চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা মো. মনছুর আলম (৩২) সৌদি আরবের রাজধানী রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত শনিবার (২২ আগষ্ট) রিয়াদের স্থানীয় সময় বিকাল ৩টা ৪০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত মনছুর রাঙ্গুনিয়ার কদমতলী ইউনিয়নের পশ্চিম কদমতলীর এলাকার কাটাখালী গ্রামের বাসিন্দা।
নিহতের সৌদি প্রবাসী বন্ধ ইউছুপ আলীর বরাতে স্বজনরা জানান, গত শনিবার কাজ শেষে বাসার ফেরার পথে রিয়াদ বিমানবন্দর এলাকায় মনছুর ও তার আরেক বাংলাদেশী সহকর্মীকে বহনকারী গাড়ীকে অন্য একটি গাড়ি বেপরোয়া গতিতে এসে ধাক্কা দেয়। পরে মনছুর ও তার সহকর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা মনছুরকে মৃত ঘোষনা করেন। তার অন্য সহকর্মীর অবস্থাও সংকটাপন্ন।
নিহতের প্রতিবেশী নাঈম উদ্দিন জানান, নয় বছর ধরে রিয়াদে কর্মরত মনছুর এক বছর আগে বাড়িতে ছুটি কাটিয়ে গেছেন। তার লাশ দেশে আনার জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলমান আছে। তার গ্রামের বাড়িতে স্ত্রী ও দুই সন্তান ছাড়াও স্বজনরা লাশের অপেক্ষায় আছেন। তাদের পরিবারে শোক নেমে এসেছে।
এ ব্যাপারে জানতে রাঙ্গুনিয়া থানার ওসি মোহাম্মদ জহির উদ্দিনকে ফোন করলেও তিনি রিসিভ করেননি।