জিসিসি (GCC) দেশের ডিজিটাল রূপান্তর ও সরকারি সেবার মান বাড়াতে বাহরাইনে অনুষ্ঠিত জিসিসি ডিজিটাল গভর্মেন্ট বিষয়ক ১০ম মন্ত্রী পর্যায়ের কমিটিতে অংশগ্রহণ করেছে কাতার। বৃহস্পতিবার বাহরাইনের রাজধানী মানামায় জিসিসি সদস্য দেশগুলোর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই গুরুত্বপুর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের (MCIT) নেতৃত্বে প্রতিনিধিদলের প্রতিনিধিত্ব করেন কাতারের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোহাম্মদ বিন আলী আল মান্নাই।
ডিজিটাল সেবার আধুনিকায়ন ও যৌথ উদ্যোগ
বৈঠকে সদস্য দেশগুলোর মধ্যে যৌথ ডিজিটাল গভর্মেন্ট প্রকল্প, অনলাইন সেবার আধুনিকায়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সরকারি কর্মদক্ষতা বৃদ্ধিসহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিজ্ঞতা আদান-প্রদান এবং আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
বৈঠকে কাতারের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোহাম্মদ বিন আলী আল মান্নাই বলেন, জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগের মাধ্যমে ডিজিটাল সেবা জোরদার করা সম্ভব, যা পুরো উপসাগরীয় অঞ্চলে একটি সমন্বিত ও নির্ভরযোগ্য ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে সাহায্য করবে।
কাতারের 'ডিজিটাল এজেন্ডা ২০৩০'-এর লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে সাধারণ মানুষের জন্য সরকারি সেবা আরও সহজ ও আধুনিক করতে কাতার তাদের প্রয়াস অব্যাহত রেখেছে।
তথ্যসূত্র: কাতার নিউজ এজেন্সী ও যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়