কাতার ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সফরে গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের শীর্ষ নেতৃবৃন্দের সাথে পৃথক বৈঠক করেছেন কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী (লাখউইয়া)-র কমান্ডার শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল-থানি।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনপাকিস্তান সফরকালে তিনি দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সাথে বিস্তারিত আলোচনায় অংশ নেন।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সাথে অনুষ্ঠিত বৈঠকে উভয় নেতা দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদার, কারিগরি ও অপারেশনাল অংশীদারত্ব বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন। পরবর্তীতে ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সাথে বৈঠকে আঞ্চলিক সাম্প্রতিক পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।
পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, উভয় পক্ষ নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বৈঠকে শেখ খলিফা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন এবং দুই দেশের দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা স্মরণ করেন। জবাবে ফিল্ড মার্শাল মুনির কাতারের সাথে দ্বিপক্ষীয় সম্পৃক্ততা আরও গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এর আগে, নিরাপত্তা সহযোগিতার বিষয়ে কাতার ও পাকিস্তানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জানিয়েছে। কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ‘লাখউইয়া’ এবং পাকিস্তানের ‘ফেডারেল কনস্ট্যাবুলারি’-র মধ্যে স্বাক্ষরিত এই চুক্তিতে নিজ নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেন শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল-থানি এবং মহসিন নাকভি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পাকিস্তানে প্রথম সফরে আসায় কাতারের স্বরাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, এই সফর উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি করবে।
এ সময় তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানান এবং পাকিস্তানের প্রতি কাতারি নেতৃত্বের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে পাকিস্তানের জ্বালানি চাহিদা পূরণে কাতারের নিরবচ্ছিন্ন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের ভূয়সী প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।