২২ অক্টোবর ২০২৬

কাতারে রিক্রুটমেন্ট এজেন্সির লাইসেন্স বাতিল ও অফিস বন্ধ!

প্রকাশ: বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
কাতারে রিক্রুটমেন্ট এজেন্সির লাইসেন্স বাতিল ও অফিস বন্ধ!

শ্রম আইন, নির্ধারিত নীতিমালা লঙ্ঘন এবং সেবাগ্রহীতাদের অভিযোগ নিরসনে সহযোগিতা না করায় 'আল লুলুয়াহ অফিস ফর রিক্রুটমেন্ট অব ওয়ার্কার্স' (লাইসেন্স নম্বর: ৬৩৮) নামের একটি ম্যানপাওয়ার বা কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে কার্যালয়টি বন্ধ করে দিয়েছে কাতারের শ্রম মন্ত্রণালয়।

শ্রম মন্ত্রণালয়ের ২০২৬ সালের ৪৭ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করে লাইসেন্স বাতিলের এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, রিক্রুটমেন্ট এজেন্সিগুলোর মাধ্যমে বিদেশ থেকে কর্মী আনার প্রক্রিয়া স্বচ্ছ রাখা, সেবাগ্রহীতা ও নিয়োগকর্তাদের অধিকার সুরক্ষা নিশ্চিত করা এবং বাজারে সুশাসন প্রতিষ্ঠার সার্বিক ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একই সাথে শ্রম মন্ত্রণালয় স্পষ্ট বার্তা দিয়েছে যে, যেসব প্রবাসী বা নিয়োগকারী প্রতিষ্ঠান প্রচলিত নিয়ম ও সরকারি নির্দেশনাবলী অনুসরণে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

কোনো রিক্রুটমেন্ট এজেন্সি বা ম্যানপাওয়ার অফিসের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘন, চুক্তিভঙ্গ বা অন্য কোনো অভিযোগ থাকলে সাধারণ মানুষকে সরাসরি শ্রম মন্ত্রণালয়ের হটলাইন নম্বর ১৬৫০৫-এ ফোন করে অভিযোগ দায়ের করার আহ্বান জানানো হয়েছে।

২০২৭ সালের বাজেট খসড়া অনুমোদন করল কাতার মন্ত্রিসভা!

প্রকাশ: বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
২০২৭ সালের বাজেট খসড়া অনুমোদন করল কাতার মন্ত্রিসভা!

প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানির সভাপতিত্বে বুধবার (২১ অক্টোবর) আমিরি দেওয়ানে কাতারের মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শেষে সভার গৃহীত সিদ্ধান্তসমূহ গণমাধ্যমকে জানান বিচারমন্ত্রী ও মন্ত্রিসভা বিষয়ক প্রতিমন্ত্রী ইব্রাহিম বিন আলি আল মোহান্নাদি।

সভার শুরুতে ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁর সাম্প্রতিক ঐতিহাসিক কাতার সফর এবং কাতারের আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে তাঁর দ্বিপক্ষীয় আলোচনার ইতিবাচক ফলাফলকে স্বাগত জানায় মন্ত্রিসভা।

মন্ত্রিসভা উল্লেখ করে, এই সফরের মধ্য দিয়ে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এক নতুন যুগে প্রবেশ করেছে, যা অর্থনৈতিক, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে।

এছাড়া কাতার ও সিঙ্গাপুরের যৌথ কমিটির (HLJC) ৯ম বৈঠকের সফলতার প্রশংসা করা হয়, যার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে 'কৌশলগত অংশীদারিত্বে' উন্নীত হতে যাচ্ছে। গত ১৫ অক্টোবর আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত এশিয়ায় সহযোগিতা ও আস্থার ব্যবস্থাপনাবিষয়ক সম্মেলনের (CICA) ৭ম শীর্ষ সম্মেলনে কাতারের আমিরের অংশগ্রহণ এবং সেখানে আজারবাইজান ও উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানদের সাথে আয়োজিত দ্বিপক্ষীয় বৈঠকগুলোরও ইতিবাচক মূল্যায়ন করে মন্ত্রিসভা।

বাজেট ও নীতিগত সিদ্ধান্তসমূহ:

  • ২০২৭ অর্থবছরের সাধারণ বাজেট: ২০২৭ সালের জন্য রাষ্ট্রের প্রস্তাবিত খসড়া বাজেট আইন নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা। সংবিধান অনুযায়ী এটি চূড়ান্ত পর্যালোচনা ও অনুমোদনের জন্য শূরা কাউন্সিলে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

  • মালিক সমিতি আইন বাস্তবায়নের বিধিমালা: ২০২৬ সালের ১১ নম্বর আইনের (মালিক সমিতি আইন) বাস্তবায়ন বিধিমালাসংক্রান্ত খসড়া সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির (RERA) সাথে সমন্বয় করে যৌথ মালিকানাধীন আবাসন বা প্রোপার্টি ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল করতে এই পদক্ষেপ নেওয়া হয়।

  • আন্তর্জাতিক সমঝোতা স্মারক:

    ১. বেলজিয়ামের ফেডারেল পুলিশের সাথে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সহযোগিতাসংক্রান্ত একটি খসড়া সমঝোতা স্মারক।

    ২. কাতার ও সৌদি আরবের মধ্যে জ্বালানি খাতে যৌথ সহযোগিতাসংক্রান্ত খসড়া সমঝোতা স্মারক।

    ৩. কাতারের দোহা পৌরসভা এবং মিসরের কায়রো গভর্নরেটের মধ্যে সিস্টার-সিটি বা সিস্টারশিপ (Twinning) চুক্তি।

বৈঠক শেষে জাতীয় সড়ক নিরাপত্তা কমিটির ২০২৪ ও ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন, ওমান ক্লাইমেট উইকে কাতারের পরিবেশমন্ত্রীর অংশগ্রহণের সারসংক্ষেপ এবং আবু ধাবিতে অনুষ্ঠিত অপরাধ প্রতিরোধ ও অপরাধ বিচারবিষয়ক ১৫তম জাতিসংঘ কংগ্রেসের ওপর বিচারমন্ত্রীর উপস্থাপন করা প্রতিবেদন পর্যালোচনা করে মন্ত্রিসভা।

কমিউনিটি সংবাদ

গ্রাহকদের সমালোচনার জবাবে ঘরোয়া রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বক্তব্য

প্রকাশ: বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
গ্রাহকদের সমালোচনার জবাবে ঘরোয়া রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বক্তব্য

কাতারে অন্যতম পরিচিত বাংলাদেশি রেস্তোরাঁ ঘরোয় রেস্টুরেন্ট। সম্প্রতি এর খাবারের মান নিয়ে ফেসবুকে অভিযোগ তোলেন কয়েকজন গ্রাহক। এর উত্তরে ঘরোয়া রেস্তোরাঁ কর্তৃপক্ষ এক বিবৃতিতে নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি কাতার প্রবাসী বাংলাদেশিদের কাছে যে অনুরোধ রেখেছেন, তা পাঠকদের জন্য তুলে ধরা হলো:

বর্তমান সময়ে কাতারের ব্যবসা-বাণিজ্য নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে কোনো প্রতিষ্ঠানের ভালো-মন্দ নিয়ে আলোচনা, সমালোচনা ও পরামর্শ অবশ্যই হতে পারে। গ্রাহকদের মতামতকে আমরা সম্মান করি এবং নিজেদের ভুল-ত্রুটি সংশোধন করে আরও উন্নত হওয়ার চেষ্টা করি।

তবে আমাদের বিনীত প্রশ্ন—কোনো অভিযোগ বা অসন্তোষ থাকলে তা সরাসরি আমাদের জানানোর সুযোগ না দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রেস্টুরেন্টের ছবি প্রকাশ করে বিভিন্ন মন্তব্যের মাধ্যমে প্রতিষ্ঠানের সম্মানহানির চেষ্টা করা কতটা যুক্তিসংগত?

আমাদের পক্ষ থেকে একটি অনুরোধ—প্রথমে আমাদের জানান, আমাদের বক্তব্য শোনার সুযোগ দিন। আমরা যদি আপনাদের অভিযোগের সন্তোষজনক উত্তর দিতে না পারি কিংবা সমস্যার যথাযথ সমাধান করতে ব্যর্থ হই, তখন আপনারা অবশ্যই আপনাদের বিবেচনায় পরবর্তী পদক্ষেপ নিতে পারেন। কিন্তু আমাদের কথা শোনার এবং নিজেদের অবস্থান ব্যাখ্যা করার সুযোগটুকু কি আমরা পেতে পারি না?

বাংলাদেশি ভাই হিসেবে আমরা আপনাদের কাছ থেকে নিশ্চয়ই এতটুকু সহযোগিতা ও সহমর্মিতা প্রত্যাশা করি। একজন শুভাকাঙ্ক্ষী কিংবা একজন মুমিনের কাছ থেকেও আমরা পারস্পরিক সম্মান, ন্যায়বিচার ও সংশোধনের সুযোগ দেওয়ার মানসিকতা প্রত্যাশা করি।

একবার কি ভেবে দেখেছেন, কেউ কি নিজের প্রতিষ্ঠানের ক্ষতি চায়? দীর্ঘ আট বছর ধরে ঘরোয়া রেস্টুরেন্ট কীভাবে টিকে আছে? নিশ্চয়ই এর পেছনে রয়েছে অনেক মানুষের পরিশ্রম, ত্যাগ, স্বপ্ন, কর্মসংস্থান এবং আপনাদেরই ভালোবাসা ও সহযোগিতা।

আপনারাই আমাদের শক্তি, আপনারাই আমাদের পথপ্রদর্শক। আপনাদের অভিযোগ, পরামর্শ ও সমালোচনাকে আমরা গুরুত্বসহকারে বিবেচনা করতে চাই। ভুল হলে তা শুধরে নিতে চাই, সীমাবদ্ধতা থাকলে তা কাটিয়ে উঠতে চাই। কারণ, আপনাদের সন্তুষ্টি ও বিশ্বাসই আমাদের এগিয়ে যাওয়ার অন্যতম প্রেরণা।

কিন্তু কিছু ভাই সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে বিষয়গুলো উপস্থাপন করছেন, তাতে সমস্যার সমাধানের চেয়ে প্রতিষ্ঠানের ক্ষতির আশঙ্কাই বেশি তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে কী বলা উচিত, তা আমাদের জানা নেই। আমরা শুধু চাই, কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট জানুন, সত্যতা যাচাই করুন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার সুযোগ দিন।

আমরা গঠনমূলক সমালোচনাকে ভয় পাই না। বরং সমালোচনা হোক সত্যের ভিত্তিতে, আলোচনা হোক সৌহার্দ্যপূর্ণ এবং প্রতিটি পদক্ষেপে বজায় থাকুক পারস্পরিক সম্মান।

আমাদের উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, কারও সঙ্গে বিরোধ সৃষ্টি করাও নয়। আমরা শুধু চাই, ভুল হলে সংশোধনের সুযোগ দেওয়া হোক; অভিযোগ থাকলে তা সমাধানের চেষ্টা করা হোক; আর কোনো প্রতিষ্ঠানের বিষয়ে মতামত দেওয়ার আগে ন্যায়সংগত অবস্থান গ্রহণ করা হোক।

মনে রাখবেন, একটি প্রতিষ্ঠানের সঙ্গে শুধু একজন মালিকের স্বপ্ন নয়, জড়িয়ে থাকে বহু মানুষের জীবিকা ও পরিবারের ভবিষ্যৎ।

সবার প্রতি যথাযথ সম্মান রেখেই আমাদের এই বিনীত অনুরোধ। আসুন, আমরা একে অপরের প্রতিপক্ষ না হয়ে সহযোগী হই। ক্ষতির কারণ না হয়ে সংশোধনের পথ দেখাই।

আপনাদের ভালোবাসা, বিশ্বাস, সমালোচনা ও সহযোগিতা নিয়েই ঘরোয়া রেস্টুরেন্ট আরও ভালো হতে চায়, ইনশাআল্লাহ।

ঘরোয়া রেস্টুরেন্ট — আপনাদের ভালোবাসায়, আপনাদের পাশে।

কাতার এয়ারওয়েজের ফ্লাইট স্থগিতের মেয়াদ ২৪ অক্টোবর পর্যন্ত বাড়ল

প্রকাশ: বুধবার, অক্টোবর ২১, ২০২৬
কাতার এয়ারওয়েজের ফ্লাইট স্থগিতের মেয়াদ ২৪ অক্টোবর পর্যন্ত বাড়ল

সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনায় বড় ধরনের পরিবর্তন আনল কাতার এয়ারওয়েজ।

আঞ্চলিক সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে কাতারের পতাকাবাহী এই রাষ্ট্রীয় বিমান সংস্থা।

একই সাথে জেদ্দা রুটেও ফ্লাইট সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত এক দাপ্তরিক বার্তায় কাতার এয়ারওয়েজ জানায়, আগামী ২৪ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে আসা-যাওয়ার সব ধরনের ফ্লাইট চলাচল সম্পূর্ণ স্থগিত থাকবে।

এছাড়া জেদ্দা রুটে আগে যেখানে প্রতিদিন ৭টি করে নিয়মিত ফ্লাইট পরিচালিত হতো, তা কমিয়ে প্রতিদিন ৪টি ফ্লাইটে নামিয়ে আনা হয়েছে।

বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের চরম সতর্কবার্তা কাতারের

উদ্ভূত পরিস্থিতিতে যেসব যাত্রীর আগে থেকেই টিকিট বুকিং করা রয়েছে, তাদের ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের অন্তত ৪৮ ঘণ্টা আগে এয়ারলাইন্সের সাথে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সেই সাথে ফ্লাইট চলাচলের বর্তমান সময়সূচি পরিস্থিতি অনুযায়ী যেকোনো সময় পরিবর্তিত হতে পারে বলেও সতর্ক করেছে বিমান সংস্থাটি।

ফ্লাইট সংক্রান্ত যেকোনো সর্বশেষ হালনাগাদ তথ্য, টিকিট পুনঃনির্ধারণ বা বুকিং আপডেট জানার জন্য যাত্রীদের কাতার এয়ারওয়েজের অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ অথবা সরাসরি কাস্টমার সার্ভিস সেন্টারে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

বিভিন্ন দেশে ইন্টারনেট ব্যাহত হওয়ার শঙ্কা, সতর্ক করল কাতার
লুসাইল প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সম্মানে কাতারের আমিরের নৈশভোজ

বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের চরম সতর্কবার্তা কাতারের

প্রকাশ: বুধবার, অক্টোবর ২১, ২০২৬
বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের চরম সতর্কবার্তা কাতারের

চলমান আঞ্চলিক চরম উত্তেজনা এবং নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক মধ্যস্থতা ও আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাতার।

মঙ্গলবার দোহায় আয়োজিত 'গ্লোবাল সিকিউরিটি ফোরাম'-এ দেওয়া এক বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাজেদ বিন মোহাম্মদ আল-আনসারি।

মাজেদ আল-আনসারি জানান, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ পর্যায়ভিত্তিক আলোচনা থামেনি।

উভয় পক্ষই কূটনৈতিক উপায়ে সংকট সমাধানে যুক্ত রয়েছে। আলোচনার গোপনীয়তার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই বিষয়ে মিডিয়ায় বিস্তারিত তথ্য না আসাই প্রমাণ করে মধ্যস্থতাকারীরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছেন।

তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, অনিয়ন্ত্রিত উত্তেজনা পুরো অঞ্চলকে এমন এক ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, যা মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে বৈশ্বিক শান্তিকে বিঘ্নিত করবে।

সম্প্রতি সৌদি আরবের সার্বভৌমত্ব ও সীমান্ত লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের হামলায় রিয়াদের পাশে শক্ত অবস্থান পুনর্ব্যক্ত করেছে কাতার। আল-আনসারি স্পষ্ট করে জানান, নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ভাইপ্রতিম দেশ সৌদি আরবের গৃহীত যেকোনো পদক্ষেপে দোহার পূর্ণ সমর্থন রয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও উল্লেখ করেন, অতীতে যুদ্ধবিরতির মাধ্যমে স্থায়ী সমাধানে পৌঁছানোর চেষ্টা ব্যর্থ হওয়ায় নতুন করে লড়াই শুরু হয়েছে।

যেকোনো যুদ্ধবিরতি মূলত একটি স্থায়ী গন্তব্যের প্রবেশদ্বার হিসেবে কাজ করে। এ সময় মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি নিশ্চিত করতে আঞ্চলিক সংকটগুলো একসাথে নিরসনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতাকে ব্যবহার করার তীব্র সমালোচনাও উঠে আসে তাঁর বক্তব্যে।

বিভিন্ন দেশে ইন্টারনেট ব্যাহত হওয়ার শঙ্কা, সতর্ক করল কাতার

প্রকাশ: বুধবার, অক্টোবর ২১, ২০২৬
বিভিন্ন দেশে ইন্টারনেট ব্যাহত হওয়ার শঙ্কা, সতর্ক করল কাতার

হরমুজ প্রণালিতে সমুদ্রের তলদেশের ইন্টারনেট ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন হলে ইরানসহ পুরো অঞ্চলের দেশগুলোতে ইন্টারনেট সেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার শঙ্কা প্রকাশ করে সতর্কবার্তা দিয়েছে কাতার।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মাঝে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র হুসেইন মাহবি জানান, হরমুজ প্রণালির তলদেশ দিয়ে ৭টি প্রধান ইন্টারনেট ক্যাবল গেছে এবং তারা সেখানে ‘নতুন অস্ত্র ও নতুন লক্ষ্যবস্তুর’ দিকে ইঙ্গিত করেন।

ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়িও সতর্ক করেছিলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হলে ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সমুদ্রের তলদেশের ক্যাবলে হামলা চালানো হতে পারে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয় সোমবার (১৯ অক্টোবর) ইরানের বাহিনীটি ওই হুমকি দেয় বাহিনীটি।

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেন, ‘হরমুজ প্রণালির তলদেশ দিয়ে সাতটি প্রধান ডেটা যোগাযোগ ক্যাবল গেছে।’ তার দাবি, ইন্টারনেট ও বাণিজ্যিক ডেটার সব প্রবাহ এসব ক্যাবলের মধ্য দিয়ে যায়।

তিনি আরও বলেন, ‘আমরা শুধু তাদের জানাতে চাই, নতুন লক্ষ্যবস্তু প্রকাশ করা হবে। নতুন অস্ত্রেরও আত্মপ্রকাশ ঘটবে।’

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, তেহরানের স্যাক্রেড ডিফেন্স জাদুঘরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মোহেব্বি।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ক্ষমতার অবশিষ্টাংশ বলে তিনি যাকে উল্লেখ করেছেন, সেগুলোকে অঞ্চল থেকে বিতাড়িত করার অঙ্গীকার করেছেন।

এর আগে মার্চের শুরুর দিকে ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইনে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এতে অবকাঠামোর সরাসরি ক্ষতি, বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন এবং ক্লাউড সেবা বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। এসব হামলার পরই নতুন হুমকি এলো।

টেলিযোগাযোগ খাতের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান টেলিজিওগ্রাফির তথ্য অনুযায়ী, ইউরোপ ও এশিয়ার মধ্যে ডেটা পরিবহনের ৯০ শতাংশের বেশি সক্ষমতা লোহিত সাগরের তলদেশ দিয়ে যাওয়া সাবমেরিন ফাইবার-অপটিক ক্যাবলের মাধ্যমে পরিচালিত হয়।

মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইব্রাহিম আল-হাশমি বলেন, এ অঞ্চলের দেশগুলো সেচ, লবণ উৎপাদন ও মৎস্য আহরণের জন্য হরমুজ প্রণালির পানির ওপর নির্ভরশীল। তিনি সতর্ক করে বলেন, ক্ষয়ক্ষতি হলে পানির নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

কাতার বলেছে, হরমুজ প্রণালিতে সমুদ্রের তলদেশে থাকা ইন্টারনেট ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন হলে ইরানসহ পুরো অঞ্চলের দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে জলপথটিকে লক্ষ্য করে চালানো হামলা ও হুমকি অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে দেশটি।

মঙ্গলবারের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের পরিচালক ইব্রাহিম আল-হাশমি বলেন, সমুদ্রের তলদেশে থাকা ক্যাবল সংযোগে কোনো বিঘ্ন ঘটলে ইরানসহ এ অঞ্চলের দেশগুলোই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে।