সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়ে দুই দেশের মধ্যে হওয়া চুক্তিকে ‘অত্যন্ত সন্তোষজনক’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনবুধবার (১৮ নভেম্বর) আইএইএর বোর্ড অব গভর্নরসের বৈঠকের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত জুলাইয়ে চুক্তির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। তবে এ চুক্তির মাধ্যমে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি তৈরি হতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
গ্রোসি বলেন, ‘এই চুক্তির মাধ্যমে আমরা অত্যন্ত সন্তোষজনক একটি ফলাফল পেয়েছি।’ সৌদি আরবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হলে আইএইএ সেখানে উপস্থিত থাকবে বলেও জানান তিনি।
বোর্ড অব গভর্নরসের উদ্বোধনী বক্তব্যে গ্রোসি জানান, গত অক্টোবরে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব তাদের চুক্তির আওতায় সুরক্ষা ও যাচাই কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইএইএর প্রতি অনুরোধ জানিয়েছে।
চুক্তি অনুযায়ী, সৌদি আরবে পারমাণবিক জ্বালানি রূপান্তর, সমৃদ্ধকরণ, জ্বালানি তৈরি ও পুনঃপ্রক্রিয়াকরণের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো স্থাপনা সম্পর্কে আইএইএকে তথ্য দেওয়া হবে এবং সেখানে প্রবেশের সুযোগও দেওয়া হবে।
গ্রোসি বলেন, এ বিষয়ে দুই দেশের সরকার সদস্যরাষ্ট্রগুলো ও আইএইএ সচিবালয়ের সঙ্গে যে উন্মুক্ত ও স্বচ্ছ পদ্ধতিতে কাজ করছে, তা তিনি স্বাগত জানান। সৌদি আরব স্বেচ্ছায় অতিরিক্ত যাচাই কার্যক্রমেও সম্মত হয়েছে বলে জানান তিনি।
এদিকে চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিয়ে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হলেই এ চুক্তির পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
সূত্র : সিবিএস নিউজ