গালফ বাংলা

ট্রাম্পের হুঁশিয়ারি টানাপোড়েনে ওমান

উপসাগরীয় আরব রাজতন্ত্রগুলোর মধ্যে এই দেশটির অর্থনীতিই এখন সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে...
ট্রাম্পের হুঁশিয়ারি টানাপোড়েনে ওমান

পৃথিবীর অভ্যন্তরের ভূতাত্ত্বিক শক্তিগুলো ওমানকে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দান করলেও তার প্রতিবেশী আরব দেশগুলোর মতো বিপুল তেল ও গ্যাসের ভান্ডার দেয়নি। তবুও আজকের এই সময়ে—যখন পারস্য উপসাগরীয় অঞ্চল যুদ্ধ ও শান্তির মাঝামাঝি এক দোলাচলে ঝুলে আছে—তখন দেশটির ভৌগোলিক অবস্থানই এক আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

উপসাগরীয় এই রাষ্ট্রটি ইরানের সাথে হরমুজ প্রণালীর অংশীদার হলেও—ওমানের উপকূলরেখার অধিকাংশই এই প্রণালীর বাইরে অবস্থিত। এই গুরুত্বপূর্ণ জলপথে ইরানের কঠোর নিয়ন্ত্রণ যখন প্রতিবেশী দেশগুলোর গলা টিপে ধরছে, তখন ভারত মহাসাগরের তীরে অবস্থিত নিজস্ব বন্দরগুলো ব্যবহার করে ওমান যতটা সম্ভব নিজস্ব হাইড্রোকার্বন (তেল ও গ্যাস) নির্বিঘ্নে রপ্তানি করার সুযোগ পাচ্ছে।

উপসাগরীয় আরব রাজতন্ত্রগুলোর মধ্যে ওমানের অর্থনীতিই এখন সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে। চলতি বছরে দেশটির প্রবৃদ্ধি দাঁড়িয়েছে শক্তিশালী ৪.৫ শতাংশে। এর বিপরীতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রাক্কলন করেছে যে, সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি বাড়বে মাত্র ০.২ শতাংশ; আর সৌদি আরবের অর্থনীতি ৩.৩ শতাংশ এবং কাতারের অর্থনীতি ১৪.৫ শতাংশ সংকুচিত হবে।

ওমানি অর্থনৈতিক ও ব্যবসায়িক পরামর্শক প্রতিষ্ঠান 'দ্য ফার্ম'-এর বিশ্লেষক আদহাম আল সাইদ বলেন, "এখানে সৌভাগ্যের বিষয় যেমন আছে, তেমনি একই সাথে রয়েছে সুপরিকল্পিত প্রস্তুতি।" তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে ওমান সরকার তার আর্থিক খাতে ব্যাপক সংস্কার এনেছে—যার ফলে বাজেট ঘাটতি কাটিয়ে উদ্বৃত্ত তৈরি হয়েছে এবং সরকারি ঋণ ২০২০ সালের জিডিপির ৬৮ শতাংশ থেকে কমে চলতি বছরে প্রায় ৩০ শতাংশে নেমে এসেছে।

এ ছাড়া দেশটি বন্দর ও সড়ক অবকাঠামোতে বড় ধরনের বিনিয়োগ করেছে, যা এখন উপসাগরীয় দেশগুলোর পণ্য আমদানির জন্য গুরুত্বপূর্ণ বিকল্প রুট হিসেবে কাজ করছে। গত আগস্ট পর্যন্ত এক বছরে ওমানি বন্দরগুলোতে সামুদ্রিক জাহাজ চলাচল ২৮ শতাংশ বেড়েছে।

বন্দরসংলগ্ন বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো হাইড্রোকার্বনের ওপর নির্ভরতা কমিয়ে ওমানের অর্থনৈতিক বৈচিত্র্যকরণের ধীরগতিকে ত্বরান্বিত করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। এসব অঞ্চলে গ্রিন হাইড্রোজেন (ওমানে প্রচুর সূর্যালোক ও বায়ুপ্রবাহ রয়েছে), ইস্পাত এবং পেট্রোকেমিক্যাল কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এমনকি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য একটি মহাকাশ বন্দর (স্পেসপোর্ট) নির্মাণের কাজও প্রক্রিয়াধীন রয়েছে।

গুরুত্বপূর্ণ সমুদ্রপথের বাইরে অবস্থানের কৌশলগত সুবিধা

মধ্যপ্রাচ্যের প্রধান সামুদ্রিক সংকটপূর্ণ পথগুলোর (চোক পয়েন্ট) মধ্যে লোহিত সাগরে ইয়েমেনের হুথি বাহিনীর হুমকির মুখে থাকা বাব-আল-মান্দেব প্রণালীও রয়েছে। কিন্তু এর বাইরে ওমানের অবস্থান দেশটির সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি সৌদি আরামকো ওমানের দুকম তেল টার্মিনাল পর্যন্ত একটি নতুন পাইপলাইন নির্মাণের কথা ভাবছে। অন্যদিকে, ওমানের সোহার বন্দর এবং সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির মধ্যে পণ্যবাহী ও যাত্রীবাহী ট্রেন চলাচলের জন্য 'হাফিত রেল' প্রকল্পের পরীক্ষামূলক চলাচল ২০২৭ সালের শেষ নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে।

এটি আমিরাতের বিদ্যমান রেল ব্যবস্থার সাথে যুক্ত হবে এবং পরবর্তীতে ২০৩০ সালের মধ্যে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ছয়টি সদস্য রাষ্ট্রকে সংযুক্তকারী বৃহত্তর রেল নেটওয়ার্কের অংশ হয়ে উঠবে।

ওমানিরা মনে করেন, তাঁদের রাজনৈতিক নিরপেক্ষতাই এই অঞ্চলের যুদ্ধগুলোর সবচেয়ে ভয়াবহ পরিণতি থেকে দেশটিকে রক্ষা করছে। ওমান মার্কিন বাহিনীকে তার বন্দরগুলো ব্যবহারের অনুমতি দিলেও—দেশে কোনো বড় বিদেশি সামরিক ঘাঁটি রাখতে দেয়নি। একই সাথে ইরানের সাথেও দেশটির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

এই অবস্থানই ওমানকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এবং হুথিদের সাথেও মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের সুযোগ করে দিয়েছে। তবে নিরপেক্ষতা মানেই সম্পূর্ণ সুরক্ষা বা দায়মুক্তি নয়—চলতি বছরে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশপথে অভিযানের সময়, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ওমানেও আঘাত হেনেছিল। অবশ্য অন্যান্য উপসাগরীয় দেশের তুলনায় এধরনের আক্রমণতার তীব্রতা কমই ছিল ওমানে।

নিরপেক্ষতার ঝুঁকি ও ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

তবুও ওমানের আকাশে কালো মেঘ এখনো ঘুরপাক খাচ্ছে। প্রথমত, আঞ্চলিক সংঘাতের কারণে দেশটির তেল-বহির্ভূত খাতের প্রবৃদ্ধি গত বছরের ৩.১ শতাংশ থেকে কমে চলতি বছরে ১.৪ শতাংশে নেমে এসেছে। পর্যটন খাত থেকে আয় কমে গেছে এবং দীর্ঘস্থায়ী আঞ্চলিক অস্থিতিশীলতা বিদেশি বিনিয়োগকারীদেরও শঙ্কিত করে তুলতে পারে। বিশ্লেষক ড. আল সাইদ বলেন, "এখানে আমি কাউকেই বিজয়ী দেখছি না। দীর্ঘমেয়াদী ক্ষতির বিনিময়ে স্বল্পমেয়াদী লাভ কারও স্বার্থেই ভালো নয়।"

ওমানের রাজনৈতিক ভারসাম্য রক্ষার এই কৌশল বেশ ঝুঁকিপূর্ণও বটে। মাস্কট দাবি করে, ইরান উপসাগরীয় অঞ্চলের জন্য কোনো অস্তিত্বগত হুমকি নয় এবং দেশটিকে বিচ্ছিন্ন না করে বরং আঞ্চলিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা উচিত। ওমান একটি আঞ্চলিক অনাক্রমণ চুক্তি এবং যুক্তরাষ্ট্রের সাথে উপসাগরীয় দেশগুলোর ঘনিষ্ঠ সম্পর্ক পুনর্মূল্যায়নের পক্ষে কথা বলছে।

কিন্তু অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রের অভিযোগ, ওমান ইরান ও হুথিদের প্রতি অতিরিক্ত ঘনিষ্ঠতা দেখাচ্ছে। মার্কিন অলাভজনক শিক্ষামূলক সংস্থা সেজ ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্স'-এর এলানা ডেলোজিয়ার বলেন, "কিছু দেশ তো ওমানের এই নিরপেক্ষতার ধরনকে প্রকৃত নিরপেক্ষতা বলেই মনে করে না।"

হরমুজ প্রণালী নিয়ে ওমানের অস্পষ্ট অবস্থানও অস্বস্তি তৈরি করছে। ইরান কার্যত এই জলপথের ওপর নিয়ন্ত্রণ এবং জাহাজ চলাচলের ওপর টোল বা মাশুল আদায়ের অধিকার দাবি করছে—যা আরব রাষ্ট্রগুলো ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই প্রত্যাখ্যান করেছে। এই পরিস্থিতিতে ওমান সামুদ্রিক সেবা, নৌচলাচল সহায়ক ব্যবস্থা রক্ষণাবেক্ষণ এবং তেল নিঃসরণ মোকাবিলার জন্য "স্বেচ্ছামূলক" অর্থ প্রদানের একটি ধারণা প্রস্তাব করেছে। তবে এ ধরনের আধা-সমাধান কাউকেই খুশি করতে পারবে না বলে মনে করা হচ্ছে।

আপাতত ইরানিদের নজর এড়িয়ে চলতে চাওয়া জাহাজগুলো মার্কিন যুদ্ধবিমানের আংশিক সুরক্ষায় ওমানের জলসীমা দিয়ে চলাচল করছে। কিন্তু এরপরও কিছু জাহাজ হামলার শিকার হচ্ছে এবং অধিকাংশ সময় সেই বিপর্যয় সামাল দিতে হচ্ছে ওমানকেই।

গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, "ওমান যদি আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায়, তবে আমরা তাদের ওপর ভয়াবহ বোমাবর্ষণ করব।" অর্থাৎ, ট্রাম্পের ক্ষমতাসীন থাকা অবস্থায় ওমান এখনো পুরোপুরি বিপদমুক্ত নয়।

সিরিয়া পুনর্গঠন ও ফিলিস্তিনের পাশে থাকার অঙ্গীকার কাতার-কানাডার

সিরিয়া পুনর্গঠন ও ফিলিস্তিনের পাশে থাকার অঙ্গীকার কাতার-কানাডার

সিরিয়ার পুনরুদ্ধার ও পুনর্গঠনে আন্তর্জাতিক প্রচেষ্টা এবং ফিলিস্তিনি জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে কাতার ও কানাডা। শুক্রবার (২৭ নভেম্বর) সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

কানাডার রাজধানী অটোয়ায় দুই দেশের প্রথম কৌশলগত সংলাপে এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এতে রাজনৈতিক ও কূটনৈতিক সমন্বয় জোরদারের ওপরও জোর দেয় উভয় দেশ।

‘কৌশলগত অংশীদারত্ব জোরদারের পথে’ শীর্ষক এই সংলাপ গত ২৪ নভেম্বর যৌথভাবে পরিচালনা করেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি এবং কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ। কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএর বরাতে এ তথ্য জানা গেছে।

সংলাপে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা ও মানবিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সিরিয়ার পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে দুই দেশ। এ লক্ষ্যে আন্তর্জাতিক সহায়তার মধ্যে সমন্বয় বাড়ানো এবং উন্নয়ন ও মানবিক সহযোগিতার পরিধি সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।

পাশাপাশি ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখা এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক উদ্যোগে সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয় দোহা ও অটোয়া।

সূত্র: আনাদোলু এজেন্সি

অভিনব কৌশলে মাদক পাচার রুখে দিল কাতার

অভিনব কৌশলে মাদক পাচার রুখে দিল কাতার

মাদকদ্রব্য পাচারের অভিযোগে এশিয়ার একটি দেশের এক নাগরিককে গ্রেপ্তার করেছে কাতারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (জেনারেল ডিরেক্টরেট অব ড্রাগ এনফোর্সমেন্ট)।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

অভিযানে তাঁর কাছ থেকে ‘কেমিক্যাল’ নামক মাদক মেশানো প্রায় ৩০০ পিস কাগজ জব্দ করা হয়েছে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রয়োজনীয় আইনি অনুমোদন নেওয়ার পর ওই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে মাদক মেশানো এসব কাগজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনি পদক্ষেপের জন্য পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

সমাজের নিরাপত্তা ও সুরক্ষা বিঘ্নিত করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

শেয়ার করুন

আমাদের সাথে যুক্ত হোন

সৌদি আরবের তেল শোধনাগারে হুতি হামলার তীব্র নিন্দা জানাল কাতার

সৌদি আরবের তেল শোধনাগারে হুতি হামলার তীব্র নিন্দা জানাল কাতার

সৌদি আরবের জাজান অঞ্চলের একটি তেল শোধনাগারে হুতিদের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। গত বৃহস্পতিবারের হামলায় এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনাকে ‘নিন্দনীয় আগ্রাসন’ এবং আন্তর্জাতিক আইনের বিধিমালার ‘সুস্পষ্ট লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে দোহা।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

শুক্রবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে হামলায় নিহত ব্যক্তির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একইসঙ্গে দেশটি স্পষ্ট করেছে যে, ‘নিজের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা এবং স্বার্থ রক্ষায় সৌদি আরব যেসব বৈধ পদক্ষেপ নেবে’, তার প্রতি কাতারের পূর্ণ সমর্থন রয়েছে।

বিবৃতিতে আঞ্চলিক নিরাপত্তার ওপর জোর দিয়ে আরও বলা হয়, সৌদি আরবের নিরাপত্তা কাতারের নিজস্ব নিরাপত্তা এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) যৌথ নিরাপত্তা কাঠামোর একটি অবিচ্ছেদ্য অংশ।

শেয়ার করুন

আমাদের সাথে যুক্ত হোন

কাতার-পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ইস্যুতে নতুন প্রস্তাব

কাতার-পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ইস্যুতে নতুন প্রস্তাব

চলমান আঞ্চলিক ও কূটনৈতিক টানাপোড়েন নিরসনে ইরান ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার চেষ্টা জোরদার হয়েছে। এই প্রক্রিয়ায় কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা নিয়মিতভাবে নতুন ধারণা ও প্রস্তাব তুলে ধরছেন বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই কূটনৈতিক তৎপরতার বিষয়টি নিশ্চিত করেন। তবে মধ্যস্থতাকারীদের নানামুখী উদ্যোগ সত্ত্বেও তেহরানের মূল নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, কাতার ও পাকিস্তানের কূটনীতিকদের মধ্যস্থতামূলক প্রচেষ্টা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। সংকট সমাধানের পথ খুঁজতে তারা নিয়মিত বিরতিতে সংশ্লিষ্ট সব পক্ষের কাছে নতুন নতুন ধারণা ও প্রস্তাব উপস্থাপন করছেন।

আরাগচি বলেন, মধ্যস্থতাকারীদের এই নিরবচ্ছিন্ন কূটনৈতিক তৎপরতার ফলে আলোচনার টেবিলে বেশ কিছু নতুন ধারণা ও প্রস্তাব সামনে এসেছে। বর্তমানে ইরানের নীতিনির্ধারকরা এসব নতুন প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করে দেখছেন।

নতুন প্রস্তাবগুলো ইতিবাচকভাবে দেখা হলেও ইরান তার মৌলিক নীতি ও অবস্থান থেকে একচুলও সরে আসেনি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, মধ্যস্থতার প্রক্রিয়া চলমান থাকলেও তেহরানের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে ইরানের নিজস্ব কিছু সুনির্দিষ্ট দাবি রয়েছে উল্লেখ করে আরাগচি জানান, যেকোনো চুক্তি বা সমঝোতার আগে সেই দাবিগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তেহরানের স্বার্থ ও শর্ত পূরণ না হলে কেবল নতুন প্রস্তাবের ভিত্তিতে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় বলেই তার বক্তব্যে ইঙ্গিত মেলে।

কূটনৈতিক এই আলোচনায় ঠিক কোন বিষয়গুলো নিয়ে দরকষাকষি চলছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেননি ইরানের পররাষ্ট্রমন্ত্রী। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা ঠিক কী ধরনের নতুন প্রস্তাব দিয়েছেন, তা সাক্ষাৎকারে খোলাসা করা হয়নি।

একই সঙ্গে ইরানের পক্ষ থেকে যে সুনির্দিষ্ট দাবিগুলোর কথা বলা হচ্ছে, সেগুলোর ধরন কী এবং দাবিগুলো বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কী ধরনের আলোচনা হয়েছে—সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি আব্বাস আরাগচি। কূটনৈতিক গোপনীয়তা ও আলোচনার সংবেদনশীলতার কারণেই এসব তথ্য প্রকাশ করা হয়নি বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

আমাদের সাথে যুক্ত হোন

কায়রোতে কাতারের আমির ও মিসরের প্রেসিডেন্টের বৈঠক

কায়রোতে কাতারের আমির ও মিসরের প্রেসিডেন্টের বৈঠক

মিসরের রাজধানী কায়রোতে বৃহস্পতিবার আনুষ্ঠানিক বৈঠক করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

কায়রোর প্রেসিডেন্সিয়াল প্যালেসে অনুষ্ঠিত এই আলোচনায় গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি এবং সেখানে যুদ্ধবিরতি সুসংহত করতে যৌথ মধ্যস্থতা প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে কূটনৈতিক উদ্যোগগুলোর সমন্বয় বাড়ানোর উপায় নিয়েও কথা বলেন দুই নেতা।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের মধ্যে অব্যাহত পরামর্শের গুরুত্ব তুলে ধরেন শেখ তামিম। তিনি লেখেন, “অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি এবং বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় পরামর্শ অব্যাহত রাখা ও যৌথ প্রচেষ্টার সমন্বয় ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা এবং শান্তি ও সমৃদ্ধির জন্য জনগণের আকাঙ্ক্ষা পূরণে সহায়ক হবে।”

বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং গিজার দুর্ঘটনায় শোক

বৈঠকে বিভিন্ন খাতে, বিশেষ করে বিনিয়োগ ও জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন দুই শীর্ষ নেতা।

আলোচনায় মিসরের প্রেসিডেন্ট আল-সিসি কাতারের আমির ও তাঁর সফরসঙ্গী প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে, এই সফরের মাধ্যমে কাতার ও মিসরের মধ্যকার সহযোগিতা আরও শক্তিশালী হবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক এমনভাবে সম্প্রসারিত হবে যা উভয় দেশ ও তাদের জনগণের স্বার্থ রক্ষা করবে।

জবাবে উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ তামিম। তিনি যৌথ প্রচেষ্টা জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ ছাড়া মিসরের গিজা গভর্নরেটে জ্বালানিবাহী ট্রাক উল্টে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান কাতারের আমির এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

কায়রো সফর ও আনুষ্ঠানিক অভ্যর্থনা

বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি, সফরসঙ্গী কাতারি প্রতিনিধিদলের সদস্যবৃন্দ এবং মিসরের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিক আলোচনার আগে শেখ তামিম ও আল-সিসি একটি পৃথক দ্বিপক্ষীয় বৈঠকেও মিলিত হন, যেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

প্রেসিডেন্ট আল-সিসির আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার সকালে কায়রো পৌঁছান কাতারের আমির। কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মিসরের প্রেসিডেন্ট। পরে প্রেসিডেন্সিয়াল প্যালেসে পৌঁছালে আমিরকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়, যেখানে উভয় দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং দুই দেশের প্রতিনিধিদল পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে।

শেয়ার করুন

আমাদের সাথে যুক্ত হোন