১৪ জুলাই ২০২৬

সৌদিতে সড়ক দু’র্ঘটনায় নি’হত বিয়ানীবাজারের মাহিন, ম’রদেহ পেতে চান স্বজনরা

প্রকাশ: শুক্রবার, জুলাই ০৩, ২০২৬
সৌদিতে সড়ক দু’র্ঘটনায় নি’হত বিয়ানীবাজারের মাহিন, ম’রদেহ পেতে চান স্বজনরা

পরিবারের অভাব-অনটন মুছতে বুকভরা স্বপ্ন নিয়ে মধ্যপ্রাচ্যের সৌদি আরবে পাড়ি জমান মাহরাব হোসেন মাহিন নামের ২৩ বছরে এক টগবগে যুবক। অসচ্ছল পরিবারে সচ্ছলতা ফেরাতে প্রায় দেড় বছর ধরে মদিনায় ফুড ডেলিভারির কাজ করে সংসারের হাল ধরেছিলেন তিনি।

কিন্তু একটি সড়ক দুর্ঘটনা মুহূর্তেই থামিয়ে দিয়েছে তাঁর জীবনযুদ্ধ। মৃত্যুর ১০ দিন পেরিয়ে গেলেও দেশে ফেরেনি তাঁর মরদেহ। এ অবস্থায় ছেলের শেষ মুখটি একবার দেখার অপেক্ষায় দিন গুনছেন তার মা-বাবা।

মাহরাব হোসেন মাহিনের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের নিজ আদিনাবাদ গ্রামে। জয়নাল উদ্দিন ও রুকেয়া বেগম দম্পতির চার সন্তানের মধ্যে মাহিন ছিলেন সবার বড়। পরিবারের আর্থিক সংকট কাটাতে প্রায় দেড় বছর আগে সৌদি আরবের মদিনায় যান তিনি। সেখানে একটি প্রতিষ্ঠানে ফুড ডেলিভারির কাজ করতেন।

পরিবার সূত্রে জানা যায়, ২১ জুন বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টার দিকে প্রতিদিনের মতো স্কুটি নিয়ে কর্মস্থলের উদ্দেশে বের হন মাহিন। কিন্তু সেদিন আর ফেরা হয়নি। পথে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, ইতিমধ্যেই প্রবাসীকল্যাণ মন্ত্রনালয়ে মাহিনের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সকল কাজগপত্র জমা দিয়েছেন। যার জন্য এখন সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন তারা।

মাহিনের মা রুকেয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, অনেক কষ্ট করে, অনেক স্বপ্ন নিয়ে আমার বড় ছেলে সৌদি আরবে গিয়েছিল। সংসারের হাল ধরেছিল। কিন্তু আল্লাহ আমার বুকের ধনকে কেড়ে নিল।

তিনি বলেন, সেখানে তাঁর নিয়োগকর্তা (কফিল) প্রথমে মাহিনকে সৌদিতেই দাফন করতে চেয়েছিলেন। কিন্তু আমরা মরদেহ দেশে ফিরিয়ে আনার আবেদন করেছি। শেষবারের মতো আমার ছেলেটার মুখ দেখতে চাই।

এ ব্যাপারে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার বলেন, মর্মান্তিক খবরটি শুনেছি। সৌদি আরবে মারা যাওয়া মাহিনের মরদেহ ফিরিয়ে আনতে যে রকম সহযোগিতা প্রয়োজন সেইভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এবং উনার পরিবারকেও সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে।

কাতারের ফাদার আমিরের প্রয়াণে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কমিউনিটির গভীর শোক

প্রকাশ: সোমবার, জুলাই ১৩, ২০২৬
কাতারের ফাদার আমিরের প্রয়াণে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কমিউনিটির গভীর শোক

কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং কাতারে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি.

রবিবার (১২ জুলাই) দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক বিশেষ শোকবার্তায় মরহুম ফাদার আমিরের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়.

বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু

বাংলাদেশ দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, মরুভূমির সাধারণ একটি রাষ্ট্র থেকে কাতারকে আজকের অবস্থানে নিয়ে আসার পেছনে প্রধান রূপকার ছিলেন শেখ হামাদ বিন খলিফা আল থানি. এই অসামান্য দূরদর্শী নেতা আজীবন বাংলাদেশ এবং কাতারে কর্মসংস্থান ও বিভিন্ন পেশায় নিয়োজিত প্রবাসী বাংলাদেশিদের প্রতি অত্যন্ত সদয় ও অকৃত্রিম বন্ধু ছিলেন.

তাঁর অনন্য নেতৃত্ব ও রাষ্ট্রনায়কোচিত অবদান বিশ্বমঞ্চের পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে শোকবার্তায় জানানো হয়.

কাতার সরকার ও জনগণের প্রতি সমবেদনা

ফাদার আমিরের এই অপূরণীয় ক্ষতিতে কাতারের মহামান্য আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, রাজকীয় আল থানি পরিবার এবং ভ্রাতৃপ্রতিম কাতার সরকার ও শোকাহত জনগণের প্রতি আন্তরিক সমবেদনা ও গভীর সহমর্মিতা প্রকাশ করেছে বাংলাদেশ কমিউনিটি এবং দূতাবাস.

একই সাথে প্রবাসী বাংলাদেশিরা এই মহান নেতার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছেন.

প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইল করে গ্রেফতার হতেই পদ হারালেন ছাত্রদল নেতা

প্রকাশ: শনিবার, জুলাই ১১, ২০২৬
প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইল করে গ্রেফতার হতেই পদ হারালেন ছাত্রদল নেতা

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইল করে এক যুবককে আটকে রেখে চাঁদা দাবি ও মুক্তিপণ আদায়ের মামলায় গ্রেফতার হওয়া ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পিরোজপুর জেলা শাখা, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কেএম ইলিয়াসকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে।

শুক্রবার (৯ জুলাই) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিটি বলছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কেএম ইলিয়াসকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়াও জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এবং সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন এই বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি মঠবাড়িয়ায় এক যুবককে আটকে রেখে এক লাখ টাকা চাঁদা দাবি এবং ৩০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে কেএম ইলিয়াসকে গ্রেফতার করে পুলিশ। এরপর জেলা ছাত্রদল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।

ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর কাতার প্রবাসীর স্ত্রী নিখোঁজ

প্রকাশ: শুক্রবার, জুলাই ১০, ২০২৬
ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর কাতার প্রবাসীর  স্ত্রী নিখোঁজ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রামের কাতারপ্রবাসী আফজল মিয়ার স্ত্রী সৈয়দা ঈশা আক্তার আয়শা ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর থেকে নিখোঁজ রয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই তিনি কটারকোনা অগ্রণী ব্যাংক শাখা থেকে ১ লাখ ২২ হাজার টাকা উত্তোলন করেন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে। নিখোঁজ নারীকে উদ্ধারে পুলিশের একটি টিম কাজ করছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ সৈয়দা ঈশা আক্তার আয়শার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে ০১৭১৬-৯৬৭৫০১ অথবা ০১৬৪৬-৪৬৬৫২৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

মালয়েশিয়ায় কর্মী প্রেরণ : সরকারের সতর্কবার্তা

প্রকাশ: বৃহস্পতিবার, জুলাই ০৯, ২০২৬
মালয়েশিয়ায় কর্মী প্রেরণ : সরকারের সতর্কবার্তা

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকার আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ কিংবা আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বুধবার (৮ জুলাই) জারি করা এক জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে কোনো ধরনের মেডিকেল পরীক্ষা করানো বা এ-সংক্রান্ত অর্থ লেনদেন থেকেও বিরত থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি কঠোর নির্দেশনা দিয়ে বলা হয়, সরকারি অনুমোদন ও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো এজেন্সি মালয়েশিয়াগামী কর্মীদের সঙ্গে চুক্তি করতে পারবে না। একই সঙ্গে কোনো কর্মীর পাসপোর্ট সংগ্রহ, মেডিকেল পরীক্ষা করানো কিংবা কোনো ধরনের অর্থ গ্রহণ বা লেনদেনও করা যাবে না।

মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকার আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও নির্দেশনা জারি করলে তা যথাসময়ে গণমাধ্যম এবং সরকারি মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ততদিন পর্যন্ত গুজব বা অননুমোদিত তথ্যের ভিত্তিতে কোনো ধরনের আর্থিক লেনদেন বা প্রক্রিয়ায় অংশ না নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

মালয়েশিয়া গমন-সংক্রান্ত তথ্য বা অভিযোগ জানাতে দেশের ভেতর থেকে ১৬১৩৫ এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে প্রবাসী কল সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া, মালয়েশিয়া-সংক্রান্ত ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. হেদায়েতুল ইসলাম মণ্ডলের সঙ্গে টেলিফোন, ই-মেইল বা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য নেওয়ারও আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের প্রবাসী নিহত

প্রকাশ: বৃহস্পতিবার, জুলাই ০৯, ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের প্রবাসী নিহত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার এক প্রবাসী যুবক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। নিহতের খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মোহাম্মদ শফিক (৪০) কমলনগর উপজেলার চর ফলকন মাতব্বর হাটের দক্ষিণ এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার অদু বাতেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় ১০ বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন শফিক। বুধবার সৌদি আরবের একটি সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

শফিকের মৃত্যুর খবর দেশে পৌঁছালে তার পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন প্রবাসে থেকে পরিবারকে স্বচ্ছল করার চেষ্টা করেছিলেন শফিক। তার অকাল মৃত্যুতে শুধু পরিবারই নয়, পুরো এলাকাবাসী শোকাহত।

এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা বলেন, প্রবাসী মোহাম্মদ শফিকের মৃত্যুর সংবাদ অত্যন্ত মর্মান্তিক। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

প্রবাসীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা দেওয়া হবে। জেলা প্রশাসন সব ধরনের সহায়তার জন্য পরিবারের পাশে রয়েছে।