২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় ও নিখুঁত করার লক্ষে স্পেনের সাথে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে কাতার।
স্পেন সফররত কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ‘লখুইয়া’-র কমান্ডার হিজ এক্সিলেন্সি শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি দেশটির রাজধানী মাদ্রিদে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মার্লাসকা গোমেজের সাথে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করেন।
বৈঠকে দুই বন্ধুভাবাপন্ন দেশের মধ্যকার পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও প্রসারিত ও শক্তিশালী করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় করেন দুই দেশের মন্ত্রী।
বৈঠক শেষে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী যৌথভাবে একটি ‘লেটার অব ইনটেন্ট’ বা সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। আগামী ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল আয়োজনের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং উন্নত প্রযুক্তির যৌথ ব্যবহারের লক্ষ্যেই কাতার ও স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হলো।