ওয়াশিংটনে সোমবার অষ্টম কাতার-যুক্তরাষ্ট্র কৌশলগত সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনসংলাপের অষ্টম এই অধিবেশনে রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে সহযোগিতা বাড়াতে একটি ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকসেলারেশন পার্টনারশিপ’ এবং খনিজ খাতে ‘গুরুত্বপূর্ণ খনিজ প্রক্রিয়াকরণ’ (ক্রিটিক্যাল মিনারেলস প্রসেসিং) বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করা হয়েছে।
প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা
আলোচনায় আন্তর্জাতিক বিষয়ে সহযোগিতা বৃদ্ধি, লাতিন আমেরিকায় যৌথ কাজের নতুন সুযোগ, দুই দেশের প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং সমুদ্রপথে অবাধ নৌচলাচলের গুরুত্বের বিষয়গুলো উঠে আসে। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে মতবিনিময় করেন দুই নেতা।
সংলাপে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ও যৌথ সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
উভয় পক্ষের অংশগ্রহণকারী কর্মকর্তাবৃন্দ
সংলাপে কাতারের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফি, বৈদেশিক বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী ড. আহমেদ বিন মোহাম্মদ আল সাইয়্যেদ, যুক্তরাষ্ট্রে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত শেখ মেশাল বিন হামাদ আল থানি, কৌশলগত বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলি বিন আবদুল্লাহ আল থাওয়াদি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি পরিকল্পনা বিভাগের পরিচালক ড. খালিদ বিন ফাহাদ আল খাতের, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পররাষ্ট্রবিষয়ক সহকারী পরিচালক আবদুল্লাহ বিন ঈদ আল সুলাইতি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকান অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক সারা আবদুল্লাহ আল সাদি, যুক্তরাষ্ট্রে কাতারের উপ-রাষ্ট্রদূত ড. হামাদ বিন মোহাম্মদ আল মুফতাহ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক শেখ আহমেদ বিন মোহাম্মদ আল থানি।
অন্যদিকে মার্কিন প্রতিনিধিদলে অংশ নেন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ড্যান হলার, চিফ অব স্টাফ ম্যাট রোডস, পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমাস পিগট, রাজনৈতিক-সামরিক বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ফ্লিট হোয়াইট, নিকট প্রাচ্য বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ব্লোম, উত্তর আফ্রিকা ও আরব উপদ্বীপ বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী কাইল লিস্টন এবং কাতারে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ক্রিস্টোফার হজেস।