জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত পশ্চিম এশিয়া টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্য দেখিয়েছে কাতার জাতীয় দল। বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে ৪টি সোনা, ২টি রূপা এবং ১৪টি ব্রোঞ্জসহ মোট ২০টি পদক জিতেছে কাতারি খেলোয়াড়েরা।
এই প্রতিযোগিতায় কাতার ছাড়াও জর্ডান, কুয়েত, সৌদি আরব, লেবানন, ফিলিস্তিন, ওমান, ইরাক, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের খেলোয়াড়েরা অংশ নেন। পুরুষ, নারী, যুবক এবং বিভিন্ন বয়সভিত্তিক ক্যাটাগরিতে এই লড়াই অনুষ্ঠিত হয়।
কাতারের পক্ষে সোনা জয়ীরা হলেন:
-
অনূর্ধ্ব-১৫ এককে আব্দুল আজিজ নাসের আবদুল্লাহ।
-
পুরুষ দ্বৈত বিভাগে মোহাম্মদ আবদুলওয়াহাব ও আবদুল্লাহ আবদুলওয়াহাব।
-
অনূর্ধ্ব-১৯ দ্বৈত বিভাগে আহমেদ আল কারনি ও রাওয়াদ আল নাসের।
-
এছাড়া অনূর্ধ্ব-১৯ বালক দলও সোনা জিতেছে।
রূপা জয়ীরা হলেন:
-
অনূর্ধ্ব-১৯ বালক এককে সুলতান আল কুওয়ারি।
-
অনূর্ধ্ব-১৩ বালিকা দ্বৈত বিভাগে সেরেনা শেখ ও দানা আল কাববি।
এছাড়া বিভিন্ন একক, দ্বৈত ও দলগত ইভেন্টে ১৪টি ব্রোঞ্জ পদক নিজেদের করে নিয়েছে কাতার দল। মোহাম্মদ আবদুলওয়াহাব, আয়া মাগদি, মরিয়ম আলী, ঈসা আল হাদ্দাদসহ অনেকেই ব্যক্তিগত ও দলগতভাবে এই পদকগুলো অর্জন করেন।
দলের এমন সাফল্যে ভীষণ খুশি কাতার টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি হামাদ আহমেদ আল হামাদি। তিনি বলেন, খেলোয়াড়েরা অনেক পরিশ্রম করে এই সাফল্য এনে দিয়েছে। এটি কাতার টেবিল টেনিস দলের উন্নতির বড় প্রমাণ। সামনেই বড় প্রতিযোগিতা রয়েছে, তাই আমাদের প্রস্তুতি আরও বাড়াতে হবে।