ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে আর্জেন্টিনার উদযাপনের মাঝেই সামনে আসে আরেকটি চমকপ্রদ ঘটনা। ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের পানির বোতলে ছিল আর্জেন্টিনাকে আটকে দেওয়ার একটি গোপন পরিকল্পনা।
ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়রা যখন সমর্থকদের সঙ্গে বিজয় উদযাপনে ব্যস্ত, তখন দলের ম্যাসাজ থেরাপিস্ট মার্সেলো ‘ড্যাডি’ ডি’আন্দ্রেয়ার হাতে আসে পিকফোর্ডের পানির বোতল। বোতলের গায়ে লাগানো একটি কাগজে লেখা ছিল আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শুটারদের নাম। তারা সাধারণত কোন দিকে শট নেন, সেই তথ্য সেখানে লেখা ছিল।
টেলিভিশনের ক্যামেরায় দেখা যায়, বোতলটি লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস ও মার্কোস সেনেসির কাছে নিয়ে যান ডি’আন্দ্রেয়া। মেসি মনোযোগ দিয়ে কাগজটি পড়ার চেষ্টা করেন। পরে সবাই মিলে সেটি নিয়ে আলোচনা করেন। তবে ম্যাচ শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ালে সেই নোটই হতে পারত পিকফোর্ডের বড় অস্ত্র।
সেই কৌশলে ছিল ম্যাচে গোল করা এনজো ফার্নান্দেজের নামও। নিজের নাম খুঁজে পেয়ে হেসে ফেলেন এই মিডফিল্ডার। এরপর আকাশের দিকে তাকিয়ে ইশারা করেন, যেন টাইব্রেকারে যেতে না হওয়ায় স্বস্তি প্রকাশ করছেন তিনি।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই কাগজের বিস্তারিত ছবিও প্রকাশ করেন আর্জেন্টিনার ফিটনেস কোচ লুইস মার্তিন। তাতে স্পষ্ট হয়ে ওঠে, আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শুটারদের জন্য আলাদা আলাদা নির্দেশনা লিখে রেখেছিলেন পিকফোর্ড।
ম্যাচজুড়েই অবশ্য পিকফোর্ড ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। কয়েক দফা বাক্যবিনিময় ও ধাক্কাধাক্কির পর ইংল্যান্ডের অ্যান্থনি গর্ডন গোল করলে বিতর্কিত ভঙ্গিতে উদযাপন করেন পিকফোর্ড। পরে আর্জেন্টিনা সমতা ফেরালে পিকফোর্ডের সামনে উদযাপনে মাতেন ক্রিস্টিয়ান রোমেরো।