গালফ বাংলা

কাতারে শুরু হলো ইতিহাসের সর্ববৃহৎ বিরল ক্লাসিক কার প্রদর্শনী

কাতারে শুরু হলো ইতিহাসের সর্ববৃহৎ বিরল ক্লাসিক কার প্রদর্শনী

আভিজাত্য, ইতিহাস আর নান্দনিক প্রকৌশলশৈলীর অপূর্ব মেলবন্ধনে কাতারে শুরু হয়েছে সপ্তম ‘কাতার লাক্সারি ক্লাসিক কারস কনটেস্ট অ্যান্ড এক্সিবিশন ২০২৬’। বুধবার (১৮ নভেম্বর) দোহার দ্য পার্ল আইল্যান্ডে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা ও প্রদর্শনীর পর্দা ওঠে।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

কাতারসহ উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর ৭৪টি দুর্লভ ও ঐতিহাসিক গাড়ি নিয়ে সাজানো এবারের আসরের অন্যতম প্রধান আকর্ষণ হলো কাতারের সাবেক শাসক শেখ আবদুল্লাহ বিন জসিম আল-থানির ব্যবহৃত ১৯৩৮ সালের একটি ঐতিহাসিক শেভ্রোলেট গাড়ি। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত।

ইতিহাসের সর্ববৃহৎ আয়োজন

গালফ কাতারি ক্লাসিক কারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন ও পৃষ্ঠপোষকতা করছেন কাতার মিউজিয়ামস ও দোহা ফিল্ম ইনস্টিটিউটের চেয়ারপারসন শেখা আল মায়াসা বিনতে হামাদ বিন খলিফা আল-থানি। প্রদর্শনীর ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় আসর, যেখানে ১৯০০ থেকে ১৯৯৬ সালের মধ্যে নির্মিত ক্লাসিক গাড়িগুলোকে মোট পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে উপস্থাপন করা হচ্ছে।

আন্তর্জাতিক ঐতিহাসিক যানবাহন ফেডারেশনের (ফিভা) তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিযোগিতায় জিসিসিভুক্ত প্রতিটি দেশ থেকেই সংগ্রাহকরা অংশ নিয়েছেন এবং প্রদর্শিত গাড়িগুলোর প্রায় অর্ধেকই এসেছে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলো থেকে।

গালফ কাতারি ক্লাসিক কারস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ ফয়সাল বিন কাসিম আল-থানি জানান, সপ্তম এই সংস্করণটি আয়োজনের ধারাবাহিক সাফল্যে এক নতুন মাইলফলক।

তাঁর মতে, ক্লাসিক গাড়িগুলো কেবল পুরোনো সংগ্রহ নয়, বরং এগুলো এক শতাব্দীরও বেশি সময়ের মোটরগাড়ির বিবর্তন, নকশা ও প্রকৌশলের জীবন্ত দলিল। আন্তর্জাতিক পর্যায়ে কাতারের অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি যান্ত্রিক ঐতিহ্য সংরক্ষণের একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে এই প্রদর্শনীকে প্রতিষ্ঠিত করাই তাঁদের মূল লক্ষ্য।

এক শতাব্দীর মোটরগাড়ির বিবর্তন ও রেকর্ড অংশগ্রহণ

সংস্থাটির ভাইস চেয়ারম্যান ওমর আল ফারদান উল্লেখ করেন, এই প্রদর্শনীটি বিশেষজ্ঞ, সংগ্রাহক এবং সাধারণ গাড়িপ্রেমীদের মধ্যে সেতুবন্ধন তৈরির এক কার্যকর প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে যান্ত্রিক ঐতিহ্যের জ্ঞান ছড়িয়ে দিতে তরুণদের জন্য বিশেষ কর্মশালারও ব্যবস্থা রাখা হয়েছে।

অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্য ও মহাসচিব প্রকৌশলী আবদুল লতিফ আলী আল ইয়াফি জানান, এবারের আসরে ৭৪টি গাড়ির অংশগ্রহণ একটি নতুন রেকর্ড। প্রদর্শিত গাড়িগুলোর মধ্যে সবচেয়ে পুরোনো হলো ১৯২৮ সালের একটি ফোর্ড মডেল এ, এছাড়াও রয়েছে ১৯২৯ সালের একটি বিএমডব্লিউসহ দুর্লভ সব কনভার্টিবল ও স্পোর্টস কার। স্বচ্ছতা ও পেশাদারত্ব বজায় রাখতে ফিভার মানদণ্ড অনুযায়ী দেশি-বিদেশি অভিজ্ঞ বিচারক প্যানেল গাড়িগুলোর মূল্যায়ন করছেন।

নতুন প্রজন্ম ও কাতার অটো মিউজিয়ামের উদ্যোগ

শিশু ও শিক্ষার্থীদের ক্লাসিক গাড়ির কারুশিল্প ও ইতিহাসের সাথে পরিচিত করতে কাতার অটো মিউজিয়াম বিশেষ শিক্ষামূলক কর্মসূচি গ্রহণ করেছে। কাতার মিউজিয়ামসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদ আল রুমাইহি বলেন, প্রতিটি ক্লাসিক গাড়ির পেছনে উদ্ভাবন ও সৃজনশীলতার গল্প রয়েছে, যা আগামী দিনের নকশাবিদ ও প্রকৌশলীদের অনুপ্রাণিত করবে। এ ছাড়া আগ্রহী সংগ্রাহকদের জন্য গাড়ি পুনরুদ্ধার ও সংরক্ষণের ওপর ধারাবাহিক শিক্ষামূলক ভিডিও তৈরির উদ্যোগও নিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ।

দ্য পার্ল আইল্যান্ডের আভিজাত্য ও পুরস্কার ঘোষণা

আয়োজক সহযোগী ইউনাইটেড ডেভেলপমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসের সালেহ আল জাইদাহ বলেন, দ্য পার্ল আইল্যান্ডের নান্দনিক পরিবেশের সাথে এই ঐতিহ্যবাহী প্রদর্শনীর সমন্বয় দেশি-বিদেশি পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করেছে।

অন্যদিকে, টানা পঞ্চমবারের মতো এই আয়োজনে সহায়তাকারী সোশ্যাল অ্যান্ড স্পোর্ট কন্ট্রিবিউশন ফান্ডের (দাম) পরিচালক হাসান ইউসুফ আল ওবাইদলি উপসাগরীয় অঞ্চলের সংগ্রাহকদের এই মিলনমেলার প্রশংসা করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, পাঁচটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য ১৫টি পুরস্কারসহ মোট ২০টি নগদ অর্থ ও সম্মাননা প্রদান করা হবে। এর পাশাপাশি সেরা বিলাসবহুল ক্লাসিক গাড়ি, সবচেয়ে আকর্ষণীয় গাড়ি এবং সেরা সংরক্ষিত স্থানীয় ঐতিহ্যবাহী গাড়িসহ পাঁচটি বিশেষ ক্যাটাগরিতে স্বীকৃতি দেওয়া হবে।

আগামী ২২ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। শিশুদের জন্য ছবি আঁকা ও শৈল্পিক পরিবেশনার ব্যবস্থা থাকায় সব বয়সী দর্শনার্থীদের প্রদর্শনীটি উপভোগের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

মাসকাটে ক্যাম্পিংয়ের নতুন নিয়ম, অমান্য করলে জরিমানা

মাসকাটে ক্যাম্পিংয়ের নতুন নিয়ম, অমান্য করলে জরিমানা

শীতের আমেজ শুরু হওয়ায় ওমানের রাজধানী মাসকাটে জমে উঠেছে ক্যাম্পিং মৌসুম। পরিবার ও ভ্রমণপিপাসুদের নিরাপদ অবকাশ যাপন এবং পরিবেশ সুরক্ষায় এবার ক্যাম্পিংয়ের জন্য কঠোর নিয়মকানুন, ফি ও জরিমানার বিধান ঘোষণা করেছে মাসকাট মিউনিসিপ্যালিটি। নির্দেশনা অমান্য করলে ৩৫০ ওমানি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

নতুন নিয়ম অনুযায়ী, ৪৮ ঘণ্টার বেশি সময় ক্যাম্পিং করতে চাইলে মিউনিসিপ্যালিটির ইলেকট্রনিক সার্ভিস পোর্টাল থেকে আগেই অনুমোদন বা পারমিট নিতে হবে এবং তা ক্যাম্পের দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখতে হবে। একজন আবেদনকারী দুই সপ্তাহের জন্য সর্বোচ্চ ১০০ বর্গমিটার জায়গার অনুমোদন পাবেন, যা পরে নবায়ন করা যাবে।

এ জন্য প্রতি বর্গমিটারে দৈনিক ৫০ বাইসা ফি এবং ১০০ বাইসা ফেরতযোগ্য জামানত দিতে হবে। ক্যাম্পিং শেষে নিয়ম মেনে জায়গাটি ছেড়ে গেলে পরিদর্শনের পর জামানতের অর্থ ফেরত দেওয়া হবে।

মিউনিসিপ্যালিটি জানিয়েছে, কেবল নির্ধারিত এলাকাতেই তাঁবু খাটানো যাবে। প্রতিটি ক্যাম্প সমুদ্রসৈকত থেকে অন্তত ১০ মিটার, আবাসিক এলাকা থেকে ১০০ মিটার এবং পাশের ক্যাম্প থেকে কমপক্ষে ৫ মিটার দূরে হতে হবে। ক্যাম্পিংয়ের সময় লেজার লাইট, ওপরের দিকে তাক করা আলো, উচ্চ শব্দের জেনারেটর ব্যবহার, মাটি খনন, কংক্রিটের স্থাপনা তৈরি এবং সবুজ স্থানে আগুন জ্বালানো সম্পূর্ণ নিষিদ্ধ।

কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, প্রয়োজনীয় অনুমোদন ছাড়া ক্যাম্পিং করলে ৩৫০ ওমানি রিয়াল এবং অন্যান্য নিয়ম ভঙ্গ করলে ৫০ রিয়াল জরিমানা করা হবে। এ ছাড়া নির্দেশনা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সংশোধন না করলে সংশ্লিষ্ট ব্যক্তির নিজ খরচে ক্যাম্পটি অপসারণ করা হবে।

ট্রাম্পের হুঁশিয়ারি টানাপোড়েনে ওমান

উপসাগরীয় আরব রাজতন্ত্রগুলোর মধ্যে এই দেশটির অর্থনীতিই এখন সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে...
ট্রাম্পের হুঁশিয়ারি টানাপোড়েনে ওমান

পৃথিবীর অভ্যন্তরের ভূতাত্ত্বিক শক্তিগুলো ওমানকে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দান করলেও তার প্রতিবেশী আরব দেশগুলোর মতো বিপুল তেল ও গ্যাসের ভান্ডার দেয়নি। তবুও আজকের এই সময়ে—যখন পারস্য উপসাগরীয় অঞ্চল যুদ্ধ ও শান্তির মাঝামাঝি এক দোলাচলে ঝুলে আছে—তখন দেশটির ভৌগোলিক অবস্থানই এক আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

উপসাগরীয় এই রাষ্ট্রটি ইরানের সাথে হরমুজ প্রণালীর অংশীদার হলেও—ওমানের উপকূলরেখার অধিকাংশই এই প্রণালীর বাইরে অবস্থিত। এই গুরুত্বপূর্ণ জলপথে ইরানের কঠোর নিয়ন্ত্রণ যখন প্রতিবেশী দেশগুলোর গলা টিপে ধরছে, তখন ভারত মহাসাগরের তীরে অবস্থিত নিজস্ব বন্দরগুলো ব্যবহার করে ওমান যতটা সম্ভব নিজস্ব হাইড্রোকার্বন (তেল ও গ্যাস) নির্বিঘ্নে রপ্তানি করার সুযোগ পাচ্ছে।

উপসাগরীয় আরব রাজতন্ত্রগুলোর মধ্যে ওমানের অর্থনীতিই এখন সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে। চলতি বছরে দেশটির প্রবৃদ্ধি দাঁড়িয়েছে শক্তিশালী ৪.৫ শতাংশে। এর বিপরীতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রাক্কলন করেছে যে, সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি বাড়বে মাত্র ০.২ শতাংশ; আর সৌদি আরবের অর্থনীতি ৩.৩ শতাংশ এবং কাতারের অর্থনীতি ১৪.৫ শতাংশ সংকুচিত হবে।

ওমানি অর্থনৈতিক ও ব্যবসায়িক পরামর্শক প্রতিষ্ঠান 'দ্য ফার্ম'-এর বিশ্লেষক আদহাম আল সাইদ বলেন, "এখানে সৌভাগ্যের বিষয় যেমন আছে, তেমনি একই সাথে রয়েছে সুপরিকল্পিত প্রস্তুতি।" তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে ওমান সরকার তার আর্থিক খাতে ব্যাপক সংস্কার এনেছে—যার ফলে বাজেট ঘাটতি কাটিয়ে উদ্বৃত্ত তৈরি হয়েছে এবং সরকারি ঋণ ২০২০ সালের জিডিপির ৬৮ শতাংশ থেকে কমে চলতি বছরে প্রায় ৩০ শতাংশে নেমে এসেছে।

এ ছাড়া দেশটি বন্দর ও সড়ক অবকাঠামোতে বড় ধরনের বিনিয়োগ করেছে, যা এখন উপসাগরীয় দেশগুলোর পণ্য আমদানির জন্য গুরুত্বপূর্ণ বিকল্প রুট হিসেবে কাজ করছে। গত আগস্ট পর্যন্ত এক বছরে ওমানি বন্দরগুলোতে সামুদ্রিক জাহাজ চলাচল ২৮ শতাংশ বেড়েছে।

বন্দরসংলগ্ন বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো হাইড্রোকার্বনের ওপর নির্ভরতা কমিয়ে ওমানের অর্থনৈতিক বৈচিত্র্যকরণের ধীরগতিকে ত্বরান্বিত করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। এসব অঞ্চলে গ্রিন হাইড্রোজেন (ওমানে প্রচুর সূর্যালোক ও বায়ুপ্রবাহ রয়েছে), ইস্পাত এবং পেট্রোকেমিক্যাল কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এমনকি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য একটি মহাকাশ বন্দর (স্পেসপোর্ট) নির্মাণের কাজও প্রক্রিয়াধীন রয়েছে।

গুরুত্বপূর্ণ সমুদ্রপথের বাইরে অবস্থানের কৌশলগত সুবিধা

মধ্যপ্রাচ্যের প্রধান সামুদ্রিক সংকটপূর্ণ পথগুলোর (চোক পয়েন্ট) মধ্যে লোহিত সাগরে ইয়েমেনের হুথি বাহিনীর হুমকির মুখে থাকা বাব-আল-মান্দেব প্রণালীও রয়েছে। কিন্তু এর বাইরে ওমানের অবস্থান দেশটির সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি সৌদি আরামকো ওমানের দুকম তেল টার্মিনাল পর্যন্ত একটি নতুন পাইপলাইন নির্মাণের কথা ভাবছে। অন্যদিকে, ওমানের সোহার বন্দর এবং সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির মধ্যে পণ্যবাহী ও যাত্রীবাহী ট্রেন চলাচলের জন্য 'হাফিত রেল' প্রকল্পের পরীক্ষামূলক চলাচল ২০২৭ সালের শেষ নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে।

এটি আমিরাতের বিদ্যমান রেল ব্যবস্থার সাথে যুক্ত হবে এবং পরবর্তীতে ২০৩০ সালের মধ্যে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ছয়টি সদস্য রাষ্ট্রকে সংযুক্তকারী বৃহত্তর রেল নেটওয়ার্কের অংশ হয়ে উঠবে।

ওমানিরা মনে করেন, তাঁদের রাজনৈতিক নিরপেক্ষতাই এই অঞ্চলের যুদ্ধগুলোর সবচেয়ে ভয়াবহ পরিণতি থেকে দেশটিকে রক্ষা করছে। ওমান মার্কিন বাহিনীকে তার বন্দরগুলো ব্যবহারের অনুমতি দিলেও—দেশে কোনো বড় বিদেশি সামরিক ঘাঁটি রাখতে দেয়নি। একই সাথে ইরানের সাথেও দেশটির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

এই অবস্থানই ওমানকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এবং হুথিদের সাথেও মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের সুযোগ করে দিয়েছে। তবে নিরপেক্ষতা মানেই সম্পূর্ণ সুরক্ষা বা দায়মুক্তি নয়—চলতি বছরে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশপথে অভিযানের সময়, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ওমানেও আঘাত হেনেছিল। অবশ্য অন্যান্য উপসাগরীয় দেশের তুলনায় এধরনের আক্রমণতার তীব্রতা কমই ছিল ওমানে।

নিরপেক্ষতার ঝুঁকি ও ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

তবুও ওমানের আকাশে কালো মেঘ এখনো ঘুরপাক খাচ্ছে। প্রথমত, আঞ্চলিক সংঘাতের কারণে দেশটির তেল-বহির্ভূত খাতের প্রবৃদ্ধি গত বছরের ৩.১ শতাংশ থেকে কমে চলতি বছরে ১.৪ শতাংশে নেমে এসেছে। পর্যটন খাত থেকে আয় কমে গেছে এবং দীর্ঘস্থায়ী আঞ্চলিক অস্থিতিশীলতা বিদেশি বিনিয়োগকারীদেরও শঙ্কিত করে তুলতে পারে। বিশ্লেষক ড. আল সাইদ বলেন, "এখানে আমি কাউকেই বিজয়ী দেখছি না। দীর্ঘমেয়াদী ক্ষতির বিনিময়ে স্বল্পমেয়াদী লাভ কারও স্বার্থেই ভালো নয়।"

ওমানের রাজনৈতিক ভারসাম্য রক্ষার এই কৌশল বেশ ঝুঁকিপূর্ণও বটে। মাস্কট দাবি করে, ইরান উপসাগরীয় অঞ্চলের জন্য কোনো অস্তিত্বগত হুমকি নয় এবং দেশটিকে বিচ্ছিন্ন না করে বরং আঞ্চলিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা উচিত। ওমান একটি আঞ্চলিক অনাক্রমণ চুক্তি এবং যুক্তরাষ্ট্রের সাথে উপসাগরীয় দেশগুলোর ঘনিষ্ঠ সম্পর্ক পুনর্মূল্যায়নের পক্ষে কথা বলছে।

কিন্তু অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রের অভিযোগ, ওমান ইরান ও হুথিদের প্রতি অতিরিক্ত ঘনিষ্ঠতা দেখাচ্ছে। মার্কিন অলাভজনক শিক্ষামূলক সংস্থা সেজ ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্স'-এর এলানা ডেলোজিয়ার বলেন, "কিছু দেশ তো ওমানের এই নিরপেক্ষতার ধরনকে প্রকৃত নিরপেক্ষতা বলেই মনে করে না।"

হরমুজ প্রণালী নিয়ে ওমানের অস্পষ্ট অবস্থানও অস্বস্তি তৈরি করছে। ইরান কার্যত এই জলপথের ওপর নিয়ন্ত্রণ এবং জাহাজ চলাচলের ওপর টোল বা মাশুল আদায়ের অধিকার দাবি করছে—যা আরব রাষ্ট্রগুলো ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই প্রত্যাখ্যান করেছে। এই পরিস্থিতিতে ওমান সামুদ্রিক সেবা, নৌচলাচল সহায়ক ব্যবস্থা রক্ষণাবেক্ষণ এবং তেল নিঃসরণ মোকাবিলার জন্য "স্বেচ্ছামূলক" অর্থ প্রদানের একটি ধারণা প্রস্তাব করেছে। তবে এ ধরনের আধা-সমাধান কাউকেই খুশি করতে পারবে না বলে মনে করা হচ্ছে।

আপাতত ইরানিদের নজর এড়িয়ে চলতে চাওয়া জাহাজগুলো মার্কিন যুদ্ধবিমানের আংশিক সুরক্ষায় ওমানের জলসীমা দিয়ে চলাচল করছে। কিন্তু এরপরও কিছু জাহাজ হামলার শিকার হচ্ছে এবং অধিকাংশ সময় সেই বিপর্যয় সামাল দিতে হচ্ছে ওমানকেই।

গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, "ওমান যদি আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায়, তবে আমরা তাদের ওপর ভয়াবহ বোমাবর্ষণ করব।" অর্থাৎ, ট্রাম্পের ক্ষমতাসীন থাকা অবস্থায় ওমান এখনো পুরোপুরি বিপদমুক্ত নয়।

ওমানে পুলিশ সেজে প্রবাসীর ১৮ হাজার রিয়াল ছিনতাই, গ্রেপ্তার ৩

ওমানে পুলিশ সেজে প্রবাসীর ১৮ হাজার রিয়াল ছিনতাই, গ্রেপ্তার ৩

ওমানের রাজধানী মাস্কাটে এক প্রবাসীর কাছ থেকে ১৮ হাজার ওমানি রিয়াল ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি জানিয়েছে, ভুক্তভোগী এবং গ্রেপ্তার হওয়া তিন ছিনতাইকারী—সবাই এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার দিন রাস্তায় ওই প্রবাসীকে গতিরোধ করে তিন ছিনতাইকারী। এ সময় নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে তারা ভুক্তভোগীর কাছে পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চায়। একপর্যায়ে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক কাছে থাকা ১৮ হাজার রিয়াল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ওই চক্রটি।

ঘটনার তদন্তে নেমে মাস্কাট পুলিশ দ্রুততম সময়ের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে। তবে তৃতীয় ব্যক্তি ঘটনার পরপরই ওমান থেকে পালিয়ে অন্য দেশে চলে যায়। পরবর্তীতে আন্তর্জাতিক সহযোগিতায় অন্য একটি দেশ থেকেও তাকে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হয়।

এ ঘটনার পর প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিলেই কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। পরিচয়পত্র যাচাই না করে কিংবা নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র হস্তান্তরের আগে অবশ্যই তাদের আসল পরিচয় নিশ্চিত করতে হবে।

ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, নাবিক নিহত

ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, নাবিক নিহত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ওমান উপকূলে ভারতের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। ‘আল জুসুফি’ নামের বহুমুখী সহায়তাকারী জাহাজটিতে ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। হামলার পর ওমানের কোস্টগার্ড ১৩ জনকে নিরাপদে উদ্ধার করেছে।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

ভারতের কেন্দ্রীয় জাহাজ পরিবহণ ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, গত ২ নভেম্বর ওমান উপকূল দিয়ে চলার সময় জাহাজটিতে অজ্ঞাত আকাশযান থেকে হামলা চালানো হয়। এতে আহত হয়ে মারা যান গুজরাটের বাসিন্দা নাবিক গন্ধর নাহিম আজিজ।

পোস্টে সোনোয়াল লেখেন, ‘ওমান উপকূলের কাছে চলাচলের সময় ভারতের পতাকাবাহী এমএসভি আল জুসুফিতে অজ্ঞাত একটি আকাশযান আঘাত হানে। জাহাজটিতে ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। ওমানের কোস্টগার্ড ১৩ জনকে নিরাপদে উদ্ধার করেছে। তবে গুজরাটের নাবিক গন্ধর নাহিম আজিজের আহত অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।’

নিহত নাবিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রী বলেন, উদ্ধার হওয়া ১৩ নাবিককে তাৎক্ষণিক সহায়তা দিতে দেশটির জাহাজ চলাচল মন্ত্রণালয় ও ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। জীবিত নাবিকদের দ্রুত দেশে ফেরানো এবং নিহত ব্যক্তির মরদেহ প্রত্যাবাসনের ব্যবস্থাও করা হচ্ছে।

তবে জাহাজটিতে কারা হামলা চালিয়েছে কিংবা কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার মধ্যে ঘটল। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর থেকে এসব হামলা বেড়েছে। এতে উপসাগরীয় জলসীমায় চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে জ্বালানি সরবরাহেও সংকট দেখা দিয়েছে। এর সঙ্গে বাণিজ্যিক জাহাজে হামলা আন্তর্জাতিক অর্থনীতি ও সমুদ্রপথে পণ্য পরিবহনের ঝুঁকি আরও বাড়িয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপসাগরীয় জলসীমায় জাহাজ ও ট্যাংকারে হামলার ঘটনায় অন্তত ২২ জন ভারতীয় নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন নাবিক।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন

আমাদের সাথে যুক্ত হোন

৪৮ বছর পর ঐতিহাসিক সফরে চীনে ওমানের সুলতান হাইথাম

৪৮ বছর পর ঐতিহাসিক সফরে চীনে ওমানের সুলতান হাইথাম

৪৮ বছর পর প্রথমবারের মতো চীন সফরে গেছেন ওমানের কোনো রাষ্ট্রপ্রধান। রবিবার (১ নভেম্বর) বেইজিংয়ে পৌঁছেছেন দেশটির সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ। ১৯৭৮ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এটিই ওমানের কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম চীন সফর।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএনের প্রতিবেদন অনুযায়ী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে এ রাষ্ট্রীয় সফরে গেছেন সুলতান হাইথাম। সোমবার (২ নভেম্বর) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন প্রেসিডেন্ট শি জিনপিং।

১৯৭৮ সালের মে মাসে চীন ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৪৮ বছর পর সুলতানের এই সফর দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতার গুরুত্ব তুলে ধরছে বলে জানিয়েছে মাস্কাট টাইমস।

এমন এক সময়ে সফরটি অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত চলছে। গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে।

জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রেও চীনের গুরুত্বপূর্ণ অংশীদার ওমান। দেশটি চীনের অপরিশোধিত তেলের পঞ্চম বৃহত্তম সরবরাহকারী। আরব দেশগুলোর মধ্যে চীনের চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক অংশীদারও ওমান।

২০২৪ সালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৩৬ দশমিক ৭৩ বিলিয়ন মার্কিন ডলার। সুলতানের এই সফরকে কেন্দ্র করে দুই দেশের বিদ্যমান সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

শেয়ার করুন

আমাদের সাথে যুক্ত হোন