৯ নভেম্বর ২০২৬

মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব

মঙ্গলবার সৌদি সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মক্কার দক্ষিণে ড্রোনটি ভূপাতিত করা হয়।
প্রকাশ: বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন পবিত্র নগরী মক্কার আকাশসীমায় ঢোকার আগেই ধ্বংস করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা বাহিনী। মক্কাকে লক্ষ্য করে হুথিদের এ হামলাকে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার সৌদি সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মক্কার দক্ষিণে ড্রোনটি ভূপাতিত করা হয়।

বুধবার ভোরে দেওয়া এক বিবৃতিতে ইয়েমেনে বৈধ সরকার পুনঃপ্রতিষ্ঠায় গঠিত জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি ঘটনাটিকে 'রেড লাইন' বা সীমা লঙ্ঘন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, "প্রয়োজনীয় ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে জোট কোনো দ্বিধা করবে না।"

মক্কা ইসলামের সবচেয়ে পবিত্র নগরী এবং হজের প্রধান কেন্দ্র। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলমান হজ ও ওমরাহ পালনে সেখানে যান। ফলে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর এ হামলা বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে ক্ষোভ তৈরি করতে পারে।

জোটের বিবৃতিতে বলা হয়, "এটি একটি লজ্জাজনক কাজ। ওহি নাজিলের ভূমি এবং বিশ্বের লাখ লাখ মুসলমানের হৃদয়ের গন্তব্যকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করা হয়েছে।"

তবে মক্কার আশপাশে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ঘটনা এবারই প্রথম নয়।

আরব জোটের তথ্য অনুযায়ী, ২০১৭ সালেও মক্কার দিকে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছিল সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা বাহিনী।

জোট সে সময় জানিয়েছিল, তায়েফ প্রদেশের আল-ওয়াসলিয়া এলাকার আকাশে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়। ওই ঘটনায় কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

এদিকে সোমবার সৌদি আরবের খামিস মুশাইত, আবহা ও তায়েফের বেসামরিক এলাকা লক্ষ্য করে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন আহত হন।

এর আগের সপ্তাহেও সৌদি আরবের বিভিন্ন শহরে হুথিদের হামলায় নারী ও শিশুসহ ৭০ জনের বেশি আহত হন।

এর আগে শুক্রবার রিয়াদ ও মদিনা অঞ্চলে কয়েকটি ড্রোন হামলায় সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন লক্ষ্যবস্তু হলে সেটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

পাইপলাইনে ওই হামলার নিন্দা জানায় উপসাগরীয় ও মুসলিম বিভিন্ন সংস্থা। একই সঙ্গে তারা সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করে।

জেদ্দায় ১৫০ দেশের অংশগ্রহণে শুরু আন্তর্জাতিক হজ সম্মেলন

প্রকাশ: সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
জেদ্দায় ১৫০ দেশের অংশগ্রহণে শুরু আন্তর্জাতিক হজ সম্মেলন

সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে ষষ্ঠ আন্তর্জাতিক হজ সম্মেলন ও প্রদর্শনী।

রবিবার (৮ নভেম্বর) সকাল দশটায় জেদ্দা সুপারডোমে শুরু হওয়া চার দিনব্যাপী এ আয়োজন পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে।

এতে বিশ্বের ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধিদের পাশাপাশি ৫২০টির বেশি সরকারি, বেসরকারি ও অলাভজনক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ধর্ম মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। সম্মেলনে হজ কোটা নির্ধারণ এবং দ্বি-পাক্ষিক হজ চুক্তি সম্পাদিত হবে।

সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করেছে। এটি সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নের অন্যতম কর্মসূচি। সম্মেলনের লক্ষ্য আগামী হজ মৌসুমের প্রস্তুতি আগেভাগে সম্পন্ন করা, হজযাত্রীদের সেবার মান বাড়ানো এবং সংশ্লিষ্ট দেশ ও প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার করা।

পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম হলো- সৌদি আরব সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা ২০১৯ সালে সৌদি ভিশন ২০৩০ -এর অংশ হিসেবে চালু করা হয়। এই প্রোগ্রামের মূল লক্ষ্য ও বৈশিষ্ট্য হলো- হজ ও উমরা পালনকারীদের যাত্রা সহজ, আরামদায়ক এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করা।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৭ নভেম্বর) জেদ্দায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরে হজ ও উমরা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহকারী উপমন্ত্রী ও মুখপাত্র ড. গাসসান আলনুআইমি বলেন, আসন্ন হজ মৌসুমের প্রস্তুতির ক্ষেত্রে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে সরকারি সংস্থা, বিভিন্ন দেশের হজবিষয়ক দপ্তর, সেবাদানকারী প্রতিষ্ঠান, কোম্পানি ও বিশেষজ্ঞরা একত্র হবেন।

তারা হজযাত্রীদের প্রয়োজন চিহ্নিত করা, সেবার মানোন্নয়নে কার্যকর সমাধান খোঁজা, অংশীদারত্ব গড়ে তোলা এবং প্রয়োজনীয় আয়োজন ও চুক্তি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করবেন।

এবারের সম্মেলনের বৈজ্ঞানিক কর্মসূচি সাজানো হয়েছে তিনটি প্রধান বিষয়ে- অবকাঠামো ও পরিচালনাসেবা, সক্ষমতা বৃদ্ধি ও সমন্বয় এবং উন্নয়ন ও টেকসই ব্যবস্থা।

সম্মেলনে থাকবে হজ কাউন্সিল, বিশেষ প্রদর্শনী এবং নতুন উদ্যোগ ও উদ্ভাবনকে উৎসাহিত করার বিভিন্ন কর্মসূচি। এ ছাড়া প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ‘অ্যাওয়ারনেস অ্যান্ড ট্রেনিং ফোরাম।’

‘সচেতনতা থেকে সক্ষমতায়’ প্রতিপাদ্যে এ ফোরামের লক্ষ্য হজসংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম এবং দায়িত্ব পালনের প্রস্তুতি আরও উন্নত করা।

এবারের আয়োজন ৬৭ হাজার বর্গমিটারের বেশি জায়গাজুড়ে বিস্তৃত। এতে ১৫টির বেশি প্রধান জোন ও কর্মসূচি রয়েছে। বিমান পরিবহন, যাতায়াত, আবাসন, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও প্রযুক্তিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের সেবা ও উদ্ভাবন তুলে ধরছে। নতুন প্রযুক্তি ও স্টার্টআপ উদ্যোগের পাশাপাশি হজযাত্রার বিভিন্ন ধাপ সহজ করার বাস্তবসম্মত সমাধানও প্রদর্শনীতে গুরুত্ব পাবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র গাসসান আলনুআইমি জানান, আগের পাঁচটি সম্মেলনে ১ হাজার ৮৫০টির বেশি সেবাসংক্রান্ত চুক্তি সম্পাদিত হয়েছে। এসব আয়োজনে ৩১০টির বেশি অধিবেশন ও ২৫০টি কর্মশালা অনুষ্ঠিত হয়। দর্শনার্থীর সংখ্যা ছিল ৫ লাখ ৭০ হাজারের বেশি।

তিনি বলেন, সম্মেলনের প্রকৃত সাফল্য শুধু আলোচনা বা সমঝোতা স্মারকে সীমাবদ্ধ নয়; বরং এসব উদ্যোগকে কার্যকর চুক্তি, বাস্তবায়ন পরিকল্পনা ও সেবার উন্নয়নে রূপ দেওয়ার মধ্যেই এর গুরুত্ব।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘মক্কা থেকে বিশ্বে।’ এর মাধ্যমে হজ ও উমরা ব্যবস্থাপনা, জনসমাগম নিয়ন্ত্রণ, সেবার উন্নয়ন এবং প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে সৌদি আরবের অভিজ্ঞতা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভাগাভাগি করার পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারত্বের সুযোগ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।

সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চায় হুতিরা

প্রকাশ: রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চায় হুতিরা

সৌদি আরবের সঙ্গে যুদ্ধবিরতি ও সংঘাত বন্ধ করতে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬ লাখ ৫০ হাজার কোটি টাকা। একই সঙ্গে ইয়েমেনে নিজেদের সরকার হিসেবে স্বীকৃতি দেওয়ার শর্তও দিয়েছে তারা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের হামলা ও পাল্টা হামলার পর সৌদি আরব ও হুতিদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা বন্ধ এবং বাব আল-মান্দেব প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার বিষয়ে হুতিদের সঙ্গে আলোচনা করতে চায় সৌদি আরব।

এর জবাবে হুতিরা ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে। তাদের দাবি, এক যুগেরও বেশি সময় ধরে সৌদি আরবের বোমাবর্ষণ ও নৌ অবরোধে ইয়েমেনে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা পূরণ করতেই এ অর্থ প্রয়োজন। তবে আলোচনার বিভিন্ন পর্যায়ে দাবির পরিমাণ পরিবর্তিত হয়েছে বলে জানিয়েছে ওয়ালস্ট্রিট জার্নাল।

হুতিদের সরকার হিসেবে স্বীকৃতি দেওয়ার শর্তটিও সৌদি আরবের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। এমন স্বীকৃতি দেওয়ার অর্থ হবে, ইয়েমেনের একটি বড় অংশ নিয়ন্ত্রণকারী ইরান-সমর্থিত গোষ্ঠীটির রাজনৈতিক কর্তৃত্ব মেনে নেওয়া।

২০১৫ সালে সৌদি আরব ও হুতিদের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়। এরপর থেকে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে।

সৌদি যুবরাজের অবস্থান নিয়ে উদ্বেগ

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান হুতিদের সঙ্গে পূর্ণাঙ্গ আলোচনায় যাওয়ার আগে যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চান। তবে ইয়েমেনে নতুন করে সেনা পাঠানোর বিষয়ে তাঁর প্রশাসনের মধ্যে উদ্বেগ রয়েছে। কারণ, এতে সংঘাত আরও রক্তক্ষয়ী হয়ে উঠতে পারে এবং সৌদি আরবের অভ্যন্তরেও চাপ তৈরি হতে পারে।

ওয়ালস্ট্রিট জার্নালের দাবি, ইয়েমেনে সৌদি আরবের কয়েকজন সেনা নিহত হলেও দেশটির সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সৌদি কর্মকর্তাদের একাংশের আশঙ্কা, হুতিদের দাবিমতো বিপুল অর্থ দেওয়া হলে ভবিষ্যতে অর্থ আদায়ের জন্য তারা আবারও উত্তেজনা বাড়াতে পারে। এতে নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

মদিনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি

এদিকে সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় পবিত্র নগরী মদিনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বলে দাবি করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

বৃহস্পতিবার ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বলে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে।

পর্যটন ভিসায় নতুন চার দেশকে যুক্ত করল সৌদি আরব

প্রকাশ: রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
পর্যটন ভিসায় নতুন চার দেশকে যুক্ত করল সৌদি আরব

পর্যটন ও ভ্রমণ খাতকে আরও সম্প্রসারণের লক্ষ্যে চার দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা সুবিধা বাড়িয়েছে সৌদি আরব।

নতুন এই সিদ্ধান্তের ফলে মেক্সিকো, উত্তর মেসিডোনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং সার্বিয়ার নাগরিকেরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সৌদি আরবে পর্যটন ভিসার আবেদন করতে পারবেন।

শুক্রবার (৬ নভেম্বর) সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে চারটি দেশের নাম ঘোষণা করেছে। এসব দেশের যোগ্য নাগরিকেরা এখন সৌদি আরবে ভ্রমণের জন্য পর্যটন ভিসার সুযোগ পাবেন।

এই ভিসার মাধ্যমে পর্যটকেরা বিভিন্ন অনুষ্ঠান ও বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি ওমরাহ পালন করতে পারবেন। এ ছাড়া প্রদর্শনী ও সম্মেলনে অংশগ্রহণ এবং সৌদি আরবে বসবাসরত আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে সাক্ষাতের সুযোগও থাকবে।

অফিশিয়াল ‘ভিজিট সৌদি’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এসব দেশের যোগ্য নাগরিকেরা কয়েক ধরনের ভিসা সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে ই-ভিসা, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বিমানবন্দরে পৌঁছে অন-অ্যারাইভাল ভিসা এবং ট্রানজিট ভিসা।

তবে প্রতিটি ভিসার ক্ষেত্রেই আলাদা যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দিষ্ট নিয়মকানুন অনুসরণ করতে হবে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভ্রমণের সুযোগ সম্প্রসারণ এবং দেশটিতে যাতায়াত আরও সহজ করার চলমান উদ্যোগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পর্যটন, ধর্মীয় সফর ও ব্যবসায়িক কার্যক্রমে বিদেশি নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি সৌদি আরবকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে আরও আকর্ষণীয় করে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

সৌদি আরব ও সিরিয়ার মধ্যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ০৫, ২০২৬
সৌদি আরব ও সিরিয়ার মধ্যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত

সৌদি আরব এবং সিরিয়ার মধ্যে প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে একটি বড় ধরনের সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে সৌদি আরব যখন নিজেদের নিরাপত্তা জোরদার করছে, ঠিক তখনই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এলো।

সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা রিয়াদ সফরে এসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। এক মাসের মধ্যে তাদের এটি দ্বিতীয় সাক্ষাৎ।

বৈঠকেই উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সামরিক সহযোগিতার এই চুক্তিতে সই হয়।

সামরিক চুক্তির বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, হুথি বিরোধী এই যুদ্ধের প্রেক্ষাপটে সিরিয়া সৌদি আরবকে কী ধরনের সাহায্য করতে পারে, চুক্তিটির মাধ্যমে সেই ভিত্তি তৈরি হলো।

এর আগে সিরীয় এক কূটনীতিক জানিয়েছিলেন, দুই দেশের যেকোনো সামরিক কিংবা অভিজ্ঞতা বিনিময় সরকারি চুক্তির মাধ্যমেই সম্পন্ন হবে।

প্রতিরক্ষা ছাড়াও সিরিয়ার অভ্যন্তরীণ উন্নয়ন জোরদার করতে সৌদি আরব ৪০ কোটি ডলারের বেশি ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়াকে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে এবং আন্তর্জাতিক অঙ্গনে সম্পর্ক পুনর্গঠনে শুরু থেকেই সহায়তা দিয়ে আসছে সৌদি সরকার।

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ০৫, ২০২৬
ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০
সানার একটি স্থাপনা থেকে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ছবি: সংগৃহীত

ইয়েমেনের বিভিন্ন প্রদেশে গত ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো। দেশটির আল-জাওফ, আল-বায়দা, সা’দা ও তাইজ প্রদেশে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। খবর আল জাজিরার

হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, হুথিদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় ১০৪টি হামলা চালানো হয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে বেসামরিক স্থাপনাও ছিল। রাজধানী সানাসহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয় বলে জানান তিনি।

এদিকে বুধবার এক বিবৃতিতে ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, আল-জাওফ প্রদেশের পূর্বাঞ্চলে অবস্থিত আল-দাহিদা পর্বতমালায় তারা আরও অগ্রসর হয়েছে। হুথিদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে এ অগ্রগতি অর্জন করেছে তারা। এর আগের দিনই ওই পর্বতমালার গুরুত্বপূর্ণ উচ্চভূমিগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছিল সরকারি বাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন স্থানে হুথিদের সমাবেশ ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলায় হুথি যোদ্ধাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে সরকারি বাহিনী।

এ ছাড়া ইয়েমেনের সেনাবাহিনীর মিডিয়া বিভাগ বুধবার কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। এতে অবরুদ্ধ তাইজ শহর ও আল-হাজম এলাকায় হুথি যোদ্ধাদের লক্ষ্য করে সরকারি বাহিনীর হামলার দৃশ্য দেখা গেছে।