বন্ধুভাবাপন্ন কয়েকটি দেশের ভূখণ্ডে ইরানের নতুন করে চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। গতকাল বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে—জর্ডান, বাহরাইন এবং কুয়েতের ভূখণ্ডে ইসলামিক রিপাবলিক অব ইরান কর্তৃক পুনরায় হামলা চালানোর তীব্র নিন্দা জানাচ্ছে কাতার রাষ্ট্র। এটিকে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া দেশগুলোর সার্বভৌমত্ব ও অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও প্রতিবেশীসুলভ আচরণের মূলনীতির চরম অবমাননা বলে গণ্য করছে দোহা।
বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের হামলা অব্যাহত থাকা একটি বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের চলমান প্রচেষ্টাকে জটিল করে তুলবে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনে রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগগুলোকে দুর্বল করবে। এসব হামলার সমস্ত আইনি দায়দায়িত্ব এবং এর ফলে সৃষ্ট পরিণতির সম্পূর্ণ দায় ইরানকে নিতে হবে।
আক্রান্ত ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রগুলোর সাথে পূর্ণ সংহতি প্রকাশ করে কাতার জানিয়েছে, তাদের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং অখণ্ডতা রক্ষায় যেকোনো বৈধ পদক্ষেপে দোহা সম্পূর্ণ সমর্থন জানাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকিতে ফেলে এমন সমস্ত সামরিক অপারেশন ও হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সংঘাতের পরিধি আর না বাড়িয়ে আলোচনার টেবিলে ফিরে আসার এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে অর্জিত সমঝোতাগুলো মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে।