়ে সম্ভাব্য ব্যাখ্যা তুলে ধরছে। অনেক ক্ষেত্রে ব্যক্তিত্ব, সম্পর্ক এমনকি ভবিষ্যৎ জীবন নিয়েও মন্তব্য যুক্ত করা হচ্ছে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে কোনো পেশাদার জ্যোতিষীর অংশগ্রহণ ছাড়াই।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এ ধরনের বিশ্লেষণকে নির্ভুল ভবিষ্যদ্বাণী হিসেবে গ্রহণ করার সুযোগ নেই। কারণ, এআই সাধারণত এমন ভাষা ব্যবহার করে, যা অধিকাংশ মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য মনে হয়। ‘উদ্যমী’, ‘সংবেদনশীল’ বা ‘চিন্তাশীল’—এ ধরনের সাধারণ বৈশিষ্ট্য ব্যবহার করে ব্যবহারকারীদের সঙ্গে সহজেই মিল তৈরি করা হয়।

যদিও এই ফিচারের বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে প্রশ্ন রয়েছে, অনেকেই এটিকে বিনোদন হিসেবেই দেখছেন। দৃষ্টিনন্দন উপস্থাপনা ও সহজবোধ্য ব্যাখ্যার কারণে এটি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্রযুক্তিকে বাস্তব ভবিষ্যদ্বাণী হিসেবে না দেখে কেবল কৌতূহল বা বিনোদনের মাধ্যম হিসেবে গ্রহণ করাই যুক্তিযুক্ত।

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন

প্রকাশ: বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একই সঙ্গে প্রযুক্তি জায়ান্ট বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে লড়াইয়ে অন্য যেকোনও দেশের চেয়ে এক ধাপ এগিয়ে গিয়ে তিনি গেমিং এবং লাইভ-স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, স্ন্যাপচ্যাট, টিকটক, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম এবং অপরিচিতদের সঙ্গে শিশুদের যোগাযোগের সুযোগ করে দেওয়া গেমিং সাইটগুলোর বিরুদ্ধে এসব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন স্টারমার। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‌এই আমূল পরিবর্তন শিশুদের ‌‌‘‘শৈশব ফিরিয়ে দেবে।’’

তিনি বলেন, আমার কাছে এটি পরিষ্কার, সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করাই সঠিক সিদ্ধান্ত। স্টারমার বলেন, ‘‘এটি বিশাল পরিবর্তন নিয়ে আসবে। এটি আমাদের সন্তানদের আরও নিরাপদ ও সুখী করবে, তাদের আরও বেশি সময় ও নিরাপত্তা, বড় হয়ে ওঠার জন্য আরও স্বাধীনতা এবং আরও বেশি সুযোগ তৈরি করে দেবে।’’

তবে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞরা এই ঢালাও নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। স্টারমার নিজেও স্বীকার করেছেন, এই ধরনের বিধিনিষেধ পুরোপুরি কার্যকর করা কঠিন হবে।

এক মুসলিম গণিতবিদের নাম যেভাবে বদলে দিল আধুনিক প্রযুক্তি

প্রকাশ: বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
এক মুসলিম গণিতবিদের নাম যেভাবে বদলে দিল আধুনিক প্রযুক্তি

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ ধারণাগুলোর একটি হলো অ্যালগরিদম শব্দের ইতিহাস। আমরা প্রতিদিন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করি, তথ্য অনুসন্ধান করি, ভিডিও দেখি কিংবা বিভিন্ন ডিজিটাল সেবা গ্রহণ করি। এসব ক্ষেত্রেই অদৃশ্যভাবে কাজ করে অ্যালগরিদম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই বহুল ব্যবহৃত শব্দটির শিকড় লুকিয়ে আছে এক মুসলিম গণিতবিদের নামের মধ্যে। অ্যালগরিদম শব্দের ইতিহাস জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে প্রায় বারোশ বছর আগের ইসলামি জ্ঞানচর্চার স্বর্ণযুগে, যেখানে একজন অসাধারণ মনীষীর অবদান আধুনিক বিশ্বের প্রযুক্তিগত ভিত্তি গড়ে দিয়েছিল।

বর্তমান সময়ে অ্যালগরিদম শব্দটি শুধু প্রযুক্তি নয়, সমাজ, অর্থনীতি, শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থার সঙ্গেও গভীরভাবে জড়িয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা কোন সংবাদ দেখব, কোন ভিডিও আমাদের সামনে আসবে কিংবা কোন বিষয়ে আগ্রহী হব—এসব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যালগরিদম। অনেকের কাছে অ্যালগরিদম এখন রহস্যময় একটি ধারণা। কেউ কেউ এটিকে মানুষের চিন্তা ও মতামত নিয়ন্ত্রণকারী শক্তি হিসেবেও দেখেন। কিন্তু বাস্তবতা হলো, অ্যালগরিদম মূলত কোনো সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে সাজানো নির্দেশনার সমষ্টি।

এই ধারণার পেছনে যিনি সবচেয়ে বড় অবদান রেখেছেন, তিনি হলেন মুসলিম গণিতবিদ মুহাম্মদ ইবনে মুসা আল-খাওয়ারিজমি। তার নাম থেকেই শতাব্দীর পর শতাব্দী ভাষাগত পরিবর্তনের মাধ্যমে জন্ম নিয়েছে অ্যালগরিদম শব্দটি।

কে ছিলেন আল-খাওয়ারিজমি?
মুহাম্মদ ইবনে মুসা আল-খাওয়ারিজমি ছিলেন নবম শতাব্দীর একজন বিশিষ্ট মুসলিম বিজ্ঞানী। তিনি শুধু গণিতবিদই ছিলেন না; একই সঙ্গে ছিলেন জ্যোতির্বিজ্ঞানী, ভূগোলবিদ এবং গবেষক। তার জন্ম বর্তমান উজবেকিস্তানের আরাল সাগরের দক্ষিণাঞ্চলে অবস্থিত খাওয়ারিজম অঞ্চলে। তার নামের শেষাংশ “আল-খাওয়ারিজমি” এসেছে জন্মস্থানের নাম থেকে। সে সময় ইসলামি সভ্যতার জ্ঞানচর্চা বিশ্বে সবচেয়ে সমৃদ্ধ অবস্থানে ছিল। বাগদাদের জ্ঞানকেন্দ্রগুলোতে বিভিন্ন বিষয়ে গবেষণা চলত, আর আল-খাওয়ারিজমি ছিলেন সেই জ্ঞানবিপ্লবের অন্যতম প্রধান ব্যক্তিত্ব।

গণিতশাস্ত্রে তার অবদান এতটাই গভীর ছিল যে, আধুনিক গণিত ও গণনাবিজ্ঞানের ভিত্তি নির্মাণে তার কাজ আজও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

অ্যালগরিদম শব্দের জন্ম কীভাবে?
আল-খাওয়ারিজমির লেখা বিভিন্ন গ্রন্থ পরবর্তীকালে ল্যাটিন ভাষায় অনূদিত হয়। তার নামের ল্যাটিন রূপ ছিল “আলগোরিতমি”। ইউরোপের পণ্ডিতরা তার গণনা পদ্ধতি ও গাণিতিক নিয়ম বোঝাতে এই নাম ব্যবহার করতে শুরু করেন। ধীরে ধীরে শব্দটি ভাষাগত পরিবর্তনের মধ্য দিয়ে নতুন রূপ পেতে থাকে। ল্যাটিন থেকে ফরাসি এবং পরে অন্যান্য ইউরোপীয় ভাষায় প্রবেশ করে এটি বর্তমান অ্যালগরিদম শব্দে পরিণত হয়।অর্থাৎ আজ আমরা যে শব্দটি প্রযুক্তির অন্যতম ভিত্তি হিসেবে ব্যবহার করছি, সেটি আসলে একজন মুসলিম বিজ্ঞানীর নামের বিবর্তিত রূপ।

আল-খাওয়ারিজমির বিপ্লব
আল-খাওয়ারিজমির সবচেয়ে বিখ্যাত অবদান তার গণিতবিষয়ক গ্রন্থ। সেখানে তিনি জটিল গাণিতিক সমস্যার সমাধানকে সহজ ধাপে ভাগ করে উপস্থাপন করেছিলেন। তিনি দেখিয়েছিলেন, কোনো সমস্যাকে নিয়মতান্ত্রিকভাবে ধাপে ধাপে বিশ্লেষণ করলে সমাধান পাওয়া সম্ভব। এই ধারণাই পরবর্তীকালে অ্যালগরিদমিক চিন্তার ভিত্তি হয়ে ওঠে। বর্তমান কম্পিউটার যেভাবে ধাপে ধাপে নির্দেশনা অনুসরণ করে কাজ সম্পন্ন করে, তার মূল দর্শনের সঙ্গে আল-খাওয়ারিজমির চিন্তার বিস্ময়কর মিল রয়েছে।

বীজগণিতের জনক হিসেবে পরিচিতি
বিশ্ব ইতিহাসে আল-খাওয়ারিজমিকে প্রায়ই বীজগণিতের জনক বলা হয়। তার গবেষণা বীজগণিতকে একটি স্বতন্ত্র শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে।তিনি সমীকরণ সমাধানের বিভিন্ন পদ্ধতি উদ্ভাবন করেন এবং গাণিতিক যুক্তিকে আরও সংগঠিত রূপ দেন। আধুনিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে যে বীজগণিত পড়ানো হয়, তার শিকড়ও অনেকাংশে তার কাজের মধ্যে নিহিত। বিজ্ঞান ইতিহাসবিদদের মতে, তার কাজ ছাড়া আধুনিক গণিতের বিকাশ কল্পনা করা কঠিন।

শূন্য ও সংখ্যা পদ্ধতির প্রসারে ভূমিকা
আল-খাওয়ারিজমির আরেকটি বড় অবদান হলো হিন্দু-আরবি সংখ্যা পদ্ধতির প্রসার। তিনি এমন এক সংখ্যা পদ্ধতিকে জনপ্রিয় করেন, যেখানে শূন্যের ব্যবহার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বিশ্বের প্রায় সব দেশ যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে, তার বিস্তারে আল-খাওয়ারিজমির ভূমিকা ছিল অনন্য। শূন্য ছাড়া আধুনিক গণিত, বিজ্ঞান কিংবা প্রযুক্তির উন্নয়ন প্রায় অসম্ভব হতো। এই কারণে তাকে শুধু একজন গণিতবিদ নয়, বরং মানবসভ্যতার অগ্রগতির অন্যতম পথপ্রদর্শক হিসেবেও বিবেচনা করা হয়।

অ্যালগরিদম আসলে কী?
সহজ ভাষায় অ্যালগরিদম হলো কোনো কাজ সম্পন্ন করার জন্য নির্দিষ্ট ধাপের সমষ্টি। একটি সমস্যা সমাধানের জন্য কী করতে হবে, কোন কাজের পরে কোন কাজ হবে—এসব নির্দেশনা অ্যালগরিদমের অংশ। উদাহরণ হিসেবে রান্নার একটি রেসিপির কথা ভাবা যেতে পারে। প্রথমে উপকরণ প্রস্তুত করা, এরপর নির্দিষ্ট অনুপাতে মেশানো, তারপর নির্দিষ্ট সময় রান্না করা—সবই ধাপে ধাপে সম্পন্ন হয়। অ্যালগরিদমও ঠিক একইভাবে কাজ করে। পার্থক্য হলো, এটি মানুষ বা যন্ত্রকে সমস্যা সমাধানের নির্দেশনা দেয়।

আধুনিক প্রযুক্তিতে অ্যালগরিদমের ব্যবহার
আজকের পৃথিবীতে অ্যালগরিদম ছাড়া প্রযুক্তির অস্তিত্ব কল্পনা করা যায় না। অনুসন্ধান ব্যবস্থা, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন কেনাকাটা, ব্যাংকিং ব্যবস্থা এবং চিকিৎসা প্রযুক্তি—সবখানেই অ্যালগরিদম ব্যবহৃত হচ্ছে। আপনি যখন কোনো তথ্য খোঁজেন, তখন অ্যালগরিদম সবচেয়ে প্রাসঙ্গিক ফলাফল খুঁজে দেয়। আপনি যখন ভিডিও দেখেন, তখন আপনার আগ্রহ অনুযায়ী নতুন ভিডিও সাজিয়ে দেয়। এই পুরো প্রক্রিয়ার পেছনে রয়েছে হাজার হাজার অ্যালগরিদমিক নিয়ম।

পথনির্দেশনা থেকে মহাকাশ অভিযান
অ্যালগরিদম শুধু তথ্যপ্রযুক্তিতে সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন ধরে এটি নৌপরিবহন, ব্যবসা, জরিপ এবং বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত হয়ে আসছে। পৃথিবীর বিভিন্ন স্থানের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত পথ নির্ণয়, যানবাহনের দিকনির্দেশনা এবং মহাকাশযানের পথ নির্ধারণেও অ্যালগরিদম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের চাঁদে যাত্রার পেছনেও বিভিন্ন অ্যালগরিদমিক গণনা কাজ করেছে। ফলে এটি মানবসভ্যতার অগ্রগতির এক অবিচ্ছেদ্য অংশ।

অ্যালগরিদম নিয়ে বিতর্ক কেন?
যদিও অ্যালগরিদম মানুষের জীবনকে সহজ করেছে, তবুও এটি নিয়ে কিছু উদ্বেগ রয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত অ্যালগরিদম অনেক সময় ব্যবহারকারীদের একই ধরনের মতামত ও তথ্যের মধ্যে সীমাবদ্ধ রাখে। এর ফলে মানুষ ভিন্নমত সম্পর্কে কম জানে এবং নিজস্ব বিশ্বাস আরও দৃঢ় হয়ে ওঠে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, এটি সমাজে বিভাজন বৃদ্ধির একটি কারণ হতে পারে। তবে সমস্যা অ্যালগরিদমে নয়, বরং এর ব্যবহারের পদ্ধতিতে। সঠিকভাবে প্রয়োগ করা হলে এটি মানবকল্যাণে বিশাল অবদান রাখতে পারে।

উপসংহার
অ্যালগরিদম শব্দের ইতিহাস আমাদের শুধু একটি শব্দের উৎপত্তির গল্প শোনায় না, বরং মানবসভ্যতার জ্ঞানচর্চার ধারাবাহিকতাও তুলে ধরে। নবম শতাব্দীর মুসলিম বিজ্ঞানী আল-খাওয়ারিজমির গবেষণা আজকের ডিজিটাল বিশ্বের ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমানে আমরা যে প্রযুক্তিনির্ভর যুগে বাস করছি, তার পেছনে রয়েছে শত শত বছরের জ্ঞান, গবেষণা ও উদ্ভাবন।

অ্যালগরিদম সেই দীর্ঘ যাত্রারই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই যখনই আমরা অ্যালগরিদম শব্দটি উচ্চারণ করি, তখন অজান্তেই স্মরণ করি একজন মহান মুসলিম গণিতবিদের অসাধারণ অবদানকে, যিনি তার সময়কে অতিক্রম করে আজও বিশ্বকে পথ দেখিয়ে চলেছেন।