১৩ জুলাই ২০২৬

দোহায় বৈঠকের পর যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা নিয়ে যা জানা গেছে

প্রকাশ: শুক্রবার, জুলাই ০৩, ২০২৬
দোহায় বৈঠকের পর যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা নিয়ে যা জানা গেছে

সাম্প্রতিক সামরিক সংঘাতের পর উত্তেজনা প্রশমন ও আলোচনাকে এগিয়ে নিতে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেক দফা পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারীরা।

গত জুনে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সম্মত হয়। এতে ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধ স্থগিত রাখতে ৬০ দিনের যুদ্ধবিরতি, অবরুদ্ধ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনার রূপরেখা অন্তর্ভুক্ত ছিল।

১৪ দফার ওই সমঝোতায় হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থা, ইরানের পুনর্গঠন তহবিল এবং দেশটির পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎসহ বিভিন্ন ইস্যুতে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।

দোহার সর্বশেষ আলোচনা নিয়ে যা জানা গেছে:

কী বিষয়ে অগ্রগতি হয়েছে

দোহা খেকে এএফপি জানায়, বুধবার দোহায় অনুষ্ঠিত পরোক্ষ আলোচনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন।

কাতার ও পাকিস্তান এক যৌথ বিবৃতিতে জানায়, ‘বুধবার দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক সম্পন্ন হয়েছে এবং তাতে ইতিবাচক অগ্রগতি হয়েছে।’

ইরানের প্রতিনিধি দলের প্রধান উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, সমঝোতা স্মারকের সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগ নথিভুক্ত ও পর্যালোচনার জন্য বৃহস্পতিবারের মধ্যে একটি যোগাযোগব্যবস্থা চালুর বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।

তিনি জানান, ইরানের জব্দ করা সম্পদও আলোচনায় উঠে এসেছে। যেকোনো চূড়ান্ত সমঝোতার অংশ হিসেবে এসব সম্পদ মুক্ত করার দাবি জানিয়েছে তেহরান।

গারিবাবাদি বলেন, প্রাথমিকভাবে ৬০০ কোটি মার্কিন ডলারের একটি অংশ কীভাবে ব্যবহার করা হবে তা নিয়েও আলোচনা হয়েছে এবং ইরানের প্রয়োজনীয় পণ্য ক্রয় ও সরবরাহে সম্মতি হয়েছে।

এদিকে বুধবার এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘সবকিছু যেভাবে এগোচ্ছে, তাতে ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ ভালোভাবেই এগোচ্ছে।’

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানায়, দোহার এই বৈঠকে মূলত হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। পারমাণবিক ইস্যু পরবর্তী দফার বৈঠকে আরও বিস্তারিতভাবে আলোচিত হবে।

এরপর কী

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন শেষে যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হবে।

৮৬ বছর বয়সী আলি খামেনি যুদ্ধের প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি তেহরানে তাঁর বাসভবনে নিহত হন। এরপর দ্রুত তাঁর ছেলে মোজতবা খামেনির কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়।

শনিবার তেহরানে কেন্দ্রীয় প্রার্থনা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানস্থলে তার রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হবে।

কাতার ও পাকিস্তান জানিয়েছে, ‘শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর যত দ্রুত সম্ভব’ পরবর্তী বৈঠকের সময় নির্ধারণে দুই পক্ষ সম্মত হয়েছে।

আগামী ৯ জুলাই তার জন্মস্থান উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের ইমাম রেজার মাজারে তাঁকে দাফন করা হবে।

মাঠের পরিস্থিতি

জুনে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্বাক্ষরের পরও উপসাগরীয় অঞ্চলে দুই পক্ষের মধ্যে বিচ্ছিন্নভাবে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়াসকে কেন্দ্র করে কয়েক দফা উত্তেজনা সৃষ্টি হয়।

সর্বশেষ গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ‘বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে ইরানের ধারাবাহিক আগ্রাসনের’ জবাবে তারা ইরানের ১০টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

জবাবে ইরান কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার দাবি করে। কুয়েত ও বাহরাইন উভয়েই এ হামলার নিন্দা জানিয়েছে।

তবে কাতারে আলোচনা শুরুর আগের কয়েক দিনে উভয় পক্ষের সামরিক তৎপরতা তুলনামূলকভাবে কমে এসেছে।

অন্যদিকে লেবানন সীমান্তেও ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ অনেকটাই কমেছে। তবে বুধবার সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়াহ শহরে একটি হামলার খবর দিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা। এতে হতাহতের কোনো তথ্য জানানো হয়নি।

লেবানন এখনও অপেক্ষা করছে তথাকথিত ‘পাইলট জোন’ থেকে ইসরাইলি বাহিনীর প্রত্যাহারের জন্য। দুই দেশের মধ্যে হওয়া কাঠামোগত চুক্তি অনুযায়ী এসব এলাকায় পরে লেবাননের সেনাবাহিনী মোতায়েন হওয়ার কথা।

তেহরান বরাবরই বলে আসছে, যেকোনো চূড়ান্ত সমঝোতার অংশ হিসেবে লেবানন ফ্রন্টের সংঘাতেরও অবসান এবং দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার নিশ্চিত করতে হবে।

শেখ হামাদ বিন খলিফা আল থানির জানাজা ও দাফন সম্পন্ন: কাতার জুড়ে রাষ্ট্রীয় শোক

প্রকাশ: সোমবার, জুলাই ১৩, ২০২৬
শেখ হামাদ বিন খলিফা আল থানির জানাজা ও দাফন সম্পন্ন: কাতার জুড়ে রাষ্ট্রীয় শোক

আধুনিক কাতারের রূপকার ও সাবেক ‘ফাদার আমির’ শেখ হামাদ বিন খলিফা আল থানির জানাজার নামাজ ও দাফন কার্য সম্পন্ন হয়েছে। ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করা এই মহান রাষ্ট্রনায়কের জানাজায় কাতারের রাজপরিবারের সদস্য, উচ্চপদস্থ রাষ্ট্রীয় কর্মকর্তা এবং হাজারো সাধারণ মানুষ অংশ নেন।

রবিবার (১২ জুলাই) মাগরিবের নামাজের পর রাজধানী দোহার ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওহাব মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁর ছেলে ও কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানিসহ পরিবারের সদস্যরা মরহুমের মরদেহ কাঁধে নিয়ে মসজিদ থেকে বের করেন। জানাজা শেষে তাঁর মরদেহ ঐতিহ্যবাহী ও ইসলামী রীতিনীতি অনুসরণ করে লুসাইল কবরস্থানে দাফন করা হয়।

লুসাইল প্রাসাদে তিন দিনের রাষ্ট্রীয় শোকবার্তা গ্রহণ
শেখ হামাদের মৃত্যুতে কাতারে চার দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আমিরি দিওয়ানের ঘোষণা অনুযায়ী, কাতারের মহামান্য আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সোমবার, মঙ্গলবার এবং বুধবার (১৩, ১৪ ও ১৫ জুলাই) লুসাইল প্রাসাদে আনুষ্ঠানিকভাবে শোকবার্তা গ্রহণ করবেন।

দেশী-বিদেশী প্রতিনিধি ও নাগরিকদের জন্য প্রতিদিনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে:

সকাল: সকাল ৮:০০ টা থেকে বেলা ১১:৩০ টা পর্যন্ত।

বিকাল/রাত: আসরের নামাজের পর থেকে ইশার নামাজ পর্যন্ত।

লুসাইল প্রাসাদে এই নির্ধারিত সময়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, শাসক পরিবার, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ নাগরিকরা আমিরের কাছে উপস্থিত হয়ে তাঁদের গভীর সমবেদনা ও শোকবার্তা জ্ঞাপন করছেন।

সরকারি দপ্তরে এক সপ্তাহের ছুটি
প্রয়াত ফাদার আমিরের প্রতি শ্রদ্ধা জানাতে কাতারের প্রশাসনিক কার্যক্রমে বিরতি দেওয়া হয়েছে। আমিরি দিওয়ানের সিদ্ধান্ত অনুসারে, সোমবার (১৩ জুলাই) থেকে কাতারের সকল মন্ত্রণালয়, সরকারি সংস্থা এবং স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠানগুলোতে দাপ্তরিক কাজ সম্পূর্ণ স্থগিত থাকবে। টানা এক সপ্তাহের এই সাধারণ ছুটি শেষে আগামী রবিবার (১৯ জুলাই) থেকে সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা পুনরায় তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন।

বাংলাদেশ দূতাবাস ও বিশ্বনেতাদের শোক
শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কাতারকে একটি আঞ্চলিক শক্তি থেকে বৈশ্বিক কূটনীতি, অর্থনীতি ও গণমাধ্যমের কেন্দ্রে পরিণত করার পেছনে তাঁর অবদানকে বিশ্বনেতারা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছেন।

এদিকে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং কাতারের বিশাল বাংলাদেশ কমিউনিটিও এই মহান নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। দূতাবাস এক শোকবার্তায় জানায়, কাতারের অভূতপূর্ব রূপান্তরের এই রূপকার আজীবন বাংলাদেশ এবং প্রবাসী বাংলাদেশিদের এক অকৃত্রিম বন্ধু ছিলেন। তাঁর রাষ্ট্রনায়কোচিত অবদান এবং প্রবাসীদের প্রতি সদয় দৃষ্টিভঙ্গি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ কমিউনিটি ও দূতাবাস কাতারি রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম কাতার সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

ইরানি হামলায় খসে পড়া ধ্বংসাবশেষে শিশুসহ আহত ৩: গুজব ছড়ালে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

প্রকাশ: রবিবার, জুলাই ১২, ২০২৬
ইরানি হামলায় খসে পড়া ধ্বংসাবশেষে শিশুসহ আহত ৩: গুজব ছড়ালে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

দোহা, ১২ জুলাই ২০২৬

কাতারের আকাশসীমায় ইরানি হামলা প্রতিরোধের (Interception Operations) সময় উপর থেকে খসে পড়া ধ্বংসাবশেষের আঘাতে একজন শিশুসহ মোট তিনজন আহত হয়েছেন। আজ রবিবার (১২ জুলাই) কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারিকৃত এক বিশেষ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, আহতদের বর্তমানে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

জরুরি পরিকল্পনা ও অ্যালার্ট নিয়ে স্পষ্টীকরণ

মাঠপর্যায়ের পরিস্থিতির ওপর ক্রমাগত পর্যবেক্ষণের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলার পরপরই দেশের নিরাপত্তা কর্তৃপক্ষ এবং বেসামরিক প্রতিরক্ষা (সিভিল ডিফেন্স) দলগুলো অনুমোদিত জরুরি পরিকল্পনা অনুযায়ী তাদের উদ্ধার ও সাড়াদান কার্যক্রম শুরু করেছে।

দেশজুড়ে জরুরি সতর্কতা জারির বিষয়ে মন্ত্রণালয় স্পষ্ট করে বলেছে, জননিরাপত্তা নিশ্চিত করার জন্য যখন অতিরিক্ত জরুরি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয়, কেবল তখনই জাতীয় জননিরাপত্তা এবং জরুরি সতর্কতাগুলো সক্রিয় করা হয়।

গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

উদ্ভূত পরিস্থিতিতে কাতার প্রবাসী ও নাগরিকদের প্রতি বিশেষ নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যেকোনো ধরনের বিভ্রান্তি বা আতঙ্ক সৃষ্টি প্রতিরোধে বলা হয়েছে:

  • সরকারি সূত্র: যেকোনো তথ্যের জন্য সাধারণ মানুষকে শুধুমাত্র অফিসিয়াল ও সরকারি সূত্র থেকে তথ্য গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।

  • শেয়ারিংয়ে নিষেধাজ্ঞা: আইনি দায়বদ্ধতা ও কঠোর শাস্তি এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের গুজব ছড়ানো অথবা যাচাইবিহীন তথ্য, ছবি বা ভিডিও ক্লিপ শেয়ার করা থেকে সম্পূর্ণ বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

দিনরাত প্রস্তুত কাতারের নিরাপত্তা বাহিনী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষ দেশের সাধারণ মানুষকে আশ্বস্ত করে নিশ্চিত করেছে যে, তারা দ্রুত সাড়াদান, জনগণের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা এবং দেশের সব ধরনের জরুরি জনসেবামূলক কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে দিনরাত ২৪ ঘণ্টা পূর্ণ প্রস্তুতিতে কাজ করে চলেছে।

আজ মাগরিবের পর ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির জানাজা

প্রকাশ: রবিবার, জুলাই ১২, ২০২৬
আজ মাগরিবের পর ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির জানাজা

দোহা, ১২ জুলাই

কাতারের সাবেক ‘ফাদার আমির’ শেখ হামাদ বিন খলিফা আল থানির জানাজার নামাজ ও দাফন কার্যের সময়সূচি ঘোষণা করেছে আমিরি দিওয়ান। আজ রবিবার (১২ জুলাই) মাগরিবের নামাজের পর রাজধানী দোহার ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওহাব মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের মরদেহ লুসাইল কবরস্থানে দাফন করা হবে।

একই সঙ্গে আমিরি দিওয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে, কাতারের মহামান্য আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আগামী তিন দিন লুসাইল প্রাসাদে আনুষ্ঠানিকভাবে শোকবার্তা গ্রহণ করবেন।

তিন দিন শোকবার্তা গ্রহণের সময়সূচি

আমিরি দিওয়ানের ঘোষণা অনুযায়ী, মহামান্য আমির আগামী সোমবার, মঙ্গলবার এবং বুধবার (১৩, ১৪ ও ১৫ জুলাই) লুসাইল প্রাসাদে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, শাসক পরিবার, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ নাগরিকদের কাছ থেকে মরহুম ফাদার আমিরের প্রতি গভীর সমবেদনা ও শোকবার্তা গ্রহণ করবেন।

শোকবার্তা গ্রহণের প্রতিদিনের সময়সূচি নিচে দেওয়া হলো:

  • সকাল: সকাল ৮:০০ টা থেকে বেলা ১১:৩০ টা পর্যন্ত।

  • বিকাল/রাত: আসরের নামাজের পর থেকে ইশার নামাজ পর্যন্ত।

উল্লেখ্য, আধুনিক কাতার বিনির্মাণের এই মহান নেতার প্রয়াণে আজ রবিবার থেকে দেশজুড়ে ৪ দিনের রাষ্ট্রীয় শোক শুরু হয়েছে এবং কাতার রাষ্ট্রের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

ফাদার আমিরের প্রয়াণে কাতারে ৪ দিনের রাষ্ট্রীয় শোক, সরকারি অফিসে ছুটি ঘোষণা

প্রকাশ: রবিবার, জুলাই ১২, ২০২৬
ফাদার আমিরের প্রয়াণে কাতারে ৪ দিনের রাষ্ট্রীয় শোক, সরকারি অফিসে ছুটি ঘোষণা

কাতারের সাবেক ‘ফাদার আমির’ শেখ হামাদ বিন খলিফা আল-থানির স্মরণে দেশজুড়ে ৪ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে আমিরি দিওয়ান। আজ রবিবার (১২ জুলাই) থেকে এই শোক পালন শুরু হয়েছে। শোক প্রকাশকালীন সময়ে কাতার রাষ্ট্রের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

একই সঙ্গে আমিরি দিওয়ানের পক্ষ থেকে দেশের সকল সরকারি প্রতিষ্ঠানে দাপ্তরিক কাজ স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।

সরকারি দপ্তরে কাজ স্থগিতের সিদ্ধান্ত

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কাতার নিউজ এজেন্সি (কিউএনএ) জানিয়েছে, ফাদার আমিরের প্রয়াণে দেশের প্রশাসনিক কার্যক্রমে বিরতি দেওয়া হচ্ছে।

ঘোষণা অনুযায়ী:

আগামীকাল সোমবার (১৩ জুলাই) থেকে কাতারের সকল মন্ত্রণালয়, সরকারি সংস্থা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে দাপ্তরিক কাজ স্থগিত থাকবে।

এই ছুটির পর আগামী রবিবার (১৯ জুলাই) থেকে সব কর্মকর্তা ও কর্মচারীরা পুনরায় তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন।

আধুনিক কাতার বিনির্মাণের এই প্রধান কারিগরের প্রয়াণে পুরো দেশে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আধুনিক কাতারের রূপকার ‘ফাদার আমির’ শেখ হামাদ বিন খলিফা আল থানি আর নেই

প্রকাশ: রবিবার, জুলাই ১২, ২০২৬

দোহা, ১২ জুলাই ২০২৬

আধুনিক কাতার বিনির্মাণের প্রধান কারিগর, ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি আর নেই। আজ রবিবার (১২ জুলাই ২০২৬ / ২৭ মুহাররম ১৪৪৮ হিজরি) সকালে ৭৪ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কাতারের রাজকীয় প্রাসাদ ‘আমিরি দিওয়ান’ এক আনুষ্ঠানিক শোকবার্তায় অত্যন্ত দুঃখের সাথে ফাদার আমিরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘আল্লাহর বিধান ও তাকদিরের প্রতি অবিচল ঈমান রেখে আমিরি দিওয়ান গভীর শোকের সঙ্গে জাতির এই অপূরণীয় ক্ষতির সংবাদ জানাচ্ছে। মহান আল্লাহ তার প্রতি রহম শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ সকালে ইন্তেকাল করেছেন।’ ফাদার আমিরের প্রয়াণে কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং রাজপরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

কাতারকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নেওয়ার রূপকার

শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি তাঁর পুত্র এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করে ‘ফাদার আমির’ উপাধিতে ভূষিত হন।

মরুভূমির একটি সাধারণ রাষ্ট্র থেকে কাতারকে আজকের আধুনিক, উন্নত এবং বৈশ্বিক কূটনৈতিক ও অর্থনৈতিক পরাশক্তিতে রূপান্তরের পুরো কৃতিত্ব দেওয়া হয় তাঁর দূরদর্শী নেতৃত্বকে।

  • অর্থনৈতিক বিপ্লব: তাঁর শাসনামলেই কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদনে বিশ্বে শীর্ষস্থান অর্জন করে, যা দেশের অর্থনীতিকে রাতারাতি বদলে দেয় এবং নাগরিকদের মাথাপিছু আয় বিশ্বের সর্বোচ্চ স্তরে নিয়ে যায়।

  • যোগাযোগ ও গণমাধ্যম: আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ প্রতিষ্ঠা এবং কাতার এয়ারওয়েজকে বিশ্বমানের এয়ারলাইন্সে রূপান্তর করার পেছনে তাঁর সিদ্ধান্তই ছিল প্রধান চালিকাশক্তি।

  • বৈশ্বিক কূটনীতি ও ক্রীড়া: আন্তর্জাতিক মধ্যস্থতাকারী হিসেবে কাতারকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করা এবং ২০২২ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের ঐতিহাসিক ভিত্তি তিনিই গড়েছিলেন।

শোকের ছায়া ও জান্নাতুল ফিরদাউসের প্রার্থনা

ফাদার আমিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কাতার জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কাতারি নাগরিক এবং সেখানে বসবাসরত প্রবাসীরা এই মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছেন।

আমিরি দিওয়ানের বিবৃতিতে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়েছে, তিনি যেন মরহুম ফাদার আমিরকে তাঁর রহমতের চাদরে আবৃত করেন, জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং এই কঠিন শোকের সময়ে তাঁর পরিবার ও কাতারের জনগণকে ধৈর্য ধারণ করার তাওফীক দান করেন। আমীন।

গালফ বাংলা টিমের সমবেদনা

মহামান্য ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির এই দুঃখজনক ও অপূরণীয় মৃত্যুতে শোকসন্তপ্ত মহামান্য আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, আল থানি রাজপরিবার, কাতারের সম্মানিত জনগণ এবং বিশ্বজুড়ে থাকা সকল শোকাহতদের প্রতি গালফ বাংলা টিম গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছে।

মহান আল্লাহর দরবারে আমাদের প্রার্থনা—তিনি যেন এই মহান নেতার সকল নেক আমল কবুল করেন। তাঁর গৌরবময় কীর্তি প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রাণিত করুক এবং এই কঠিন সময়ে তাঁর পরিবার ও কাতারের জনগণ যেন শোক কাটিয়ে ওঠার শক্তি ও সান্ত্বনা খুঁজে পায়। আমীন।