১৭ নভেম্বর ২০২৬

জেদ্দায় ১৫০ দেশের অংশগ্রহণে শুরু আন্তর্জাতিক হজ সম্মেলন

প্রকাশ: সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
জেদ্দায় ১৫০ দেশের অংশগ্রহণে শুরু আন্তর্জাতিক হজ সম্মেলন

সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে ষষ্ঠ আন্তর্জাতিক হজ সম্মেলন ও প্রদর্শনী।

রবিবার (৮ নভেম্বর) সকাল দশটায় জেদ্দা সুপারডোমে শুরু হওয়া চার দিনব্যাপী এ আয়োজন পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে।

এতে বিশ্বের ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধিদের পাশাপাশি ৫২০টির বেশি সরকারি, বেসরকারি ও অলাভজনক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ধর্ম মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। সম্মেলনে হজ কোটা নির্ধারণ এবং দ্বি-পাক্ষিক হজ চুক্তি সম্পাদিত হবে।

সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করেছে। এটি সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নের অন্যতম কর্মসূচি। সম্মেলনের লক্ষ্য আগামী হজ মৌসুমের প্রস্তুতি আগেভাগে সম্পন্ন করা, হজযাত্রীদের সেবার মান বাড়ানো এবং সংশ্লিষ্ট দেশ ও প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার করা।

পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম হলো- সৌদি আরব সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা ২০১৯ সালে সৌদি ভিশন ২০৩০ -এর অংশ হিসেবে চালু করা হয়। এই প্রোগ্রামের মূল লক্ষ্য ও বৈশিষ্ট্য হলো- হজ ও উমরা পালনকারীদের যাত্রা সহজ, আরামদায়ক এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করা।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৭ নভেম্বর) জেদ্দায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরে হজ ও উমরা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহকারী উপমন্ত্রী ও মুখপাত্র ড. গাসসান আলনুআইমি বলেন, আসন্ন হজ মৌসুমের প্রস্তুতির ক্ষেত্রে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে সরকারি সংস্থা, বিভিন্ন দেশের হজবিষয়ক দপ্তর, সেবাদানকারী প্রতিষ্ঠান, কোম্পানি ও বিশেষজ্ঞরা একত্র হবেন।

তারা হজযাত্রীদের প্রয়োজন চিহ্নিত করা, সেবার মানোন্নয়নে কার্যকর সমাধান খোঁজা, অংশীদারত্ব গড়ে তোলা এবং প্রয়োজনীয় আয়োজন ও চুক্তি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করবেন।

এবারের সম্মেলনের বৈজ্ঞানিক কর্মসূচি সাজানো হয়েছে তিনটি প্রধান বিষয়ে- অবকাঠামো ও পরিচালনাসেবা, সক্ষমতা বৃদ্ধি ও সমন্বয় এবং উন্নয়ন ও টেকসই ব্যবস্থা।

সম্মেলনে থাকবে হজ কাউন্সিল, বিশেষ প্রদর্শনী এবং নতুন উদ্যোগ ও উদ্ভাবনকে উৎসাহিত করার বিভিন্ন কর্মসূচি। এ ছাড়া প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ‘অ্যাওয়ারনেস অ্যান্ড ট্রেনিং ফোরাম।’

‘সচেতনতা থেকে সক্ষমতায়’ প্রতিপাদ্যে এ ফোরামের লক্ষ্য হজসংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম এবং দায়িত্ব পালনের প্রস্তুতি আরও উন্নত করা।

এবারের আয়োজন ৬৭ হাজার বর্গমিটারের বেশি জায়গাজুড়ে বিস্তৃত। এতে ১৫টির বেশি প্রধান জোন ও কর্মসূচি রয়েছে। বিমান পরিবহন, যাতায়াত, আবাসন, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও প্রযুক্তিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের সেবা ও উদ্ভাবন তুলে ধরছে। নতুন প্রযুক্তি ও স্টার্টআপ উদ্যোগের পাশাপাশি হজযাত্রার বিভিন্ন ধাপ সহজ করার বাস্তবসম্মত সমাধানও প্রদর্শনীতে গুরুত্ব পাবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র গাসসান আলনুআইমি জানান, আগের পাঁচটি সম্মেলনে ১ হাজার ৮৫০টির বেশি সেবাসংক্রান্ত চুক্তি সম্পাদিত হয়েছে। এসব আয়োজনে ৩১০টির বেশি অধিবেশন ও ২৫০টি কর্মশালা অনুষ্ঠিত হয়। দর্শনার্থীর সংখ্যা ছিল ৫ লাখ ৭০ হাজারের বেশি।

তিনি বলেন, সম্মেলনের প্রকৃত সাফল্য শুধু আলোচনা বা সমঝোতা স্মারকে সীমাবদ্ধ নয়; বরং এসব উদ্যোগকে কার্যকর চুক্তি, বাস্তবায়ন পরিকল্পনা ও সেবার উন্নয়নে রূপ দেওয়ার মধ্যেই এর গুরুত্ব।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘মক্কা থেকে বিশ্বে।’ এর মাধ্যমে হজ ও উমরা ব্যবস্থাপনা, জনসমাগম নিয়ন্ত্রণ, সেবার উন্নয়ন এবং প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে সৌদি আরবের অভিজ্ঞতা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভাগাভাগি করার পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারত্বের সুযোগ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।

কাতারে এশিয়া কাপ রাইজিং স্টার্সে অংশ নিতে দোহায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

প্রকাশ: মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
কাতারে এশিয়া কাপ রাইজিং স্টার্সে অংশ নিতে দোহায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

কাতারে ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে অংশ নিতে দোহায় এসে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। এ সময় খেলোয়াড়দের স্বাগত জানাতে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব ফেনী কাতারের নেতাকর্মীসহ অন্য প্রবাসী বাংলাদেশিরা।

এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সদস্য নজরুল ইসলাম শাহীন, রফিকুল চৌধুরী, সাইফুল ইসলামসহ ম্যানেজমেন্ট টিমের অন্যান্য সদস্যবৃন্দ।

কাতারের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দল তাদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের সুনাম ও মর্যাদা আরও উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেন এসোসিয়েশন অব ফেনী কাতারের সাধারণ সম্পাদক জমির উদ্দিন শিমুল।

আসন্ন বিশ্বকাপের আগে তরুণ ক্রিকেটারদের নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে এই টুর্নামেন্টকে দেখছেন দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তিনি বলেন, ‘এই ধরনের টুর্নামেন্ট প্রত্যেক খেলোয়াড়ের জন্য খুব ভালো একটি প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। যারা ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারবেন, তাদেরই দলে নেওয়া হয়েছে।’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন কাতারে এসেছেন। তার আগমনে কাতার আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানোর সুযোগ হলো।

অন্যদিকে ফেনীর ছেলে সাইফ উদ্দিন বলেন, প্রবাসী বাংলাদেশীদের কাছে অনুরোধ করবো আপনারা মাঠে এসে খেলা উপভোগ করুন ও আমাদের সাপোর্ট করেন যাতে ভাল কিছু করতে পারি।

আগামী ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের লড়াই শেষে প্রতি গ্রুপের সেরা দুই দল জায়গা করে নেবে সেমিফাইনালে। ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই। আর ২৯ নভেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টের ফাইনাল।

গত বছর রাইজিং স্টার্স এশিয়া কাপে শিরোপার কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল বাংলাদেশ দলকে। এবারের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল।

কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র, নেপথ্যে যে কারণ

প্রকাশ: শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র, নেপথ্যে যে কারণ

নিরাপত্তাজনিত উদ্বেগ ও মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে কাতারে অনুষ্ঠেয় ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্ট শুরুর মাত্র এক সপ্তাহ আগে গতকাল বুধবার (১১ নভেম্বর) খেলোয়াড়দের কাছে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানায় যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন (ইউএস সকার)।

বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ সতর্কতার আলোকে প্রাক্‌-টুর্নামেন্ট অনুশীলন ক্যাম্প ও প্রতিযোগিতায় অংশগ্রহণ বাতিল করা হয়েছে।

আগামী ১৯ নভেম্বর কাতারে ৪৮ দলের এই বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে। আসরের ‘জে’ গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী ছিল মন্টেনিগ্রো, আলজেরিয়া ও চিলি। ২১ নভেম্বর মন্টেনিগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা ছিল।

গত ২৩ অক্টোবর কাতারের জন্য তৃতীয় স্তরের (লেভেল-৩) ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সেখানে সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের কাতার ভ্রমণ পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হুতিদের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ওই সতর্কতা জারি করা হয়েছিল। এছাড়া কাতারে অবস্থানরত মার্কিন দূতাবাসের কর্মী ও তাঁদের পরিবারের জন্যও বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে।

ইউএস সকার ফেডারেশন চিঠিতে স্পষ্ট জানিয়েছে, ১৬ ও ১৭ বছর বয়সী কিশোর খেলোয়াড় ও দলের স্টাফদের নিরাপত্তা এবং সুরক্ষাই সব সময় তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।

ফেডারেশন জানিয়েছে, বুধবারই খেলোয়াড়দের ক্লাবগুলোকে এই সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি ফিফা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তটি ঘোষণা না করা পর্যন্ত খেলোয়াড়দের এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করার অনুরোধ জানানো হয়েছে। রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাওয়া হলেও ফিফা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

উল্লেখ্য, ফিফার নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর ৩০ দিনের মধ্যে কোনো দল নাম প্রত্যাহার করলে ২০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ২৪ হাজার মার্কিন ডলার) জরিমানার বিধান রয়েছে।

গত বছরও কাতারে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল, যেখানে শেষ ৩২ দলের রাউন্ড পর্যন্ত খেলেছিল যুক্তরাষ্ট্র। ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছর কাতারেই ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কাতারে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্স: বাংলাদেশের খেলা কবে কোথায়

প্রকাশ: রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
কাতারে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্স: বাংলাদেশের খেলা কবে কোথায়

আগামী ১৯ নভেম্বর শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্স। ভেন্যু এবার কাতারে, এরই মধ্যে এসিসি টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে।

একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। কাতারের ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও ইউনিভার্সিটি অব দোহা ফর সাইন্স অ্যান্ড টেকনোলজি ক্রিকেট মাঠে হবে এবারের এশিয়া কাপ রাইজিং স্টার্স।

'এ' গ্রুপে বাংলাদেশ 'এ' দল, শ্রীলঙ্কা 'এ' দল, আফগানিস্তান 'এ' দল এবং হংকং দল। এ ছাড়া 'বি' গ্রুপে থাকছে ভারত 'এ' দল, পাকিস্তান 'এ' দল এবং নেপাল ও সংযুক্ত আরব আমিরাত জাতীয় দল। এই টুর্নামেন্টের ফরম্যাট ৫০ ওভারের।

১৯ নভেম্বর প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা লড়বে আফগানিস্তানের বিপক্ষে।

২০ নভেম্বর পাকিস্তান-ইউএই ও ভারত-নেপাল ম্যাচ। পরদিন শ্রীলঙ্কা-হংকং ও বাংলাদেশ-আফগানিস্তান লড়াই।

২২ তারিখ ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াও রয়েছে ইউএই-নেপাল ম্যাচ।

২৩ নভেম্বর আফগানিস্তান-হংকং এবং শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ এবং ২৪ নভেম্বর ভারত-ইউএই ও পাকিস্তান-নেপাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

২৬ নভেম্বর ও ২৭ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ২৯ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

২ থেকে ৭ নভেম্বর দোহায় শুরু হচ্ছে প্যাডেল বিশ্বকাপ!

প্রকাশ: বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
২ থেকে ৭ নভেম্বর দোহায় শুরু হচ্ছে প্যাডেল বিশ্বকাপ!

আন্তর্জাতিক প্যাডেল ফেডারেশন (FIP)-এর অন্যতম প্রধান আসর 'এফআইপি প্যাডেল বিশ্বকাপ কাতার ২০২৬' আয়োজনের জন্য সার্বিকভাবে প্রস্তুত রয়েছে দোহা।

আগামী ২ থেকে ৭ নভেম্বর রাজধানী দোহার খলিফা ইন্টারন্যাশনাল টেনিস অ্যান্ড স্কোয়াশ কমপ্লেক্সে জমকালো এই বৈশ্বিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে কাতার প্যাডেল ফেডারেশন (QPF) টুর্নামেন্ট শুরুর এই চূড়ান্ত প্রস্তুতির কথা নিশ্চিত করেছে।

এবারের বিশ্বকাপে বিশ্বের শীর্ষ স্থানীয় ৩২টি জাতীয় দল প্রতিদ্বন্দ্বিতা করবে। এর মধ্যে পুরুষ বিভাগে ১৬টি এবং নারী বিভাগে ১৬টি দল অংশ নেবে।

২০২১ ও ২০২৪ সালের সফল আয়োজনের পর এবার তৃতীয়বারের মতো এই বিশ্বমঞ্চের আয়োজন আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে কাতারের উচ্চমানের পেশাদারিত্ব এবং একটি বৈশ্বিক স্পোর্টস হাব হিসেবে দোহার অবস্থানকে আরও শক্ত ভিত্তি প্রদান করল।

কাতার টেনিস, স্কোয়াশ ও ব্যাডমিন্টন ফেডারেশনের (QTSBF) মহাসচিব এবং টুর্নামেন্ট ডিরেক্টর তারিক দরবেশ জয়নাল কাতার নিউজ এজেন্সি (QNA)-কে জানিয়েছেন যে, টুর্নামেন্টের লজিস্টিকস, কোর্ট ব্যবস্থাপনা ও টেকনিক্যালসহ সার্বিক অবকাঠামোগত কাজ সম্পন্ন হয়েছে।

তিনি উল্লেখ করেন, কাতার জাতীয় দল সম্প্রতি জাপানে অনুষ্ঠিত আইচি-নাগোয়া ২০২৬ এশিয়ান গেমসে ঐতিহাসিক স্বর্ণপদক জয় নিশ্চিত করায় এবার স্বাগতিক কাতার দলের প্রতি সমর্থকদের প্রত্যাশা আরও অনেক উঁচুতে। র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০-এ থাকা কাতার দল ঘরের মাঠে সেরা পারফরম্যান্স উপহার দিতে আশাবাদী।

টুর্নামেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর সাদ আল-মোহান্নাদি জানান, অনলাইন টিকিট প্ল্যাটফর্ম চালু করা হয়েছে যাতে দেশি-বিদেশি দর্শকরা সহজেই খেলা উপভোগ করতে পারেন। আন্তর্জাতিক প্যাডেল ফেডারেশন কাতারের ওপর আস্থা রেখে ২০২৬ এবং ২০২৮ সালের দুটি বিশ্বকাপ আয়োজন তুলে দেওয়ায় এটিকে বিশ্ব ক্রীড়া সংস্থার বিশেষ স্বীকৃতি হিসেবে দেখছে দোহা।

অংশগ্রহণকারী চূড়ান্ত দল ও বাছাইপর্ব:

ইতোমধ্যে পুরুষ ও নারী উভয় বিভাগে ১৫টি করে মোট ৩০টি দেশ সরাসরি মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে।

  • পুরুষ বিভাগ: স্বাগতিক কাতার, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, স্পেন, পর্তুগাল, ইতালি, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, ফ্রান্স, চিলি, সুইডেন, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, প্যারাগুয়ে, নেদারল্যান্ডস ও জার্মানি।

  • নারী বিভাগ: স্বাগতিক কাতার, স্পেন, আর্জেন্টিনা, ইতালি, পর্তুগাল, নেদারল্যান্ডস, সুইডেন, ফ্রান্স, ব্রাজিল, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, চিলি, জার্মানি ও গ্রেট ব্রিটেন।

উভয় বিভাগের মূল লড়াইয়ের চূড়ান্ত ১৬তম দলটি নির্ধারণে আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর কুয়েতে যৌথ আফ্রিকা-এশিয়া বাছাইপর্বের খেলা অনুষ্ঠিত হবে। সেখান থেকে শীর্ষ স্থান অর্জনকারী দল দুটি দোহায় অনুষ্ঠিত মূল পর্বের চূড়ান্ত ড্র-তে যুক্ত হবে।

ক্ষমা চেয়েও রক্ষা পাচ্ছেন না সিআরসেভেন? ৬ মাসের শাস্তি

প্রকাশ: শুক্রবার, অক্টোবর ০৯, ২০২৬
ক্ষমা চেয়েও রক্ষা পাচ্ছেন না সিআরসেভেন? ৬ মাসের শাস্তি

পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো নির্বাসনের মুখে। পর্তুগালের দল থেকে বেরিয়ে যাওয়ার ঘটনায় তারকা ফুটবলারের বিরুদ্ধে সর্বোচ্চ ৬ মাসের নিষেধাজ্ঞা জারি হতে পারে।

গত মাসে কোচ জর্জ জেসুসের সঙ্গে মতবিরোধের পর জাতীয় দলের শিবির ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রোনালদো। তবে নিজের সিদ্ধান্তের জন্য সমর্থক এবং সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে রোনালদো নিজেই জানিয়েছেন, তাকে জরিমানা করা হলে তিনি সেটা মেনে নেবেন।

তিন সপ্তাহের আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের নেশনস লিগের মাত্র একটি ম্যাচ খেলেছিলেন সিআরসেভেন। কোপেনহেগেনে ডেনমার্কের বিরুদ্ধে ৪-২ গোলে জয়ের ম্যাচে তাকে প্রথম একাদশে রাখা হয়নি। এরপরই জাতীয় দলের শিবির ছেড়ে চলে যান রোনালদো।

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলাবিধির ১৬০ নম্বর ধারা অনুযায়ী, জাতীয় দলের কোনও ফুটবলার যথাযথ কারণ ছাড়া অনুশীলন, ম্যাচ বা দলের কোনও কার্যক্রমে অনুপস্থিত থাকলে তাকে এক থেকে ছয় মাসের জন্য নির্বাসিত করা যেতে পারে। এর পাশাপাশি জরিমানার ব্যবস্থাও রয়েছে।

তবে পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’-র আইন বিশেষজ্ঞ গঞ্জালো আলমেইদার মতে, রোনালদোর ক্ষেত্রে শাস্তির মেয়াদ ইতিমধ্যেই শুরু হয়েছে। আলমেইদা ফিফার বিচারকও। তিনি জানিয়েছেন, গত মাসে জাতীয় দলের শিবির ছাড়ার মুহূর্ত থেকেই রোনালদোর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

আলমেইদা বলেন, পর্তুগিজ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কাউন্সিল আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবে। রোনালদোকে নিজের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হবে। এরপর দ্রুত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে রোনালদোর জন্য স্বস্তির জায়গাও রয়েছে।

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের ২৪৪ নম্বর ধারা অনুযায়ী, অভিযুক্ত ফুটবলার তদন্তের আওতায় থাকা ঘটনার কথা স্বীকার করলে, শাস্তির সর্বনিম্ন এবং সর্বোচ্চ সীমা অর্ধেক কমিয়ে দেওয়া যেতে পারে। শর্ত হল, স্বীকারোক্তি সম্পূর্ণ নিঃশর্ত হতে হবে। তার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনও সংশয় থাকা চলবে না।

আলমেইদার মতে, রোনালদো সোশ্যাল মিডিয়ায় নিজের ভুলের কথা কোনওরকম শর্ত ছাড়াই স্বীকার করেছেন। ফলে তার ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের নির্বাসন অর্ধেক হয়ে যেতে পারে। অর্থাৎ, শাস্তি কার্যকর হলে, সেটা সর্বোচ্চ তিন মাস পর্যন্ত হতে পারে।