গালফ বাংলা

ঢাকায় একের পর এক নাশকতা, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

ঢাকায় একের পর এক নাশকতা, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানী ঢাকায় একের পর এক বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতের কয়েক ঘণ্টার ব্যবধানে মহাখালী, পল্লবী, বাড্ডা ও রামপুরায় চারটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। পাশাপাশি মোহাম্মদপুরের পাঁচটি স্থান এবং যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

রাত সোয়া ১১টার দিকে রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগে রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।

রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। পরে রাত সোয়া ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের আরেকটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান মিয়া বাসে আগুনের ঘটনাগুলোর তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুরে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মোহাম্মদপুরে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়সহ পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে কৃষি মার্কেট এলাকায়, রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেটে এবং রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া বসিলায় র‍্যাব-২ কার্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশেও ককটেল বিস্ফোরণ হয়।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কৃষি মার্কেট ও আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শ্যামলী এলাকা থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

তিনি আরও জানান, তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে একটি ককটেল নিক্ষেপ করা হলেও সেটি বিস্ফোরিত হয়নি। পরে বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে গিয়ে সেটি নিষ্ক্রিয় করে।

যাত্রাবাড়ীতে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ

এদিকে, রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভার থেকে নিক্ষেপ করা দুটি ককটেল সামাদ সুপার মার্কেটের সামনে বিস্ফোরিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি ককটেল বিস্ফোরিত হলেও এতে কেউ হতাহত হয়নি।

একের পর এক অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এসব ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করেন।

কী এই রেনিয়াম পাউডার, যা দিয়ে বাড়ানো হচ্ছে স্বর্ণের ওজন

কী এই রেনিয়াম পাউডার, যা দিয়ে বাড়ানো হচ্ছে স্বর্ণের ওজন

স্বর্ণের অলংকারের ওজন বাড়াতে এবার ব্যবহার করা হচ্ছে বিরল ও ভারী এক ধাতুর গুঁড়া রেনিয়াম। স্বর্ণের সঙ্গে এই ধাতু মিশিয়ে প্রকৃত স্বর্ণের পরিমাণ কম রেখেও অলংকারের মোট ওজন বাড়ানো সম্ভব।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

এমনকি প্রচলিত কিছু পরীক্ষায় মিশ্রণটি ধরা না পড়ার অভিযোগও উঠেছে। ভারতের রাজস্থানের যোধপুরে ২২ ক্যারেট হলমার্ক দেওয়া একটি অলংকারে রেনিয়াম মেশানোর ঘটনা সামনে আসার পর স্বর্ণের বিশুদ্ধতা যাচাইয়ের পদ্ধতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

রেনিয়াম কী, কোথায় ব্যবহার হয়?

রেনিয়াম একটি বিরল, রুপালি-সাদা ধাতব মৌল। রাসায়নিক মৌলে এর প্রতীক ‘আরই’ এবং পারমাণবিক সংখ্যা ৭৫। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, পৃথিবীর ভূত্বকে এর উপস্থিতি অত্যন্ত কম। উচ্চ তাপমাত্রা সহ্য করার ক্ষমতা এবং স্থায়িত্বের কারণে উড়োজাহাজের জেট ইঞ্জিনের টারবাইন ব্লেড তৈরির বিশেষ সংকর ধাতু এবং তেল পরিশোধন শিল্পের অনুঘটক তৈরিতে এটি ব্যবহৃত হয়।

রেনিয়ামের বিশেষ বৈশিষ্ট্য হলো এর ঘনত্ব। রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রির তথ্য অনুযায়ী, প্রতি ঘন সেন্টিমিটারে রেনিয়ামের ঘনত্ব প্রায় ২০ দশমিক ৮ গ্রাম। অন্যদিকে বিশুদ্ধ স্বর্ণের ঘনত্ব প্রায় ১৯ দশমিক ৩ গ্রাম। অর্থাৎ একই আয়তনে রেনিয়াম স্বর্ণের চেয়ে বেশি ভারী। এই বৈশিষ্ট্য কাজে লাগিয়েই স্বর্ণের সঙ্গে রেনিয়াম মিশিয়ে অলংকারের ওজন বাড়ানো তৈরি হয়।

যোধপুরে যেভাবে ধরা পড়ল ঘটনা

ভারতের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের যোধপুরে স্থানীয় এক স্বর্ণকারের সহযোগিতায় করা পরীক্ষায় ৭ দশমিক ৮৩ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের সঙ্গে এক গ্রাম রেনিয়াম পাউডার মেশানো হয়। এতে মিশ্রণের ওজন দাঁড়ায় ৮ দশমিক ৮৩ গ্রাম। পরে আরও শূন্য দশমিক ৭৫ গ্রাম সংকর ধাতু যোগ করে তৈরি করা হয় ৯ দশমিক ৫৮ গ্রাম ওজনের একটি ঐতিহ্যবাহী রাজস্থানি অলংকার।

অলংকারটি বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ও শোরুমে নেওয়া হলে একটি হলমার্কিং কেন্দ্র সেটিকে ২২ ক্যারেট হিসেবে সনদ দেয়। একটি শোরুমের পরীক্ষাযন্ত্রে স্বর্ণের পরিমাণ ৯৩ দশমিক ৭০ শতাংশ দেখানোর পাশাপাশি রুপা ও তামার উপস্থিতিও শনাক্ত হয়।

কিন্তু রেনিয়ামের উপস্থিতি ধরা পড়েনি। অথচ ব্যবহৃত প্রকৃত স্বর্ণের পরিমাণ হিসাব করে দেখা যায়, অলংকারটিতে স্বর্ণের হার প্রায় ৮১ দশমিক ৭ শতাংশ, যা ২০ ক্যারেটের কাছাকাছি।

পরীক্ষায় ধরা পড়ে না কেন?

প্রচলিত এক্স-রে ফ্লুরোসেন্স বা এক্সআরএফ যন্ত্র অলংকারের উপরিভাগের ধাতব উপাদান বিশ্লেষণ করে। যন্ত্রের ধরন, ক্যালিব্রেশন ও পরীক্ষার পদ্ধতির ওপর নির্ভর করে এর ফলাফল। ফলে অলংকারের ভেতরে থাকা অন্য ধাতু সব সময় শনাক্ত নাও হতে পারে। তবে সব পরীক্ষাযন্ত্রই এমন মিশ্রণ শনাক্ত করতে ব্যর্থ, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

উন্নত পরীক্ষাগার বিশ্লেষণ, ইলেকট্রন মাইক্রোস্কোপি এবং অগ্নি পরীক্ষার মতো পদ্ধতিতে স্বর্ণের প্রকৃত পরিমাণ নির্ণয় করা সম্ভব।

ক্রেতাদের সতর্কতা

ভারতের মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসআইয়ের হলমার্কে লোগো, বিশুদ্ধতার চিহ্ন এবং ছয় অক্ষরের এইচইউআইডি কোড থাকে। বিএসআই কেয়ার অ্যাপের মাধ্যমে কোড যাচাই করা যায়। স্বর্ণ কেনার সময় নিবন্ধিত বিক্রেতা নির্বাচন, রসিদে ওজন ও বিশুদ্ধতার তথ্য নিশ্চিত করা এবং প্রয়োজনে স্বীকৃত পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা করানো জরুরি।

তবে যোধপুরের একটি পরীক্ষার ফল দিয়ে হলমার্ক দেওয়া সব স্বর্ণের মান নিয়ে প্রশ্ন তোলা ঠিক হবে না। ঘটনাটি বরং প্রচলিত পরীক্ষাপদ্ধতির সীমাবদ্ধতা এবং সনদ দেওয়ার প্রক্রিয়া আরও সতর্কভাবে যাচাইয়ের প্রয়োজনীয়তা সামনে এনেছে।

সূত্র : গালফ নিউজ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের বড় উত্থান

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের বড় উত্থান

মার্কিন ডলারের টানা উত্থান থামা এবং শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরার প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। এর ফলে এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে যাওয়ার পর আবার ঘুরে দাঁড়িয়েছে মূল্যবান এই ধাতুর বাজার।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৩৫ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬৭০ দশমিক ৬৯ ডলারে দাঁড়ায়। এর আগে গত বুধবার স্বর্ণের দাম ২০২৫ সালের আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

এদিকে ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ফিউচারস মার্কেটে স্বর্ণের দাম ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬৬৯ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে।

সুইসকোটের বহিরাগত বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, কয়েক দিনের দরপতনের পর ক্রেতারা আবার বাজারে ফিরেছেন। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারগুলো স্থিতিশীল হওয়ায় স্বর্ণের বাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে।

তিনি বলেন, শেয়ারবাজারে দরপতনের সময় অনেক বিনিয়োগকারী নগদ অর্থের জোগান দিতে এবং অন্যান্য খাতের লোকসান সামাল দিতে স্বর্ণ বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। তবে স্বর্ণের দাম দ্রুত ৫ হাজার ডলারে ফিরে যাওয়ার সম্ভাবনা কম। বরং প্রতি আউন্স ৪ হাজার থেকে ৪ হাজার ২০০ ডলারে পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে ২২ মাসের সর্বোচ্চ অবস্থানে ওঠার পর মার্কিন ডলারের দামে কিছুটা পতন হয়েছে। ডলারের মান কমলে অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের কাছে ডলারে কেনাবেচা হওয়া স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে যায়। এতে স্বর্ণের চাহিদা ও দাম বাড়তে পারে।

অন্যদিকে, মাসজুড়ে বড় ধরনের অস্থিরতার পর শেয়ারবাজারেও স্থিতিশীলতা ফিরেছে। যুক্তরাষ্ট্রে ছুটির আমেজের কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগও কিছুটা কমেছে।

এদিকে গত বুধবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মার্কিন অর্থনীতি প্রাথমিক পূর্বাভাসের চেয়ে দ্রুতগতিতে বেড়েছে। একই সময়ে অক্টোবরে দেশটিতে মূল্যস্ফীতিও বেড়েছে। এর ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী মাসে এবং ২০২৭ সালের শুরুর দিকে সুদের হার বাড়াতে পারে বলে ধারণা জোরালো হয়েছে।

সাধারণত সুদের হার বাড়লে সুদ পাওয়া যায় এমন বিকল্প বিনিয়োগের আকর্ষণ বাড়ে। এতে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কিছুটা কমে যায়।

এদিকে চলতি সপ্তাহে এশিয়ার প্রধান বাজারগুলোয় স্বর্ণের চাহিদা বেড়েছে। ভারতে অলংকার ও বিনিয়োগের জন্য স্বর্ণ কেনা বেড়েছে। অন্যদিকে চীনে খুচরা পর্যায়ে জোরালো কেনাকাটার কারণে স্থানীয় বাজারে স্বর্ণের অতিরিক্ত মূল্য বা প্রিমিয়ামও চাঙা রয়েছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৪ দশমিক ২৫ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম ৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬০ দশমিক ৮২ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯১৩ দশমিক ০৭ ডলারে দাঁড়িয়েছে।

এই তিনটি ধাতুই চলতি সপ্তাহে মূল্যবৃদ্ধির পথে রয়েছে।

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

বিশ্ববাজারে সোনার দাম হঠাৎ ২ শতাংশের বেশি কমেছে। এতে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে মূল্যবান এই ধাতুর দাম। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন আশঙ্কাও সোনার বাজারে মূলত চাপ তৈরি করেছে।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

বুধবার (২৫ নভেম্বর) রাতে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ২ শতাংশ কমে ৩ হাজার ৪৮৩ ডলার ৫৯ সেন্টে দাঁড়ায়। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটিই সর্বনিম্ন দাম।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিস বুধবার জানিয়েছে, অক্টোবরে দেশটিতে মূল্যস্ফীতি আরও বেড়েছে। ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক (পিসিই) অক্টোবরে ০ দশমিক ৩ শতাংশ বেড়েছে। সেপ্টেম্বরে এই সূচক বেড়েছিল ০ দশমিক ৫ শতাংশ।

হাই রিজ ফিউচার্সের ধাতব পণ্য লেনদেন বিভাগের পরিচালক ডেভিড মেগার বলেন, মূল্যস্ফীতির চাপ এখনো ফেডারেল রিজার্ভের লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি। ফলে সামনে সুদের হার বাড়ানোর সম্ভাবনা রয়েছে, যা সোনার দামের ওপর চাপ তৈরি করছে।

তিনি আরও বলেন, সোনার বাজারে দীর্ঘদিন ধরেই এটি অন্যতম বড় নেতিবাচক প্রভাব। বুধবারের পিসিই মূল্যস্ফীতির তথ্যও সেই উদ্বেগ কমাতে পারেনি।

সাধারণত সুদের হার বেশি থাকলে সোনার আকর্ষণ কমে যায়। কারণ, সোনা থেকে সুদ পাওয়া যায় না। অন্যদিকে, সুদ পাওয়া যায় এমন সম্পদে বিনিয়োগ করলে আয় করার সুযোগ থাকে।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন

আমাদের সাথে যুক্ত হোন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, ১৪ মাসে সর্বনিম্ন পর্যায়ে

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, ১৪ মাসে সর্বনিম্ন পর্যায়ে

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। এক দিনেই দাম কমেছে ১ শতাংশের বেশি। এতে গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে মূল্যবান এই ধাতুর দাম।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসায় আগামী ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়ানোর বিষয়টি প্রায় নিশ্চিত ধরে নিচ্ছেন বিনিয়োগকারীরা। এর প্রভাব পড়ছে স্বর্ণের দামে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়ায় ৩ হাজার ৬৭৪ দশমিক ১৩ ডলারে। এর আগে লেনদেনের একপর্যায়ে দাম নেমে আসে ৩ হাজার ৬৬৭ দশমিক ১৯ ডলারে। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটিই ছিল সর্বনিম্ন দাম।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচার মূল্যও ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৬৮৫ দশমিক ৫০ ডলারে লেনদেন শেষ করেছে।

এভারব্যাংকের ওয়ার্ল্ড মার্কেটস বিভাগের প্রধান ক্রিস গ্যাফনি বলেন, সুদের হার বাড়ার প্রত্যাশা এবং ডলারের শক্তিশালী অবস্থান—এই দুটি বিষয় বর্তমানে স্বর্ণের দাম কমার প্রধান কারণ।

তিনি জানান, গত মাসের ফেডারেল ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) বৈঠকের কার্যবিবরণীতে দেখা গেছে, ফেডের প্রায় সব কর্মকর্তা মনে করেন সুদের হার আরও বাড়ানোর প্রয়োজন হতে পারে। ওই বৈঠকের পর প্রকাশিত মূল্যস্ফীতির তথ্যও সুদের হার বাড়ানোর পক্ষে অবস্থানকে শক্তিশালী করেছে।

এদিকে, চলতি সপ্তাহে ডলার সূচক ২০২৫ সালের এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ডলারের দাম বাড়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য ডলারে নির্ধারিত স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে পড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদায় চাপ তৈরি হচ্ছে।

ফেডের বৈঠকের কার্যবিবরণীতে মূল্যস্ফীতি আরও বাড়ার ঝুঁকির কথা উঠে এসেছে। পরিস্থিতি মোকাবিলায় আরও কঠোর মুদ্রানীতি গ্রহণের প্রয়োজন হতে পারে বলেও মনে করছেন নীতিনির্ধারকেরা।

ফেডের গভর্নর ক্রিস্টোফার ওয়ালারসহ কয়েকজন কর্মকর্তা চলতি সপ্তাহে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপের পক্ষে মত দিয়েছেন।

ফেডের আরেক গভর্নর মাইকেল বারও বলেছেন, মূল্যস্ফীতির চাপ এখনো থাকায় তিনি কঠোর মুদ্রানীতির পক্ষে সমর্থন দিতে পারেন।

শেয়ার করুন

আমাদের সাথে যুক্ত হোন

বিশ্ববাজারে তেলের দাম কমতেই স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে তেলের দাম কমতেই স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে তেলের দাম কমার প্রভাব সরাসরি স্বর্ণের ওপর পড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। পাশাপাশি মূল্যস্ফীতির চাপ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। গত সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছিল।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটের আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে যায়। এতে প্রতি আউন্স ৪ হাজার ১২৯ ডলার ৬৯ সেন্টে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের স্বর্ণের ফিউচার মূল্যও ১ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৩৯ ডলারে।

রয়টার্সের প্রতিবেদন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত কমার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য এবং কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের নীতির বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে স্বর্ণের মূল্য বৃদ্ধি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করার পর তেলের দাম কমতে শুরু করে। যুদ্ধ বন্ধে আলোচনা অব্যাহত থাকায় জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কাও কিছুটা কমেছে।

বিশ্লেষকদের মতে, তেলের দাম কমলে মূল্যস্ফীতির চাপ কমার সম্ভাবনা তৈরি হয়। এতে সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখার প্রয়োজনীয়তা কমতে পারে। আর স্বর্ণে বিনিয়োগ থেকে নিয়মিত সুদ পাওয়া যায় না বলে সুদের হার কমার প্রত্যাশা ধাতুটির জন্য ইতিবাচক।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বর্তমানে ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৭৯ শতাংশ দেখছেন ব্যবসায়ীরা। কর্মসংস্থানের তথ্য প্রকাশের আগে এ সম্ভাবনা ছিল ৭১ শতাংশ।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। আন্তর্জাতিক বাজারে রুপার দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৩ ডলার ৩১ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়েছে।

শেয়ার করুন

আমাদের সাথে যুক্ত হোন