দৃষ্টিশক্তি না থাকলেও অদম্য ইচ্ছাশক্তি আর সাহসের জোরে হিমালয়ের দুর্গম পথ পাড়ি দিয়ে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছেছেন সৌদি আরবের এক যুবক। রাশাদ নাকিব নামের ওই ব্যক্তি প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী সৌদি নাগরিক হিসেবে এ কৃতিত্ব অর্জন করেছেন। সৌদি অভিযাত্রী ড. বদর আল-শাইবানির সঙ্গে টানা নয় দিনের অভিযান শেষে নেপালে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান তিনি।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনসমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত বেস ক্যাম্পে পৌঁছাতে তাকে পাড়ি দিতে হয়েছে পাহাড়ি গ্রাম, পাথুরে ও বরফে ঢাকা দুর্গম পথ। প্রতিকূল আবহাওয়া ও হিমশীতল তাপমাত্রার মধ্যেও থেমে থাকেননি রাশাদ।
দুর্গম পথে চলতে তিনি ব্যবহার করেছেন ট্রেকিং পোল, স্পর্শের অনুভূতি এবং পথপ্রদর্শকদের মৌখিক নির্দেশনা। আগে একাধিকবার এভারেস্ট জয় করা বদর আল-শাইবানি পেশাদার গাইডদের সহযোগিতায় পুরো অভিযানের নেতৃত্ব দেন।
ইনস্টাগ্রামে অভিযানের অভিজ্ঞতা তুলে ধরে আল-শাইবানি জানান, পথের ধরন বদলালে কিংবা সামনে খাড়া ধাপ থাকলে তিনি রাশাদকে আগেই জানিয়ে দিতেন। তিনি বলেন, ‘সে আমার কণ্ঠস্বর ও পাথরের ওপর বুটের শব্দ শুনত। ট্রেকিং পোল এবং পায়ের নিচে মাটির স্পর্শ অনুভব করে পথ চলত।’
আল-শাইবানি বলেন, আগে তিনি নিজে এভারেস্টের চূড়ায় দাঁড়িয়েছেন। কিন্তু রাশাদের সঙ্গে এই অভিযানের অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন এবং তার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।
রাশাদের শৃঙ্খলা, দৃঢ়তা ও সংকল্পের প্রশংসা করে তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদেরও কঠিন ও চ্যালেঞ্জিং অভিযানে অংশ নিতে উৎসাহিত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
অন্যদিকে, রাশাদ নাকিব এই অভিযানকে অসাধারণ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, দুর্গম পথ ও উচ্চতার প্রতিকূলতা সত্ত্বেও গাইডদের ওপর আস্থা রেখে প্রতিটি পদক্ষেপে মনোযোগ দিতে পেরেছেন। তার আশা, এই অর্জন অন্য তরুণদেরও প্রতিবন্ধকতাকে স্বপ্নপূরণের বাধা না ভেবে নিজেদের লক্ষ্য অর্জনে উৎসাহিত করবে।
এই অভিযান ও এর মানবিক দিকগুলো নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করা হচ্ছে। ২০২৭ সালে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র : ডেইলি সিয়াসাত ও সৌদি গেজেট